ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভূঅভ্যন্তরীণ স্তর বৈশিষ্ট্য
ক সবচেয়ে উপরের স্তর।
খ গঠনকারী উপাদানগুলো অর্ধতরল ও চটচটে অবস্থায় রয়েছে।
গ কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত।
১. পর্বত কী?
মালভূমির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ছকের 'ক' চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ছকের 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
আশেপাশের ভূমিরূপ অপেক্ষা অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
(খ)
মালভূমি প্রধানত ভূ-আন্দোলন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয়সাধন এবং ভূপৃষ্ঠে লাভা প্রবাহ দ্বারা গঠিত হতে পারে। ভূত্বক কয়েকটি পাতে বিভক্ত। পাতগুলো ভূত্বকের নিম্নস্থিত তরল শিলার উপর ভাসমান। ভূগর্ভ হতে উঠে আসা তাপপ্রবাহে এ পাতগুলো মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে। সঞ্চারণশীল সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করে। এছাড়া প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো ক্ষয়সাধন হয়ে মালভূমি গঠন করে। আবার ভূঅভ্যন্তরের লাভা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথে উপরে এসে ছিদ্রপথের চারদিকে জমা হয়ে মালভূমিতে পরিণত হয়।
(গ)
ছকের 'ক' চিহ্নিত স্তরটি হলো অশ্মমণ্ডল। এটি ভূঅভ্যন্তরের সবচেয়ে উপরের স্তর। এ স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
অশ্মমণ্ডল হলো ভূঅভ্যন্তরের ১ম স্তর। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সবচেয়ে বেশি এবং মহাসাগরের নিচে সবচেয়ে কম। বিভিন্ন উপাদানে এ স্তর গঠিত তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য। অশ্মমণ্ডলের উপরিভাগকে ভূত্বক এবং নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ হিসেবে ভাগ করা হয়। উপরিভাগ হলো কঠিন বহিরাবরণ। সুতরাং বলা যায় যে, ভূঅভ্যন্তরের উপরের স্তর অর্থাৎ অশ্মমণ্ডলই ভূঅভ্যন্তরে যাওয়ার সোপান।
(ঘ)
ছকের 'খ' দ্বারা গুরুমণ্ডল এবং 'গ' দ্বারা কেন্দ্রমণ্ডলকে বোঝানো হয়েছে। নিম্নে স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো:
গুরুমণ্ডল হলো ভূঅভ্যন্তরের দ্বিতীয় স্তর। এটি ২৮৯৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে গঠিত। এর উপরাংশ ব্যাসল্ট জাতীয় উপাদানে গঠিত। সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা এ মন্ডলকে সিমা বলা হয়। প্রচন্ড চাপে এ স্তরের উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যে অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে।
অন্যদিকে, কেন্দ্রমণ্ডল হলো ভূঅভ্যন্তরের সর্বশেষ স্তর। এটি ৩,৪৭৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এ স্তরে লৌহ, নিকেল, পারদ, সিসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এ স্তরে নিকেল, লৌহের পরিমাণ বেশি থাকায় একে নাইফ বলা হয়। এ স্তরে প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। এ স্তরের বাইরের অংশ তরল। ভেতরের অংশ কঠিন অবস্থায় রয়েছে। কেন্দ্রমণ্ডলে ধাতব প্রকৃতির উপরই পৃথিবীর চুম্বকত্ব বহুলাংশে নির্ভরশীল।
সুতরাং দেখা যায় যে, গুরুমণ্ডল ও কেন্দ্রমন্ডলের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
ঘটনা বিবরণ
ঘটনা-১ হঠাৎ ভূমি কেঁপে ওঠে।
ঘটনা-২ লাভা নির্গত হয়।
২. পাত সঞ্চালন কী?
নদী শাসন কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনা-১ এর কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনা-২ এর প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পাত সঞ্চালন পৃথিবীর ভূমিরূপ এবং পর্বত গঠনসংক্রান্ত একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা দ্বারা পৃথিবীর অশ্মমণ্ডলের ব্যাপকভিত্তিক সঞ্চালনের বর্ণনা দেওয়া হয়।
(খ)
নদীকে বাঁধ, গ্রোয়েন, নদীর পাড় রক্ষা বাঁধ, পানি প্রত্যাহারের জন্য খাল ইত্যাদি নির্মাণের মাধ্যমে নদীর পানি ইচ্ছেমতো নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাই হচ্ছে নদী শাসন। সাধারণত পানির অনুভূমিক প্রবাহ ও নদীভাঙন রোধ করতে নদী শাসন কার্যাবলি গ্রহণ করা হয়। নদীর পাড়ে বাঁধ দিয়ে পার্শ্বভাগ ক্ষয় হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। নদী শাসন কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- নদীতীর রক্ষা, প্রান্তিক বাঁধ, স্পার বা গ্রোয়েন ইত্যাদি।
(গ)
উদ্দীপকে ঘটনা-১ হলো ভূমিকম্প। উক্ত ভূমিকম্প সংঘটনের
কারণ ব্যাখ্যা করা হলো-
ভূ-পাত: যদি কোনো কারণে পাহাড়-পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে তবে ভূমিকম্প হয়।
শিলাচ্যুতি: কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়।
তাপ বিকিরণ: ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়।
ভূগর্ভস্থ বাম্প: নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এ বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় তার মুখ দিয়ে প্রবল বেগে বাষ্প, লাভা প্রভৃতি বের হতে থাকে এবং তার ফলে ভূমিকম্প হয়।
হিমবাহের প্রভাব: কখনো কখনো প্রকাণ্ড হিমবাহ পর্বতগাত্র হতে সজোরে হঠাৎ নিচে পতিত হয়। এতে ভূপৃষ্ঠ কেঁপে উঠে এবং ভূমিকম্প হয়।
ভূঅভ্যন্তরে ভূপৃষ্ঠস্থ জলের প্রবেশ: ভূপৃষ্ঠস্থ পানি কোনো প্রকারে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্তস্থানে প্রবেশ করলে বাষ্পে পরিণত হয়। এ বাষ্পের পরিমাণ বেশি হলে ভূত্বকের নিচে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে।
সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত কারণগুলোতে ভূপৃষ্ঠে কিংবা সমুদ্রপৃষ্ঠে ভূমিকম্প অনুভূত হয়।
(ঘ)
উদ্দীপকের 'ঘটনা-২' দ্বারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে বোঝানো হয়েছে। উক্ত অগ্ন্যুৎপাতের প্রভাব বিশ্লেষণ করা হলো-
সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হলে ধীরে ধীরে দ্বীপের সৃষ্টি হয়। যেমন- প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ।
আবার কখনো কখনো অগ্ন্যুপাতের ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ধসে গিয়ে গভীর গহ্বরের সৃষ্টি হয়। যেমন- সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকোতাও আগ্নেয়গিরি বিস্ফোরণে দ্বীপটির প্রায় অর্ধেক বিলুপ্তি হয়ে যায়।
অগ্ন্যুৎপাতরে ফলে ভূগর্ভস্থ লাভা নির্গত হয়। এ লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। আবার লাভা সঞ্চিত হয়ে অনেক সময় নিম্নভূমি ভরাট হয়ে বিশাল আকৃতির সমভূমির সৃষ্টি করে।
মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে। যেমন- ক্রাকোতাও আগ্নেয়গিরির গহ্বরে পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়েছে। অনেক সময় অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলে ঝড় ও ঢেউয়ের সৃষ্টি হয়।
এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পুরাতন পর্বত দ্বীপ বিলুপ্ত হয়ে যায়, নদীর গতিপথ পরিবর্তন করে দেয়, ভূমির উর্বরতা বৃদ্ধি পায় এবং ভূগর্ভ থেকে অনেক মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়।
সুতরাং বলা যায় যে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে উপরোল্লিখিত ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হওয়ার পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। যেমন- আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত লাভাস্রোতের নিচে চাপা পড়ে অতীতে বহু একর জনপদ ধ্বংস হয়ে গেছে এবং অনেক সময় ভূমিকম্পও হয়ে থাকে।
দ্বাদশ শ্রেণির তমাল ভূগোল বই পড়ে জানতে পারল, মাধ্যাকর্ষণ শক্তির বলে বায়ু পৃথিবীর চারিদিকে এক বিশেষ মণ্ডল গঠন করেছে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এটি বিভিন্ন স্তরে বিভক্ত। একটি স্তরে আবহাওয়ার সকল উপাদান বিদ্যমান। অন্য একটি স্তর জীবজগৎকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে।
৩. বায়ুদূষণ কী?
বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের দ্বিতীয় স্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বায়ুতে বহিঃস্থ উপাদানের উপস্থিতি ও সঞ্চয় এবং বায়ুর নিজ উপাদানের অতিরিক্ত সঞ্চয়ে জীবজগৎ এবং সম্পদের ওপর ক্ষতিকর প্রভাববিস্তার করলে তাকে বায়ুদূষণ বলে।
(খ)
অক্সিজেন উদ্ভিদ ও প্রাণীর জীবনধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্বাসের সাহায্যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন কার্বোহাইড্রেট, চর্বি ও প্রোটিন তৈরি করে। আমরা যে খাদ্য গ্রহণ করি তা ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে অক্সিজেন কাজ করে। এছাড়া যেকোনো বস্তু পোড়ানোর সময় অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন হয়। অক্সিজেন ভেঙে ওজোন গ্যাস তৈরি হয়, যা জীবমন্ডলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।
(গ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। উক্ত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
ট্রপোস্ফিয়ার হলো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রথম স্তর। এ স্তরে যতই ওপরের দিকে উঠা যায়, ততই উষ্ণতা কমতে থাকে। এ বায়ুস্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে তাপমাত্রা কমার হার সুনির্দিষ্ট। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মেঘ, বৃষ্টি, কুয়াশা, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক উপসর্গগুলো এ স্তরের মধ্যেই সীমাবদ্ধ। উত্তাপ ও চাপের বিভিন্নতার জন্য এ স্তরের উপরে, নিচে ও পাশে বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যায়। এ স্তরে মানুষ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো থাকায় এ স্তর বেশি গুরুত্বপূর্ণ।
(ঘ)
উদ্দীপকের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের একটি প্রয়োজনীয় স্তর। এই স্তরের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো-,
ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে প্রায় ৫০ কি.মি. বিস্তৃত স্তরের নাম স্ট্রাস্টোস্ফিয়ার। ট্রপোপজ হতে স্ট্রাটোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় ওজন গ্যাসের একটি আস্তরণ উৎপন্ন হয় একে ওজোনোস্ফিয়ার বলে। এর গভীরতা ১২-১৬ কি.মি.। এ ওজোনের স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণিকুল অন্ধ হয়ে যেত। অতিবেগুনি রশ্মি শোষণ করায় এ স্তরের তাপমাত্রা অনেক বেশি। ফলশ্রুতিতে পৃথিবীতে তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় না। অন্যদিকে, সূর্যরশ্মি হতে আগত ক্ষতিকর রশ্মি পৃথিবীতে না আসায় পৃথিবীর সমস্ত প্রাণিকুল নিরাপদ থাকে। এছাড়া মানুষ জটিল রোগব্যাধির হাত হতে রক্ষা পায়। উদ্ভিদকুল বেঁচে থাকার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত কারণে উদ্দীপকের উল্লিখিত ২য় স্তর তথা স্ট্রাটোস্ফিয়ার স্তরটি খুবই প্রয়োজন।
পার্বত্য চট্টগ্রামের পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগর অবস্থিত। এ অঞ্চলে পাহাড়ের অবস্থানের কারণে এক বিশেষ বৃষ্টিপাত হয়। অন্যদিকে, বঙ্গোপসাগরে চাপের পার্থক্যজনিত কারণে গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।
৪. আর্দ্রতা কী?
সমুদ্রস্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলের বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ জনজীবনে কী ধরনের প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বায়ুর জলীয়বাষ্পের উপস্থিতি বা পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে।
(খ)
জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব অপরিসীম। যেসব দেশের কাছ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের উত্তাপ বৃদ্ধি পায়, বৃষ্টিপাত হয়, কিন্তু শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। উচ্চ অক্ষাংশের দেশগুলোর উপকূলভাগ উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে, কিন্তু শীতল স্রোতের প্রভাবে বরফাবৃত থাকে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা, ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়।
(গ)
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উক্ত বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা করা হলো-
জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে, তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্প ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতে বাধা দেওয়ার কারণে এ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ বৃষ্টি নামে পরিচিত।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগর অবস্থিত।
এখানে প্রচুর জলীয়বাষ্প উৎপন্ন হয় এবং তা পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেতে থাকে এবং পাহাড়ি অঞ্চলে শীতল পরিবেশে জলীয় বাষ্প ঠান্ডা ঘনীভূত হয়ে পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়।
সুতরাং দেখা যাচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ধরনের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বৃষ্টিপাতের মিল থাকায় এটি শৈলোৎক্ষেপ ধরনের বৃষ্টিপাত।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। উক্ত দুর্যোগটি জলজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো:
ঘূর্ণিঝড় কোনো স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের জন্য নিম্নচাপ সৃষ্টি হওয়া। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং নিম্নচাপের বাইরে ক্রমেই বায়ুর চাপ বেশি থাকে। ফলে নিম্নচাপজনিত কারণে বায়ু উপরের দিকে উঠে এসে উপকূলে ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত ঘটায়। পৃথিবীর প্রায় সব মহাদেশে সমুদ্রের উপকূলের বিভিন্ন প্রকার প্রচণ্ড ধ্বংসকারী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, মানুষ, গৃহপালিত পশু ইত্যাদি বিনষ্ট হয়। বাংলাদেশেও ঘূর্ণিঝড়ে, প্রচণ্ড জলোচ্ছ্বাসের ফলে অসংখ্য মানুষ, বন্যপ্রাণী ও গবাদিপশু মারা যায় এবং ব্যাপকভাবে আবাদি জমির ফসল ও ভৌত অবকাঠামো বিনষ্ট হয়। যেমন- ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশে যে ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল তাতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ও সম্পদ ধ্বংস হয়েছিল। এ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লক্ষ মানুষ প্রাণ হারায়, ১০ লক্ষ লোক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিল দিবাগত রাতে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ফলে যে জলোচ্ছ্বাস হয় তা ছিল স্মরণকালের অন্যতম। এতে কোটি কোটি টাকার বনজসম্পদ ধ্বংস ছাড়াও প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ, ১৫ হাজার হরিন, হাজার হাজার বানর ও শূকর এ জলোচ্ছ্বাসে মারা যায়। আবার ২০০৭ সালে বাংলাদেশে সিডরের আঘাতে দক্ষিণাঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সুতরাং বলা যায় যে, ঘূর্ণিঝড়ের ফলে উপরোল্লিখিত নেতিবাচক প্রভাব ফেলে।

ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।