বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · বাংলা ১ম পত্র

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

কৃষ্ণা নামের এক সাহসী নারী বাঙালি গ্রামাঞ্চলের ইতিহাসে অমর হয়ে আছেন। বিপ্লবী আন্দোলনের সময় তিনি একদল নারীকে নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ কৃষক পরিবারের মেয়ে কৃষ্ণা মাত্র ১৬ বছর বয়সে স্থানীয় জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। নিজের সাহসিকতা ও নেতৃত্বগুণে তিনি গ্রামের মেয়েদের একত্রিত করে অত্যাচারী জমিদারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তার নেতৃত্বে গ্রামবাসী এক অসম যুদ্ধে জমিদারের বাহিনীকে পরাজিত করে। কৃষ্ণার এই সংগ্রাম গ্রামের নারীদের মধ্যে নতুন আশা ও শক্তি সঞ্চার করে।
১. 'মাসি-পিসি' গল্পে কোন লোকটা মাসি-পিসির অচেনা?
"ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি"- কেন?
উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটি উদ্ভাসিত?- ব্যাখ্যা কর।
"সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এক নয়।"- মন্তব্যটির সত্যতা যাচাই কর।
সমাধান ও উত্তর
(ক)
'মাসি-পিসি' গল্পে মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা মাসি-পিসির অচেনা।
(খ)
• সংসারে নিজের অবস্থান এবং অত্যাচারী স্বামীর ঘরে ফিরে যাওয়ার আশঙ্কায় ঈষৎ তন্দ্রার ঘোরেও আহ্লাদি শিউরে ওঠে।
• আহ্লাদির স্বামী জগু তাকে পুনরায় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এমতাবস্থায় আহ্লাদি একবার স্বামীগৃহে যাওয়ার কথা ভাবে। কিন্তু পরক্ষণেই মাতাল স্বামীর ভয়াবহ ও নির্দয় অত্যাচারের কথা মনে করে সে শিউরে ওঠে। এসময় তার মনে হয়, এমন অমানবিক পরিস্থিতিতে মাসি-পিসিকে ছাড়া সে বাঁচতে পারবে না। এমন সব আশঙ্কায় ঈষৎ ঘুমের ঘোরে আহ্লাদি শিউরে ওঠে।
(গ)
• উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রামী ভূমিকার দিকটি উদ্ভাসিত।
• আমাদের সমাজে গরিব ও অসহায় মানুষেরা নানা সমস্যায় জর্জরিত থাকে। এক্ষেত্রে নারী হলে তো কথাই নেই। তাদের সবাই দুর্বল মনে করে ঠকানোর চেষ্টা করে। তবে এমন কিছু আত্মসচেতন নারী আছে, যারা প্রয়োজনে সংগ্রাম করে হলেও নিজেদের অধিকার আদায় করে। নেয়।
• উদ্দীপকে কৃষ্ণা নামের এক বিপ্লবী নারীর কথা বলা হয়েছে। গ্রামের মেয়েদের সাথে নিয়ে সে এক বিরাট আন্দোলন গড়ে তোলে এবং অপ্রত্যাশিতভাবে অত্যাচারী জমিদারকে পরাজিত করে। একইভাবে আলোচ্য গল্পের মাসি-পিসিও সন্তানতুল্য আহ্লাদিকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে অস্ত্র সাথে নিয়ে বিনিদ্র রাত জাগে। অর্থাৎ উদ্দীপকের কৃষ্ণা এবং আলোচ্য গল্পের মাসি-পিসি- সকলেই দৃঢ়চেতা ও সংগ্রামী মনোভাবাপন্ন। এদিক বিবেচনায় উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির সংগ্রামী ভূমিকার দিকটিই প্রতিফলিত হয়েছে।
(ঘ)
• "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি এক নয়।"- মন্তব্যটি যথার্থ।
• আমাদের দেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বসবাস করে। তাই তাদের সকলের আর্থ-সামাজিক অবস্থা একরকম নয়। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয়। প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে তাদেরকে জীবনযাপন করতে হয়।
• উদ্দীপকের কৃষ্ণা একজন বিপ্লবী নারী। আন্দোলন চলাকালীন তিনি গ্রামের বেশকিছু নারীকে নেতৃত্ব দেন। শুধু তা-ই নয়, মাত্র ষোলো বছর বয়সে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তিনি। অবশেষে গ্রামের মেয়েদের সাথে নিয়ে জমিদারের সাথে লড়াইয়ে নামেন এবং অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাদের বিরুদ্ধে জয়ী হন। ফলে তার এই আন্দোলন গ্রামের মেয়েদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
• 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি অসহায় বিধবা। স্বামীর 'মৃত্যুর পর আহ্লাদিদের বাড়িতে তাদের আশ্রয় হলেও নিজেদের ভরণপোষণের খরচ জোগাতে তাদের সংগ্রাম করতে হয়। এরই ভেতর সন্তান-সম্ভবা আহ্লাদির দায়িত্ব এসে তাদের ওপর বর্তায়। এমতাবস্থায় দুর্বৃত্তদের হাত থেকে আহ্লাদিকে বাঁচাতে মাসি-পিসিকে লড়াই করতে হয়। পক্ষান্তরে উদ্দীপকের কৃষ্ণা একজন সশস্ত্র বিপ্লবী। অপশক্তির বিরুদ্ধে যুদ্ধের জায়গায় তাদের মিল থাকলেও কৃষ্ণার চেয়ে মাসি-পিসির জীবনসংগ্রাম অনেক বেশি কঠিন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

আমার স্বপ্ন চুরে নিয়েছে যে

আমি তার স্বপন বুনি,

আমার কান্নার সুরে তার মুখে

হাজার হাসি গুনি।

আমার এ হৃদয় রাঙিয়েছে যে

আমি তারে রাঙাই,

আমার অশ্রু দিয়ে তার পথে

প্রেমের আলো জ্বালাই।

২. কালের বিবর্তনে আমরা এখন কীসের অংশ?
"সত্যিকারের মানব-কল্যাণ মহৎ চিন্তা ও সৃজনশীল কর্মকাণ্ডের ফসল।” এই উক্তির তাৎপর্য কী?
উদ্দীপকটি কীভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
“উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।" উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
• কালের বিবর্তনে আমরা এখন বৃহত্তর মানবতার অংশ।
(খ)
• 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'-কারণ মানুষের মহৎ ও কল্যাণকর চিন্তা-ভাবনার মধ্যে মানবকল্যাণের মূল কথা নিহিত।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকার অর্থে মানবকল্যাণ কী এবং এটি কীভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করেছেন। মনুষ্যত্ববোধে আঘাত লাগে এবং মানব-মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে তিনি মানবকল্যাণ মনে করেননি। তিনি মানুষের প্রতি যথাযথ মর্যাদার মাধ্যমে হিত সাধন করাকে মানবকল্যাণ মনে করেছেন। তিনি মানুষকে বিভক্তিকরণের মনোভাবে বিশ্বাসী নন। তিনি মুক্তবুদ্ধির মাধ্যমে সুপরিকল্পিত পথে মানবিক কাজ করাকে মানবকল্যাণ মনে করেন। এসব বিবেচনা করে তাই বলা হয়েছে যে, 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'
(গ)
• মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসের দিক থেকে উদ্দীপকটির 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাথে মিল রয়েছে।
• আমরা মানব-কল্যাণ বলতে কারও অপাত সমস্যার সমাধানকেই বুঝি, যা মোটেও সঠিক নয়। কেননা এতে সমস্যাটির স্থায়ী সমাধান তো হয়ই না বরং ব্যক্তির ব্যক্তিত্বের অবনমন ঘটে।
• উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর প্রতি কবির সহানুভূতি প্রকাশ পেয়েছে। এ কারণে যে তার স্বপ্ন হরণ করেছে তিনি তার স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তিনি তার মুখে হাসি দেখতে চান, তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। এভাবে নিজের সবটুকু দিয়ে তিনি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। একইভাবে 'মানব-কল্যাণ' প্রবন্ধেও প্রাবন্ধিক মানব-কল্যাণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বলে মত প্রকাশ করেছেন। আর তাই প্রকৃত অর্থে মানব-কল্যাণকে তিনি মানুষের সার্বিক কল্যাণের চেষ্টা বলে অভিহিত করেছেন, যা উদ্দীপকের কবিতাংশেরও মূল বিষয়। এদিক থেকে উদ্দীপকটির আলোচ্য প্রবন্ধের সাথে মিল রয়েছে।
(ঘ)
• "উদ্দীপকের মূলভাব প্রকৃত মানব-কল্যাণের দর্শনকে প্রতিফলিত করে।"- 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ।
• মানব-কল্যাণ এমন একটি বৃহত্তর ধারণা, যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব ও মর্যাদা বজায় রেখে তার সর্বাঙ্গীণ কল্যাণের পথকে প্রশস্ত করা হয়। আর তাই মানবমর্যাদা ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজকে আর যা-ই হোক মানব-কল্যাণ বলে অভিহিত করা যায় না।
• উদ্দীপকের কবিতাংশে কবি তার অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনা করেছেন। এরই অংশ হিসেবে তিনি তার স্বপ্ন হরণকারীর স্বপ্ন গড়ে তুলতে চান, নিজে অশ্রুজলে নিমজ্জিত হয়েও তার মুখে হাসি দেখতে চান। এমনকি পরিশুদ্ধভাবে ভালোবেসে তাকে প্রেমের আলোয় উদ্ভাসিত করতে চান। সংগত কারণেই কবির এমন চাওয়া আলোচ্য রচনার মানব-কল্যাণের ধারণাকেই ব্যক্ত করে।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক উন্নতির প্রয়াসকে বুঝিয়েছেন, যার মধ্য দিয়ে সবরকম অবমাননাকর পরিস্থিতি থেকে মানুষের উত্তরণ সম্ভব হবে। উদ্দীপকের কবিতাংশে অনিষ্টকারীর সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়েও বিষয়টি একইভাবে উঠে এসেছে। যেখানে নিজের সবকিছু উজাড় করে দিয়ে কবি অনিষ্টকারীর মঙ্গল সাধন করতে চান। অর্থাৎ উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির প্রত্যাশা মূলত আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকের চিন্তাকেই তুলে ধরে। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
নির্মল প্রকৃতির মাঝে অবস্থিত পাহাড়ি গ্রাম রতনপুর। সেই গ্রামে সদ্য শিক্ষকতার কাজে যোগ দেয় তরুণ রাশেদ। শহর থেকে আসা রাশেদ ধীরে ধীরে গ্রামের নির্জন জীবনে একাকিত্ব অনুভব করে। একদিন জ্বরে কাতর হয়ে পড়ে সে। গ্রামের কৃষক পরিবারের মেয়ে, সাহসী তরুণী লুবনা ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে। নিজের সঞ্চিত অর্থ দিয়ে ওষুধ কেনা ও দেখাশোনার দায়িত্ব নেয় লুবনা। ধীরে ধীরে রাশেদ সুস্থ হয়ে ওঠে। লুবনার আত্মত্যাগ, মানবিকতা ও স্বচ্ছ চরিত্রে মুগ্ধ হয়ে রাশেদ তার সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেয়। এই সম্পর্ক সামাজিক প্রথার বিরুদ্ধে হলেও মানবিকতার জয়ের প্রতীক হয়ে ওঠে।
৩. ভুজ্যি উচ্ছ্বগ্য শব্দের অর্থ কী?
বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। কেন? ব্যাখ্যা কর।
'বিলাসী' গল্পের 'বিলাসী চরিত্রের সঙ্গে উদ্দীপকের লুবনা চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা কর।
"উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের সমাজ-বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি বিচার কর।
সমাধান ও উত্তর
(ক)
'ভুজ্যি উচ্ছ্বগ্য' শব্দের অর্থ মৃতের আত্মার সদগতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা।
(খ)
• বিলাসী-মৃত্যুঞ্জয়ের' সম্পর্ক তৎকালীন সমাজের কাছে অগ্রহণযোগ্য ও অধর্ম প্রতিপন্ন হয়েছিল বলে মৃত্যুঞ্জয়ের পর বিলাসীর মৃত্যুকে অনেকের কাছে পরিহাসের বিষয় বলে মনে হয়।
• সমাজের বর্ণপ্রথাকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ফলে স্বামীর শোকে বিলাসীও একদিন আত্মহত্যা করে। কিন্তু তৎকালীন সমাজ তাদের গভীর ভালোবাসার সম্পর্ককে না দেখে একে সেই অন্নপাপের অনিবার্য ফল মনে করে। তাই অনেকে বিলাসীর মৃত্যুকে পরিহাসের বিষয় মনে করে।
(গ)
• সামাজিক স্বীকৃতির দিক থেকে 'বিলাসী' গল্পের বিলাসী চরিত্রের সাথে লুবনা চরিত্রের বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
• মানবিক বোধের নিরিখে মানুষে মানুষে যে সম্পর্ক গড়ে ওঠে তাই প্রকৃত সম্পর্ক। তা সত্ত্বেও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, যারা মানবিক সম্পর্ককে মূল্য না দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। কিন্তু এমনটি কাম্য হতে পারে না।
• উদ্দীপকের লুবনা মানবিকবোধসম্পন্ন এক কিশোরী। এ কারণেই শহর থেকে শিক্ষকতা করতে আসা রাশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সে তার সেবা-শুশ্রুষার সব দায়িত্ব নেয় এবং নিজের শ্রম ও অর্থ দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করে তোলে। আর তা করতে গিয়ে রাশেদের সাথে তার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। ফলে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই রাশেদ তাকে বিয়ে করে নেয় এবং সমাজও তাদের সেই সম্পর্ক মেনে নেয়। কিন্তু 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়-বিলাসীর সম্পর্ককে সমাজ স্বীকৃতি তো দেয়ইনি বরং তাদের সমাজচ্যুত করে। এদিক থেকে আলোচ্য গল্পের বিলাসীর সাথে উদ্দীপকের লুবনা চরিত্রের বৈসাদৃশ্য প্রতীয়মান।
(ঘ)
• "উদ্দীপকটিতে 'বিলাসী' গল্পের সমাজ-বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথাযথ বলেই আমি মনে করি।
• একসময় আমাদের সমাজ ধর্ম ও জাতির নামে নানা ভাগ-উপভাগে বিভক্ত ছিল। মানবিকতাশূন্য সেই সমাজে ভেদ-বৈষম্য এত প্রকট ছিল যে, অনেক সময় মানুষকে তার মানবিক অধিকার থেকেই বঞ্চিত হতে হতো।
• উদ্দীপকে রাশেদ নামের এক যুবকের কথা বলা হয়েছে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করে গ্রামে এলে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় কৃষকের মেয়ে লুরনা তার সেবা-শুশ্রুষার দায়িত্ব নেয়, নিজের খরচে ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে। তার আন্তরিক সেবাযত্নে রাশেদ সুস্থ হয়ে ওঠে। পরবর্তী সময়ে অনেকটা প্রথাবিরুদ্ধভাবেই সে লুবনাকে বিয়ে করে, যার মধ্য দিয়ে মানবিকতার জয় হয়।
• 'বিলাসী' গল্পে তৎকালীন সামন্তবাদী সমাজে জাতিভেদের ভয়াবহতাকে উন্মোচন করা হয়েছে। সেই সমাজ বিলাসী-মৃত্যুঞ্জয়ের অকৃত্রিম ভালোবাসাকে মূল্য তো দেয়ইনি বরং সাপুড়ের মেয়ে বলে বিলাসীর হাতে মৃত্যুঞ্জয়ের ভাত খাওয়াকে পাপ হিসেবে গণ্য করেছে। শুধু তা-ই নয়, এ অপরাধে তাদের সমাজচ্যুতও করা হয়েছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এসব বিষয় উঠে আসেনি। সেখানে কেবল রাশেদ ‍ও লুবনার বিয়েকে কেন্দ্র করে সামান্য প্রতিবন্ধকতার কথাই ফুটে উঠেছে, আলোচ্য গল্পে উল্লিখিত অন্যন্য সমস্যা নয়। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যাটি যথাযথ।
মোক্তার আলি হলদা গ্রামের এক সাধারণ কৃষক। ফসলের মাঠে দিনভর কাজ করাই ছিল তার জীবন। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এসে তার জীবনের গতি বদলে দেয়। গ্রামের পাশের স্কুলটিকে পাক সেনারা ঘাঁটি বানিয়ে নেয়, আর প্রতিদিন শোনা যেত গুলির শব্দ। এক রাতে পাক সেনারা গ্রামে হানা দিয়ে মুক্তিফৌজের খোঁজে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ভয়ে থমকে যাওয়া মানুষের ভিড়ে মোক্তার আলি নিজের সাহসকে জাগিয়ে তোলে। পরের দিন সে গ্রামের কিছু যুবককে নিয়ে মুক্তিফৌজে যোগ দেয়। মুক্তিফৌজের সঙ্গে মিলে পাক সেনাদের বিরুদ্ধে গোপন আক্রমণের পরিকল্পনা করতে থাকে। এক গভীর রাতে, মনসুনের বৃষ্টির আড়ালে তারা পাক সেনাদের ঘাঁটিতে হানা দেয়। মুক্তির আলোয় ভরে ওঠে হলদা গ্রাম।
৪. মগবাজারের বাড়ি থেকে মিন্টু কবে চলে গেল?
প্রিনসিপ্যাল শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছেন কেন?
উদ্দীপকটির শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
"উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- তোমার মতামতসহ আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
মগবাজারের বাড়ি থেকে মিন্টু জুন মাসের ২৩ তারিখ চলে গেল।
(খ)
• ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত শহিদ মিনার বাঙালির সংগ্রামী চেতনার প্রতীক ও শক্তির উৎস হওয়ার কারণে শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে।
• প্রিনসিপ্যাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী মানুষের বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।
(গ)
• উদ্দীপকের শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে।
• ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে পাকিস্তানিরা নির্বিচারে গণহত্যা শুরু করে। সংগত কারণেই তাদের এই অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে নামে।
• উদ্দীপকের মোক্তার আলির গ্রামে পাকিস্তানি সেনারা হানা দিলে তাদের এমন অন্যায়কে তিনি মেনে নিতে পারেননি। তাই দেশকে শত্রুমুক্ত করতে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। একইভাবে 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা ভীতু স্বভাবের হলেও মিলিটারির অত্যাচারের মুখে তিনি সাহসী হয়ে ওঠেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিজের যোগাযোগের কথা অকপটে স্বীকার করেন। উভয় ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ তাদের এমন আচরণের কারণ। এদিক থেকে উদ্দীপকের শেষাংশের বক্তব্য আলোচ্য গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে
(ঘ)
• "উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি।
• ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। তবে বাঙালিরা তাদের এই অত্যাচার মুখ বুজে মেনে নেয়নি। বুকের রক্ত দিয়ে তারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এবং জয়ী হয়।
• উদ্দীপকের মোক্তার আলি দেশাত্মবোধে উজ্জীবিত ও আত্মসচেতন একজন কৃষক। এ কারণে তাদের গ্রামে পাকিস্তানি সৈন্যরা হানা দিলে তিনি সাহসী হয়ে ওঠেন এবং গ্রামের আরও অনেককে নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। এরপর নিজের এলাকাকে শত্রুমুক্ত করার কথা ভাবতে থাকেন। অবশেষে কোনো এক বৃষ্টির রাতে সহযোদ্ধাদের নিয়ে তিনি পাকিস্তানি শিবিরে হানা দেন। এভাবে অতর্কিত আক্রমণ করে তিনি নিজ গ্রামকে শত্রুমুক্ত করেন।
• 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। এর বাইরে মিলিটারির অত্যাচারের মুখে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। উদ্দীপকের কৃষক মোক্তার আলির মধ্যে পরিস্থিতির প্রয়োজনে সাহসী হয়ে ওঠা এবং মুক্তিযুদ্ধে যোগদানের বিষয়টি ফুটে উঠলেও সেখানে মুক্তিযুদ্ধকালীন সামগ্রিক পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় না। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।