অধ্যায়-৭: বাংলাদেশের শিল্প

এসএসসি · ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-৭: বাংলাদেশের শিল্প - ব্যবসায় উদ্যোগ বহুনির্বাচনি ও বোর্ড সমাধান

৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বিসিক বাজারের জনাব মাহি অনেক বছর যাবৎ সততার সাথে ব্যবসায় চালিয়ে আসছেন। তিনি সবসময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। এতে তার ব্যবসায় সফলতা আসে। পার্শ্ববর্তী ব্যবসায়ী মি. ফনি মুনাফাকে বড় করে দেখেন। পণ্যের গুণাগুণ অনুযায়ী মূল্য বিবেচনায় রাখেন না; বেশি মুনাফার আশায় তিনি, পণ্যের মজুদদারি করে পণ্যের সংকট সৃষ্টি করেন। তাই ক্রেতারা তাকে এড়িয়ে চলেন।
১. ব্যবসায় নৈতিকতা কী?
পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়?
মি. ফনি ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেননি? বর্ণনা কর।
জনাব মাহির ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবসায়ে নৈতিকতা বলতে একজন ব্যবসায়ীর সততা, ন্যায়-নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলাকে বোঝায়।
(খ)
পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পরিবেশকে স্বাভাবিক অবস্থায় রাখা হলো পরিবেশ সংরক্ষণ।
সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানে উন্নতি লাভ করা যায় না। বিভিন্ন কারণে (ময়লা আবর্জনা, অতিরিক্ত গাড়ির হর্ন বাজানো, বিষাক্ত কেমিক্যাল পানিতে ফেলানো, ধোঁয়া প্রভৃতি) পরিবেশ দূষিত হতে পারে। এগুলোর যথাযথ নিয়ন্ত্রণ পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। আর দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা ব্যবসায়ী ও সরকারের দায়িত্ব।
(গ)
মি. ফনি সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেননি।
সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তাই ব্যবসায়কে সমাজের প্রয়োজনমাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করতে হয়। তাছাড়া ও পণ্যের মজুতদারি না করাসহ সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়।
উদ্দীপকের মি. ফনি মুনাফাকে বড় করে দেখেন। তিনি পণ্যের গুণাগুণ অনুযায়ী মূল্য বিবেচনায় রাখেন না। তাছাড়াও বেশি মুনাফার আশায় পণ্যের মজুদদারি করে পণ্যের সংকট সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি সামাজিক দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকেন।
(ঘ)
জনাব মাহির ব্যবসায়ের সফলতার মূল কারণ হলো নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালন করে ব্যবসায় পরিচালনা করা।
ব্যবসায়িক নৈতিকতা বলতে সত্য, ন্যায় ও আদর্শের মাঝে থেকে সততার ভিত্তিতে ব্যবসায়ের বিভিন্ন কাজ পরিচালনা করাকে বোঝায়। আর ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়।
উদ্দীপকের বিসিক বাজারের জনাব মাহি অনেক বছর যাবৎ সততার সাথে ব্যবসায় চালিয়ে আসছেন। এতে স্পষ্ট হয় যে, তিনি নৈতিকতা বজায় রেখে ব্যবসায় পরিচালনা করেছেন যা তার ব্যবসায়িক সফলতায় ইতিবাচক ভূমিকা পালন করেছে।
জনাব মাহি সবসময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। আর তিনি মানসম্মত পণ্য সরবরাহের মধ্য দিয়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। ফলে ক্রেতা ও ভোক্তারা সন্তুষ্ট থাকায় তিনি দ্রুত সফলতা লাভ করেন। তাই বলা যায়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মেনে ব্যবসায় পরিচালনাই জনাব মাহির ব্যবসায়ের সফলতার মূল কারণ।
জনাব আদনান যশোরের বিসিক এলাকায় সোনালী ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি কোমল পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। কর অবকাশ সুবিধা নেয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন। তিনি পণ্যের গুণগত মানের ক্ষেত্রে আপোসহীন। তাই তিনি উন্নতমানের কোমল পানীয় তৈরির জন্য কোনো ধরনের মেশিন ব্যবহার করবেন এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে পুঁজি আসবে কোন উৎস থেকে এগুলো পূর্বেই নির্ধারণ করেন। ফলে জনাব আদনানের কারখানা দ্রুত সম্প্রসারণ হয়।
২. NGO এর পূর্ণরূপ কী?
এসএমই-কে Employment Generating Machine হিসাবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস কী? ব্যাখ্যা কর।
জনাব আদনানের কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তার গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
NGO-এর পূর্ণরূপ হলো Non-Government Organization.
(খ)

এসএমই এর মাধ্যমে বিপুলসংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বিধায় এসএমইকে Employment Generating Machine বলা হয়।

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সম্প্রসারণ, উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি সরবরাহ, ঋণ সহায়তা ইত্যাদি প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের স্বাধীন, স্বতন্ত্র ও অমুনাফাভোগী ফাউন্ডেশনকে এসএমই ফাউন্ডেশন বলে। এসএমই খাতটি সাধারণত শ্রমঘন হওয়ায় তা জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। এ কারণে এসএমই-কে 'Employment Generating Machine' বা কর্মসংস্থান সৃষ্টিকারী যন্ত্র বলা হয়।

(গ)

জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস হলো বাণিজ্যিক ব্যাংক।

দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে। এক্ষেত্রে ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা হয়ে থাকে। শিল্পোদ্যোক্তারা এ ঋণ নিয়ে সহজে তাদের শিল্প স্থাপন ও প্রয়োজনে তা সমপ্রসারণ করতে পারেন। বিশেষ করে শ্রমঘন ও কর্মসংস্থানমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত প্রসারের জন্য ব্যাংকগুলো বিভিন্ন সহায়তা প্রদান করে।

উদ্দীপকের জনাব আদনান যশোরের বিসিক এলাকায় একটি কোমল পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। এ কারণে তার অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। তাই তিনি সোনালী ব্যাংক থেকে বিশলক্ষ টাকা ঋণ নেন। এই মূলধনের কারণে জনাব আদনানের কারখানা স্থাপন করা সম্ভম্ব হয়েছে। সোনালী ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের শিল্প খাতের অগ্রগতির জন্য এ ধরনের সহায়তা প্রদান করে। সুতরাং, জনাব আদনান কারখানা স্থাপনের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়েছেন।

(ঘ)

জনাব আদনানের কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা স্থাপনে সমর্থনমূলক সহায়তা প্রয়োজন। এর মাধ্যমে উদ্যোক্তা সঠিকভাবে শিল্প স্থাপন, পরিচালনা এবং সম্পদের যথাযথ ব্যবহার করতে পারেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি এ ধরনের সহায়তা দেয়।

উদ্দীপকের জনাব আদনান যশোরের বিসিক শিল্প এলাকায় একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। কর অবকাশ সুবিধা নেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠানটি নিবন্ধন করেন। উন্নতমানের জুস তৈরির জন্য কোন ধরনের মেশিন ভালো হবে তিনি এ বিষয়ে আগে থেকেই চিন্তা করেন। আবার তিনি প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে আসবে, তা পূর্ব থেকেই নির্ধারণ করেন।

জনাব আদনান শিল্প স্থাপনে সমর্থনমূলক সহায়তা পেয়েছেন। তিনি সরকারি নিয়ম-নীতির আওতায় তার প্রতিষ্ঠানটির নিবন্ধন করতে পেরেছেন। এতে তার ব্যবসায়টি কার্যক্রমের বৈধতা এবং কর অবকাশ সুবিধা পেয়েছে। এছাড়া তিনি বিসিক, বাণিজ্যিক ব্যাংক প্রভৃতি সংস্থা হতে প্রয়োজনীয় পরামর্শ ও অর্থ সহায়তা পেয়েছেন। ফলে তিনি ব্যবসায়ের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে পেরেছেন। এতে তিনি অধিক উৎপাদন সুবিধা লাভ করেছেন। এভাবে তিনি তার ব্যবসায়ের আরও সম্প্রসারণ করতে পেরেছেন। সুতরাং, জনাব আদনানের কারখানা সম্প্রসারণে সমর্থনমূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে সাবানগুলোকে ছোট, মাঝারি ও বড় তিন ধরনের আকারে উৎপাদন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। ব্যবহারকারিগণ খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে থাকেন।
৩. বিক্রয়িকতা কী?
স্পট বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
জনাব আলমগীর বণ্টনপ্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
জনাব আলমগীরের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের কার্যাবলি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার বিশেষ কৌশল বা দক্ষতাকে বোঝায়।
(খ)
স্পট বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের রেডিও মাধ্যম ব্যবহার করা হয়।
বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে। বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম হলো রেডিও। রেডিও এর মাধ্যমে স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, জিঙ্গেল, জাতীয় বিজ্ঞাপন ও আঞ্চলিক বিজ্ঞাপন দেওয়া হয়।
(গ)
জনাব আলমগীর বণ্টনপ্রণালির ক্ষেত্রে 'প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়' অর্থাৎ উৎপাদনকারী→ প্রতিনিধি → খুচরা বিক্রেতা → ভোক্তা ধাপটি অনুসরণ করেন।
প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় ধাপটি অনুসারে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল সামগ্রী, খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বণ্টন প্রণালিতে বিক্রয় হয়ে থাকে।
উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বণ্টনপ্রণালির "উৎপাদনকারী→ প্রতিনিধি→ খুচরা বিক্রেতা→ ভোক্তা" ধাপটি অনুসরণ করেন।
(ঘ)

জনাব আলমগীর ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ ও বিক্রয় কাজ সম্পাদন করেন।

পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। অর্থাৎ ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণসহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন।

উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবানের কারখানা স্থাপন করেন। উক্ত সাবান তিনি প্রতিনিধির মাধ্যমে খুচরা বিক্রেতার নিকট বিক্রয়ের মাধ্যমে বিপণনের আবশ্যকীয় কাজ বিক্রয় সম্পন্ন করেন। তাছাড়া তিনি উক্ত সাবান উৎপাদনের পূর্বে বাজার জরিপের মাধ্যমে তথ্য নিয়ে ভোক্তাদের চাহিদা, রুচি বিবেচনা করেন। তিনি সাবান উৎপাদনের পর উক্ত সাবানের মান অনুযায়ী প্রমিতকরণ করেন এবং আকার অনুযায়ী পর্যায়িত করেন।

উদ্দীপকের জনাব আলমগীর নিজস্ব পরিবহনের মাধ্যমে এজেন্টের সহায়তায় সাবান খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছানোর ব্যবস্থার মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেন। তাছাড়া তিনি সাবান উৎপাদনের পর সেগুলো মোড়কিকরণ করেন এবং গুদামজাতকরণের ব্যবস্থা করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বিপণনের যাবতীয় কাজ সম্পাদন করেন।

অধ্যায়-৭: বাংলাদেশের শিল্প আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।