ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৫

এইচএসসি · পৌরনীতি ২য় পত্র

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য ১৯৩০, ১৯৩১ ও ১৯৩২ সালে তিনটি গোলটেবিল বৈঠক হয়। যার ফলাফলের ভিত্তিতে ১৯৩৩ সালে একটি শ্বেতপত্র প্রকাশিত হয়। এই শ্বেতপত্রের পরবর্তীতে ভারত শাসন সংস্কার আইন রচিত হয়।
১. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত আইনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা কর।
উক্ত আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন কতটুকু কার্যকর হয়েছিল? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।
(খ)
হাজী শরীয়তউল্লাহর নেতৃত্বে বাংলার মুসলমানসমাজে ধর্মীয় কর্তব্য বা ফরজ পালন এবং কুসংস্কার ও অনাচার দূর করার লক্ষ্যে পরিচালিত সংস্কার আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলে। পরে এ আন্দোলন কৃষকের অধিকার রক্ষার সংগ্রামের সঙ্গেও যুক্ত হয়।
(গ)

উদ্দীপকের আইনটির সাথে আমার পঠিত ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মিল রয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে, ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৩০, ১৯৩১ ও ১৯৩২ সালে তিনটি গোলটেবিল বৈঠক হয়। যার ফলাফলের প্রেক্ষিতে ১৯৩৪ সালে একটি শ্বেতপত্র প্রকাশিত হয়। এর ভিত্তিতে ভারত শাসন সংস্কার আইন রচিত হয়। এরূপ বর্ণনা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনকে ব্রিটিশ ভারতের, শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। এ আইনের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো-

• সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম ব্রিটিশ ভারতীয় প্রদেশসমূহ এবং দেশীয় রাজ্যের সমন্বয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়।

• ১৯৩৫ সালের এ আইনে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তনের বিধান রাখা হয়। কেন্দ্রীয় সরকারের বিষয়গুলো সংরক্ষিত ও হস্তান্তরিত এ দুই ভাগে বিভক্ত। হস্তান্তরিত বিষয়গুলো দায়িত্বশীল মন্ত্রীদের দ্বারা এবং সংরক্ষিত বিষয়গুলো গভর্নর জেনারেলের দ্বারা পরিচালিত হতো।

• যুক্তরাষ্ট্রীয় আদালত-এ আইন দ্বারা সর্বপ্রথম একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়। এ আদালত সংবিধানের ব্যাখ্যাদান, কেন্দ্র ও প্রদেশের মধ্যকার বিবাদ মীমাংসা করতে পারত।

• প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ বিষয়। কৃষি, শিক্ষা, স্থানীয় শাসন প্রভৃতির ওপর প্রাদেশিক সরকারের কর্তৃত্ব স্বীকার করা হলেও বাস্তবে কেন্দ্রের হস্তক্ষেপে স্বায়ত্তশাসন ব্যাহত হয়।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ব্রিটিশ ভারতের ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়েছে।

এখানে বিধান ও বাস্তব প্রয়োগ পৃথক: সর্বভারতীয় যুক্তরাষ্ট্র এবং কেন্দ্রীয় দ্বৈতশাসনের পরিকল্পনা কার্যকর হয়নি; প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৩৭ সাল থেকে সীমাবদ্ধভাবে কার্যকর হয়।

(ঘ)

উক্ত ভারত শাসন আইন অর্থাৎ ১৯৩৫ সালের ভারত শাসন আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন।

প্রাদেশিক স্বায়ত্তশাসন এর অর্থ প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠা এবং প্রদেশের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত থেকে প্রদেশের তালিকাভুক্ত বিষয়গুলোর ওপর প্রাদেশিক সরকারের স্বাধীন নিয়ন্ত্রণ ক্ষমতা কে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক শাসনের ওপর কোনোরূপ হস্তক্ষেপ করবে না। প্রাদেশিক মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা হলেও বাস্তবে তার কার্যকারিতা লক্ষ্য করা যায়নি। কারণ ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন শুধু তত্ত্বগতই ছিল, বাস্তবে নয়। এ আইনের অধীনে গভর্নর
জেনারেল ছিলেন প্রভূত ক্ষমতার অধিকারী এবং মহাপরাক্রমশালী শাসক প্রধান। মূলত ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল অকার্যকর ও অর্থহীন।

পরিশেষে বলা যায়, কংগ্রেস ও মুসলিম লীগের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্বেও গভর্নর জেনারেল, গভর্নর এবং ভারত সচিবের অযাচিত হস্তক্ষেপ এর ফলে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা ব্যর্থতায় পর্যবসিত হয়।

এই মূল্যায়নকে সীমাবদ্ধতার সমালোচনা হিসেবে নিতে হবে।১৯৩৭ সালে প্রাদেশিক মন্ত্রিসভাগুলো বাস্তবে কাজ শুরু করেছিল; তাই স্বায়ত্তশাসন একেবারেই কার্যকর হয়নি বলা ঐতিহাসিকভাবে নির্ভুল নয়।

বিশাল আয়তনের জেলা 'ক' গত বছর বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির পর আয়তনে বড় হওয়ার বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দুই ভাগে ভাগ করেন। জেলার সাধারণ জনগণ ও বিভক্তিকে স্বাগত জানালেও অন্যপক্ষ এর বিরোধিতা করে। কিন্তু সরকার জনস্বার্থে জেলার বিভক্তিকরণ বহাল রাখে।
২. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
ভাগ কর ও শাসন কর নীতি বলতে কী বোঝায়?
উদ্দীপকে উত্থিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়, তার কারণগুলো ব‍্যাখ্যা কর।
উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাজনক"- উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে গঠিত হয়।
(খ)
ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই 'ভাগ কর শান কর' নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সাম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।
(গ)

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল পাওয়া যায়।

বঙ্গভঙ্গের পেছনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ বিদ্যমান ছিল। ১৯০৫ সালের আগে ব্রিটিশ ভারতে অবিভক্ত বঙ্গই ছিল সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন ছিল প্রায় ১ লক্ষ ৮৯ হাজার বর্গমাইল। এ বিশাল ভূখণ্ডের প্রদেশটিকে কেন্দ্র থেকে একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তাই প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হয়। শুধু প্রশাসনিক কারণই নয়, ১৯০৫ সালে বাংলাকে বিভক্ত করার পেছনে রাজনৈতিক কারণও ক্রিয়াশীল ছিল। ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে। এ নীতির বাস্তবায়নের জন্য তারা হিন্দু-মুসলিম বিভাজনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বঙ্গভঙ্গের মতো গুরুত্বপূর্ণ কৌশল ও রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে।

উনিশ শতকের শেষ দিকে ভারতীয়রা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় ১৮৮৫ সালে গড়ে তোলে ভারতীয় জাতীয় কংগ্রেস। বাংলা প্রদেশ বিশেষ করে কলকাতা ছিল কংগ্রেসের অন্যতম সূতিকাগার। ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ এবং বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে ব্রিটিশ সরকার রাজনৈতিক কৌশল হিসেবে বঙ্গভঙ্গ নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে। সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। হিন্দু জমিদারদের শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়।

(ঘ)

"উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় অর্থাৎ বঙ্গভঙ্গ রদে শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক"- উক্তিটি যথার্থ।

সামাজিকভাবে পূর্ববঙ্গের অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান, যাদের মূল পেশা ছিল কৃষি। অথচ এ অঞ্চলের অধিকাংশ জমিদার ও মহাজন ছিল হিন্দু সম্প্রদায়ের। এদের অত্যাচার, নির্যাতন ও শোষণে মুসলমান সম্প্রদায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। শোষণ-নির্যাতন ও অত্যাচারে মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সে কারণেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দিলে মুসলমানরা স্বাগত জানায়। মুসলমানগণ নতুন চেতনা ও স্বাতন্ত্র্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে।

বঙ্গভঙ্গের প্রতি হিন্দু সম্প্রদায়ের অবস্থান ছিল নেতিবাচক। উচ্চবর্ণের হিন্দু এবং গোঁড়া হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি, বরং চরমভাবে এর বিরোধিতা শুরু করে। ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের প্রশ্নে হিন্দুদের বিরোধিতা নীতিকে সমর্থন করে। এতে উগ্র হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়। এ আন্দোলনের মুখে সরকার ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা শুনে মুসলিম অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় হতাশ হয়ে পড়ে। বঙ্গভঙ্গ রদ হওয়ায় হিন্দুদের স্বার্থে মুসলিম জনগণের প্রতি ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা নগ্নরূপে ফুটে ওঠে। এর ফলে ব্রিটিশ সরকারের ওপর মুসলমানদের আস্থা বিনষ্ট হয়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে সচেতন নাগরিকদের বিরোধিতা উপেক্ষা করেছে। কিন্তু ব্রিটিশ সরকার পূর্ববঙ্গে জনগণের কথা চিন্তা না করে পশ্চিম বঙ্গের ব্যবসায়ী ও জমিদারদের স্বার্থ রক্ষায় বঙ্গভঙ্গ রদ করে।

বিদেশি শাসনাধীন একটি রাষ্ট্রে দুটি প্রধান সম্প্রদায় বাস করে। দুই সম্প্রদায়ই দেশটি স্বাধীন করতে তীব্র আন্দোলনে লিপ্ত। প্রায়শই সম্প্রদায় দুটি বিরোধে মেতে থাকে। শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েও ঔপনিবেশিক সরকার ব্যর্থ হয়। দেশটি বিভক্ত করাই সমাধান ভেবে সরকার পার্লামেন্টে একটি আইন পাস করে। আইনটিতে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিদেশি শাসনের অবসান ঘটানো হয়।
৩. ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে আসে?
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের পার্লামেন্টে পাসকৃত আইনের সাথে ভারতবর্ষের কোন আইনের মিল আছে? ব্যাখ্যা কর।
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত আইনের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ক্রিপস মিশন ১৯৪২ সালে ভারতবর্ষে আসে।
(খ)
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রুতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্ব শাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে।
(গ)

উদ্দীপকের উল্লিখিত রাষ্ট্রের পার্লামেন্টে পাশকৃত আইনের সাথে ভারতবর্ষের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মিল রয়েছে।

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এক বিস্তৃত ইতিহাস।ইতিহাসের এই অধ্যায়ে অগ্রগতির ধাপে ধাপে রচিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ আইন। তন্মধ্যে ভারতীয় কাউন্সিল আইন (১৮৬১ ও ১৮৯২) বঙ্গভঙ্গ আইন (১৯০৫) ও বঙ্গভঙ্গ রদ (১৯১১)-মর্লে-মিন্টো সংস্কার আইন (১৯০৯)-ভারত শাসন আইন ১৯১৯ ও ভারত শাসন আইন ১৯৩৫ গুরুত্বপূর্ণ। এসব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবর্ষে শাসন প্রতিষ্ঠা অব্যাহত, রাখার চেষ্টা করেছেন। এতদসত্ত্বেও ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন না থাকায় জনগণ পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেনি। কেননা, উপমহাদেশীয় রাজনীতিবিদ ও জনগণের দুর্বার প্রত্যাশা ছিল স্বাধীনতা অর্জন ও স্বশাসন কায়েম। আর এই আকাঙ্ক্ষার চূড়ান্ত বাস্তবায়ন ঘটেছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৯৪৬ সালে সাম্প্রদায়িক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ প্রণয়ন করে। উদ্দীপকে উল্লিখিত বিদেশি শাসনাধীন একটি রাষ্ট্রে দুটি প্রধান সম্প্রদায় বাস করে। দুই সম্প্রদায়ই দেশটি স্বাধীন করতে তীব্র আন্দোলন লিপ্ত। তাই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়ে শাসকগোষ্ঠী অবশেষে একটি আইন প্রণয়ন করে রাষ্ট্রটিকে দুটি ভাগে ভাগ করে। ফলে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। উক্ত ঘটনা নিঃসন্দেহেই তা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য ধারণ করে।

তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনটি হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।

(ঘ)
উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের যে ঘটনা বা আইনের সাদৃশ্য রয়েছে তা হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। নিচে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো-
১. এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতের ওপর থেকে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়।
২. এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডোমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্র গঠিত হবে।
৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গভর্নর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অব দি স্টেট।
৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
৬. এ আইনে বলা হয় সংশ্লিষ্ট মন্ত্রিসভার পরামর্শে গভর্নর নিয়োগ করবেন।
৭. এ আইনে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধিজনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়।
৮. ১৯৪৮ সালের ৩১ মার্চের মধ্যে এ আইনের বিভিন্ন ধারা কার্যকর করার কথা বলা হয়।
৯. এ আইনে ব্রিটিশ রাজা 'ভারত সম্রাট' উপাধি পরিত্যাগ করবেন।
১০. পূর্বে ভারতবর্ষের যেকোনো সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এ আইনে বলা হয় যে, ১৯৪৭ সালে ১৪ আগস্টের পর থেকে ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট। সংসদীয় গণতন্ত্রের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা প্রতিষ্ঠিত হয়নি। ভাষার দাবিতে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ১৮৮ টি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
৪. 'তমদ্দুন মজলিস' কে প্রতিষ্ঠা করেন?
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের পটভূমি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের আলোকে উক্ত দিবসের তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'তমদ্দুন মজলিস' প্রতিষ্ঠা করেন অধ্যাপক আবুল কাশেম।
(খ)
রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।
(গ)

উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।

১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।

উদ্দীপকে দেখা যায় একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে। স্পষ্টত, উদ্দীপাকে বর্ণিত ঘটনায় ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রতিরূপ অঙ্কিত হয়েছে, যা উভয়কে অবিভিন্ন ভাবে সাদৃশ্যপূর্ণ করেছে। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক আন্দোলনটি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

(ঘ)

উদ্দীপকে উল্লিাখিত বিষয় তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অপরিসীম।

প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, যা ভাষার অধিকার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে গিয়ে শহীদ হওয়া রফিক, সালাম, বরকত, জব্বার ও অনেক বীর সন্তানের আত্মত্যাগের স্মরণে এ দিবসের সূচনা। পরবর্তীতে, ১৯৯৯ সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শুধু ভাষার জন্য সংগ্রামেই সীমাবদ্ধ নয়; এটি সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত অধিকারের প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষার অধিকার ও বৈচিত্র্য রক্ষার প্রতীক। পৃথিবীর নানা জাতিসত্তার ভাষা টিকে থাকার লড়াই করছে, আর এই দিবস ভাষার সংরক্ষণ ও বিকাশে গুরুত্ব দেয়। মাতৃভাষা শিক্ষা মানুষের আত্মপরিচয়ের ভিত্তি গড়ে তোলে, জ্ঞানার্জনকে সহজ করে এবং জাতিগত সংহতি বৃদ্ধি করে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে, এই দিবস বৈশ্বিক বহুভাষিকতার গুরুত্ব তুলে ধরে। বিশ্বায়নের যুগে অনেক ভাষা বিলুপ্তির পথে, তাই মাতৃভাষার প্রতি সচেতনতা বৃদ্ধি করা জরুরি। প্রযুক্তি ও শিক্ষায় মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করা ভাষাগত বৈচিত্র্য রক্ষার অন্যতম উপায়।

সুতরাং, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল স্মরণ নয়, এটি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রতিশ্রুতি বহন করে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।