সুস্থতার জন্য দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও বিস্তারের ফলে বিভিন্নভাবে পরিবেশ দূষণ হচ্ছে। দূষিত পরিবেশ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাববিস্তার করে। তাই পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের উচিত কোনো অবস্থাতেই কারখানার বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে না ফেলা। প্রয়োজনে কারখানার মালিক বা ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তা প্রতিটি কারখানায় বাধ্যতামূলক করা।
ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীদের যে দায়-দায়িত্ব পালন করতে হয়, তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বলে। তাই ক্রেতাদের সন্তুষ্ট রাখার স্বার্থে ব্যবসায়ীদের ক্রেতাদের চাহিদামতো পণ্যসামগ্রী ও সেবা সরবরাহ করতে হয়, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে হয়, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং সংরক্ষণ করে সর্বোপরি ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের চেষ্টা করতে হয়।
উদ্দীপকে জনাব শাকিল ইলেক্ট্রনিক কোম্পানির মালিক। তিনি পণ্যের মান নিশ্চিত করা, ভোক্তার অভিযোগ দ্রুত সমাধান করা এবং সবসময় পণ্য সরবরাহের লক্ষ্যে অনলাইন সেবা চালু করেন। শাকিলের এধরনের কার্যক্রম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব শাকিল ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করছেন।
ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্যদ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন।
উদ্দীপকে জনাব সাবিত নদীর ধারে একটি শিল্পকারখানা স্থাপন করেন। তিনি কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপ করেন। এছাড়া কারখানা সম্প্রসারণের সময় নদীর ধারের অনেকগুলো বৃক্ষ নিধন করেন। স্থানীয় জনগণ প্রতিবাদ করায় জনাব সাবিতের কারখানাটি বন্ধ হয়ে যায়।
উদ্দীপকে জনাব সাবিত যে কাজ করছেন তা ব্যবসায় নৈতিকতার পরিপন্থি। তিনি কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপ করছেন, ফলে নদীর পানি দূষিত হচ্ছে। আবার নদীর ধারের বৃক্ষগুলো নিধন করছেন, যা পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার এমন অনৈতিক কার্যক্রমের কারণেই স্থানীয় জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং কারখানাটি বন্ধ হয়ে যায়।