ময়মনসিংহ বোর্ড ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বিশ্বের দীর্ঘ অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকতগুলোর একটির অধিকারী ছোট্ট একটি দেশ যা ৫০টি তারকাখচিত পতাকার দেশে তৈরি পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
১. আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত?
একটি দেশের সীমানা রাষ্ট্রের সার্বভৌম পরিব্যাপ্তি নির্দেশ করে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটির মানচিত্র অঙ্কন করে প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটির প্রশাসনিক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
(খ)
একটি দেশের সীমানা কেবল মানচিত্রে আঁকা, কিছু রেখা নয়; এটি একটি সার্বভৌম রাষ্ট্রের পরিব্যপ্তি নির্দেশ করে।
এই সীমানা রাষ্ট্রের ভৌগোলিক পরিসরকে সংজ্ঞায়িত করে, যার মধ্যে ভূমি, জলভাগ এবং আকাশ সীমা অন্তর্ভুক্ত। এই সীমানার মধ্যেই একটি রাষ্ট্র তার নিজস্ব আইন প্রণয়ন ও প্রয়োগ করতে পারে। নিজস্ব শাসনব্যবস্থা পরিচালনা করতে পারে এবং তার নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে পারে। সীমানার এই ধারণাই একটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে সুনির্দিষ্ট করে।'
(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটি হলো বাংলাদেশ। নিচে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত করা হলো:
বর্তমানে বাংলাদেশে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। যথা: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

চিত্রের নম্বর প্রশাসনিক বিভাগ
1 রংপুর
2 ময়মনসিংহ
3 সিলেট
4 রাজশাহী
5 ঢাকা
6 খুলনা
7 চট্টগ্রাম
8 বরিশাল
উত্তরের ছবি
(ঘ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটি হলো যথাক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নিচে দেশ দুটির প্রশাসনিক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ করা হলো:
বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। যথা: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এ ৮টি বিভাগে ৬৪টি জেলা/অঞ্চল রয়েছে। এছাড়া বাংলাদেশে ৪৯৫টি উপজেলা, ৬৪৪টি থানা, ৪,৫৮৪টি ইউনিয়ন পরিষদ, মোট গ্রাম ৯০,২২৯টি, সিটি কর্পোরেশন ১২টি, পৌরসভা ৩৩০টি। বাংলাদেশের রাজধানী ঢাকা। সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রচলিত। আইনসভা এককক্ষবিশিষ্ট। আইনসভার নাম জাতীয় সংসদ।
অন্যদিকে, বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ সরকারের অধীন হতে স্বাধীনতা লাভ করে। প্রথমদিকে ১৩টি রাজ্য নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠিত হলেও পরে অবশিষ্ট ৩৭টি রাজ্য বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে এক বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে 'এদেশ ৫০টি অঙ্গরাজ্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় যে ৫০টি তারকা খচিত রয়েছে তা ৫০টি রাজ্যকে নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের। রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। এদেশে যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক। সরকারব্যবস্থা বিদ্যমান। আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট। কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট।
অভিগমন গমনের বিবরণ
ক-অভিগমন কুষ্টিয়া থেকে ঢাকা গমন
খ-অভিগমন ঢাকা থেকে লন্ডন গমন
২. CDR এর পূর্ণরূপ কী?
কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'ক' অভিগমন ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' ও 'খ' অভিগমনের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
CDR এর পূর্ণরূপ হলো Crude Death Rate.
(খ)
প্রদত্ত সম্পদ, প্রযুক্তি ও অর্থনৈতিক ব্যবস্থায় যে জনসংখ্যায় মাথাপিছু প্রকৃত উৎপাদন বা আয় সর্বাধিক হতে পারে, তাকে কাম্য জনসংখ্যা বলে। এটি সম্পদ ও জনসংখ্যার সামঞ্জস্যপূর্ণ একটি ধারণা; মোট জনসংখ্যাকে কার্যকর ভূমির পরিমাণ দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়, কাম্য জনসংখ্যা নয়।
(গ)
উদ্দীপকের 'ক' অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন। নিচে অভ্যন্তরীণ অভিগমন ব্যাখ্যা করা হলো:
রাষ্ট্রীয় সীমানার ভেতরে কোনো স্থান বা অঞ্চল থেকে কোনো 'ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপর কোনো নির্দিষ্ট অঞ্চল বা স্থানে গমন করাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। এ ধরনের অভিগমনে দেশের একস্থান ছেড়ে অপর স্থানে বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট বাধাধরা নিয়ম নেই। এক্ষেত্রে আকর্ষণ ও বিকর্ষণ উপাদানসমূহ উৎসস্থল ও লক্ষ্যস্থলসমূহ উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে। বাংলাদেশে অভ্যন্তরীণ অভিগমনের ধরন নিম্নোক্ত চার ধরনের হতে পারে। যথা:
(ক) গ্রাম থেকে গ্রামে অভিগমন
(খ) গ্রাম থেকে শহরে অভিগমন
(গ) শহর থেকে গ্রামে অভিগমন
(ঘ) শহর থেকে শহরে অভিগমন।
উদ্দীপকে কুষ্টিয়া থেকে ঢাকা গমন বাংলাদেশের ভেতরে সংঘটিত হওয়ায় অভ্যন্তরীণ অভিগমন। উৎসস্থানটি শহর না গ্রাম তা উদ্দীপকে নির্দিষ্ট করা নেই, তাই শুধু নাম দেখে শহর-থেকে-শহর অভিগমন নিশ্চিত করা যায় না।
(ঘ)

ক ও খ যথাক্রমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিগমন।

তুলনার বিষয় ক: অভ্যন্তরীণ খ: আন্তর্জাতিক
সীমানা একই দেশের ভেতরে স্থান পরিবর্তন। আন্তর্জাতিক রাষ্ট্রীয় সীমানা অতিক্রম।
জনসংখ্যার প্রভাব দেশের মোট জনসংখ্যা সরাসরি বদলায় না; অঞ্চলভিত্তিক বণ্টন বদলায়। অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে উৎসদেশে জনসংখ্যা কমে এবং গন্তব্যদেশে বাড়ে।
প্রক্রিয়া দেশীয় বসতি, কর্মসংস্থান ও নগরায়ণের সঙ্গে সম্পর্কিত। প্রবেশাধিকার, ভিসা বা বসবাসের অনুমতির মতো নিয়ম প্রযোজ্য হতে পারে।
অর্থনীতি ও সমাজ শ্রমের স্থানান্তর ও নগরায়ণসহ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব থাকতে পারে। প্রবাসী আয়, শ্রমবাজার ও সাংস্কৃতিক অভিযোজনসহ ইতিবাচক ও নেতিবাচক প্রভাব থাকতে পারে।

উভয় ধরনের অভিগমনের ফল নির্ভর করে গমনের কারণ, স্থায়িত্ব ও সংশ্লিষ্ট অঞ্চলের অবস্থার ওপর।

দক্ষিণ এশিয়ার নদী বিধৌত উন্নয়নশীল একটি দেশে অধিক জন্মহার বিদ্যমান। পূর্ব এশিয়ার অপর একটি উন্নত দেশ যার জন্মহার ও মৃত্যুহার উভয়ই তুলনামূলকভাবে কম এবং দেশটি শিল্পোন্নত।
৩. প্রজননশীলতা কী?
বান্দরবানের জনসংখ্যার ঘনত্ব কম- ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রথমে ইঙ্গিতকৃত দেশটির উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশদ্বয়ের জনসংখ্যা বৃদ্ধির হার ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জনমিতিতে প্রজননশীলতা বলতে নারী বা জনগোষ্ঠীর প্রকৃত সন্তান জন্মদানের ঘটনাকে বোঝায়; কেবল সন্তান ধারণের জৈবিক ক্ষমতা বা সামর্থ্য নয়।
(খ)
বান্দরবান এলাকাটি পর্বতময় বলে জনসংখ্যায় রসতি কম। যে অঞ্চলের জনবসতির ঘনত্ব ৫০০ জনের কম সে অঞ্চলের বসতি অতি বিরল জনবসতির অন্তর্গত। বান্দরবান জেলাটি পর্বতময় হওয়ায় সেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি. ৮৭ জন যা অতি বিরল বসতির আওতাভুক্ত। তাই বলা যায় বান্দরবানের জনবসতি অতি বিরল।
(গ)
ঐ উদ্দীপকে প্রথমে ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা করা হলো:
১. শিক্ষার অভাব ও নিরক্ষরতা: শিক্ষার অভাব, বিশেষ করে নারী শিক্ষার অভাব, জন্মহার বৃদ্ধির অন্যতম' প্রধান কারণ। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি এর কুফল পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব দেখা যায়।
২. বাল্যবিবাহ: বাংলাদেশে আইনগতভাবে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নিষিদ্ধ হলেও, গ্রামীণ দরিদ্র পরিবারগুলোতে বাল্যবিবাহের প্রবণতা এখনও বিদ্যমান।
৩. দারিদ্র্যতা: দরিদ্র পরিবারগুলোতে, বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে, বেশি সন্তানকে ভবিষ্যতের জন্য আয়ের উৎস হিসেবে দেখা হয়।
৪ . সামাজিক নিরাপত্তা: বয়স্ককালে বাবা-মায়ের দেখাশোনা করার জন্য সন্তানের ওপর নির্ভরতা দেখা যায়, বিশেষ করে উন্নয়নশীল দেশে যখন সরকারি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে।
৫. সামাজিক কুসংস্কার: অনেক ধর্মপ্রাণ মানুষ মনে করেন সন্তান সৃষ্টিকর্তার দান এবং জন্ম নিয়ন্ত্রণ পাপ।
৬. পুত্রসন্তানের প্রত্যাশা: সমাজে পুত্রসন্তানের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা দেখা যায়। পুত্রসন্তান না হওয়া পর্যন্ত অনেকে সন্তান নিতেই থাকেন।
উপরিউক্ত কারণগুলোর বাংলাদেশে উচ্চ জন্মহারের জন্য দায়ী।
(ঘ)
এ উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশদ্বয় হলো যথাক্রমে বাংলাদেশ ও জাপান। নিচে দেশদ্বয়ের জনসংখ্যা বৃদ্ধির হার ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করা হলো:
১ . জন্মহার: বাংলাদেশে জন্মহার তুলনামূলকভাবে উচ্চ। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% এবং মোট প্রজনন হার নারী প্রতি ২.৩৩ শিশু।
২০২২ সালে জাপানে জন্মহার রেকর্ড নিম্ন পর্যায়ে পৌঁছেছে, দেশটির নিম্ন জন্মহার ও প্রবীণ জনগোষ্ঠীর বেশি অনুপাত স্বাভাবিক বৃদ্ধির হার কমার সঙ্গে সম্পর্কিত। মোট প্রজনন হার ১.৩ এর নিচে।
২. মৃত্যুহার: বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কমেছে। চিকিৎসা সুবিধার উন্নতি ও জন্ম নিয়ন্ত্রণের জন্য ২০২৩ সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৬.১। গড় আয়ু ৭২.৩ বছর। তরুণ জনসংখ্যার প্রাধান্য (৬০%, ০-২৫ বয়েসি) জন্মহার বৃদ্ধির অন্যতম কারণ।
জাপানে গড় আয়ু বেশি (৮৫ বছর)। এবং বয়স্ক জনসংখ্যার আধিক্য জন্মহার হ্রাসের অন্যতম কারণ।
৩. অর্থনৈতিক কাঠামো: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে দারিদ্র্য, নিম্ন জীবনযাত্রার মান এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রভাবিত করে। জাপান একটি উন্নত দেশ, যেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা, উচ্চ শিক্ষাহার এবং শহুরে জীবনধারা জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করেছে।
৪.শিক্ষা ও সাক্ষরতা: ২০২২ সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল ৭৪.৬৬%। কিন্তু গ্রামীণ এলাকায় তুলনামূলক কম ছিল। নারী শিক্ষার অভাব জন্মহার বৃদ্ধিতে ভূমিকা রাখে।
জাপানে সাক্ষরতার হার প্রায় ১০০% এবং নারী-পুরুষ উভয়ের উচ্চ শিক্ষা জন্মহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি জনমিতিক বৈশিষ্ট্যের কারণে দুই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ভিন্ন।
ক খাদ্যশস্য খ খাদ্যশস্য
এশিয়া মহাদেশের দেশসমূহ উৎপাদনের শীর্ষে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহ রপ্তানি বাণিজ্যে শীর্ষে রয়েছে
৪. অর্থকরী ফসল কী?
নাতিশীতোষ্ণ জলবায়ুতে গম ভালো জন্মে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'ক' শস্যটি উৎপাদনে ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসল দুটির বিশ্বব্যাপী উৎপাদনের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যে সকল ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের জন্য চাষাবাদ করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
(খ)
গম একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার প্রয়োজন যা একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে বিদ্যমান থাকে। যেমন: গম চাষের জন্য (১৬°-২২°) তাপমাত্রা, প্রায় ৫০–৭৫ সেমি. বৃষ্টিপাত এবং নির্দিষ্ট আর্দ্র পরিবেশ প্রয়োজন। একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে এ ধরনের জলবায়ু বিরাজ করে।
(গ)

উদ্দীপকে 'ক' শস্যটি হলো ধান। নিচে ধান উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো:

১. ভূপ্রকৃতি: ধান চাষের জন্য সমতল ভূমি বিশেষ প্রয়োজন। কারণ সমতল ভূমিতে বাঁধ দিয়ে পানি ধরে রাখা হয়। এ কারণে নদী উপত্যকা ও বদ্বীপের সমতল জলাভূমিতে ধানের চাষ অধিক হয়। উঁচু নিচু পাহাড়িয়া অঞ্চলে ধান চাষ কষ্টকর ও ব্যয়সাধ্য ব্যাপার। তবুও অতিরিক্ত জনসংখ্যার চাপে এশিয়ার বৃষ্টিবহুল মৌসুমি জলবায়ু অঞ্চলের কোনো কোনো পাহাড়ের গায়ের মাটি কেটে ধাপ বা চত্বর তৈরি করে ধানের চাষ করা হয়ে থাকে।

২. জলবায়ু: ধানচাষে জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলের ফসল। বৃষ্টিপাত অর্থাৎ পানির যোগান এবং উত্তাপ জলবায়ুর প্রধান উপাদান। ধান চাষের জন্য ১০০ সেমি. হতে ২৫০ সেমি. বৃষ্টিপাত প্রয়োজন হয়। পর্যাপ্ত পানি বা সেচের ব্যবস্থা থাকলে ভালো ফলন পাওয়া যায়।

৩. মৃত্তিকা: নদী উপত্যকার পলিমাটি ধান চাষের জন্য উপযুক্ত। পানি ধরে রাখতে পারে এরূপ পলিযুক্ত দোআঁশ মাটিতে ধান ভালো জন্মে। তাই পৃথিবীর অধিকাংশ নদী উপত্যকা এবং নদীর বদ্বীপসমূহ ধান চাষের প্রধান কেন্দ্র।

(ঘ)

উদ্দীপকের ইঙ্গিতকৃত ফসল দুটি হলো ধান ও গম। নিচে ফসল দুটির বিশ্বব্যাপী উৎপাদনের তুলনামূলক বিশ্লেষণ করা হলো:
পৃথিবীর সব মহাদেশেই কমবেশি ধান উৎপন্ন হয়। তবে এশিয়া মহাদেশের ন্যায় এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো মহাদেশে। উৎপন্ন হয় না। ২০২২ সালে বিশ্বে প্রায় ১৬ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার হেক্টর জমিতে ধান চাষ করে সর্বমোট প্রায় ৭৮ কোটি ৭২ লক্ষ ৯৩ হাজার মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে এশিয়া মহাদেশেই ৭০ কোটি ৮১ লক্ষ ৪৮ হাজার মেট্রিক টন ধান জন্মে। যা পৃথিবীর মোট উৎপাদনের প্রায় ৯০%।

দেশ ধান উৎপাদন (কোটি মেট্রিক টন)
চীন ২৬.৫
ভারত ২৫.৫
বাংলাদেশ ৫.৭১
ইন্দোনেশিয়া ৫.৪৭
ভিয়েতনাম ৪.৪৩
অন্যান্য ৯.৫৮

সারণি: দেশভিত্তিক ধান উৎপাদন -২০২২ অন্যদিকে, বিশ্বের প্রতিটি মহাদেশেও কমবেশি গম উৎপাদন হয়। ২০২২ সালে মোট প্রায় ২২ কোটি ৮ লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয়। এবং ৭৭ কোটি ৯ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়। গম উৎপাদনে এশিয়া প্রথম অবস্থানে। ২০২২ সালে এ মহাদেশে প্রায় ৩৪ কোটি ৫ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয় যা বিশ্বের মোট গম উৎপাদনের ৪৪%।

মহাদেশ গম উৎপাদন (কোটি মেট্রিক টন)
এশিয়া ৩৪.০৫
ইউরোপ ২৬.৯২
উত্তর আমেরিকা ৬.৭১
দক্ষিণ আমেরিকা ৩.২৬
ওশেনিয়া ৩.২৩
আফ্রিকা ০.৯৬

সারণি : মহাদেশ ভিত্তিক গম উৎপাদন -২০২২ অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি বিশ্বের সকল মহাদেশেই ধান ও গম উৎপাদন হলেও এশিয়া মহাদেশে উভয় ফসলের উৎপাদন বেশি।

ময়মনসিংহ বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।