বাংলাদেশের ভূপ্রকৃতি:
| চিহ্ন | বৈশিষ্ট্য |
|---|---|
| ক | কর্দম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত। |
| খ | মাটির রং ধূসর ও লালচে। বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। |
উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চল বলতে বাংলাদেশের বৃহত্তম সোপান অঞ্চল 'বরেন্দ্রভূমিকে' বোঝানো হয়েছে।
বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে এ বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার বা ৩,৬৩৪ বর্গমাইল। বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় ৬ থেকে ১২ মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি। প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। এ অঞ্চলে গভীর খাতবিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে। এগুলো খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী। কৃষিজ ফসলের মধ্যে ধানই প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে।
উদ্দীপকে 'ক' দ্বারা টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রামের পাহাড়সমূহকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহ থাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। পাহাড়িয়া অঞ্চলের কারণে এ অত্তালে অনেকগুলো নদী জালের মতো বিস্তৃত। তাছাড়া পাহাড়সমূহের চারদিকে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। এগুলো অঞ্চলটিকে চিরসবুজ রাখতে সহায়তা করছে।
পাহাড়িয়া অঞ্চলের ভেতরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করছে। পাহাড়িয়া অঞ্চল ঢালু হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। যার কারণে এ অঞ্চলে চা বাগান গড়ে ওঠেছে। অন্যদিকে পাহাড়িয়া নদীর ঝর্ণাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হয়েছে। এছাড়া এখানকার বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এখানকার উদ্ভিদ যেমন- বাঁশ কাজে লাগিয়ে কাগজ তৈরির মিল স্থাপন করা হয়েছে।
সুতরাং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত চট্টগ্রামের পাহাড়সমূহের অন্তর্গত ভূপ্রকৃতির বৈচিত্র্যময়তার কারণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।