নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
উদ্দীপকে ডা. ফারজানা পৌরনীতি ও সুশাসন বই পড়েছেন, যার পরিধি ব্যাপক ও বিস্তৃত।
উদ্দীপকে দেখা যায়, চিকিৎসক ফারজানা নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটি বই পড়ে নাগরিকতা বিষয়ক অনেক তথ্য জানতে পারেন। সেই সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান সম্পর্কেও জানতে পারেন। এ থেকে বোঝা যায়, ডা. ফারজানা পৌরনীতি ও সুশাসন বইটি পড়েছেন। কেননা বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান এবং নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।
পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে । পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।
সুনাগরিকতার শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য বাংলাদেশের জনগণের পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠ করা গুরুত্বপূর্ণ।
পৌরনীতি ও সুশাসন পাঠ নাগরিকদের আত্মসংযম, বিবেক, বুদ্ধিমত্তা ইত্যাদি গুণাবলি শিক্ষা দেয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। সামাজিক পরিবেশের সাথে নাগরিক জীবনকে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে অর্জন করা যায়। তাই উন্নত সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য বাংলাদেশের জনগণের পৌরনীতি ও সুশাসনের শিক্ষা অত্যাবশ্যক।
পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকরা তাদের অধিকার এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। সেই সাথে নাগরিক জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা লাভ করতে পারে। এ বিষয়টি সুনাগরিক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বশান্তিও নিশ্চিত করার শিক্ষা দিয়ে থাকে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকরা গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে শিক্ষা লাভ করে। এছাড়া পৌরনীতি ও সুশাসন বিষয়ের পাঠ জাতিকে সুযোগ্য নেতৃত্ব গঠনে সহায়তা করে ।
তাই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পৌরনীতি ও সুশাসন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।