-
ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা
-
শিক্ষা কর্মসূচি পরিচালনা
-
আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন
-
আইনি সহায়তা দান
এইচএসসি · ফিন্যান্স ২য় পত্র
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৬
১২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।
পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তির জন্য ব্যবহৃত মাধ্যম বা দলিল হলো বিনিময়ের মাধ্যম।
সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে নগদ অর্থ ব্যবহৃত হয়। সে অর্থে বিনিময়ের মাধ্যম সৃষ্টি বলতে নোট বা মুদ্রা ইস্যুকরণকে বোঝায়। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো নোট ইস্যুর জন্য অনুমোদনপ্রাপ্ত নয়। তাছাড়া নগদ অর্থে লেনদেনও ঝুঁকিপূর্ণ। তাই লেনদেনে ঝুঁকি কমাতে ও লেনদেনের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চেক, বিনিময় বিল, পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যু করে। এসব দলিল মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এভাবে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করেছে।
বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যেসব খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে।
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি বাজারে ঋণ সরবরাহ নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে প্রথমে ব্যাংকটি বিশেষ কিছু খাতে ঋণের সরবরাহ সীমিত করে দেয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেসব খাতে ঋণ সরবরাহ কমানো উচিত মনে করেছে সেসব খাতে ঋণের বরাদ্দ কমিয়ে দেয়। এ ধরনের কৌশল ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমত গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করেছে।
উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপ তথা ব্যাংক হার নীতি প্রয়োগের পদক্ষেপটি অধিক কার্যকর- উক্তিটি যথার্থ।
বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিজ বাট্টা করে তাকে ব্যাংক হার বলে। ব্যাংক হার হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করাকে ব্যাংক হার নীতি বলে।
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে ব্যাংকটি ঋণের বরাদ্দকরণ নীতি ব্যবহার করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে এ সিদ্ধান্তের পরও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি প্রথম শ্রেণির বিলসমূহে বাট্টা করার হার ৪% থেকে ৫%-এ উন্নীত করে। অর্থাৎ, পূর্বের চেয়ে ১% বাড়িয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ হলো ব্যাংক হার নীতির প্রয়োগ।
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক বিল বাট্টার হার বাড়িয়ে দেওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বিল বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহের আগ্রহ কমে আসবে। ফলে ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা পূর্বের চেয়ে কমবে। যা বাজারে অর্থ বা ঋণ সরবরাহ কমিয়ে দেবে। ফলে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ব্যাংক হার নীতির প্রয়োগ অধিক কার্যকর ভূমিকা রাখবে।
ব্যাংক তার ঋণের অর্থ ফেরত পাওয়ার অধিকতর নিশ্চয়তা লাভের জন্য স্বাভাবিক জামানতের বাইরেও কোনো জামানত রাখলে তাকে অতিরিক্ত জামানত বলে।
অতিরিক্ত জামানতকে সহযোগী জামানত হিসেবে গণ্য করা হয়। মূল জামানত থেকে ঋণের অর্থ আদায় সম্ভব না হলেই শুধু অতিরিক্ত জামানত থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এরূপ জামানত অতিরিক্ত সতর্কতা হিসেবেই ব্যাংক সংরক্ষণ করে। এতে ব্যাংকের ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
উদ্দীপকে জনাব শফিককে 'ABC ব্যাংক' ব্যক্তিক জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে।
ব্যাংক যখন কোনো সম্পত্তি বন্ধক না রেখে ঋণগ্রহীতার সততা, সচ্ছলতা ও সুনামের বিপরীতে ঋণ দেয় তখন তাকে ব্যক্তিক জামানত বলে। তাই ব্যক্তিক জামানতের বেলায় নির্ধারিত ব্যক্তির সামাজিক মানমর্যাদা, ব্যবসায়িক অবস্থান, নৈতিক চরিত্র, ঋণ ফেরতদানের ইত্যাদি বিষয় ব্যাংক বিবেচনা করে।
উদ্দীপকে জনাব শফিক একজন সফল ব্যবসায়ী। তার সততা, ব্যাংকের সাথে লেনদেন, ব্যবসায়িক সচ্ছলতা ও সুনামের কারণে ব্যাংক তাকে বড় অঙ্কের অর্থ নিশ্চিন্তে ঋণ মঞ্জুর করেছে। এক্ষেত্রে জনাব শফিকের সততা, সচ্ছলতা ও সুনাম জামানত হিসেবে বিবেচিত হয়েছে। এ থেকে বলা যায়, উদ্দীপকে জনাব শফিককে ব্যাংক ব্যক্তিক জামানতের বিপক্ষে ঋণ দিয়েছে।
জনাব ফরিদের ক্ষেত্রে ব্যাংক অব্যক্তিক জামানত চাচ্ছে, যা উদ্দীপকের প্রেক্ষাপটে অত্যন্ত যৌক্তিক।
ঋণ দেওয়ার সময় ঋণগ্রহীতার কাছ থেকে জামানত হিসেবে ব্যাংক যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রাখে তাকে অব্যক্তিক জামানত বলে। সাধারণত জমি, দালানকোঠা, পণ্যদ্রব্য প্রভৃতি অব্যক্তিক জামানত হিসেবে জমা রাখা হয়।
উদ্দীপকে জনাব ফরিদ তার সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য ব্যাংকে ঋণ আবেদন করেন। কিন্তু ব্যাংক জনাব ফরিদের কাছ হতে তার কারখানার বিল্ডিং জামানত হিসেবে রেখে ঋণ দিতে চায়। ব্যাংকের জামানত হিসেবে চাওয়া এ কারখানার বিল্ডিং অব্যক্তিক জামানত।
উদ্দীপকে জনাব ফরিদ যদি কারখানার বিল্ডিং জামানত হিসেবে রেখে ঋণ নেন সেক্ষেত্রে ব্যাংকের ঋণের অর্থ পাওয়ার নিশ্চয়তা থাকে। জনাব ফরিদ ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কারখানার বিল্ডিং বিক্রি করে ঋণের অর্থ আদায় করতে পারবে। তাই ব্যাংকটি অর্থ ফেরত পাওয়ার অনিশ্চয়তা এড়ানোর জন্য ব্যক্তিক জামানতের তুলনায় অব্যক্তিক জামানত রেখে ঋণ দিতে সম্মত হয়েছে, যা যথার্থই যৌক্তিক।
গ্রাহকদের নির্দিষ্ট সুবিধাজনক স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হলো বিক্রয় বিন্দু সেবা।
বিক্রয় বিন্দু সেবার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ তাদের গ্রাহকদের সুবিধাজনক স্থানে সেবা প্রদান করে। সেবার মূল্য পরিশোধের জন্য তাৎক্ষণিকভাবে সেবাদাতার হিসাব ক্রেডিট ও সেবাগ্রহীতার হিসাবকে ডেবিট করা হয়। গ্রাহক পণ্য বা সেবায় মূল্য হিসেবে চেক প্রদান করলে বিক্রেতা বিক্রয় বিন্দু সেবা টার্মিনালের মাধ্যমে গ্রাহকের চেকের যথার্থতা জেনে নিতে পারে।
উদ্দীপকে রুনি ও রুহি যে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করেন এগুলোকে ইলেকট্রনিক চেক বলা হয়।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এগুলোকে ইলেকট্রনিক চেকও বলা হয়। কারণ এগুলো কাগজের চেকের মতোই ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংককে অর্থ পরিশোধ বা উত্তোলনের নির্দেশ দেয়।
উদ্দীপকে রুনি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন। কারণ তার কার্ডটি তার হিসাবের বিপরীতে ইস্যু করেছে। অপরদিকে, ঋণ সুবিধাসংবলিত রুহির কার্ডটি হলো ক্রেডিট কার্ড। এ উভয় কার্ডকে ইলেকট্রনিক চেক বলা হয়। কারণ চেকের ন্যায় এ কার্ডগুলো দ্বারা এটিএম থেকে অর্থ উত্তোলন করা যায়। কিংবা পণ্য কেনাকাটা করে লেনদেন নিষ্পত্তি করা যায়। তবে এ পুরো প্রক্রিয়াটি সম্পাদিত হয় ইলেকট্রনিক উপায়ে। তাই রুনি ও রুহির ব্যবহৃত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডকে ইলেকট্রনিক চেক বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত রুহির ব্যবহৃত ক্রেডিট কার্ডটি রুনির ব্যবহৃত ডেবিট কার্ডের তুলনায় অধিক সুবিধাজনক- উক্তিটি যৌক্তিক।
ডেবিট ও ক্রেডিট কার্ড উভয়টির মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারেন। এছাড়া এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে রুনি ব্যাংকের একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন। কার্ডটি তার হিসাবের বিপরীতে ইস্যু করা হয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে, রুহি অন্য এক ধরনের কার্ড ব্যবহার করেন। তার গৃহীত কার্ডে ঋণ সুবিধা রয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়। তবে ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ডেবিট কার্ডে ঋণ সুবিধা নেই। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা থাকায় এ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত এটিএম থেকে নগদে উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটির মধ্যে রুহির ব্যবহৃত ক্রেডিট কার্ডটি অধিক সুবিধাজনক।