চট্টগ্রাম কলেজ ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ক-আগ্নেয় লাভা শীতল হয়ে শিলা গঠিত হয়।
খ-স্তরে স্তরে শিলা গঠিত।
১. খনিজ বলতে কী বোঝায়?
ল্যাকোলিথ পর্বত কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' শিলার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' শিলার গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রাকৃতিকভাবে সৃষ্ট, সাধারণত অজৈব, নির্দিষ্ট রাসায়নিক গঠন ও স্ফটিক কাঠামোবিশিষ্ট কঠিন পদার্থকে খনিজ বলে।
(খ)
ভূঅভ্যন্তরস্থ গলিত ম্যাগমার সাথে প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থ মিশ্রিত থাকে। গ্যাসীয় পদার্থের চাপে ম্যাগমা অনেক সময় ঊর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কারণে ম্যাগমা ভূপৃষ্ঠে পৌছাতে না পেরে ভূপৃষ্ঠের নিচে জমাটবদ্ধ হয় এবং ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি করে। এতে করে সেখানে ভূপৃষ্ঠের অংশবিশেষ গম্বুজের আকার ধারণ করে এবং ধীরে ধীরে আরও উঁচু হয়ে পর্বতের রূপ লাভ করে। একে গম্বুজ পর্বত বা ল্যাকোলিথ পর্বত বলে।
(গ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' শিলা বলতে আগ্নেয় শিলাকে বোঝায়। নিম্নে এ শিলার বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
স্তরবিহীন: উত্তপ্ত গলিত অবস্থা হতে ঠান্ডা হয়ে জমাট বেঁধে এজাতীয় শিলার সৃষ্টি হয় বলে এর মধ্যে কোনো স্তর থাকে না। তাই এটি স্তরবিহীন শিলা।
জীবাশ্মবিহীন: এত উত্তপ্ত গলিত পদার্থ হতে আগ্নেয় শিলার সৃষ্টি যে, তার মধ্যে কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব আশা করা যায় না।
কেলাসিত: উত্তপ্ত গলিত অবস্থা হতে বিকিরণ করে ক্ষেত্রবিশেষে এ জাতীয় শিলা কেলাসিত বা নির্দিষ্ট আকারে দানা বাঁধে।
অপ্রবেশ্য: আগ্নেয় শিলার দানাগুলোর মধ্যে কোনো ছিদ্র না থাকায় তাতে পানি প্রবেশ করতে পারে না।
**সুদৃঢ় ও সুসংহত: **উত্তপ্ত গলিত অবস্থা হতে তাপ বিকিরণ করে সংকুচিত এবং জমাট বাঁধে বলে এ জাতীয় শিলা সুদৃঢ় ও সুসংহত হয়।
**সংযুক্তি: **আগ্নেয় শিলা শক্ত ও মজবুত হলেও এর মধ্যে সুস্পষ্ট সংযুক্তি দেখতে পাওয়া যায়।
প্রাচীনতম : আগ্নেয় শিলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর প্রাচীনতম শিলা।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোনো শিলার মধ্যে থাকলে বুঝতে হবে সে শিলা আগ্নেয় শিলা।
(ঘ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'খ' শিলাটি হলো পাললিক শিলা। উক্ত
শিলার গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
জীবাশ্ম জ্বালানি: অনেক পাললিক শিলা, যেমন: শেল, কয়লাএবং চুনাপাথর, জীবাশ্ম জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস। উদাহরণস্বরূপ তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রায়শই পাললিক অববাহিকায় পাওয়া যায় যেখানে লক্ষ লক্ষ বছর ধরে জৈব পদার্থ সমাহিত এবং রূপান্তরিত হয়েছে।
ভূগর্ভস্থ জলস্তর: বেলে পাথর এবং চুনাপাথরের মতো পাললিক শিলাগুলো ভূগর্ভস্থ জলস্তর তৈরি করতে পারে। যা জল সরবরাহের জন্য অপরিহার্য।
খনিজ সম্পদ: পাললিক শিলায় ফসফেট, সালফেট এবং বিভিন্ন ধাতুসহ গুরুত্বপূর্ণ এই খনিজ পদার্থ থাকতে পারে। এই খনিজ পদার্থগুলো সার, নির্মাণ এবং উৎপাদনে ব্যবহৃত হয়।
**নির্মাণসামগ্রী: **বেলে পাথর এবং চুনাপাথরের মতো পাললিক শিলা সাধারণত নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। রাস্তা, ভবন এবং অন্যান্য অবকাঠামোতে ব্যবহারের জন্য এগুলো প্রায়শই খনন করা হয়।
**মাটি গঠন: **পাললিক শিলার আবহাওয়া মাটি গঠনে অবদান রাখে, যা কৃষি এবং সহায়ক বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য। আবহাওয়ায় নির্গত খনিজ পদার্থ মাটিকে সমৃদ্ধ করে।
সুতরাং বলা যায় যে, পাললিক শিলা পৃথিবীর সম্পদ ব্যবস্থার একটি মূল উপাদান, যা বিভিন্ন শিল্প এবং পরিবেশগত প্রক্রিয়াগুলোকে সমর্থন করে।
বামদিকে ইংরেজি V এবং ডানদিকে ইংরেজি U অক্ষরের আকৃতি দেখানো হয়েছে।
২. বদ্বীপ বলতে কী বোঝায়?
অশ্বখুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ১নং ভূমিরূপটি ব্যাখ্যা কর।
উদ্দীপকের ২য় ভূমিরূপটির গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির সৃষ্ট দ্বীপ।
(খ)
মাঝে মাঝে সমভূমি অংশে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো কোনো সময় এ বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি এসে পড়ে। এরূপে পাশাপাশি অবস্থিত দুটি বাঁক পরস্পর সন্নিকটে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে তারা একত্রে যুক্ত হয়ে পড়ে। তখন নদী সোজা পথে চলতে থাকে। আর ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বখুরাকৃতি হ্রদ বলা হয়।
(গ)

উদ্দীপকের বামদিকের ১ম আকৃতিটি V-আকৃতির উপত্যকা নির্দেশ করে।

নদীর পার্বত্য বা ঊর্ধ্বগতিতে ভূমির ঢাল বেশি থাকায় স্রোতের বেগ ও নিম্নক্ষয় প্রবল হয়। পার্শ্বক্ষয়ের তুলনায় নদীখাত নিচের দিকে বেশি গভীর হয়।

এর দুই পার্শ্ব ঢালু অবস্থায় থেকে তলদেশ সংকীর্ণ হয়; ফলে উপত্যকার প্রস্থচ্ছেদ ইংরেজি V অক্ষরের মতো দেখায়।

(ঘ)

উদ্দীপকের ডানদিকের ২য় আকৃতিটি U-আকৃতির উপত্যকা নির্দেশ করে।

হিমবাহ একটি পূর্ববর্তী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় তার তলদেশ ও দুই পার্শ্ব ক্ষয় করে। বরফের সঙ্গে থাকা শিলাখণ্ড ঘর্ষণ ও উৎপাটনের মাধ্যমে উপত্যকাকে প্রশস্ত ও গভীর করে।

ফলে উপত্যকার তলদেশ চওড়া এবং পার্শ্বদেশ খাড়া হয়। এর প্রস্থচ্ছেদ ইংরেজি U অক্ষরের অনুরূপ দেখায়। এটি নদীর মধ্যগতির সঞ্চয়ের ফলে গঠিত V-উপত্যকা নয়; হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ।

হাওয়াই দ্বীপের মৌনালোয়া আগ্নেয়গিরি থেকে প্রচন্ড অগ্ন্যুৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হলো। আবার সমুদ্রের তলদেশে ভূমি কেঁপে উঠার ফলে জাপানের উপকূলে সুনামি হয়ে থাকে।
৩. ক্ষয়ীভবন বলতে কী বোঝায়?
পাত সঞ্চালনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বর্ণনা কর।
কোনো স্থানের জনজীবনের ওপর উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটির ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিচূর্ণী ভবনের সময় ভূত্বকের উপরিস্তরের শিলা ভেঙেচুরে প্রস্তর খন্ড, কঙ্কর, নুড়ি, বালুকা, কাদা প্রভৃতিতে পরিণত হয় কিন্তু অপসৃত হয় না। এদের শিলাধরণী বলা হয়। এসব আলগা পদার্থ নানাবিধ প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হলে তাকে ক্ষয়ীভবন বলে।
(খ)
পাত সঞ্চালনের বিভিন্ন কারণ রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য পরিচলন স্রোত, মাধ্যাকর্ষণীয় বল এবং ভারসাম্য প্রভৃতি।
ভূগর্ভস্থ উত্তপ্ত অন্তঃস্থলে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় সেই স্রোত ভূপৃষ্ঠ পর্যন্ত উত্থিত হয়। এভাবে তরল উষ্ণ পদার্থসমূহ উপরে উঠে আসে এবং স্রোতের নিম্নগতির সাথে শীতল ও কঠিন শিলাস্তর নিচে নিমজ্জিত হয়। এছাড়া পৃথিবীপৃষ্ঠের প্রতিটি বস্তুকে পৃথিবীর কেন্দ্র প্রতিনিয়তই আকর্ষণ করছে যার ফলে মাধ্যাকর্ষীয় বল সৃষ্টি হয়েছে। এভাবে পাতসমূহ সঞ্চালিত হয়।
(গ)
উদ্দীপকে প্রথম ঘটনাটি হলো অগ্ন্যুৎপাতের ফলে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিম্নে এ ঘটনার কারণ বর্ণনা করা হলো:
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উৎক্ষিপ্ত পদার্থের সাথে জলীয়বাষ্প ও বিভিন্ন প্রকার গ্যাস তীব্র বেগে নির্গত হয়। এদের দেখতে কালো ধোঁয়ার মতো এবং বিরাট ফুলকপির আকৃতিতে আকাশে ছড়িয়ে পড়ে। এসব গ্যাসীয় পদার্থের মধ্যে জলীয়বাষ্প হাইড্রোক্লোরিক এসিডের বাষ্প, কার্বন-ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড, ভস্ম, লাভা, গন্ধকের বাষ্প প্রভৃতি অগ্ন্যুৎপাত এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ায় সেখানে বায়ু মারাত্মকভাবে দূষিত হয়। এতে এলাকার বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এছাড়া আগ্নেয়গিরির ভস্মগুলো আশেপাশে কৃষিজমিগুলোতে ছড়িয়ে পড়ায় মাটি দূষিত হয় এবং ফসল চাষে ব্যাহত হয়।
অতএব, বলা যায় যে, অগ্ন্যুৎপাতের ফলে এলাকার আশেপাশের পরিবেশে ক্ষতিকর ভস্ম পতিত হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
(ঘ)
উদ্দীপকে দ্বিতীয় ঘটনাটি হলো সমুদ্রের তলদেশের ভূকম্পনে সুনামি সৃষ্টি হওয়া। উক্ত ঘটনার ফলে জনজীবনে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তা নিম্নে বিশ্লেষণ করা হলো:
প্রাণহানি : সুনামি আঘাত হানার পূর্বে তেমন কোনো সংকেত পাওয়া যায় না। ফলে আকস্মিক সুনামির আঘাতে সমূদ্র উপকূলে বসবাসকারী মানুষের প্রাণহানি ঘটে।
**বন্যার সৃষ্টি: **সুনামির প্রভাবে উপকূলীয় এলাকা প্লাবিত করে বন্যার সৃষ্টি করে।
রোগব্যাধি : সুনামির ফলে সমুদ্র উপকূলের বিভিন্ন অংশে পানিবদ্ধ থাকে। পানিবদ্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের রোগের উপদ্রব হয় এবং অসংখ্য মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
**ফসলের ক্ষতি: **সুনামির ফলে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হয়।
শহর-নগর ধ্বংস: সুনামির ফলে মানুষ ও পশু-পাখির প্রাণহানি ছাড়াও বহু শহর ও নগর ধ্বংস হয়ে যায়। ২০০৫ সালে শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সুনামির আঘাতে প্রায় এক লক্ষ লোক মারা যায় এবং বহু শহর-নগর ধ্বংস হয়।
সুতরাং বলা যায় যে, সুনামির আঘাতে উপরোল্লিখিত ক্ষতিকর প্রভাব পড়ে এবং জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।

১ম চিত্র: মেঘের নিচে বৃষ্টির রেখা দেখানো হয়েছে।

২য় চিত্র: পাহাড়ের ওপর মেঘ ও বৃষ্টির দৃশ্য দেখানো হয়েছে।

৪. মৌসুমি বায়ুপ্রবাহ কাকে বলে?
বিভিন্ন প্রকার সাময়িক বায়ু বর্ণনা কর।
বৃষ্টিপাত হিসেবে ১ম চিত্রের ঘটনাটি ব্যাখ্যা কর।
বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বৃষ্টিপাতের সাথে ২য় চিত্রের সামঞ্জস্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয়, তাকে মৌসুমি বায়ুপ্রবাহ বলে।
(খ)

সাময়িক বা পর্যায়ক্রমিক বায়ুপ্রবাহের মধ্যে স্থলবায়ু, সমুদ্রবায়ু ও মৌসুমি বায়ু উল্লেখযোগ্য।

দিনে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সমুদ্র থেকে স্থলে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। রাতে স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়ে উচ্চচাপ সৃষ্টি করলে স্থল থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। মৌসুমি বায়ু ঋতুভেদে স্থল ও জলভাগের চাপের পরিবর্তনের কারণে দিক পরিবর্তন করে।

(গ)
উদ্দীপকে ১ম চিত্রে পরিচলন বৃষ্টিপাতকে বোঝানো হয়েছে। উক্ত বৃষ্টিপাতের ঘটনা ব্যাখ্যা করা হলো:
ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে প্রচুর জলীয়বাষ্পসহ সোজা উপরে উঠে যায়। কারণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা। এ অবস্থায় চারপাশের শীতল ও ভারী বায়ু উষ্ণ অঞ্চলে এসে বায়ু চাপের সমতা রক্ষা করে এবং. উষ্ণ হয়ে তাও জলীয়বাষ্পসহ উপরে উত্থিত হয়। এ বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয়। শীতল হলে বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট পানি বিন্দুতে পরিণত হয়। পরে ছোট ছোট কণাগুলো মিলিত হয়ে অপেক্ষাকৃত বৃহৎ বৃষ্টি বিন্দুরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পরিচলন বৃষ্টিপাত বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে সারাবছর এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে এ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়।
(ঘ)
উদ্দীপকে ২য় চিত্রে শৈলোৎক্ষেপ বৃষ্টিকে দেখানো হয়েছে। উক্ত বৃষ্টিপাতের সাথে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বৃষ্টিপাতের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান। নিম্নে তা বিশ্লেষণ করা হলো:
জলীয়বাম্পূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হবার সময় গতিপথে পর্বতাদিতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে এবং প্রসারিত ও শীতল হয়। পর্বতের উচ্চ অংশের শীতল বায়ু ও তুষারের সংস্পর্শে এবং ঊর্ধ্বে উঠার ফলে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভূমির বন্ধুরতার জন্য এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে যেসব পাহাড় রয়েছে সেখানে জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়। আবার, দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম পাহাড়িয়া এলাকায় সমুদ্র হতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু এ অঞ্চলে এসে পাহাড়ের উপরের দিকে শীতল হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
সুতরাং দেখা যায় যে, উপরোল্লিখিত দুটি অঞ্চলের বৃষ্টিপাতের সাথে চিত্র-২/ শৈলোৎক্ষেপের বৃষ্টিপাতের মধ্যে সামঞ্জস্য রয়েছে।

চট্টগ্রাম কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।