আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ২০২৫

এইচএসসি · পৌরনীতি ১ম পত্র

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

হাসান একজন উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। সে সুনাগরিক হতে চায়। সে নাগরিকতা, রাষ্ট্র, সরকার, ই-গভর্নেন্স ও সুশাসন সম্পর্কে একটি বিষয় পাঠের মাধ্যমে জানতে পারে।
১. ‘Civics’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
সুশাসন বলতে কী বোঝ?
উক্ত বিষয় পাঠের মাধ্যমে কী কী সুফল পাওয়া যায়?
উদ্দীপকে বর্ণিত বিষয়াবলির জ্ঞান কীভাবে সুনাগরিক হতে সাহায্য করে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
‘Civics’ শব্দটি ল্যাটিন ‘Civis’ ও ‘Civitas’ শব্দ থেকে এসেছে।
(খ)
সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসন যন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
(গ)

উক্ত বিষয় অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে বিভিন্ন ধরনের সুফল লাভ করা যায়।

এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে আমরা অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারব। এ বিষয় পাঠের মাধ্যমে আমরা সুনাগরিকের গুণাবলি সম্পর্কে অবগত হব, যা আমাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং মনের সংকীর্ণতা দূর হবে। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা বিকশিত হবে, যা একজন রাষ্ট্রবিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয় পাঠের ফলে আমরা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারব। আমরা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানকে সুসংহত ও সুসংবদ্ধ করে গড়ে তোলার বিষয়ে জ্ঞান লাভ করব। এ বিষয় পাঠের ফলে আমরা রাষ্ট্র পরিচালনাসংক্রান্ত জ্ঞান লাভ করব। এ বিষয় পাঠের ফলে আমরা রাষ্ট্রব্যবস্থা বিকাশের বিভিন্ন পর্যায় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। এ বিষয় পাঠের ফলে আমরা বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ও মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করব, যা আমাকে একজন বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হতে সহায়তা করবে।
অতএব বলা যায়, পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে আমরা একজন সুনাগরিক হিসেবে দেশের সম্পদে পরিণত হতে পারবে।

(ঘ)
উদ্দীপকে বর্ণিত বিষয়াবলির জ্ঞান অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের জ্ঞান নাগরিক জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। কেননা তা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়েই আলোচনা করে।
পৌরনীতি হচ্ছে একটি নাগরিকতাবিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন ব্যক্তির সুষ্ঠু, সুন্দর, পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। এক্ষেত্রে রাষ্ট্রের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে পৌরনীতি সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে। নাগরিকতা বলতে কী বোঝায়, এর অর্থ ও প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকতা অর্জন ও বিলুপ্তি, সুনাগরিকের, গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন ধারণা প্রদান করে। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ এমন কিছু বিষয়ের সাথে সম্পর্কিত থাকে যেগুলো বাহ্যিকভাবে দৃশ্যমান নয়। পৌরনীতি ও সুশাসন এসব অদৃশ্য বিষয়েরও ব্যাখ্যা প্রদান করে। যেমন-আইনের উৎস, সংজ্ঞা, প্রকৃতি, প্রয়োজনীয়তা ইত্যাদি। এসব বিষয়ের সাথে মানুষের নৈতিক সম্পর্ক কী তাও পৌরনীতি ও সুশাসন নাগরিকদের অবগত করে। রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মানুষ কতটা স্বাধীনতা ভোগ করবে এবং সেই স্বাধীনতার প্রকৃতি কেমন হবে, স্বাধীনতার প্রকৃত অর্থ কী এবং তার রক্ষাকবচগুলো কী ইত্যাদি বিষয় সম্পর্কে পৌরনীতি যথাযথভাবে ব্যাখ্যা প্রদান করে। পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি করে। পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের মধ্যে নিজের ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে উৎসর্গ করার মানসিকতা সৃষ্টি করে।
তাই বলা যায়, পৌরনীতি বিষয়াবলির জ্ঞান নাগরিক জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে।
বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলেও দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।
২. সুশাসনের একটি উপাদান লেখ।
আইনের শাসন বলতে কী বোঝ?
বর্ণিত দেশে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত দেশে কীভাবে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সুশাসনের একটি উপাদান হলো 'গণতন্ত্র'।
(খ)
আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি এবং ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। আইনের শাসনের ফলে নাগরিক ও শাসকের জন্য আইন সমভাবে কার্যকর হয়। ফলে স্বাধীনতা ও সাম্য সুরক্ষিত হয়।
(গ)

উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।
উদ্দীপকে বলা হয়েছে, বিশ্বে এখনও অনেক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি, অদক্ষতা ও ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। উদ্দীপকে বর্ণিত এ দেশে সুশাসনের অভাব রয়েছে। কারণ দেশটিতে সুশাসনের তিনটি সমস্যা বা অন্তরায় সে দেশে বিদ্যমান রয়েছে।

সুশাসন প্রতিষ্ঠায় বড় একটি বাধা হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাহত বিষয়ে পরিণত হয়। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায় এবং দুর্নীতি হলো দারিদ্র্যের মূল কারণ। তাছাড়া দেশটিতে অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার বিষয় দুটিও পরিলক্ষিত হয়। যেকোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে আমলাদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন হতে হয়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয় না। উদ্দীপকেও আমরা অদক্ষতার বিষয়টি দেখি, যা দেশটির সুশাসনের অভাবকেই নির্দেশ করে। আবার "ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”- বার্ট্রান্ড রাসেলের এ কথাটি থেকে সহজেই বোধগম্য হয় যে, কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের পথে অন্তরায় সৃষ্টি করে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেবল একজন বা কয়েকজন ব্যক্তি ও সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকে, তবে তাদেরকে এটি স্বেচ্ছাচারী করে তুলতে পারে। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার।
অতএব এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত দেশে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত দেশে উল্লেখকৃত সমস্যাসমূহ দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
উদ্দীপকে বর্ণিত দেশটিতে সুশাসনের যে তিনটি সমস্যা বা অন্তরায়ের কথা উল্লেখ রয়েছে সেই তিনটি সমস্যার সমাধান করতে হবে সর্বাগ্রে এবং অতঃপর দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই জনগণের উন্নয়ন সম্ভব হবে।

দুর্নীতি হলো সুশাসনের একটি বড় রকমের অন্তরায়। এটি একটি অভিশাপ বলা চলে। রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি থাকলে সেখানে আইনের শাসন, ন্যায়পরায়ণতা কল্পনামাত্র। দুর্নীতির কারণে জনগণ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সামাজিক বৈষম্য ও ভারসাম্যহীনতা সৃষ্টি করে। শুধু তাই নয়, দুর্নীতি জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি জাতীয় উন্নয়ন ব্যাহত করে। দুর্নীতি দারিদ্র্যের মূল কারণ। দুর্নীতির মূলোৎপাটন করে সুশাসন প্রতিষ্ঠিত করলে উদ্দীপকে বর্ণিত দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া অদক্ষতাও সুশাসনের অন্তরায়। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যায় না। উক্ত দেশে আমলাদের অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে সুশাসন নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হবে। আবার ক্ষমতার অপব্যবহার সুশাসনকে ব্যাহত করে। কেন্দ্রীভূত ক্ষমতা মানুষকে স্বেচ্ছাচারী করে। ক্ষমতা কাঠামো কর্তৃত্বমূলক হলেও সেখানে সুশাসন বজায় থাকে না। তাই ক্ষমতার ভারসাম্যপূর্ণ বণ্টন থাকা দরকার। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দেশের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার ভাগাভাগি করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীন বিচার বিভাগ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ক্ষমতাসম্পন্ন একটি আইনসভা থাকতে হবে। তাহলে উক্ত দেশে ক্ষমতার অপব্যবহার রোধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি তাদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
৩. মূল্যবোধ কী?
আইনের উৎস কয়টি ও কী কী?
উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের কোন উপাদানটির প্রকাশ ঘটেছে? পাঠ্যবইয়ের আলোক ব্যাখ্যা কর।
'সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়'- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
(খ)
আইনের উৎস ছয়টি। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। উৎসগুলোর মধ্যে প্রথা হলো সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিনীতি, যা আইনের মর্যাদা পায়। ধর্ম বিভিন্ন সামাজিক ও নৈতিক নিয়ম প্রতিষ্ঠা করে, যা অনেক আইনের ভিত্তি হিসেবে কাজ করে। বিচারকের রায় বা নজির আইনের ব্যাখ্যা ও প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনবিদদের গ্রন্থ আইনের তাত্ত্বিক ভিত্তি ও বিশ্লেষণ 'সরবরাহ করে। ন্যায়বোধ সমাজের নৈতিক ও ন্যায়সংগত মূল্যবোধ থেকে উৎসারিত হয়। আইনসভা রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন তৈরি করে, যা আইনের সবচেয়ে প্রত্যক্ষ ও আনুষ্ঠানিক উৎস। এই উৎসগুলো একত্রে আইনের বিকাশ ও প্রয়োগকে সমৃদ্ধ করে।
(গ)
উদ্দীপকে বন্যার্তদের সহযোগিতার ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের সহমর্মিতার উপাদানটির প্রকাশ ঘটেছে।
সামাজিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহমর্মিতা। 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।' অর্থাৎ মানুষ মানুষের জন্য- এ বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূল ভিত্তি। সামাজিক সহমর্মিতা ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথি হয় ও একে অন্যকে আপন করে এবং মানুষে মানুষে বৈষম্য দূর করে। সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র ও সমাজের ভিত্তি সুদৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।
উদ্দীপকে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষসহ সাধারণ মানুষ সরকারের পাশাপাশি বন্যার্তদের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়ায়, যা বন্যা দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে সামাজিক মূল্যবোধের সহমর্মিতা উপাদানটি ফুটে উঠেছে। কেননা বন্যার্তদের সহযোগিতায় এভাবে সকল স্তরের মানুষের এগিয়ে আসার মাধ্যমে সহমর্মিতার প্রকাশ ঘটেছে।
(ঘ)
'সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলি, যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়'- মূল্যবোধ সম্পর্কিত নিকোলাস রেসারের উক্তিটিতে সামাজিক মূল্যবোধের স্বরূপ প্রকাশ পেয়েছে। সামাজিক মূল্যবোধ হলো ব্যক্তির নৈতিক ও সামাজিক বিশ্বাস, যা সমাজে শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখতে সহায়ক। এটি মানুষের পারস্পরিক সম্পর্ককে উন্নত করে এবং সমাজের প্রগতিশীল
চিন্তাধারাকে প্রসারিত করে। ব্যক্তির কর্মক্ষেত্র, সংস্কৃতি ও জাতির
অগ্রগতিতে সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে বর্ণিত সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে। সামাজিক মূল্যবোধ বলতে সেই গুণাবলিকে বোঝায়, যা ব্যক্তি তার সহকর্মী, সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশের মধ্যে দেখে আনন্দিত হয় এবং এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে। বন্যা দুর্গতদের সাহায্যার্থে সরকার, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ এই মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এটি শুধু মানবিক দায়বদ্ধতারই প্রকাশ নয়, বরং সমাজের ঐক্য ও সহমর্মিতারও পরিচয় বহন করে। মানুষ যখন বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানো সামাজিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ। এই ঘটনায় দেখা গেছে, ব্যক্তি ও সংগঠনগুলো তাদের স্বার্থ ত্যাগ করে সমাজের বৃহত্তর কল্যাণে এগিয়ে এসেছে। এটি সমাজে আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। এভাবে সামাজিক মূল্যবোধ শুধু ব্যক্তির চরিত্রগত উন্নয়নই নয়, বরং সমগ্র সমাজের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই মূল্যবোধের চর্চা ও লালন সমাজকে সংকট মোকাবিলায় আরও সক্ষম করে তোলে এবং মানবিক সম্পর্ককে গভীরতর করে।
‘L’ এর বয়স ১৬ বছর। সে ইটভাটায় কাজ করে। সে সাধারণ শ্রমিকদের সমান কাজ করলেও তাদের সমান মজুরি পায় না। প্রতিবাদ করলে মালিকপক্ষ তাকে ছাঁটাইয়ের হুমকি দেয়। বিষয়টি অন্য শ্রমিকদের জানালে তারা ক্ষেপে ওঠে এবং পরবর্তীতে সম্মিলিত প্রতিবাদের মুখে মালিকপক্ষ সবাইকে সমান মজুরি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
৪. স্বাধীনতা কী?
সহমর্মিতা বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত ‘L' কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত সমস্যা মোকাবিলায় ‘L’ এর ভূমিকা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্য সম্পাদনের অধিকারই হলো স্বাধীনতা।
(খ)

পরস্পরের প্রতি মমত্ববোধ, সম্প্রীতি ও সহযোগিতার হাত প্রসারিত করাই হলো সহমর্মিতা।

সহমর্মিতা একটি মানবীয় গুণ। সহমর্মিতা মানুষকে পারস্পরিক সুখে-দুঃখে কাছে রাখে এবং মানুষে মানুষে বৈষম্য দূরীভূত করে। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে'— এটিই সহমর্মিতার মূলকথা।

(গ)

উদ্দীপকে ‘L’ অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছেন।

অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধন-সম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের অর্থ সব সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া নয়; বরং জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষের সম্পাদিত কাজের ন্যায্য মজুরি পাওয়ার সুবিধা লাভই অর্থনৈতিক সাম্য। অর্থাৎ অর্থনৈতিক সাম্যের মূল কথা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন। উদ্দীপকে রাজিয়া এ অর্থনৈতিক সাম্য থেকেই বঞ্চিত হয়েছেন।

উদ্দীপকে দেখা যায়, ‘L’ ও রনি দু'জনই ইটভাটায় একই ধরনের কাজ করেন। কিন্তু দিন শেষে মজুরি নেওয়ার ক্ষেত্রে রনি পায় পাঁচশত টাকা, আর ‘L’ পায় চারশত টাকা। অর্থাৎ দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী একই ধরনের কাজ করেও ‘L’ রনির চেয়ে কম মজুরি পাচ্ছেন, যা অর্থনৈতিক সাম্যের ধারণার বিপরীত। তাই বলা যায়, ‘L’ অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছেন।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত সমস্যা মোকাবিলায় ‘L' এর ভূমিকা যথার্থ এবং বাস্তবসম্মত।

উদ্দীপকে বর্ণিত ‘L' এর বয়স ১৬ বছর। সে ইটভাটায় কাজ করে। কিন্তু সাধারণ শ্রমিকের সমান কাজ করেও সে তাদের সমান মজুরি পায় না। অর্থাৎ ‘L’ অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে 'L' প্রতিবাদ করলে মালিক পক্ষ ছাঁটাইয়ের হুমকি দেয়। বিষয়টি সে অন্যান্য শ্রমিকদের জানালে তারা ক্ষেপে ওঠে এবং পরবর্তীতে সম্মিলিতভাবে প্রতিবাদ করে। প্রতিবাদের মুখে মালিকপক্ষ সবাইকে সমান মজুরি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লিখিত ঘটনার আলোকে বলা যায়, ‘L’ এর সাহসী ভূমিকার কারণেই মালিকপক্ষ তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় এবং তাকে ন্যায্য মজুরি প্রদান করে। ‘L’ যদি ঘটনাটির প্রতিবাদ না করত এবং তার সহকর্মীদের না জানাত তাহলে হয়ত তাকে ছাঁটাইয়ের শিকার হতে হতো অথবা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত থাকতে হতো। মালিক পক্ষের অন্যায় আচরণ মেনে না নিয়ে সাহসের সাথে তা মোকাবিলা করার জন্যই ‘L' তার অধিকার ফিরে পায়। আর এ অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে সে অর্থনৈতিক সাম্যের আওতায় চলে আসে।

পরিশেষে বলা যায়, অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত ‘L’ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য সাহসী ও যথার্থ পদক্ষেপ গ্রহণ করে। তাই তার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।