দুষ্প্রাপ্য সম্পদ কীভাবে ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকেই বেশির ভাগ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি ।
মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যাসমূহ হলো- কী উৎপাদন করতে হবে, কীভাবে করতে হবে এবং কার জন্য করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, বা দুষ্প্রাপ্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সব কিছুই উৎপাদন করা যেত এবং কোনো সমস্যা থাকত না। তাই বলা যায়, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে।
যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানার পাশাপাশি সরকারি মালিকানা ও উদ্যোগ বিরাজ করে তা মিশ্র অথ্যব্যবস্থা। এ ধরনের অর্থব্যবস্থায় অধিকাংশ উৎপাদন প্রতিষ্ঠান বেসরকারি মালিকানা ও উদ্যোগে পরিচালিত হয়। শুধু গুরুত্বপূর্ণ খাতসমূহে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। এ অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিধবা ভাতা, বেকার ও বয়স্ক ভাতা, পেনশন ইত্যাদি প্রদান করে।
উদ্দীপকে রাতুল সাহেবের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পেলেও পাঁচজনের সংসারে তা পর্যাপ্ত নয়। রাতুলের দুই বোন স্কুলে পড়ে। সেখানে তারা বিনামূল্য পাঠ্যবই পায়। রাতুল সাহেব সরকারি কলেজে পড়ে। কিন্তু তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। অর্থাৎ, রাতুল সাহেবের দেশে সরকারি মালিকানা ও উদ্যোগের পাশাপাশি বেসরকারি মালিকানা ও উদ্যোগ লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, রাতুল সাহেবের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
আমেরিকায় ধনতান্ত্রিক ও বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এজন্য উৎপাদন বিষয়ক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও পরিলক্ষিত হয়। এ অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টনে ব্যক্তিগত স্বাধীনতা থাকলেও সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে।
উদ্দীপকে রাতুল সাহেব সার্বিক পর্যবেক্ষণে দেখতে পান আমেরিকার জীবনযাত্রার মান উন্নত ও সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। আবার আমেরিকার বাজারে অবাধ প্রতিযোগিতা ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর। অর্থাৎ আমেরিকার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত। অন্যদিকে রাতুল সাহেবের নিজ দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিদ্যমান। অর্থাৎ তার দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে।
ধনতন্ত্রে প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগে অবাধে স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজনবোধে দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে। অতএব বলা যায়, ধনতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থার মধ্যে স্পষ্টতই পার্থক্য বিদ্যমান।