ঢাকা কলেজ ২০২৪

এইচএসসি · পৌরনীতি ১ম পত্র

ঢাকা কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রাসেল ও পাভেল দুজন যমজ ভাই। একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তারা এমন একটি বিষয়কে ঐচ্ছিক হিসেবে বেছে নিয়েছে যেটি অধ্যয়ন করে তারা সুনাগরিকতার জ্ঞান অর্জন করতে পারবে। অনুরূপ সে বিষয়ে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।
১. Civis শব্দের অর্থ কী?
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
'Civis' শব্দের অর্থ নাগরিক।
(খ)
নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় । নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন— নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
(গ)

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন । পৌরনীতি পাঠের মাধ্যমে অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। অধিকার কী, একের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং একের প্রতি অন্যের কর্তব্য কী ও কীভাবে তা পালন করতে হয় এ শিক্ষা পৌরনীতি পাঠের মাধ্যমে জানা যায়। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকগণ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক রাষ্ট্রের সম্পদস্বরূপ। পৌরনীতি পাঠের মাধ্যমেই নাগরিকগণ এরূপ গুণসম্পন্ন হয়ে উঠতে পারেন। পৌরনীতি পাঠের মাধ্যমে পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। এ সকল বিষয়ে জ্ঞান লাভ করে মানুষ সচেতন হয় এবং এসব প্রতিষ্ঠানে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করে।

তাছাড়া পৌরনীতি পাঠের মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে; স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালনের পদ্ধতি সম্পর্কে জানতে পারে। অর্থাৎ উন্নত নাগরিক জীবন লাভ করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত আবশ্যক।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন নানাভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন । সুশাসন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের পরিবেশ সৃষ্টি হয়। সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আকাঙ্ক্ষাকে প্রকাশ ও অধিকার ভোগ করতে পারে এবং চাহিদাগুলো মেটাতে পারে। অর্থাৎ রাষ্ট্র ও নাগরিকের উন্নয়নের জন্য পরিচালিত ব্যবস্থাই হচ্ছে সুশাসন । সুশাসনের বৈশিষ্ট্যগুলো হলো জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, দক্ষতা প্রভৃতি। আর সুশাসনের এ বৈশিষ্ট্যগুলো কার্যকর করার জন্য পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা আবশ্যক। কেননা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকের মধ্যে অধিকার ও কর্তব্যের প্রতি সচেতনতা বাড়ে, গণতান্ত্রিক চেতনা জাগ্ৰত হয়, দেশপ্রেম বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সুযোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। এ বিষয়গুলো চর্চার মধ্য দিয়েই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় । পৌরনীতি ও সুশাসনের জ্ঞান সুনাগরিকতার গুণাবলি অর্জনে সহায়তা করে । অধিকার কী, একজনের অধিকার কীভাবে অন্যের কর্তব্য হয় এবং কীভাবে তা পালন করতে হয়, তার পরিপূর্ণ শিক্ষা পৌরনীতি ও সুশাসন থেকে জানা যায়। আর সেই শিক্ষায় শিক্ষিত নাগরিকদের পক্ষেই কেবল সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব।

পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসন নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আর সুশাসন নাগরিক জীবনের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করে। তাই পৌরনীতি ও সুশাসনের জ্ঞান ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

চঞ্চল যুব সংঘ-এর পক্ষ থেকে খ্রিষ্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো হয়। স্থানীয় ইউপি সদস্য রাহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের দিক বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রত্যুত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে।
২. স্বাধীনতা কাকে বলে?
তুমি কেন আইন মেনে চলবে?
‘চঞ্চল যুব সংঘের' গান বাজানোয় মূল্যবোধের কোন উপাদানের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের চঞ্চল যুব সংঘের স্বাধীনতাই কি প্রকৃত স্বাধীনতা ? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
অপরের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে স্বাধীনতা বলে।
(খ)

সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুন্দর, সুসংহত ও শৃঙ্খলাপূর্ণ করার জন্য আমি আইন মান্য করব।

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে হলে মানুষকে সমাজের রীতিনীতি ও নিয়মের প্রতি অনুগত থাকতে হয়। এই আনুগত্যই সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করে। আইন মানুষের অধিকার নিশ্চিত করে এবং সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনের নিশ্চয়তা দেয় বলে আমি আইন মান্য করব।

(গ)

‘চঞ্চল যুব সংঘের’ উচ্চস্বরে গান বাজানোতে মূল্যবোধের নীতি ও নৈতিকতা উপাদানের লঙ্ঘন ঘটেছে।

নীতি ও নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এটি মূল্যবোধের অন্যতম একটি উপাদান। এর মাধ্যমে ব্যক্তি ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের ভালো বা মঙ্গলের চেষ্টা করে। কোনো ব্যক্তির ক্ষতি না করা, কারও মনে কষ্ট না দেওয়া, অহেতুক বিরক্ত না করা, কটুক্তি না করা ইত্যাদি হলো নীতি ও নৈতিকতা 1 একজন ব্যক্তির কী করা উচিত, কী করা উচিত নয়, এর পরিমাপক হলো নীতি ও নৈতিকতা।

উদ্দীপকে দেখা যায়, ‘চঞ্চল যুব সংঘের' পক্ষ থেকে ৩১ ডিসেম্বর খ্রিষ্টীয় নববর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষ্যে গভীর রাত পর্যন্ত তারা উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজায়। গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো মানুষকে অহেতুক বিরক্ত করারই নামান্তর। এছাড়া এর ফলে অসুস্থ রোগীদের ক্ষতির সম্ভাবনাও থাকে। যেহেতু কাউকে অহেতুক বিরক্ত না করা এবং কারও ক্ষতি না করা নীতি ও নৈতিকতার অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, ‘চঞ্চল যুব সংঘের' উচ্চস্বরে গান বাজানোতে মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও নৈতিকতা লঙ্ঘিত হয়েছে।

(ঘ)

উদ্দীপকে 'চঞ্চল যুব সংঘের' স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা বলা যায় না।

স্বাধীনতা ব্যক্তিকে মুক্তভাবে যা খুশি তা করার অধিকার প্রদান করে না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করে, যা স্বাধীনতা বিরোধী। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তথা অন্যের সমস্যা সৃষ্টি না করে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার অধিকার । উদ্দীপকে উল্লেখিত ‘চঞ্চল যুব সংঘের পক্ষ থেকে খ্রিস্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজায়। স্থানীয় ইউপি সদস্য রহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের কথা বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রতি উত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে। কিন্তু 'চঞ্চল যুব সংঘের' এরূপ কর্মকাণ্ড প্রকৃতপক্ষে স্বাধীনতা নয়, বরং এটি তাদের স্বেচ্ছাচারিতা। একটি সংঘের সদস্য হিসেবে অবশ্যই তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার অজুহাতে তারা প্রতিবেশীদের ঘুম নষ্ট করে তাদের কষ্ট দিতে বা বিরক্ত করতে পারেন না। তাই ‘চঞ্চল যুব সংঘের সদস্যদের মূল্যবোধ ও আইন মানা আবশ্যক। স্বাধীনতা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার। এতে করে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আইনের নিয়ন্ত্রণ থাকায় রোধ হবে। অর্থাৎ আইন স্বেচ্ছাচারিতা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকস্বরূপ।

উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, 'চঞ্চল যুব সংঘের' সদস্যরা স্বাধীন, তবে আইনের ঊর্ধ্বে নয়। স্বেচ্ছাচারিতা কখনো স্বাধীনতা নয় । তাই মূল্যবোধ ও আইন মেনেই 'চঞ্চল যুব সংঘের সদস্যদের খ্রিষ্টীয় নববর্ষ পালন করতে হবে। কিন্তু তারা যে স্বাধীনতার দাবি করে তা মূলত স্বেচ্ছাচার ।

জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাচন অফিসার বলেন, “রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।
৩. সাম্য বলতে কী বোঝায়?
“জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান”— উক্তিটি ব্যাখ্যা করো।
জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোট দানে বিরত রাখায় কোন ধরনের সাম্য লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।
(খ)

জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন ও সমান।

মানুষ জন্মগতভাবে এক ও অভিন্ন। সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিগতভাবে মানুষ কেউ কারো চেয়ে বড় বা ছোট নয় এবং একজন অন্যজনের কর্তৃত্বের অধীন নয়। স্বাধীনতা মানুষের জন্মগত ও প্রাকৃতিক অধিকার। আর তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নীতিগতভাবে প্রত্যেক মানুষকে স্বাধীন ও সমান স্বীকার করা হয়।

(গ)

জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়।

রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকাকেই রাজনৈতিক সাম্য বলে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই রাজনৈতিক অধিকার সমানভাবে ভোগ করে। রাজনৈতিক অধিকার বলতে প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার প্রভৃতিকে বোঝায় । রাজনৈতিক সাম্য ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে।

উদ্দীপকে দেখা যায়, জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। কিন্তু নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ভোটদানের অধিকার রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত । তাই বলা যায়, জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখায় রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে।

(ঘ)

'রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে'- উপজেলা নির্বাচন অফিসারের এ মন্তব্যটি যথার্থ।

রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার ভোগ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাম্যকে নির্দেশ করে। সাম্যের অর্থ হচ্ছে সুযোগ-সুবিধাদির সমতা। জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ- সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। অর্থাৎ সাম্য এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে সকল নাগরিক সমানভাবে সুযোগ-সুবিধা ব্যবহার করে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে।

সাম্যের একটি বিশেষ দিক হলো সবার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখা। এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ, অধিকার প্রভৃতি সমভাবে বণ্টিত হবে। সুযোগ-সুবিধা বা অধিকার বণ্টনের ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য সৃষ্টি করা হবে না। সাম্যের ধারণায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। উদ্দীপকে জনাব মঞ্জু তার স্ত্রীর রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে বাধা প্রদান করেছেন যা সাম্যের ধারণার বিপরীত এবং নাগরিক অধিকারের পরিপন্থি।

উপরের আলোচনা থেকে স্পষ্ট হয়, অধিকার ভোগের ক্ষেত্রে সকল নাগরিক সমান। এখানে একজন অন্যজনের অধিকার ভোগের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। তাই বলা যায়, উদ্দীপকে উপজেলা নির্বাচন অফিসারের মন্তব্যটি যথার্থ।

'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত, রাষ্ট্র পরিচালনায় তিনি সর্বেসর্বা, তাঁকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার ইচ্ছা অনুযায়ী যেকোনো মন্ত্রীকে অপসারণ করতে পারেন ।
৪. গণতন্ত্রের সংজ্ঞা দাও।
মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বোঝায়?
'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকার ব্যবস্থাকে তুমি কি সর্বোত্তম মনে কর?
সমাধান ও উত্তর
(ক)
যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যাস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে।
(খ)

যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে।

মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন । সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান।

(গ)

উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে ওই সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে।

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। 'ক' রাষ্ট্রে শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। আর এসব বৈশিষ্ট্য রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থার সাথে আমার পঠিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিল রয়েছে।

(ঘ)

'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকার ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে নয়, বরং আমি সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাকে সর্বোত্তম বলে মনে করি।

রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সরকার ও রাষ্ট্রপ্রধান। আর সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। এখানে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদীয় সরকার ব্যবস্থা বেশি দায়িত্বশীল। সংসদীয় সরকারে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা মন্ত্রীসভা গঠন করেন বলে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের আশঙ্কা খুবই কম। অন্যদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিরা আইনসভার সদস্য না হওয়ায় আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের যথেষ্ট আশঙ্কা থাকে। মন্ত্রিপরিষদ শাসিত ( সরকার ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয় বলে রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় উৎকৃষ্ট আইন ও উন্নত ধরনের শাসন সম্ভব হয়। আবার সংসদীয় সরকারের মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে বলে মন্ত্রীরা স্বেচ্ছাচারি হতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থাকে বলে মন্ত্রীদের স্বেচ্ছাচারি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও সংসদীয় সরকার সাধারণত রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় অধিক গণমুখী হতে পারে। কেননা সংসদীয় সরকার হলো জনমতভিত্তিক শাসনব্যবস্থা। গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা সবচেয়ে বেশি উপযোগী। কেননা গণতান্ত্রিক শাসনব্যবস্থার জনমতের প্রাধান্য, বহুদলীয় ব্যবস্থা, প্রতিনিধিত্বমূলক সরকার, নির্বাচন, নমনীয়তা প্রভৃতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি সংসদীয় সরকার ব্যবস্থায় বিদ্যমান।

আলোচনা শেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাসমূহের মধ্যে সর্বোত্তম শাসনব্যবস্থা হলো মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা। কেননা এ সরকার জনসাধারণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং জনমত দ্বারা নিয়ন্ত্রিত হয়।

ঢাকা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।