ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জেলা:
i. রাঙামাটি
ii. গাজীপুর
iii. ফরিদপুর
১. পর্বত কাকে বলে?
অ্যাসথেনোস্ফিয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ii. যে ভূপ্রকৃতির অন্তর্গত তার বর্ণনা দাও।
উল্লিখিত i. ও iii. নং ভূপ্রকৃতির গঠনবৈশিষ্ট্য কী একই রকম? তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
(খ)

অশ্মমণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও নমনীয় স্তরকে অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বলে।

এই স্তরের শিলা প্রধানত কঠিন হলেও উচ্চ তাপমাত্রা ও দীর্ঘ সময়ব্যাপী চাপের প্রভাবে ধীরে বিকৃত ও প্রবাহিত হতে পারে। এর ওপর দিয়ে দৃঢ় অশ্মমণ্ডলীয় পাতগুলো চলাচল করে। এটিকে সম্পূর্ণ তরল ম্যাগমার সমুদ্র মনে করা ঠিক নয়।

(গ)
উদ্দীপকে উল্লিখিত ii দ্বারা যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়েছে তা হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চল। নিম্নে উক্ত অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা দেওয়া হলো-ভাওয়াল ও মধুপুর গড় উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র এবং দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ৪,১০৫ বর্গ কি.মি. এ চত্বরের উচ্চতা উত্তরদিকে সমুদ্র সমতল থেকে ৩০.৫ মিটার এবং দক্ষিণ দিকে ৬ মিটার। উত্তরাংশ পার্শ্ববর্তী প্লাবনভূমি থেকে অনেক উঁচু এবং প্রান্তভাগ খাড়া ঢালবিশিষ্ট। দক্ষিণ দিক ক্রমশ ঢালু হয়ে প্লাবনভূমির সাথে মিশে গেছে। এ অঞ্চলের পূর্বদিকে ঢালু এবং ছয়টি সমান্তরাল চ্যুতি লক্ষণীয়। বানার, বংশী, তুরাগ, লক্ষা, বালু প্রভৃতি প্রধান নদী গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জুড়ে বিস্তৃত। সোপান এলাকার অধিকাংশ স্থান গজারি বন দ্বারা আবৃত।
(ঘ)
উদ্দীপকে 'i' নং দ্বারা বাংলাদেশের টারশিয়ারী যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূ-প্রকৃতিকে এবং (iii) নং দ্বারা সাম্প্রতিককালে প্লাবন সমভূমিকে বোঝানো হয়েছে। উক্ত দুটি অঞ্চলের ভূপ্রকৃতির গঠন ও বৈশিষ্ট্য ভিন্ন রকম। নিম্নে এ সম্পর্কে মতামত দেওয়া হলো-
টারশিয়ারী যুগের পাহাড়সমূহ: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর
ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্গত। টারশিয়ারী যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসকল পাহাড়ের সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এটি দুটি ভাগে বিভক্ত। এক দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়সমূহ, দুই. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের উচ্চতা কিছুটা বেশি। এর গড় উচ্চতা ৬২০ মিটার। এখানকার মাটি সাধারণত অনুর্বর এবং কৃষিকাজের জন্য অনুপযোগী। এখানে পত্রঝরা ও সবুজ পত্রবিশিষ্ট বনভূমি রয়েছে।
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি: টারশিয়ারী যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতলভূমির উপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। এ সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। এখানে কৃষিকাজ ভালো হয়। ফরিদপুর অঞ্চলের দিকে সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার ভূমি সমতল কিন্তু কিছুটা নিচু।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত দুটি অঞ্চলের ভূপ্রকৃতির গঠন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করি।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
২. বায়ুর আর্দ্রতা কাকে বলে?
নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে কেন? ব্যাখ্যা কর।
চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৃষ্টিপাত সংগঠনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
চিত্র-১ এ উল্লিখিত 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের মধ্যে কোনো বৈসাদৃশ্য আছে কী? তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
কোনো স্থানের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ যে ভৌত রাশির সাহায্যে নির্দেশ করে, তাকে বায়ুর আর্দ্রতা বলে।
(খ)

নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি উচ্চ কোণে পড়ে বলে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু উষ্ণ হয়।

উষ্ণ বায়ু প্রসারিত ও হালকা হয়ে ওপরে ওঠে। জলীয়বাষ্পপূর্ণ বায়ুও তুলনামূলক হালকা; ফলে এই অঞ্চলে ঊর্ধ্বমুখী প্রবাহ ও নিম্নচাপ গড়ে ওঠে। তাই শুধু জলীয়বাষ্প উৎপন্ন হওয়াই নয়, প্রবল উত্তাপ ও বায়ুর ঊর্ধ্বগমনও নিম্নচাপের প্রধান কারণ।

(গ)
চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি (Relief Rains)। নিম্নে উক্ত বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
জলীয়বাষ্প পূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হবার সময় গতিপথে পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে এবং প্রসারিত ও শীতল হয়। পর্বতের উচ্চ অংশের শীতল বায়ু ও তুষারের সংস্পর্শে এবং ঊর্ধ্বে উঠার ফলে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভূমির বন্ধুরতার জন্য এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি (Relief Rains) বলে। পর্বতের প্রতিবাদ পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত হলেও অনুবাত পার্শ্বে জলীয়বাষ্প না থাকায় বৃষ্টি হয় না। সাধারণত পাহাড়ি অঞ্চল এবং নদী সংলগ্ন হলে এ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
(ঘ)
চিত্র-১ এ উল্লিখিত 'ক' দ্বারা উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং 'খ' দ্বারা উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুকে বোঝানো হয়েছে। উক্ত দুটি বায়ুপ্রবাহের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। নিম্নে আমার মতামত উপস্থাপন করা হলো-
'ক' উত্তর-পূর্ব আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ ও শান্তবলয় হতে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। এ বায়ুকে উত্তর-পূর্ব আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। উত্তর গোলার্ধে এ বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে আসবার সময় পৃথিবীর আবর্তনের জন্য ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ুতে পরিণত হয়।
আয়ন বায়ু উচ্চ অক্ষাংশ (শীতল স্থান) হতে নিম্ন অক্ষাংশে (উষ্ণতর স্থান) প্রবাহিত হয় বলে এদের জলীয়বাষ্প ধারণ করবার শক্তি বৃদ্ধি পায়। তাই এ বায়ুতে বৃষ্টিপাত হয় না।
'খ' উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ু মকরীয় উচ্চচাপ শান্তবলয় হতে একটি বায়ুপ্রবাহ কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে মকরক্রান্তির উচ্চচাপ বলয় হতে কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় পৃথিবীর আবর্তনের ফলে ফেরেলের সূত্র অনুযায়ী এটি বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহে পরিণত হয়।
সুতরাং বলা যায় যে, দুটি বায়ুপ্রবাহ দুটি অঞ্চলে হলেও দুটিই উচ্চচাপ ও শান্ত বলয় হতে নিম্নচাপের দিকে যায়। আবার দুটি বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। তথাপিও আয়ন বায়ু যেরূপ নিয়ত প্রবহমান কিন্তু প্রত্যয়ন বায়ু সেরূপ নয়। নানারূপ স্থানীয় কারণে বায়ুপ্রবাহের সাময়িক পরিবর্তন ঘটে। তাই বায়ু দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে বলে মনে করি।'
ভূমিরূপ ও বৈশিষ্ট্য:
'ক'- ভাঁজই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য
'খ'- দেখতে অনেকটা মোচাকৃতির
৩. ভূ-ত্বক কাকে বলে?
পর্বতমধ্যবর্তী মালভূমি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপ 'খ' এর গঠনবৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপদ্বয়ের গঠনগত বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অশ্মমণ্ডলের উপরিভাগে অবস্থিত পৃথিবীর কঠিন বহিরাবরণই হলো ভূত্বক।
(খ)
পাত সঞ্চালন এবং ভূআলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণি তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে তুলে আনে এবং মালভূমিতে পরিণত করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বত বেষ্টিত থাকে বলে তাদের পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। যেমন- তিব্বতের মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমি।
(গ)
উদ্দীপকে উল্লিখিত 'খ' দ্বারা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতকে বোঝানো হয়েছে। উক্ত ভূমিরূপের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
ভূত্বকের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে ভূঅভ্যন্তরের গলিত লাভা, ধুম, ভস্ম প্রবলবেগে ভূপৃষ্ঠে এসে উপনীত হয় এবং ফাটল বা ছিদ্রপথের চারদিকে সঞ্চিত হয়ে পর্বত গঠন করে। এরূপে গঠিত পর্বতকে আগ্নে পর্বত বলে। প্রকৃতপক্ষে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে এ পর্বতের সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বলে।
আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য:
ⅰ.. গলিত সঞ্চিত লাভা এ পর্বতের অন্যতম বৈশিষ্ট্য।
ii. বিস্ফোরক প্রকৃতির আগ্নেয় পর্বত অনেকটা শঙ্কু বা মোচাকৃতির হয়ে থাকে।
iii. উৎক্ষিপ্ত পদার্থের সাথে গ্যাসীয় পদার্থ বেশি থাকলে এবং লাভা অম্লধর্মী হলে পর্বতের ঢাল খাড়া, উচ্চতা বেশি হয়।
iv. একটি আগ্নেয় পর্বত একাধিক সময়কালে অগ্ন্যুৎপাতের মাধ্যমে ধীরে ধীরে উঁচু হয়ে থাকে।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত 'ক' দ্বারা ভঙ্গিল পর্বত এবং 'খ' দ্বারা আগ্নেয় পর্বতকে বোঝানো হয়েছে। উক্ত ভূমিরূপদ্বয়ের গঠনগত বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
ভঙ্গিল পর্বত: অতীতে স্থলভাগের উপরিভাগ নানা প্রকার শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বাহিত পদার্থগুলো সমুদ্রের তলে তলানিরূপে সঞ্চিত হয়। পলিগুলো ধীরে ধীরে অধিক পুরু হয়ে জমাট বাঁধে এবং পাললিক শিলার সৃষ্টি করে। ঐ পাললিক শিলাস্তরে সামুদ্রিক এবং মহাদেশীয় পাতগুলো পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল হয়ে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি করে। এর ফলে কোমল পাললিক শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে ভাঁজ/ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এটি নরম পাললিক শিলায় গঠিত। এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে। এ ধরনের পর্বতে দীর্ঘ চ্যুতিরেখা দেখা যায়। এ শ্রেণির পর্বতের ঢাল ধীরে ধীরে খাড়া হয়ে থাকে। এ পর্বতের বিভিন্ন স্থানে জীবাশ্ম পাওয়া যায়।
অন্যদিকে আগ্নেয়/সঞ্চয়জাত গঠন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে। আগ্নেয়/সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। বিস্ফোরক শ্রেণির আগ্নেয় পর্বত অনেকটা শঙ্কু বা মোচাকৃতির হয়ে থাকে। এখানকার ভূমি ভূঅভ্যন্তরের গলিত লাভা, ধুম, ভস্ম প্রভৃতি দ্বারা গঠিত। এখানকার পর্বতের ঢাল খুব বেশি খাড়া।
সুতরাং দেখা যায় যে, দুটি ভূমিরূপ দুভাবে গঠিত হওয়ায় সৃষ্টিগত তারতম্য পরিলক্ষিত হয়।
হাবিব পুরান ঢাকায় তার খালার বাসায় থেকে পড়াশুনা করছে। সে খেয়াল করলো, দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো আরও বড় হয়ে যাচ্ছে এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
৪. আগ্নেয়গিরি কাকে বলে?
বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
দালানের ফাটল বড় হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
জানালার রড নষ্ট হওয়া যে বিচূর্ণীভবনের অন্তর্গত তার ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠের ছিদ্র, ফাটল বা দুর্বল অংশ ভেদ করে ভূবহিস্থ বাষ্প, গলিত ধাতব পদার্থ, উত্তপ্ত প্রস্তর খণ্ড, কর্দম, ধুম্র, ভস্ম প্রভৃতি সশব্দে বা নিঃশব্দে নির্গত হয়ে যে উচ্চভূমির সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
(খ)
নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদী বাহিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদী যদি স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ঐ সমস্ত তলানি নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ নতুন ভূমিকে বদ্বীপ বলা হয়।
(গ)
উদ্দীপকে উল্লিখিত দালানের ফাটল বড় হওয়া জৈবিক বিচূর্ণীভবন এর অন্তর্গত। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
ভূপৃষ্ঠের ক্ষয়সাধনে উদ্ভিদের বিশেষ ভূমিকা রয়েছে। উদ্ভিদ প্রতিনিয়ত ভূপৃষ্ঠের ক্ষয়সাধন করে থাকে। বিভিন্ন প্রকার গাছপালা তাদের মূল ও শিকড় দ্বারা মাটিকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে থাকে। গাছের মূল ও শিকড় বৃদ্ধির সাথে সাথে মোটা হয় এবং মাটির নিচে বহুদূর পর্যন্ত প্রবেশ করে। ফলে শিলাস্তরে ফাটল বৃদ্ধি পায়। তখন ঐ ফাটল দিয়ে পানি প্রবেশ করে শিলাস্তরকে দুর্বল করে ফেলে। ফলে শিলাস্তর সহজে গলে ক্ষয়প্রাপ্ত হয়।
সুতরাং বলা যায় যে, আলোচ্য উদ্দীপকে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানো জৈবিক বিচূর্ণীভবনের অন্তর্গত।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত জানালার রড নষ্ট হওয়া রাসায়নিক বিচূর্ণীভবনের অন্তর্গত। উক্ত বিচূর্ণীভবনের ফলাফল বিশ্লেষণ করা
হলো-
রাসায়নিক প্রক্রিয়ার ফলে ভূত্বকের শিলাসমূহের যে ক্ষয় হয়, তাকে রাসায়নিক বিচূর্ণীভবন বলে। একে জারণ বা অক্সিডেশনে ভাগ করা যায়।
জারণ বা অক্সিডেশন: শিলার মধ্যে লৌহজাতীয় খনিজ পদার্থ থাকলে
তা অক্সিজেনের সংস্পর্শে এসে ধীরে ধীরে মরিচা পড়ে। স্বাভাবিক অবস্থায় অক্সিজেন শিলারাশিকে চূর্ণ-বিচূর্ণ করতে না পারলেও বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকলে তা রাসায়নিক প্রক্রিয়ায় শিলারাশিকে খন্ড-বিখণ্ড করতে পাবে। জলীয়বাষ্পের সাথে মিশে অক্সিজেনের এরূপ রাসায়নিক ক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলে। উল্লিখিতভাবে উদ্দীপকের জানালার রডগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করে ফেরিক অক্সাইডে পরিণত হয় এবং সহজেই খণ্ড-বিখণ্ড হয়। যাকে মরিচা পড়া' বলা হয়। একারণেই রডগুলো লোহার হওয়ায় সহজে মরিচা ধরে 'নষ্ট হয়ে যায় যা রাসায়নিক বিচূর্ণীভবনের অন্তর্গত জারণ ক্রিয়া।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।