হলিক্রস কলেজ ২০২৪

এইচএসসি · পৌরনীতি ১ম পত্র

হলিক্রস কলেজ ২০২৪

১০টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

পার্থ এ বছর কলেজে ভর্তি হবে। সে একজন ভালো মানুষ ও সুনাগরিক হতে চায়। ভালো মানুষ হয়ে পরোপকার করবে এবং সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। তাই সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পঠিত বিষয় হিসেবে নিবে। বিষয়টি পড়ে পার্থ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে এবং পালন করবে।
১. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী এবং এর উদ্ভব ঘটেছে কোন ভাষা থেকে?
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
উদ্দীপকে উল্লিখিত বিষয় পৌরনীতি ও সুশাসনের পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করো।
উদ্দীপকের পার্থ পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠ করলে ভালো মানুষ ও সুনাগরিক হয়ে উঠবে— উক্তিটি বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ ‘Civics' এবং এর উদ্ভব ঘটেছে ল্যাটিন ভাষা থেকে।
(খ)
নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় । নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন— নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয় । নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। তাই পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় ।
(গ)

উদ্দীপকে পৌরনীতি ও সুশাসনের কথা বলা হয়েছে যার পরিধি ব্যাপক ও বিস্তৃত ।
উদ্দীপকে বলা হয়েছে, পার্থ এ বছর কলেজে ভর্তি হবে। সে একজন ভালো মানুষ ও সুনাগরিক হতে চায়। ভালো মানুষ হয়ে পরোপকার করবে এবং দেশের সেবা করবে। তাই সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পঠিত বিষয় হিসেবে নিবে । এ বিষয়টির পরিধি ব্যাপক ও বিস্তৃত ।

পৌরনীতি ও সুশাসনের পরিধির ক্ষেত্রে দেখা যায়, এটি নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান যেমন- পরিবার ও রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, কার্যাবলি প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এটি নাগরিকের অতীত, বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়েও আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক, সাংবিধানিক অগ্রগতি ও বিকাশ সম্পর্কেও আলোচনা করে । পাশাপাশি রাজনৈতিক দল, গণতন্ত্র, সরকার, নির্বাচন, জনমত প্রভৃতি বিষয়গুলোও পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়। এছাড়া আন্তর্জাতিক নাগরিকতা, বিশ্বগ্রাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ইত্যাদি বিষয়ও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।

(ঘ)
উদ্দীপকে পার্থ পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠ করলে “ভালো মানুষ ও সুনাগরিক হয়ে উঠবে”— উক্তিটি শিক্ষা ও অনুশীলনের গুরুত্বের দিক থেকে যথার্থ।
পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। একজন নাগরিকের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন ও অনুশীলনের গুরুত্ব অপরিসীম। পৌরনীতি ও সুশাসন নাগরিক জীবনের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান ও বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সুনাগরিকতা নিয়েও আলোচনা করে। রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক নয়। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম— এই তিনটি গুণসম্পন্ন ব্যক্তিকে সুনাগরিক বলে আখ্যায়িত করা হয়। আর সমাজে সাধারণত বিবেকবান ও আত্মসংযমী মানুষই ভালো মানুষ বলে সমাদৃত । বৃহত্তর অর্থে সুনাগরিকগণই সমাজের ভালো মানুষ।
পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিককে তার জীবনের সাথে জড়িত নানা বিষয়ে জ্ঞান দান করে। এটি নাগরিকদেরকে পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল প্রভৃতি প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ, গঠন কাঠামো, কার্যাবলি ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকদের মধ্যকার গোঁড়ামি, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা প্রভৃতি দূর করতে সহায়তা করে। যার ফলে নাগরিকদের বুদ্ধির বিকাশ ঘটে এবং দৃষ্টিভঙ্গি উদার হয়। পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকরা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে পারে এবং সৎ পথে চলতে উদ্বুদ্ধ হয়। তারা লোভ-লালসার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের পাঠ নাগরিকদের বিবেকবান আত্মসংযমী তথা ভালো মানুষ হতে সাহায্য করে। আর বুদ্ধি, বিবেক ও আত্মসংযম সুনাগরিকের অপরিহার্য গুণাবলি ।
উপরের আলোচনা শেষে বলা যায়, একজন ভালো মানুষ ও সুনাগরিক হয়ে উঠার জন্য পৌরনীতি ও সুশাসনের পাঠ অতীব জরুরি।
সুমন সুইজারল্যান্ড বেড়াতে যায়। সেই দেশের নিয়ম, শৃঙ্খলা এবং নাগরিকদের কর্তব্যবোধ দেখে সে মুগ্ধ। সুমন বলল, বাহ্! এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান।
২. অধিকার কাকে বলে?
আইনের অনুশাসন বলতে কী বোঝায়?
মৌলিক অধিকার ও মানবাধিকার-এর মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপকের সুমনের উক্তি, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান” উক্তিটি বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কতগুলো সুযোগ- সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য।
(খ)
আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্যকে বোঝায় ।
আইনের দৃষ্টিতে সকলে সমান। দেশের রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ জনগণ সকলেই আইন মেনে চলতে বাধ্য। অর্থাৎ আইনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না এবং বিনা অপরাধে কাউকে কারাগারে আটক রাখা যাবে না। সমাজে যখন সাম্য ও মৌলিক মানবাধিকার নিশ্চিত হয় এবং সকল নাগরিক রাষ্ট্রের কাছ থেকে সমদৃষ্টি লাভ করে, তখন আইনের অনুশাসন নিশ্চিত হয়।
(গ)
মৌলিক অধিকার ও মানবাধিকার এর মধ্যে বেশকিছু পার্থক্য লক্ষণীয়।
মানবাধিকার বলতে বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে সেগুলোকে বোঝায়। আর মৌলিক অধিকার বলতে সেই সকল অধিকারকে বোঝায় যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য। মানবাধিকারের উৎস হলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। অপরদিকে; মৌলিক অধিকারের উৎস হলো সার্বভৌম রাষ্ট্রের সংবিধান। মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ । আর মৌলিক অধিকারের রক্ষক রাষ্ট্র এবং সংবিধান
মৌলিক অধিকারের পরিধি নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ। মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ব্যাপক ও বিস্তৃত। জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্র একই ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তা রক্ষা করতে বাধ্য। আর এক রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকার অন্য রাষ্ট্র অপেক্ষা ভিন্নতর হতে পারে। মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। আর মৌলিক অধিকার রাষ্ট্রীয় বা স্থানীয় অধিকার। মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনাবোধ থেকে। কিন্তু মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে। মানবাধিকার কার্যকর করা সহজ নয়। পক্ষান্তরে মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায় ।
পরিশেষে বলা যায় যে, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য লক্ষ করা গেলেও উভয়েরই উদ্দেশ্য ব্যক্তির কল্যাণ সাধন ।
(ঘ)
উদ্দীপকে সুমনের উক্তি, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান ” দ্বার অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে।
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আর অধিকার ভোগে বিনিময়ে নাগরিককে রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব পালন করতে হয় তাবে বলা হয় কর্তব্য। অধিকার ও কর্তব্য শব্দ দুটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখ মনে হলেও তাদের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অধিকার ভোগ করবে
কর্তব্য পালন করতে হয়। উদ্দীপকে বলা হয়েছে, সুমন সুইজারল্যান্ডের নিয়ম, শৃঙ্খলা এবং নাগরিকদের কর্তব্যবোধ দেখে মুগ্ধ হয়ে বলে, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান।” যা দ্বারা অধিকার ও কর্তব্যের ঘনিষ্ঠতাকেই বোঝায় । তাই বলা হয়, অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত ।
অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। এ কারণে অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক।
উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ । তাই তাদের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়।

কেন্দ্রের '?' চিহ্নিত বৃত্ত থেকে চারপাশের পাঁচটি বিষয়ের দিকে তীর নির্দেশ করা হয়েছে।

চিত্রে অবস্থান বিষয়
ওপরে প্রথা
বামে ন্যায়বোধ
ডানে বিচারকের রায়
নিচের বাম আইনসভা
নিচের ডান বিজ্ঞানসম্মত আলোচনা
৩. উপরের ছকে ? (প্রশ্নবোধক স্থানে) কী হবে?
আইন বলতে কী বোঝায়?
মানুষ আইন মেনে চলে কেন?
“গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাভিত্তিক আইন”— উক্তিটি বিশ্লেষণ করো৷
সমাধান ও উত্তর
(ক)
উপরের ছকে ‘?' (প্রশ্নবোধক স্থানে) হবে 'আইন'।
(খ)

আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জনঅত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যাণের জন্য অপরিহার্য।

সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রও একটি প্রতিষ্ঠান । সুনির্দিষ্ট নিয়ম বা আইন ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। সমাজজীবনে শান্তি- শৃঙ্খলা বজায় রাখা এবং সুস্থ রাষ্ট্রীয় জীবনযাপনের জন্য মানুষকে আইন মেনে চলতে হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য । যা অমান্য করলে শাস্তি পেতে হয়।

(গ)

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মেনে চলে।

মানুষ কেন আইন মেনে চলে'— এ প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। হব্‌স, বেত্থাম, অস্টিন বলেন, “মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে।” রুশো, গ্রিন বলেন, “কতগুলো সুস্পষ্ট যুক্তির কারণেই মানুষ আইন মেনে চলে। আইন ব্যক্তিস্বাধীনতাকে রক্ষা করে এবং পিছনে জনসমর্থন আছে বলেই মানুষ আইন মেনে চলতে আগ্রহী হয়।” মার্কসবাদীদের মতে, “উৎপাদন ব্যবস্থায় যে শ্রেণি প্রভুত্ব করে, সে শ্রেণিই বলপ্রয়োগের মাধ্যমে জনগণকে আইন মানতে বাধ্য করে।” উপর্যুক্ত এসব মতবাদ একপেশে। এসব মতবাদের সমন্বয় সাধন করে মেইন বলেন, “শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি থেকেই মানুষ আইন মেনে চলে । লর্ড ব্রাইস মনে করেন যে, নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তি এবং যৌক্তিকতার উপলব্ধি'— এই পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে । মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করা, স্বাধীনতাকে নিশ্চিত করা এবং সুন্দর সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে। সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। এজন্য এরিস্টটল বলেছেন, “মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে, তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয় । তাই মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

(ঘ)

“গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাভিত্তিক আইন”— উক্তিটি যথার্থ । সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতিকে প্রথা বলা হয়। প্রথা সাধারণত আইনের প্রাচীনতম উৎস। কোনো একসময়ে কোনো এক ব্যক্তি হয়তো বিশেষ একটি রীতি সমাজে প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে যখন সমাজের অনেকেই সেই রীতি অনুসরণ করতে থাকে তখনই তাকে প্রথা বলে। রাষ্ট্র সৃষ্টির পরে সমাজের মানুষ প্রথা মেনে চলতো । প্রাচীনকালে পরিবারের সাথে পরিবারের, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর বিরোধ দেখা দিলে পরিবার প্রধান বা গোষ্ঠী প্রধানরা প্রথা অনুসারে সেসব বিরোধের নিষ্পত্তি করতেন। কালক্রমে সেসব আচার-আচরণ জনসমর্থন লাভ করলে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যদিয়ে সেগুলো আইনের মর্যাদা লাভ করে।

আধুনিককালে প্রতিটি রাষ্ট্রের আইনের মধ্যে প্রথাগত আইনের উপস্থিতি লক্ষ করা যায়। যেমন— গ্রেট ব্রিটেনের সাধারণ আইনও প্রথাভিত্তিক আইন। এসব আইন চিরাচরিত সামাজিক আচার-আচরণের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারে না। এমনকি, রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন প্রদান করে।

উপরের আলোচনা শেষে বলা যায়, গ্রেট ব্রিটেনের সাধারণ আইন প্রথাভিত্তিক আইন।

ম. মাহবুব একজন নীতিবান লোক। তিনি তার পরিবারের সদস্যদের সৎভাবে জীবন-যাপন করতে অনুপ্রাণিত করেন। তিনি রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলেন। রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন।
৪. “আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ”- উক্তিটি বিশ্লেষণ করো।
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
উদ্দীপকের মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকারও ভোগ করেন” – উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকের মি. মাহবুবের জীবন থেকে তুমি কী অনুপ্রেরণা পাও?
সমাধান ও উত্তর
(ক)
জন অস্টিনের এই বক্তব্যে আইনকে সার্বভৌম কর্তৃপক্ষের বাধ্যতামূলক আদেশ হিসেবে বোঝানো হয়েছে, যা রাষ্ট্রীয় কর্তৃত্বে কার্যকর হয়।
(খ)

য়ে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার- ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে ।

মার্কিন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ স্টুয়ার্ট সি. ডড (Stuart Carter Dodd) এর মতে, 'সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের কাছ থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির কাছ থেকে লাভ করে।' সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের ভিত্তি বা মানদণ্ড। সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহমর্মিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, দানশীলতা, আতিথেয়তা, জনসেবা, আত্মত্যাগ প্রভৃতি মানবিক গুণাবলির সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতেই মানুষের আচরণ ও কাজের ভালো-মন্দ বিচার করা হয়।

(গ)

উদ্দীপকে মি. মাহবুব “রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের বিনিময়ে অধিকারও ভোগ করেন।”— উক্তিটি যথার্থ

অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। অধিকার ও কর্তব্য শব্দটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখী মনে হলেও এদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ। নাগরিক তার কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের সুযোগ পায়। উদ্দীপকে বলা হয়েছে, মি. মাহবুব রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি। রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন। অর্থাৎ মি. মাহবুৰ কৰ্তব্য পালনের বিনিময়ে অধিকার ভোগ করেন। যা অধিকার ও কর্তব্যের ঘনিষ্ঠতাকেই বোঝায়।

অধিকারও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়, তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। অপরদিকে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক।

(ঘ)

উদ্দীপকে মি. মাহবুবের জীবন থেকে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে নিজের অধিকার আদায়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাই।

অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়।

নাগরিকের অধিকার আদায়ের জন্য তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন আদর্শ নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কতর্ব্য পালনের মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা তথা অধিকার ভোগ করে। একজন নাগরিককে যে সকল কর্তব্য পালন করতে হয় তার মধ্যে অন্যতম রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শ করা । প্রয়োজনে সে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। একজন নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। কারণ আইন মান্য করার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার নাগরিকদের ওপর বিভিন্ন কর ধার্য করে এই বিরাট অর্থ সংগ্রহ করে। এজন্য নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হয়। রাষ্ট্রের উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। তাই নাগরিকের উচিত সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা। এছাড়াও নাগরিককে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আরো অনেক দায়িত্ব-কর্তব্য পালন করতে হয়।

উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কর্তব্যসমূহ পালনের মধ্য দিয়েই একজন ব্যক্তি নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজের অধিকার আদায়ে সক্ষম হয়।

হলিক্রস কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।