খুলনা পাবলিক কলেজ ২০২৫

এইচএসসি · অর্থনীতি ২য় পত্র

খুলনা পাবলিক কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বাংলাদেশের কৃষিখাত নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। বিগত কয়েক দশক যাবৎ জিডিপিতে কৃষির অবদান বাড়ছে। মোট কৃষি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এ খাত শ্রমশক্তি নিয়োগের জন্য এখনো একক বৃহত্তম খাত। শস্য উৎপাদনের বহুমুখীকরণ, জৈব প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি, উন্নত বীজ ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সহিষ্ণু বীজ উদ্ভাবনের ফলেই এরূপ সাফল্য এসেছে। তবে বাজার ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি ও যাতায়াত ব্যবস্থার দুর্বলতার ফলে এখনো কৃষকদের আর্থিক অবস্থার তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
১. কৃষি খামার বলতে কী বোঝ?
মাশরুম চাষ, হাস-মুরগি প্রতিপালন গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?
উদ্দীপকে বর্ণিত কৃষি কর্মসূচির উপযোগিতা বিশ্লেষণ কর।
উদ্দীপকে উল্লিখিত সমস্যার প্রেক্ষিতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়? আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
জমি, শ্রম, মূলধন ও অন্যান্য উপকরণকে একটি ব্যবস্থাপনার অধীনে সংগঠিত করে কৃষি উৎপাদন পরিচালনার একককে কৃষি খামার বলে।
(খ)
মাশরুম চাষ ও হাঁস-মুরগির প্রতিপালন গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাশরুম চাষের জন্য আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। এজন্য প্রচুর মূলধনও লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই এ থেকে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যায়। এছাড়া সাম্প্রতিককালে হাঁস-মুরগি পালন বাণিজ্যিক ভিত্তিতেও পরিচালিত হচ্ছে। বেকার যুবক-যুবতী, গৃহিণী, ছাত্র-ছাত্রী যে কেউ খুব সহজেই মাশরুম চাষ ও হাঁস-মুরগির প্রতিপালন করতে পারে। এতে একদিকে যেমন আয় উপার্জন করতে সক্ষম হবে, তেমনি অন্যদিকে আত্মকর্মসংস্থানও সৃষ্টি হবে।
(গ)

উদ্দীপকে বর্ণিত কৃষি কর্মসূচির উপযোগিতা বিশ্লেষণ করা হলো-

১. শস্য বহুমুখীকরণ: একসময় নির্দিষ্ট কিছু শস্য উৎপাদনের ওপর কৃষির নির্ভরতা থাকলেও বর্তমানে কৃষিতে বৈচিত্র্য এসেছে। এখন কৃষকগণ ধান, গম, ভুট্টা, আলু, শাকসবজি ও ফলমূল চাষের মাধ্যমে উৎপাদন বাড়াচ্ছেন, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।

২. জৈব প্রযুক্তির ব্যবহার: জৈব প্রযুক্তি ব্যবহারের ফলে আধুনিক কৃষি উৎপাদন পদ্ধতি চালু হয়েছে। রোগপ্রতিরোধী ও অধিক ফলনশীল জাত উদ্ভাবন করা সম্ভব হচ্ছে, যা কৃষির উৎপাদনশীলতা বাড়াচ্ছে।

৩. উন্নত বীজের ব্যবহার: উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা স্বল্প সময়ে অধিক উৎপাদন করতে পারছেন, যা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৪. প্রতিকূল পরিবেশ সহিষ্ণু বীজ উদ্ভাবন: জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্রে নানা চ্যালেঞ্জ দেখা দিলেও গবেষণার মাধ্যমে খরা, লবণাক্ততা ও বন্যা সহিষ্ণু বীজ উদ্ভাবন করা হচ্ছে, যা কৃষকদের জন্য বড় সহায়তা।

সুতরাং, উদ্দীপকে বর্ণিত কৃষি কর্মসূচিগুলো কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও টেকসই কৃষি উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত সমস্যার প্রেক্ষিতে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা করা হলো-

১. বাজার ব্যবস্থার উন্নয়ন: কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা উন্নত করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সংরক্ষণাগার, হিমাগার ও আধুনিক বাজারব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হবে না।

২. উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা: দ্রুত ও স্বল্প ব্যয়ে কৃষিপণ্য পরিবহন নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেল যোগাযোগের উন্নয়ন করা দরকার। এতে কৃষকেরা দূরবর্তী বাজারেও তাদের পণ্য বিক্রির সুযোগ পাবে।

৩. ন্যায্যমূল্য নিশ্চিতকরণ: সরকারি ন্যায্যমূল্য নির্ধারণ ও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয়ের ব্যবস্থা করা উচিত। এতে কৃষকরা ফড়িয়াদের প্রতারণা থেকে রক্ষা পাবে।

৪. কৃষিঋণ সহজলভ্য করা: স্বল্প সুদে সহজ শর্তে কৃষিঋণ প্রদান করলে কৃষকেরা চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হবে না, ফলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।

৫. কৃষি প্রযুক্তির প্রসার: উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণ ও ভর্তুকির ব্যবস্থা করা দরকার, যাতে তারা উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করতে পারে।

সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করলে কৃষির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

তুহিন তার খামারে কেবল পরিবারের ভরণপোষণের জন্য চাষাবাদ করে। অর্থনীতি তার যে দুটি কৃষিজোত আছে তা অতি ক্ষুদ্রায়তনের হওয়ায় সেখানে সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে না। তার প্রতিবেশী কৃষকদের মধ্যে বেশিরভাগেরই কৃষিজোতের অবস্থা তারই মতো।
২. বাংলাদেশের কৃষি খামার কী?
কৃষিতে জৈব প্রযুক্তির গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপকে কোন ধরনের কৃষি খামার সম্পর্কে বলা হয়েছে আলোচনা কর।
উদ্দীপকে বর্ণিত কৃষিজোতে চাষাবাদের সমস্যা সম্পর্কে আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
বাংলাদেশে কৃষি উৎপাদনের জন্য জমি ও অন্যান্য উপকরণ একটি ব্যবস্থাপনার অধীনে সংগঠিত করে যে উৎপাদন একক পরিচালিত হয় তা কৃষি খামার। এটি জীবননির্বাহী, বাণিজ্যিক বা মিশ্র উদ্দেশ্যে পরিচালিত হতে পারে।
(খ)
কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ ফলনশীল ও রোগপ্রতিরোধী ফসল উৎপাদন সম্ভব। এটি উন্নত বীজ ও জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বাড়ায়। জৈব সার ও বায়োকন্ট্রোল এজেন্ট ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করা যায়। এতে কৃষকের উৎপাদন খরচ কমে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
(গ)
উদ্দীপকে জীবন নির্বাহী কৃষি খামার সম্পর্কে বলা হয়েছে। জীবননির্বাহী খামারে উৎপাদিত ফসলের আয় দ্বারা কৃষক ও তার পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তবে কোনো উদ্বৃত্ত না থাকায় বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে না। ফলে বাণিজ্যিক খামার হিসেবে আত্মপ্রকাশ করাও এ খামারের পক্ষে সম্ভব হয় না। পরিবারের ভরণপোষণই মূল লক্ষ্য হওয়ায় এ ধরনের খামারকে আত্মতোষণকারী খামার (Subsistence farm) বলে। জীবননির্বাহী খামার ক্ষুদ্রায়তন বিশিষ্ট হয়ে থাকে। পারিবারিক প্রয়োজনে উৎপাদন কার্য পরিচালিত হয়। এ খামারে উৎপাদনে সনাতনী পদ্ধতি ব্যবহৃত হয়। জীবননির্বাহী খামারে কম মূলধন বিনিয়োগ করা হয় এবং বহুবিধ ফসল উৎপাদিত হয়।' উদ্দীপকের তথ্য অনুযায়ী, তুহিন তার খামারে শুধুমাত্র নিজ পরিবারের ভরণ-পোষণের জন্য চাষাবাদ করে এবং তার কৃষি জমির পরিমাণ খুবই কম, যার ফলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে না। এ ধরনের কৃষি খামারকে জীবন নির্বাহী খামার বলা হয়।
(ঘ)

উদ্দীপকে বর্ণিত কৃষিজোতটি ক্ষুদ্রায়তন কৃষিজোত। ক্ষুদ্রায়তন কৃষিজোতে চাষাবাদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হলো-

১. অপ্রতুল কৃষিজমি: ক্ষুদ্র আকারের কৃষিজোতে চাষাবাদ করার ফলে প্রতি একক জমি থেকে পর্যাপ্ত ফসল উৎপাদন সম্ভব হয় না। ফলে কৃষক ও তার পরিবারের খাদ্য চাহিদা পূরণ করাই কষ্টসাধ্য হয়ে পড়ে।

২. আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব হয় না: আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার বা উন্নত সেচ ব্যবস্থা ক্ষুদ্র জমিতে ব্যবহার করা কঠিন। ফলে উৎপাদনশীলতা কমে যায়।

৩. অতিরিক্ত শ্রম ব্যয়: ক্ষুদ্র জমিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্ভব না হওয়ায় কৃষকদের শারীরিক পরিশ্রম বেশি করতে হয়, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়।

৪. বিপণন সমস্যা: এ ধরনের খামারে উৎপাদিত ফসল অতিরিক্ত পরিমাণে উৎপাদিত হয় না, ফলে কৃষক বাজারে বিক্রির জন্য যথেষ্ট পরিমাণ ফসল উৎপাদন করতে পারে না।

৫. আয়ের অনিশ্চয়তা: কৃষি খামার ছোট হওয়ার কারণে কৃষকেরা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে না। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় না।

সুতরাং, ক্ষুদ্রায়তন কৃষিজোতের কারণে কৃষকের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব হয় না, উৎপাদনশীলতা কমে যায় এবং কৃষির বাণিজ্যিকীকরণ বাধাগ্রস্ত হয়। এই সমস্যা সমাধানের জন্য কৃষি জমির সমবায়ীকরণ, সরকারি সহায়তা বৃদ্ধি এবং কৃষি প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকার ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বর্তমান সরকার বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছে। ফলে নাগরিক জীবনে সস্তি এবং উৎপাদন ক্ষেত্রে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।
৩. শিল্প কী?
ক্ষুদ্র ও কুটিরশিল্প কীভাবে দেশের সুষম উন্নয়ন ঘটায়?
উদ্দীপকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের শিল্পনীতির কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতির যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক উৎপাদন প্রণালির মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের প্রক্রিয়াকে শিল্প বলা হয়।
(খ)
বাংলাদেশের আর্থসামাজিক উন্নতির জন্য দেশের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কিংবা পারিবারিক অবসরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প ও কুটিরশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও কুটিরশিল্পের কারখানাগুলো গ্রামাঞ্চলে ও শহরের উপকণ্ঠে স্থাপিত হয়। ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য হ্রাস পায় এবং দেশের সুষম উন্নয়ন ঘটে।
(গ)

উদ্দীপকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের শিল্পনীতির সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP- Public-Private Partnership) নীতির প্রতিফলন ঘটেছে।

মূলত সরকার ও ব্যক্তিমালিকানার যৌথ প্রয়াস নিয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় গঠিত হয়। অর্থাৎ সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে তথা যৌথ মালিকানায় কোনো কার্যক্রম বা প্রতিষ্ঠান পরিচালিত হলে ঐ কার্যক্রমের মালিকানার ধরনকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের ব্যক্তিমালিকানাকে উৎসাহিত করার জন্য, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ভিত রচনা করার জন্য এবং নির্মাণ, ব্যবসায় ও সেবাখাতে বহুমুখী সুবিধা সৃষ্টি করার জন্য পিপিপি-এর উদ্ভব। নির্ভরযোগ্য ও টেকসই অবকাঠামো ব্যবস্থা নিশ্চিত করে দেশে বর্ধিত বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমুন্নত রাখাই পিপিপি তত্ত্বের মূল লক্ষ্য।

উদ্দীপকে বলা হয়েছে, 'সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বর্তমান সরকার বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ । করতে সমর্থ হয়েছে। এটি স্পষ্টভাবে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) নীতির বাস্তবায়নকে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত নীতিটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব কৌশলকে নির্দেশ করে। উল্লিখিত নীতির যথার্থতা মূল্যায়ন করা হলো-

১. ব্যাপক পুঁজির সরবরাহ: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নয়ন সাধনে ব্যাপক পুঁজির প্রয়োজন রয়েছে যা এককভাবে সরকার বা বৈদেশিক ঋণ গ্রহণের মাধ্যমে সম্পাদন করা দুরূহ। এরূপ প্রেক্ষাপটে সরকারের PPP উদ্যোগ যথার্থ বলা যায়।

২. ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন: দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক এবং স্থায়ী উন্নয়নের মাধ্যমে অর্থনীতির অপরাপর খাতসমূহও দ্রুত সমৃদ্ধি লাভ করবে। উন্নয়নের ভিত মজবুত হবে।

৩. দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ: স্থায়ী এবং নির্ভরযোগ্য উন্নয়ন সাধনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রকল্পের যৌক্তিকতা যথেষ্ট গুরুত্ব বহন করে। এরূপ প্রকল্প সরকার PPP খাতে হস্তান্তর করে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে।

৪. প্রকল্প ব্যয়: PPP এর আওতায় প্রতিষ্ঠিত প্রকল্পে যথাযথ তদারকি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে বিধায় প্রকল্প ব্যয় ন্যূনতম হয়।

৫. কর্মসংস্থান: পিপিপির আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ কর্মকান্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে বেকারত্বের হার হ্রাস পায়।

৬ . অর্থনৈতিক উন্নয়ন : পিপিপি'র আওতায় দেশে বিনিয়োগ বৃদ্ধি 7 পেলে, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সূচিত হয়।

সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রকল্প বাস্তবায়নের নীতি তথা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কৌশল বাংলাদেশের শিল্পায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশে ইতোপূর্বে কোনো ফ্রিজ উৎপাদন করা হয়নি। সব ফ্রিজ বিদেশ থেকে আমদানি করা হতো। ওয়াল্টন কোম্পানি প্রথম দেশি কাঁচামাল ব্যবহার করে ফ্রিজ উৎপাদন করে।
৪. হাইটেক শিল্প কী?
বৃহৎ শিল্প কীভাবে বেকার সমস্যা সমাধান করতে পারে?
উদ্দীপকে ওয়ালটনের উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় কী ধরনের শিল্প বলা হয়? আলোচনা কর।.
বাংলাদেশে এ ধরনের শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজিনির্ভর, উচ্চ প্রযুক্তিভিত্তিক, পরিবেশবান্ধব এবং আইটি (IT) বা গবেষণামূলক শিল্পকে বোঝায়।
(খ)
বৃহৎ শিল্প অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করতে পারে। যেকোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। জনবহুল বাংলাদেশের কৃষিতে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। বৃহৎ শিল্পগুলো একসাথে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এতে করে আমাদের দেশে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে।
(গ)
উদ্দীপকে ওয়ালটনের উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প বলা হয়। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে সমজাতীয় দ্রব্য উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। অন্যভাবে বলা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশেই উৎপাদনের ব্যবস্থা করাকে আমদানি বিকল্প শিল্পয়ন কৌশল বলা হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি বিষয়ে সহায়তা করে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্য আমদানি না করে দেশীয় প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে দেশেই উৎপাদন করা যায়, পণ্যের আমদানি হ্রাস পায় এবং দেশীয় শিল্পের সম্প্রসারণ ঘটে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'বাংলাদেশে ইতোপূর্বে কোনো ফ্রিজ উৎপাদন করা হয়নি। সব ফ্রিজ বিদেশ থেকে আমদানি' করা হত। ওয়াল্টন কোম্পানি প্রথম দেশি কাঁচামাল ব্যবহার করে ফ্রিজ উৎপাদন করে। এটি স্পষ্টতই আমদানি বিকল্প শিল্পের প্রতিফলন ঘটায়, কারণ ওয়ালটন বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে ফ্রিজ উৎপাদন করছে।
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত শিল্পটি আমদানি বিকল্প শিল্প। 'বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল অবলম্বন করা হলে নির্ভরশীলতা অনেকাংশে হ্রাস পায়। দেশে ভোগ্যপণ্য ও মূলধন দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়। ফলে উন্নয়নশীল দেশগুলো ধীরে ধীরে শিল্পে সমৃদ্ধি লাভ করে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়। বাংলাদেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি বলে লেনদেন ভারসাম্যে প্রায়ই ঘাটতি দেখা দেয়। তাই এ শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে দেশেই আমদানিকৃত দ্রব্যসামগ্রী উৎপাদন করা সম্ভব হবে। এ ব্যবস্থায় দেশীয় শিল্পের সম্প্রসারণ হবে এবং লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীভূত হবে। বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশি পণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে এবং দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশের নাগরিকদের ব্যবহারের উপযোগী হবে। বাংলাদেশ বেকার সমস্যায় জর্জরিত একটি দেশ। দেশে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল অবলম্বন করে নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলা হলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে দেশের অভ্যন্তরে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি ও শিল্প উভয় খাতের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হবে। - সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

খুলনা পাবলিক কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।