রাজশাহী কলেজ ২০২৫

এইচএসসি · পৌরনীতি ২য় পত্র

রাজশাহী কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মিস টুম্পা পৌরনীতি ও সুশাসনের শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে পাঠদান করানোর সময় বলেন যে, একজন ব্রিটিশ আমলার প্রচেষ্টায় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়। উক্ত রাজনৈতিক দলের কর্মসূচির ধারাবাহিকতায় ভারত স্বাধীনতা লাভ করেন। একজন ছাত্রের উত্তরে তিনি বলেন যে, ধর্মীয়, সাম্প্রদায়িকতার ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
১. ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল কে ছিলেন?
মুসলিম লীগের দুটি বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপকের আলোকে মিস টুম্পার রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপকের আলোকে মিস টুম্পার শেষের বক্তব্যটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
(খ)
মুসলিম লীগের দুটি বৈশিষ্ট্য হলো-
১. মুসলমানদের স্বার্থরক্ষা: মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসিত ভারতে মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা।
২. ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রতিষ্ঠার শুরুর দিকে মুসলিম লীগ ব্রিটিশ সরকারের প্রতি অনুগত ছিল এবং তাদের শাসন ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করত, যাতে মুসলমানদের অবস্থান শক্তিশালী করা যায়।
(গ)
উদ্দীপকের মিস টুম্পার আলোচিত রাজনৈতিক দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। কাে
উদ্দীপকের মিস টুম্পা শ্রেণীকক্ষে পাঠদান করানোর সময় বলেন যে, একজন ব্রিটিশ আমলার প্রচেষ্টায় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়। উক্ত রাজনৈতিক দলের কর্মসূচীর ধারাবাহিকতায় ভারত স্বাধীনতা লাভকরেন। তার এরূপ বর্ণনায় ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দলের কথা প্রকাশ পেয়েছে যেটি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ছিল জাতীয়তাবাদী চেতনা, যা ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। শুরুতে এটি সংস্কারবাদী নীতি গ্রহণ করলেও, ধীরে ধীরে পূর্ণ স্বাধীনতার দাবিতে আন্দোলন গড়ে তোলে। কংগ্রেস ছিল অসাম্প্রদায়িক, যেখানে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নিত। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটি অহিংস আন্দোলন (সত্যাগ্রহ) পরিচালনা করে। পাশাপাশি, কংগ্রেস গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সংহতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে, যা পরবর্তীতে ভারতের সাংবিধানিক কাঠামোর ভিত্তি তৈরি করে।
(ঘ)

উদ্দীপকের আলোকে মিস টুম্পার শেষের বক্তব্যটি দ্বারা দ্বিজাতি তত্ত্বের প্রকাশ ঘটেছে।যার মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো বিচারে ভারতবর্ষে হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি এবং এই দুই জাতির জন্য প্রয়োজন দুটি ভিন্ন রাষ্ট্র। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উদ্দীপকের মিস টুম্পা শ্রেণিকক্ষে এক ছাত্রের উত্তরে তিনি বলেন যে, ধর্মীয় সম্প্রদায়িকতার ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তার এরূপ বক্তব্যে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা ফুটে উঠেছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় ১৯৪৭ সালে। এই তত্ত্বের মূল ধারণা ছিল যে হিন্দু ও মুসলমান দুইটি পৃথক জাতি, যাদের ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক রীতিনীতি ভিন্ন। মুসলিম লীগ বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশ সরকারের কাছে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি উপস্থাপন করেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে এই দাবির আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়। ব্রিটিশ সরকার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের আপত্তি সত্ত্বেও, ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের ফলে উপমহাদেশ বিভক্ত হয় এবং ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, ভারত ও পাকিস্তান সৃষ্টিতে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভূমিকা অপরিসীম।

প্রথম মহাযুদ্ধের শেষে কানপাড়া এলাকার উপনিবেশিক শাসক একটি আইন পাশ করে। আইনে শাসন বিভাগীয় কার্যাবলি কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করা হয়। কিন্তু উক্ত আইনটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।
২. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে কত সালে?
বারাসাত বিদ্রোহ কী?
উদ্দীপকের আলোকে কানপাড়ায় পাশকৃত আইনের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উক্ত আইনটি কেন ব্যর্থ হয়? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে ১৬৯৮ সালে।
(খ)
ব্রিটিশ শাসনের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারীতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংঘটিত করেন। ১৮৩১ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দাংশ এবং নদিয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
(গ)

উদ্দীপকের কানপাড়ায় পাশকৃত আইনটি হলো ১৯১৯ সালের ভারত শাসন আইন।

১৯১৯ সালের ভারত শাসন আইন, যা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত, যা ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দেরকে শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং স্বায়ত্তশাসনের দিকে ধাপে ধাপে অগ্রসর হওয়া। আইনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন, যেখানে প্রাদেশিক সরকারের ক্ষমতা দুটি ভাগে বিভক্ত হয়েছিল; সংরক্ষিত ও হস্তান্তরিত। সংরক্ষিত বিভাগে গভর্নর তার নির্বাহী কাউন্সিলের মাধ্যমে শাসন করতেন, অন্যদিকে হস্তান্তরিত বিভাগে ভারতীয় মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয়েছিল, যারা বিধানসভার কাছে দায়বদ্ধ ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় আইনসভায় দ্বি-কক্ষবিশিষ্ট ব্যবস্থা চালু করা হয়, যার মধ্যে ছিল কাউন্সিল অব স্টেট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তবে এই আইনে নির্বাচনের ক্ষেত্রে সীমিত ভোটাধিকার দেওয়া হয়েছিল এবং ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ বহাল রাখা হয়েছিল। এই সংস্কার ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি করলেও তা জাতীয়তাবাদীদের চাহিদা পূরণে ব্যর্থ হয় এবং স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তোলে।

উদ্দীপকে বলা হয়েছে, প্রথম মহাযুদ্ধের শেষে কানপাড়া এলাকার উপনিবেশিক শাসক একটি আইন পাশ করে। আইনে শাসন বিভাগীয় কার্যাবলি কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করা হয়। কিন্তু উক্ত আইনটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে।

(ঘ)

উদ্দীপকের কানপাড়ায় পাশকৃত আইনটি তথা ১৯১৯ সালের ভারত শাসন আইনটি নানা কারণে ব্যর্থ হয়েছিল।

১৯১৯ সালের ভারত শাসন আইনটি ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় কিছু পরিবর্তন আনলেও এটি ব্যর্থ হয়েছিল মূলত এর সীমাবদ্ধ নীতি ও অপ্রতুল সংস্কারের কারণে। এই আইনের মাধ্যমে দ্বৈত শাসনব্যবস্থা চালু করা হলেও, কার্যত সমস্ত ক্ষমতা ব্রিটিশ গভর্নর ও কর্মকর্তাদের হাতেই কেন্দ্রীভূত ছিল, যা ভারতীয়দের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আইনটি জনগণের স্বায়ত্তশাসনের দাবি পূরণ করতে ব্যর্থ হয় এবং নির্বাচনি ব্যবস্থায় কেবল কিছুসংখ্যক ভারতীয়কে সুযোগ দিলেও সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। উপরন্তু, একই বছর পাশ হওয়া রাওলাট আইন জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং ব্রিটিশ সরকারের প্রতি আস্থাহীনতা বাড়িয়ে দেয়। এ ছাড়া, আইনটি ভারতের স্বাধীনতা আন্দোলনের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি, বরং ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার কৌশল হিসেবেই কাজ করেছে। ফলে, আইনটি রাজনৈতিক অস্থিরতা ও জাতীয়তাবাদী আন্দোলনকে আরও তীব্র করে তোলে এবং শেষ পর্যন্ত এটি ব্যর্থতার দৃষ্টান্ত হয়ে উঠে।

সুতরাং আলোচনা শেষে বলা যায়, ১৯১৯ সালের আইনটি ভারতীয়দের স্বায়ত্তশাসনের আশাকে পূর্ণতা দিতে পারেনি বিধায় মূলত আইনটি ব্যর্থ হয়।

ভবানীগঞ্জের অঞ্চলটি দীর্ঘ প্রায় দুইশ বছর উপনিবেশিক শাসনে থাকার পর শেষ গভর্নর জেনারেল একটি পরিকল্পনা ঘোষণা করেন। উক্ত ঘোষণাকে বাস্তবে রূপদান করার জন্য উপনিবেশিক রাষ্ট্রের আইনসভা একটি আইন পাশ করে। এই আইনের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল অঞ্চলটি দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়।
৩. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব কী?
উদ্দীপকের আলোকে ভবানীগঞ্জ অঞ্চলে যে আইন পাশ করার কথা বলা হয়েছে তার কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপকের আলোকে ভবানীগঞ্জ এলাকায় পাশকৃত আইনের ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
(খ)
দ্বিজাতি তত্ত্ব হলো ব্রিটিশ ভারতের হিন্দু ও মুসলমানকে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি স্বতন্ত্র জাতি হিসেবে বিবেচনা করে পৃথক রাজনৈতিক ব্যবস্থার দাবি উত্থাপনের মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ এ মতবাদের প্রধান রাজনৈতিক প্রবক্তা ছিলেন।
(গ)

উদ্দীপকের ভবানীগঞ্জ অঞ্চলে যে আইন পাশ করার কথা বলা হয়েছে তা হলো ১৯৪৭ সালের ভারত শাসন আইন।

উদ্দীপকের ভবানীগঞ্জ অঞ্চললটি দীর্ঘ প্রায় দু'শ বছর উপনিবেশিক শাসনে থাকার পর শেষ জেনারেল একটি পরিকল্পনা ঘোষণা করেন। উক্ত ঘোষণাকে বাস্তবে রূপদান করার জন্য উপনিবেশিক রাষ্ট্রের আইনসভা একটি আইন পাস করে। এই আইনের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিলো অঞ্চলটি ২টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। এ থেকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য পাওয়া যায়। ভারত স্বাধীনতা আইনের বেশকিছু বৈশিষ্ট্য ছিল। যেমন-

১. এ আইন ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে-ভারতের ওপর থেকে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়।

২. এ আইন ভারতবর্ষকে বিভক্ত করে ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠা করে। এর দ্বারা ডোমিনিয়ন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

৩. সিন্ধু প্রদেশ, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হবে পাকিস্তান। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ নিয়ে ভারত রাষ্ট্র গঠিত হবে।

৪. প্রত্যেক রাষ্ট্রের জন্য একজন গভর্নর জেনারেল থাকবেন। তিনি হবেন হেড অব দি স্টেট।

৫. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে ভারত সচিবের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

৬. এ আইনে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন, বিচারবুদ্ধিজনিত ক্ষমতা ও বিশেষ দায়িত্ব বিলোপ করা হয়।

৭. এ আইনে ব্রিটিশ রাজা 'ভারত সম্রাট' উপাধি পরিত্যাগ করবেন।

৮. পূর্বে ভারতবর্ষের যেকোনো সংবিধান সংস্কার এবং নতুন আইন প্রণীত হতো ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু এ আইনে বলা হয়, ১৯৪৭সালে ১৪ আগস্টের পর থেকে ব্রিটিশ পার্লামেন্টে প্রণীত আইন ভারত ও পাকিস্তানের ওপর প্রযোজ্য হবে না।

(ঘ)

ব্রিটিশ ভারতের তৎকালীন রাজনীতিতে উদ্দীপকের সাথে ১৯৪৭সালের ভারত স্বাধীনতা আইন ছিল সময়োচিত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ আইন ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ আইনের মাধ্যমে উপমহাদেশে দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দুটি স্বাধীন রাষ্ট্রের সীমানা নির্ধারণ করা হয় এবং গণপরিষদ গঠন করা হয়। এ আইনের দ্বারা গভর্নর জেনারেলের ক্ষমতার অবসান হয় এবং রাষ্ট্র দুটিতে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ভারত সম্রাটের উপাধি বিলোপ করা হয় এবং ভারত সচিবের পদের বিলুপ্তি ঘটে। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন- ঘটে। ১৭৫৭সালের পলাশীর যুদ্ধের মাধ্যমে যে সমস্যা তৈরি হয়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয় অর্থাৎ পরাধীনতার বিলুপ্তি ঘটে। এ আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি ঘটে। ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত ও পাকিস্তান রাষ্ট্রে গণতন্ত্রের যাত্রা সূচিত হয়। দুটি রাষ্ট্রই স্ব-স্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা লাভ করে।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ভারত উপমহাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দলিল। এ আইন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিণতি।

মিতু বানু শ্রেণীকক্ষে বলেন যে, বান্দাই খাড়া রাষ্ট্রের পূর্বাশা প্রদেশের জনগণ মাতৃভাষাকে অন্যতম রাষ্ট্রে ভাষা করার দাবি জানায়। উক্ত দাবির ধারাবাহিকতায় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করে। শেষের বক্তব্যে তিনি বলেন যে, "উক্ত চেতনা থেকেই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং পরবর্তীতে স্বাধীন পূর্বাশা রাষ্ট্রের জন্ম হয়।
৪. পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
তমদ্দুন মজলিস কী?
উদ্দীপকের আলোকে 'পূর্বাশা' প্রদেশের যে আন্দোলনের কথা বলা হয়েছে তা বর্ণনা কর।
উদ্দীপকের আলোকে মিতু বানুর শেষের বক্তব্যটি ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল।
(খ)
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমদ্দুন মজলিস গঠিত হয়। ১৯৪৭সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অব্যবহিত পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্যোগেই রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করে।
(গ)

উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।

১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অর্থনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানাই। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা অনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।

উদ্দীপকে রাষ্ট্রটি একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তার প্রতিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে। স্পষ্টত, উদ্দীপাকে বর্ণিত ঘটনায় ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রতিরূপ অঙ্কিত হয়েছে, যা উভয়কে অবিভিন্ন ভাবে সাদৃশ্যপূর্ণ করেছে। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক আন্দোলনটি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

(ঘ)

উদ্দীপকের আলোকে মিতু বানুর শেষের বক্তব্যটি হলো, 'উক্ত চেতনা থেকেই ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং পরবর্তীতে স্বাধীন পূর্বাশা রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন পূর্বাশা রাষ্ট্র বলতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বুঝানো হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে মন্তব্যটি যথার্থ।

ভাষা আন্দোলন ছিল পশ্চিমাদের বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম সর্বজনীন আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়। ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের ক্ষমতার ভিত নাড়িয়ে দেয় এবং তারা বাঙালিদের সমীহ করতে শেখে। ভাষা আন্দোলন যদিও একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, তথাপি এ আন্দোলন রাজনৈতিক চেতনা সৃষ্টি করে এবং এদেশের জনগণকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শিক্ষা দেয়।

উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায় যা, ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগায়। যার ফলশ্রুতিতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১-এর স্বাধীনতা আন্দোলনে আমরা জয়লাভ করি। ভাষা আন্দোলন যে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করেছিল। তার ফলশ্রুতিতে ১৯৭১ সালে বাঙালি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করার প্রেরণা পায়। অর্থাৎ ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই এদেশের জনগণ অন্য আন্দোলনগুলোকে সফল করেছিল। এমনকি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।

আলোচনা শেষে তাই বলা যায়, ভাষা আন্দোলন বাঙালির মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে ভূমিকা পালন করে।

রাজশাহী কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।