চট্টগ্রাম কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ১ম পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে আশিকের মা-বাবা তার মতামত না নিয়েই সাবরিনার সাথে বিয়ে ঠিক করে। সাবরিনার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু যৌতুকের বিষয়টি জানতে পেরে আশিক ও সাবরিনা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
১. অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?
"এই তো আমি জায়গা পাইয়াছি।" উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
অনুচ্ছেদে সাবরিনার সাথে 'অপরিচিতা' গল্পের কার মিল রয়েছে? কীভাবে?
“অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।”- মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
• অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল।
(খ)
• "এই তো আমি জায়গা পাইয়াছি।"- উক্তিটির মাধ্যমে অনুপম আত্মতুষ্টি লাভের প্রয়াস পেয়েছে।
• 'অপরিচিতা' গল্পে অনুপমের মামার লোভী ও হীন মানসিকতার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে গেলে সে বিরহে জর্জরিত হয়। একারণেই পরবর্তীতে মনস্তাপে ভেঙে পড়া অনুপম কল্যাণীকে বিয়ে করতে না পেরেও তার কাছাকাছি থাকতে চেয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার পর একদিন মাকে নিয়ে তীর্থে যাওয়ার পথে কল্যাণীকে দেখে মুগ্ধ হয় অনুপম। এরপর তার কাছে ও তার পিতার কাছে ক্ষমা চায় অনুপম। সবকিছু ছেড়ে সে বছরের পর বছর কানপুরে কল্যাণীর কাছাকাছি থাকে। কল্যাণী তাকে ক্ষমা করে দিলেও বিয়েতে রাজি হয়নি। তবুও অনুপম তার দেখা পায়, কণ্ঠ শোনে, সুবিধামতো তার কাজ করে দিয়ে নিজের একটা অবস্থান তৈরি করে নিতে চায়। কল্যাণীকে আশ্রয় করে সেই আনন্দেই সে নিজেকে ভাগ্যবান মনে করেছে।
(গ)
• অনুচ্ছেদের সাবরিনার সাথে প্রতিবাদী মনোভাবের দিক দিয়ে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর মিল রয়েছে।
• নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ সমাজে অহরহ দেখা যায়। অবলা বলে তাদের ওপর জোরপূর্বক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। তবে সাহসী নারীরা এক্ষেত্রে অগ্রগামী। তারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে।
• অনুচ্ছেদের সাবরিনার বাবা আশিকের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বাবা গোপনে ঘটকের মধ্যস্থতায় বরপক্ষকে যৌতুক হিসেবে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিলে সাবরিনা তা মেনে নেয়নি, পরে সে বেঁকে বসে। 'অপরিচিতা' গল্পে কল্যাণী চরিত্রেও তার বিয়েতে যৌতুকের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ লক্ষ করা যায়। বরপক্ষ যখন তার বাবার দেওয়া গয়না সেকরা দিয়ে পরীক্ষা করায় তখন তার বাবার সেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায়। সেই ঘটনায় কল্যাণী চরিত্রকে এক সাহসী ও প্রতিবাদী চরিত্র হিসেবে পাওয়া যায়, যা অনুচ্ছেদের সাবরিনার কর্মকাণ্ডেও লক্ষণীয়।
(ঘ)
• "অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।"- মন্তব্যটি যথার্থ।
• সমাজে নানা রকম প্রথা ও অসংগতি বিদ্যমান। যৌতুক বা পণপ্রথা সবচেয়ে বড় সামাজিক ব্যাধি। যৌতুকের কালো থাবায় অনেক পরিবার ধ্বংস হয়ে যায়। অনেক নারীর সংসার ভাঙে। এমনকি তাদের জীবনও অকালে ঝরে যায়। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
• অনুচ্ছেদের আশিকের বাবা-মা ছেলের বিয়ে ঠিক করে যৌতুকের বিনিময়ে। যার মধ্যে রয়েছে নগদ টাকা, বাড়ি-গাড়ি ইত্যাদি। তাদের লোভী মানসিকতার জন্যই সমাজে এই ঘৃণ্য প্রথা এখনো টিকে আছে। 'অপরিচিতা' গল্পেও এ ধরনের অসংগতি পরিদৃষ্ট হয়। অনুপমের মামা তার ভাগ্নের বিয়ে ঠিক করে যৌতুকের বিনিময়ে এবং শেষ পর্যন্ত এই লোভী মানসিকতা ও যৌতুকের কারণেই বিয়ে ভেঙে যায়।
• বহুকাল থেকে চলে আসা যৌতুকপ্রথা এখনো আমাদের সমাজে বিদ্যমান। যৌতুকের কারণে এখনো অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। উদ্দীপকের আশিকের বাবা-মা এবং 'অপরিচিতা' গল্পের মামা এ ধরনের লোভী মানসিকতাসম্পন্ন মানুষ। 'অপরিচিতা' গল্পের এই সামাজিক অসংগতি অনেকাংশেই অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। এ দিক থেকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
উজ্জয়নীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহপুত্র মিহিরের স্ত্রী খনা। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে খনা এ সমস্যার সমাধান করে দেন। রাজা বিক্রমাদিত্য খনার গুণে মুগ্ধ হন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে 'দশম রত্ন' হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই খ্যাতি ও সম্মানে অন্যের কাছে নিচু হওয়ার লজ্জায় প্রতিহিংসাপরায়ণ হয়ে বরাহের আদেশে মিহির খনার জিহ্বা কেটে দেয়- যাতে সে আর কোনো বচন দিতে না পারে।
২. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
"ইহা আর একটি শক্তি"- বলতে কী বোঝানো হয়েছে?
অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের কার মিল রয়েছে? বুঝিয়ে দাও।
"কাহিনিগত বৈসাদৃশ্য থাকলেও অনুচ্ছেদ এবং 'বিলাসী' গল্পের সারকথা অভিন্ন"- তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
• শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হলো 'মন্দির' নামে একটি গল্প।
(খ)
• "ইহা আর একটি শক্তি" বলতে লেখক নিঃস্বার্থ ভালোবাসার শক্তির কথা বুঝিয়েছেন।
• 'বিলাসী' গল্পে লেখক ন্যাড়ার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় বনের মধ্যে এক পোড়োবাড়িতে বিলাসী একা রাত-দিন তার সেবা করে। মৃত্যুঞ্জয় যেকোনো সময় মারা যাওয়ার আশঙ্কা ছিল। তা জানা সত্ত্বেও বিলাসী এক অমিত শক্তিবলে মুমূর্ষু মৃত্যুঞ্জয়ের সেবা করেছে। এটি এমন এক শক্তি যা অনেক স্বামী-স্ত্রী বহুকাল একসঙ্গে বসবাস করেও অর্জন করতে পারে না। এই প্রসঙ্গে ন্যাড়া প্রশ্নোক্ত উক্তিটি করে বিলাসীর প্রগাঢ় ভালোবাসার শক্তির বিষয়টি বুঝিয়েছে।
(গ)
• অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ে জ্ঞাতি খুড়ার মিল রয়েছে।
• স্বার্থপর মানুষ সব সময় অন্যের খ্যাতিতে প্রবল হিংসাপরায়ণ হয়ে পড়ে। তারা সব সময় নিজেদের সুবিধাকে প্রাধান্য দেয়। অন্যের ক্ষতি করে নিজেদের স্বার্থ হাসিল করাই তাদের মূল লক্ষ্য।
• অনুচ্ছেদের পিতা বরাহ ও পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে মিহিরের স্ত্রী খনা সেই সমস্যার সমাধান করে দেন। এতে রাজা বিক্রমাদিত্য খনার গুণে মুগ্ধ হয়ে তাকে 'দশম রত্ন' হিসেবে আখ্যা দেন। কিন্তু বরাহ খনার প্রতি ঈর্ষান্বিত হয়। প্রতিহিংসাপরায়ণ হয়ে সে মিহিরের মাধ্যমে তার জিহ্বা কেটে দেয়। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের খুড়া আচরণেও এমন ঈর্ষা ও প্রতিহিংসা লক্ষ করা যায়। বিলাসী তার অসুস্থ স্বামীকে সেবা-যত্ন করলে খুড়া তাতে প্রবল বিরোধিতা করে। নিজের স্বার্থ হাসিলের জন্য সে বিলাসীর ওপর নির্মম অত্যাচার করে তাদের দুজনকেই গ্রামছাড়া করে। তাই বলা যায়, অনুচ্ছেদের বরাহের সাথে 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের খুড়া চরিত্রের মিল্ রয়েছে।
(ঘ)
• "কাহিনিগত বৈসাদৃশ্য থাকলেও অনুচ্ছেদ এবং 'বিলাসী' গল্পের সারকথা অভিন্ন"- মন্তব্যটি যথার্থ।
• স্বার্থপর ও নীচ প্রকৃতির মানুষেরা অন্যের খ্যাতিতে ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা নিরপরাধ মানুষকে অন্যায় অপবাদ দিয়ে তাদের সর্বনাশ করে দেয়।
• অনুচ্ছেদের ঘটনায় মিহিরের স্ত্রী খনা গণনার সমস্যা সমাধান করে রাজা বিক্রমাদিত্যের সুনজরে পড়েন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতেন বলে রাজা তাকে 'দশম রত্ন' হিসেবে আখ্যা দেন। এতে তার শ্বশুর বরাহ লজ্জিত হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে মিহিরকে দিয়ে তার জিহ্বা কেটে দেয়। এমন করে নিরপরাধ মানুষের সঙ্গে নির্মম আচরণ আমরা 'বিলাসী' গল্পেও দেখি। এই গল্পে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করলে তার স্বার্থপর জ্ঞাতি খুড়া তা মেনে নেয়নি। নীচু জাতের মেয়ে বিলাসীর হাতে খাবার খেয়েছে বলে মৃত্যুঞ্জয়কে সে গ্রামছাড়া করে। আর বিলাসীর ওপরও অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালায়।
• 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর ওপর মৃত্যুঞ্জয়ের খুড়ার অমানবিক ও স্বার্থপর আচরণ লক্ষ করা যায়। খুড়া মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখল করার জন্য অন্নপাপের দোহাই দিয়ে তাদের দুজনের ওপর গ্রামবাসীকে লেলিয়ে দিয়ে তাদের গ্রামছাড়া করেছে। এভাবে এই গল্পে সমাজের অনুদারতা, রক্ষণশীলতা ও জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ফুটে উঠেছে, যা অনুচ্ছেদের ঘটনায়ও ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

"আমার একার সুখ, সুখ নহে ভাই,

সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।

সকলের সাথে বন্ধু, সকলের সাথে,

যাইবো কাহারে বল ফেলিয়া পশ্চাতে।

একসাথে বাঁচি আর একসাথে মরি,

এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।"

৩. জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক কোনটি?
"সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল।” ব্যাখ্যা কর।
কবিতাংশটিতে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বুঝিয়ে দাও।
"কবিতাংশের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের আংশিক প্রতিনিধিত্ব করে।”- যুক্তিসহ আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
. জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক হলো রাষ্ট্র।
(খ)
• 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'-কারণ মানুষের মহৎ ও কল্যাণকর চিন্তা-ভাবনার মধ্যে মানবকল্যাণের মূল কথা নিহিত।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকার অর্থে মানবকল্যাণ কী এবং এটি কীভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করেছেন। মনুষ্যত্ববোধে আঘাত লাগে এবং মানব-মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে তিনি মানবকল্যাণ মনে করেননি। তিনি মানুষের প্রতি যথাযথ মর্যাদার মাধ্যমে হিত সাধন করাকে মানবকল্যাণ মনে করেছেন। তিনি মানুষকে বিভক্তিকরণের মনোভাবে বিশ্বাসী নন। তিনি মুক্তবুদ্ধির মাধ্যমে সুপরিকল্পিত পথে মানবিক কাজ করাকে মানবকল্যাণ মনে করেন। এসব বিবেচনা করে তাই বলা হয়েছে যে, 'সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা-ভাবনারই ফসল।'
(গ)
• কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার দিকটিকে প্রতিফলিত করেছে।
• সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্কের বাইরে মানুষের সঙ্গে মানুষের যে হৃদয়ের বন্ধন তার মাধ্যমেই, পারস্পরিক সহযোগিতা ও সম্মানের মনোভাব গড়ে ওঠে।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য নিরূপণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন মানুষের পারস্পরিক বন্ধনের কথা। এ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্প্রীতি-সহযোগিতা। এই পারস্পরিক সম্পর্ক না থাকলে মানব-কল্যাণ নিছক লোক-দেখানো বিষয়ে পরিণত হয়। উদ্দীপকের কবিতাংশেও সবার মিলেমিশে, সুখে-দুঃখে একসঙ্গে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে। এভাবে উদ্দীপকের কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সম্প্রীতি ও সহযোগিতার দিকটিকে প্রতিফলিত করেছে।
(ঘ)
• "কবিতাংশের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের আংশিক প্রতিনিধিত্ব করে।"- মন্তব্যটি যথার্থ।
• মানব-কল্যাণের সঙ্গে মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একে অন্যের প্রতি সহযোগিতার সম্পর্ক গড়ে না উঠলে মানব-মর্যাদা লঙ্ঘিত হয়। ফলে মানব-কল্যাণও যথার্থ রূপ পায় না।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানব-কল্যাণ ধারণাটির স্বরূপ উন্মোচন করেছেন। তিনি দান-খয়রাত করাকে মানব-কল্যাণ বলে মনে করেননি। লেখকের মতে এটি প্রকৃত মানব-কল্যাণ নয়। মানব-কল্যাণ হলো মানুষের সর্বাঙ্গীণ মঙ্গলের ইচ্ছা ও প্রচেষ্টা। যার পূর্বশর্ত হলো পারস্পরিক সুসম্পর্ক। উদ্দীপকের কবিতাংশেও পারস্পরিক সম্পর্কের বিষয়টি রয়েছে। এখানে বলা হয়েছে, সমাজের মানুষের মধ্যে সুখ-দুঃখে, বিপদ-আপদে একসঙ্গে থাকার, একসঙ্গে বাঁচার মনোভাব গড়ে উঠলেই সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
• মানব-কল্যাণের অন্যতম পূর্বশর্ত হলো মানুষের পারস্পরিক সম্পর্ক। উদ্দীপকের কবিতাংশেও পারস্পরিক সম্পর্কের এ দিকটি প্রতিফলিত হয়েছে। এ বিষয়টি ছাড়াও আলোচ্য প্রবন্ধে মানব-কল্যাণের বিভিন্ন দিক ও মনীষীদের কথাও প্রকাশ পেয়েছে যা উদ্দীপকে নেই। এ কারণেই বলা হয়েছে কবিতাংশের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের আংশিক প্রতিনিধিত্ব করে।
কৃষক রহমত তার বাড়িতে কয়েকজন মুক্তিযোদ্ধাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছিলেন। একজন মুক্তিযোদ্ধা ভুল করে তার একটি গামছা ফেলে যান। কৃষক রহমত গামছাটি কোমরে বেঁধে মাঠে কাজ করতে যান। মনের অজান্তেই চোখ বারবার কেন যেন গামছাটির দিকে চলে যায়। রহমত নিজের মধ্যে কেমন যেন একটা উত্তেজনা, একটা দুর্বোধ্য শক্তি অনুভব করেন। সেদিন আর রহমতের বাড়ি ফেরা হয় না। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্যে সীমান্তপথে পাড়ি জমান।
৪. "দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ঘোষণা করার সুযোগ আর মেলেনি"- কার?
"আব্বু ছোটোমামা হয়েছে"- এই উক্তিতে প্রফেসর কেন চমকে ওঠেন?
অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের কার কথা মনে করিয়ে দেয়? কেন?
"কাহিনি ভিন্ন হলেও অনুচ্ছেদ এবং 'রেইনকোট' গল্পের চেতনা অভিন্ন"- তুমি কি একমত?
সমাধান ও উত্তর
(ক)
দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ঘোষণা করার সুযোগ আর মেলেনি মুয়াজ্জিনের।
(খ)
প্রফেসর নুরুল হুদা তার আড়াই বছরের মেয়ের মুখে 'আব্বু ছোটমামা হয়েছে' উক্তি শুনে চমকে ওঠেন।
• 'রেইনকোট' গল্পে নুরুল হুদার শ্যালক মিন্টু মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাড়ি ছাড়ে। নুরুল হুদার বৃষ্টির দিনে কলেজে যাওয়ার প্রয়োজন হলে তার স্ত্রী তাকে মিন্টুর রেখে যাওয়া রেইনকোট পরতে বলে। রেইনকোটটি পরার পর তার ছোট মেয়ে ছোটমামা অর্থাৎ মিন্টুর কথা বললে নুরুল হুদা মনে করেন মিন্টু অস্ত্র হাতে ঘরে ঢুকে পড়ল কি না। আর সে যেহেতু মুক্তিযোদ্ধা তবে তো তার খোঁজে মিলিটারিও ঢুকে যেতে পারে ঘরে। এসব ভেবেই প্রফেসর নুরুল হুদা চমকে ওঠেন।
(গ)

• অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের নুরুল হুদার কথা মনে করিয়ে দেয়।

• একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্বাধীনতা লাভের স্বতঃস্ফূর্ত প্রয়াস। মুক্তিযোদ্ধাদের সাহস ও বিপ্লবী চেতনা অনেক সাধারণ মানুষকে অসীম সাহসী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ফলে তারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

• অনুচ্ছেদের রহমত একজন মুক্তিযোদ্ধার ফেলে যাওয়া গামছা কোমরে বেঁধে মাঠে কাজ করতে যান। এই গামছাটির প্রভাবে তিনি মনের মধ্যে কেমন যেন উত্তেজনা ও একটা দুর্বোধ্য শক্তি অনুভব করেন। এর ফলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে বাইরে বের হন। সেই রেইনকোটটি গায়ে দেওয়ার পর তিনি ন পরম উষ্ণতা ও সাহস উপলব্ধি করতে থাকে। মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট যেন তাকে সাহসী একজন মুক্তিযোদ্ধায় পরিণত করে। এর ফলে মিলিটারির নির্মম অত্যাচার ও নিপীড়নেও তিনি ভীত হন না, বরং নিজেকে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন সহযোগী মনে করেন। তাই বলা যায়, অনুচ্ছেদের রহমত 'রেইনকোট' গল্পের নুরুল হুদার কথা মনে করিয়ে দেয়।

(ঘ)
• "কাহিনি ভিন্ন হলেও অনুচ্ছেদ ও 'রেইনকোট' গল্পের চেতনা
অভিন্ন"- মন্তব্যটি যথার্থ।
• মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে। এই যুদ্ধে সাহসী মুক্তিযোদ্ধাদের প্রভাবে অনেক সাধারণ ও ভীতু মানুষও অসীম সাহসী যোদ্ধায় পরিণত হয়। তারা দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
• অনুচ্ছেদের কৃষক রহমত কয়েকজন মুক্তিযোদ্ধাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলে। একজন মুক্তিযোদ্ধার ফেলে যাওয়া গামছা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। সেই গামছা থেকে প্রাপ্ত দুর্বোধ্য শক্তি তাকে একজন সাহসী মুক্তিযোদ্ধায় পরিণত করে দেয়। একজন মুক্তিযোদ্ধার রেখে যাওয়া বস্তুকে কেন্দ্র করে অসীম সাহসী হওয়ার এ দিকটিই 'রেইনকোট' গল্পের মূলসুর। এই গল্পে নুরুল হুদা একজন নিরীহ ও ভীতু প্রকৃতির মানুষ হলেও মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তিনি অসীম সাহসী হয়ে ওঠেন।
• 'রেইনকোট' গল্পে নূরুল হুদাকে একজন ভীতু মানুষ হিসেবে দেখা যায়। কিন্তু যখন থেকে মিন্টুর রেইনকোট গায়ে দেন তখন থেকে তার মধ্যে একজন মুক্তিযোদ্ধার সাহসী চেতনা সঞ্চারিত হয়। মিলিটারি তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে চায়। তিনি স্বীকার করেছেন যে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু তবুও দেশের স্বার্থে তাদের সম্পর্কে কিছুই ফাঁস করেননি। নুরুল হুদার এমন সাহসী চেতনাই অনুচ্ছেদে ফুটে উঠেছে। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

চট্টগ্রাম কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।