চট্টগ্রাম কলেজ ২০২৪

এইচএসসি · ভূগোল ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বহু শিক্ষার্থী উচ্চ শিক্ষা বা গবেষণা ইত্যাদির উদ্দেশ্যে উত্তর আমেরিকার একটি রাষ্ট্রে গমন করে। সেখানকার মানুষের জীবনপ্রণালি, খাদ্যাভ্যাস এবং ভাষা, ধর্ম প্রভৃতিতে বাংলাদেশের মানুষের সাথে যথেষ্ট পার্থক্য রয়েছে।
১. ভূগোলে পরিসর কাকে বলে?
মানব ভূগোলে অবস্থানের ধারণা ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়গুলো ভূগোলের যে শাখায় পঠিত হয় তার গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
ভূগোলে পরিসর হচ্ছে স্থান সম্পর্কিত ধারণা, ভূপৃষ্ঠে যার সুনির্দিষ্ট অবস্থান রয়েছে, অর্থাৎ এর একটি বাস্তব ভূদৃশ্য রয়েছে।
(খ)

মানব ভুগোলে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সম্পর্কে ধারণা পাওয়া যায় মানব ভূগোল পাঠের মাধ্যমে।

এখানে “অবস্থান” বলতে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানকে বোঝায়। আবার ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান বলতে সংশ্লিষ্ট স্থান, ঘটনা বা ক্রিয়া কোথায় অবস্থিত বা সংঘটিত তা বোঝায়। কোনো বস্তু বা ঘটনার নির্দিষ্ট অবস্থানের মাধ্যমে ভূপৃষ্ঠের অন্যান্য বিন্দুর সাথে তার পারিসরিক সম্পর্ক জানা সম্ভব হয়।

(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উত্তরে কানাড়া, দক্ষিণে মেক্সিকো, পূর্বে উত্তর আটলান্টিক এবং পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগর অবস্থিত।

যুক্তরাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র। দেশটির মূল অংশ ২৫°৩০' হতে ৪৯° উত্তর অক্ষাংশ এবং ৬৬.৫° হতে ১২৫° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আলাস্কা রাজ্যটি ৫১.২০' হতে ৭১.৫০′ উত্তর অক্ষাংশ এবং ১৩০° পশ্চিম হতে ১৭২° পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। হাওয়াই দ্বীপপুঞ্জটি উত্তর প্রশান্ত মহাসাগরে ১৮.৫৫ হতে ২৮°২৭′ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ১৫৪°৪৮′ হতে ১৭৮°২২′ পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।

উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র, যা দুই দিকে মহাসাগর পরিবেষ্টিত।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়গুলো তথা মানুষের জীবনপ্রণালি, খাদ্যাভাস, ভাষা, ধর্ম ইত্যাদি মানব ভূগোল পাঠের বিষয়বস্তু।

মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডের অঞ্চলভিত্তিক তথা স্থানিক (spatial) বিশ্লেষণ করা হয়। এখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ করা হয়ে থাকে। মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের সাথে পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক গড়ে তোলে।

মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পেতে পারি। এছাড়া এ ভূগোলে সামাজিক, অর্থনৈতিক ও বসতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়ে থাকে বলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।

সুতরাং, বিভিন্ন অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাপন প্রণালি মানব ভূগোল পাঠের মাধ্যমে সহজেই জানা যায়। তাই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে শেষ বাক্যে এ প্রেক্ষিতেই বলা হয়েছে, মানব ভূগোল অধ্যয়ন মানবজীবনের জন্য অতীব প্রয়োজন।

এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি রাষ্ট্র, যার দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘সূর্যোদয়ের দেশ' খ্যাত রাষ্ট্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
২. সম্ভাবনাবাদ কাকে বলে?
নগর ভূগোলের বিষয়বস্তু ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটির প্রশাসনিক মানচিত্র অঙ্কন করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় দেশটির অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
প্রকৃতি প্রদত্ত সুযোগ কাজে লাগানোর ক্ষমতা সংক্রান্ত ভূগোলের ধারণা বা মতবাদকে সম্ভাবনাবাদ বলে।
(খ)

যে শাখায় শহর-নগরের উৎপত্তি, বিবর্তন, নগরের গঠন কাঠামো, প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎসস্থল, জনসংখ্যা ও তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, নগর গঠন প্রক্রিয়ার বিভিন্ন তত্ত্ব ও নগরায়ণ প্রক্রিয়া প্রভৃতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে নগর ভূগোল বলে।

ভূগোলবিদ Ratzel এর মতে, “নগর ভূগোল হচ্ছে মানুষ ও তার বসতির ধরন, যেটি বিশাল এলাকা যা বড় বড় বাণিজ্য পথের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, সে সম্পর্কিত স্থানিক ও কালিক বিশ্লেষণ।

(গ)

উদ্দীপকের ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। শাসনকাজের সুবিধার জন্য কোনো একটি দেশকে কয়েকটি প্রশাসনিক ভাগে ভাগ করা হয়ে থাকে। বাংলাদেশকেও শাসনকার্যের সুবিধার্থে ৬৪টি জেলা ও ৮টি বিভাগে ভাগ করা হয়েছে।

নিচে বাংলাদেশের প্রশাসনিক বিভাগগুলো মানচিত্রে প্রদর্শন করা হলো—

চিত্রের নম্বর প্রশাসনিক বিভাগ
1 রংপুর
2 ময়মনসিংহ
3 সিলেট
4 রাজশাহী
5 ঢাকা
6 খুলনা
7 চট্টগ্রাম
8 বরিশাল
উত্তরের ছবি
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটি জাপান যার ভূরাজনৈতিক অবস্থান দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাপান এশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত একটি শিল্পোন্নত দেশ। জাপান সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। এর ভৌগোলিক অবস্থান দেশটিকে ভূ-রাজনীতি, শিল্প ও বাণিজ্যে অনন্য করে তুলেছে। এর উত্তরে ওখটস্ক সাগর। পূর্ব ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর। পশ্চিমে জাপান সাগর এবং দক্ষিণ পশ্চিমে কোরিয়া প্রণালী ও পূর্বে চীন সাগর। দেশটির চারদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় এর শিল্প বাণিজ্যে অনেকাংশে এগিয়ে রয়েছে। জাপানের মোট আয়তনের শতকরা ৭৩ ভাগ স্থান পার্বত্যভূমির অন্তর্গত।

লোকসংখ্যার তুলনায় কৃষিকাজের জমির পরিমান কম হওয়ায় তা . জাপানকে শিল্পোন্নত দেশে পরিণত করেছে। দেশটি সাগর বেষ্টিত হওয়ায় প্রচুর জলবিদ্যুত শক্তি উপাদন করে থাকে। তাছাড়া কঠোর পরিশ্রমের উপযোগী জলবায়ু এবং অন্যান্য দেশের সাথে যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতার জন্য দেশটি শিল্পোন্নত হয়েও সুলভ শ্রমিকের পাশাপাশি সকল দেশের সাথে ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং যোগাযোগের সহজলভ্যতা দেশটিকে উন্নত করেছে। চারদিক, সমুদ্র বেষ্টিত হওয়ায় আমদানি এবং রপ্তানিতে সুবিধা বেশি পেয়ে থাকে। যার ফলে টোকিও ইয়াকোহামা, কোবে, ওসাকা- কিয়োটা অঞ্চল,নাগোয়া, ইয়াওয়াটা - নাগাসাকি, সুরোরান, কানজাওয়া, সেটাউচি অঞ্চলগুলো জাপানের প্রধান শিল্পাঞ্চলে পরিণত হয়েছে।

খনিজ ব্যবহার
X জাহাজ নির্মাণ
Y যানবাহনের তরল জ্বালানি

উৎসছকের নিচের অংশ কাটা; অন্য কোনো সারির সম্পূর্ণ তথ্য পাঠযোগ্য নয়।

৩. জৈব খনিজ কাকে বলে?
আধুনিক সভ্যতা টিকে আছে শক্তি সম্পদের উপর— ব্যাখ্যা করো।
উদ্দীপকের ইঙ্গিতকৃত X খনিজের এশিয়ার উৎপাদনকারী অঞ্চলসমূহের বর্ণনা করো।
উদ্দীপকের Y খনিজের আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
উৎপত্তির বিচারে জৈব বস্তু তথা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে যে খনিজের উৎপত্তি তাকে জৈব খনিজ বলে। যেমন— কয়লা।
(খ)
শক্তি সম্পদ তথা খনিজ শক্তি সম্পদ যেমন— তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি বর্তমান সভ্যতার মূল চালিকা শক্তি। এসব সম্পদ ব্যবহার করে শিল্পের চাকা ঘোরে, নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়। কৃষি থেকে শুরু করে মানুষের বিলাস সামগ্রী বর্তমানে সবই শিল্প প্রযুক্তি নির্ভর। আর শিল্প নির্ভরশীল হলো শক্তি সম্পদের উপর। আধুনিক সভ্যতায় আণবিক শক্তি, ভূ-তাপ শক্তি ইত্যাদিকেও কাজে লাগানোর নিরন্তর প্রচেষ্টা চলছে। তাই বলা যায়, আধুনিক সভ্যতা শক্তি সম্পদের উপর নির্ভরশীল।
(গ)

ছক ‘X’ তে উল্লিখিত খনিজ সম্পদটি লৌহ আকরিক। এশিয়া মহাদেশে লৌহ আকরিক উৎপাদনের বর্ণনা নিচে দেয়া হলো—

চীন: লৌহ আকরিক উৎপাদনে চীন বিশ্বে তৃতীয়। ২০১৯ সালে এ দেশে ৩৫১ মিলিয়ন মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলত হয়। এর সঞ্চিত লৌহের ভাণ্ডারের পরিমাণ প্রায় প্রায় ২০,০০০ মিলিয়ন মেট্রিক টন। স্থানীয় চাহিদা অধিক থাকায় চীনের পক্ষে লৌহ আকরিক রপ্তানি করা সম্ভব হয় না।

**ভারত: **লৌহ আকরিক উৎপাদনে ভারত এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে চতুর্থ। ২০১৯ সালে এর উৎপাদন ছিল প্রায় ২৩৮ মিলিয়ন মেট্রিক টন। ভারত বিশ্ববাজারে প্রচুর লৌহ আকরিক রপ্তানি করে থাকে। জাপান ভারতীয় লৌহের সর্ববৃহৎ ক্রেতা এবং মোট রপ্তানির প্রায় ৫০% ক্রয় করে।

**জাপান: **জাপান শিল্পে উন্নত বলে লোহার অভ্যন্তরীণ চাহিদা খুবই বেশি। জাপান, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে অধিকাংশ লৌহ আকরিক রপ্তানি করে। ২০১৯ সালে এ দেশ ৭৫ মিলিয়ন মেট্রিক টন কাঁচা লোহা উৎপাদন করে।

**কাজাখিস্তান: **এ দেশ লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীতে দশম ও এশিয়ার চতুর্থ দেশ। ২০১৯ সালে এ দেশে প্রায় ৪৩ মিলিয়ন মেট্রিন টন লৌহ আকরিক উত্তোলন হয় ।

উপরের আলোচনা থেকে বলা যায়, এশিয়া লৌহ আকরিক উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় না হলেও অতীব গুরুত্বপূর্ণ উৎপাদক অঞ্চল।

(ঘ)

ছকের ‘Y’ খনিজটি হলো খনিজ তেল।

পেট্রোলিয়াম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। মূলত পরিবহন ও শিল্পে জ্বালানি তথা শক্তির উৎস হিসেবে খনিজ তেলের ভূমিকা এটিকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। বিশ্বে তেলসমৃদ্ধ দেশগুলো যথেষ্ট উন্নত; বিশেষ করে মধ্যপ্রাচ্য (যেমন- সৌদি আরব, কাতার)। এ অঞ্চলের খনিজ তেল বর্তমান বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

খনি হতে উত্তোলিত অপরিশোধিত তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, নরওয়ে, রাশিয়া, ভেনিজুয়েলা, ইরাক, আলজেরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। এছাড়া আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, পেরু, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, জাপান বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে রপ্তানিতে সৌদি আরব প্রথম, রাশিয়া দ্বিতীয়, নরওয়ে তৃতীয় এবং আমদানিতে যুক্তরাষ্ট্র প্রথম, জাপান দ্বিতীয় এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো খনিজ তেল আমদানি করে। বস্তুত, শিল্পের উন্নয়ন ও বিকাশে জ্বালানি হিসেবে পেট্রোলিয়ামের বিকল্প নেই।

সুতরাং দেখা যাচ্ছে, বিশ্ব অর্থনীতিতে ও আন্তর্জাতিক বাণিজ্যে খনিজ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. আকরিক লোহা কাকে বলে?
খনিজ আহরণে পরিবেশ সংরক্ষণ অপরিহার্য- ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত A খনিজের প্রধান উৎপাদন ক্ষেত্রসমূহের বর্ণনা করো।
উদ্দীপকের B বলয়ে উৎপাদিত খনিজের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যে প্রাকৃতিক শিলা বা খনিজসমষ্টি থেকে অর্থনৈতিকভাবে লোহা আহরণ করা যায়, তাকে লৌহ আকরিক বলে।
(খ)
খনিজ আহরণে পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ। ভূগর্ভে সঞ্চিত খনিজ মানবজাতির বৃহৎ কল্যাণ ও সার্বিক অগ্রগতির চাবিকাঠি। মাত্রাতিরিক্ত ও অপরিকল্পিতভাবে খনিজ উত্তোলনের ফলে মৃত্তিকা ক্ষয়, ভূমিধস, বায়ুদূষণ ইত্যাদি ঘটে থাকে। এ কারণে শুধু আর্থিক লাভের বিষয়টি মাথায় রেখে খনিজ উত্তোলন করলে চলবে না। খনিজ সম্পদের পরিমিত ব্যবহার এবং যথাযথ প্রক্রিয়ায় আহরণ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
(গ)

মানচিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো দিনাজপুর। দিনাজপুর অঞ্চলের প্রধান খনিজ হলো কয়লা। নিচে বাংলাদেশের কয়লা ক্ষেত্রগুলোর বিবরণ দেওয়া হলো-

i. খালাসপীর কয়লাক্ষেত্র (Khalaspir Coal field): রংপুর জেলার খালাসপীর কয়লার ক্ষেত্রটি ১৯৮৯ সালে আবিষ্কৃত হয়। ১২.৫৬ বর্গকিলোমিটারব্যাপী বিস্তৃত এ খনিতে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন কয়লা সঞ্চিত রয়েছে। এখানে কয়লা স্তরের গভীরতা ২৫৭ হতে ৪৫১ মিটার।

ii. বড় পুকুরিয়া কয়লাক্ষেত্র ( Barapukuria Coal Field): ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় এ কয়লার ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এ কয়লার ক্ষেত্রে সঞ্চিত কয়লার পরিমাণ ৩০ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন। এ কয়লার ক্ষেত্র ৫-২৫ বর্গকিলোমিটারব্যাপী বিস্তৃত এবং ৬টি স্তরে বিভক্ত । এখানে কয়লা স্তরের গভীরতা ১১৮-৫০৬ মিটার।

iii. জামালগঞ্জ কয়লাক্ষেত্র (Jamalgonj Coal Field): জয়পুরহাট জেলার জামালগঞ্জের খনি ১৯৬২ সালে আবিষ্কৃত হয়। এখানে ৫৪৫০ মিলিয়ন টন কয়লা সঞ্চিত রয়েছে যার বিস্তৃতি ১১.৬৬ বর্গ কি.মি.। এখানে কয়লা স্তরের গভীরতা ৬৪০ হতে ১১৫৮ মিটার।

iv. দিঘীপাড়া কয়লাক্ষেত্র (Dighipara Coal Field): ১৯৯৫ সালে আবিষ্কৃত দিনাজপুর জেলার দিঘীপাড়া কয়লা স্তরের গভীরতা ২৫০ মিটার। সঞ্চিত কয়লার পরিমাণ ২০ কোটি টন।

v. ফুলবাড়ী কয়লাক্ষেত্র (Phulbari Coal Field): ১৯৯৭ সালে দিনাজপুর জেলার ফুলবাড়ীতে এ কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়। এই কয়লাক্ষেত্র স্তরের গভীরতা ১৫২-২৪৬ মিটার। কয়লা সঞ্চিতির পরিমাণ ৩৮ কোটি টন।

vi. অন্যান্য (Others): এ ছাড়া বগুড়া জেলার নদী গ্রামের কুচমা, নওগাঁ জেলার পত্নীতলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এবং রংপুর জেলার পীরগঞ্জেও কয়লার সন্ধান পাওয়া গিয়েছে।

(ঘ)

উদ্দীপকে ছকের 'B' খনিজটি প্রাকৃতিক গ্যাস আর আলোচিত দেশটি বাংলাদেশ।

বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ফেঞ্চুগঞ্জের সার কারখানায় ও ছাতকের সিমেন্ট কারখানায় হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। ঘোড়াশালের সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কীটনাশক, ওষুধ, রাবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্যও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। যেমন— সিদ্ধিরগঞ্জ, আশুগঞ্জ, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও গৃহস্থালি, যানবাহন ও বাণিজ্যিক কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, কৃষির উন্নতি, বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাস, সরকারি আয়ের উৎস, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস যথেষ্ট অবদান রাখে। এজন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

চট্টগ্রাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।