ভোলা সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

ভোলা সরকারি কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

শিক্ষার্থীরা ভূপৃষ্ঠে পরিবেশের সাথে মানুষ ও মানুষের কর্মকাণ্ডের আন্তঃসম্পর্ক শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করে, যেখানে বক্তারা বলেন, কোনো স্থানের প্রাকৃতিক উপাদান ব্যতীত মানবসৃষ্ট যাবতীয় উপাদানই মানব পরিবেশের অন্তর্ভুক্ত।
১. কোন দুইটি মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলা হয়?
এশিয়ার ভৌগোলিক অবস্থান কী? ব্যাখ্যা কর।
সেমিনারের আলোচ্য বিষয়টি কতটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা কর।
সেমিনার শেষে শিক্ষার্থীরা কীসের গুরুত্ব অনুধাবন করল তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে।
(খ)
এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত। এটি ১০০ দক্ষিণ থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমা থেকে ১৭০° পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এর উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ইউরাল পর্বত, ইউরাল নদী, কৃষ্ণসাগর, ভূ-মধ্যসাগর এবং লোহিত সাগর অবস্থিত।
(গ)
মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্কই সেমিনারের আলোচ্য বিষয়। ভূপ্রকৃতি, জলবায়ু, পানি ও সম্পদ মানুষের বসতি, কৃষি, পরিবহন ও জীবিকাকে প্রভাবিত করে; মানুষ প্রযুক্তি, অবকাঠামো, ভূমিব্যবহার ও সংস্কৃতির মাধ্যমে পরিবেশ বদলায়। অপরিকল্পিত কর্মকাণ্ড দূষণ ও অবক্ষয় বাড়াতে পারে, আর পরিকল্পনা, সংরক্ষণ ও দক্ষ প্রযুক্তি ক্ষতি কমাতে পারে। তবে সুনামিকে মানুষের দূষণের অবধারিত ফল বলা সঠিক নয়; তার প্রধান উৎস ভূকম্পনসহ ভূতাত্ত্বিক ঘটনা। এ কারণে মানব-পরিবেশ সম্পর্ককে প্রমাণ ও ঝুঁকি বিবেচনায় বিশ্লেষণ করা যুক্তিপূর্ণ।
(ঘ)
সেমিনার শেষে শিক্ষার্থীরা মানব পরিবেশের গুরুত্বের কথা অনুধাবন করল। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো-
মানুষের সাথে সম্পর্কিত পরিবেশকে মানব পরিবেশ বলে। মানুষ তার বেঁচে থাকার তাগিদে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে চলছে। এর ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই মানব পরিবেশ আলোচনার মাধ্যমে পরিবেশের প্রতি কীভাবে ইতিবাচক দিক বিবেচনা করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায়। যেমন- কোন দেশে কী পরিবেশে ব্যাপক বনভূমি গড়ে উঠেছে, কোন দেশে প্রচুর চেরাই কাঠ পাওয়া যায়, কোন অঞ্চলে ইটভাটা স্থাপন করলে পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না ইত্যাদি মানব পরিবেশ আলোচনার মাধ্যমে জানা যায়।
মানুষের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কীভাবে পরিবেশকে বিশেষ বিবেচনায় নিতে হয় তা মানব পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এলাকায় শিল্পকারখানা গড়ে উঠবে যেক্ষেত্রে যদি ঐ এলাকায় পরিবেশকে বিবেচনায় নেওয়া হয় অর্থাৎ শিল্পের কারণে কীরূপ বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি হচ্ছে তা উদ্‌ঘাটন করে টেকসই উন্নয়নের মাধ্যমে কীভাবে শিল্পকারখানা তৈরি করা হয় তা শিক্ষার্থীরা মানব পরিবেশের মাধ্যমে সহজে অনুধাবন করতে পারে।
সুতরাং বলা যায় যে, সেমিনার শেষে শিক্ষার্থীরা মানব পরিবেশের গুরুত্বের কথা সহজেই অনুধাবন করতে পারবে।
২০১৭ সালে ৬ লক্ষের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ বিশ্বসমাজে প্রশংসিত হলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
২. জন্মহার কাকে বলে?
ঘনত্বের বিচারে রাঙামাটি কোন ধরনের জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমনের প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে।
(খ)
রাঙামাটির পাহাড়ি ভূপ্রকৃতি, সমতল জমির সীমাবদ্ধতা ও যোগাযোগের বাধার কারণে বাংলাদেশের বহু সমভূমি জেলার তুলনায় জনসংখ্যার ঘনত্ব কম; তাই আপেক্ষিক বিচারে বিরল বসতির অঞ্চল বলা যায়। তবে প্রতি বর্গকিলোমিটারে ১০০০ জনের কম হলেই সব দেশে সর্বজনীনভাবে বিরল—এমননির্দিষ্টমানদণ্ড নেই।
(গ)
উদ্দীপকে রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায়ে পড়ে।
যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। একটি স্বাধীন দেশের লোক জাতিগত কারণে অন্য দেশে স্থানান্তর রাজনৈতিক অভিগমনের আওতায় পড়ে। মানুষ বিভিন্ন কারণে অভিগমন করে থাকে। সেটি হতে পারে ইতিবাচক কিংবা নেতিবাচক। মিয়ানমার থেকে যে রোহিঙ্গা- জনগোষ্ঠী এদেশে অভিগমন করেছে তা হলো বলপূর্বক অভিগমন যা বিকর্ষণজনিত কারণের আওতাভুক্ত। অর্থাৎ এদেরকে স্বদেশ ত্যাগ করে বিদেশ যেতে বাধ্য করেছে।
আন্তর্জাতিক অভিগমন দুই ধরনের। একটি হলো বহিরাগমন, অন্যটি হলো বহির্গমন। বহিরাগমন বলতে অন্য কোনো দেশ হতে কোনো দেশ বা স্থানে আগমন করাকে বোঝায়। যেমন- আলোচিত রোহিঙ্গারা যারা মিয়ানমার হতে বাংলাদেশে আগমন করেছে। যদিও এদের এই আগমন বলপূর্বক হয়েছে এবং এদেশে অস্থায়িভাবে বসবাসের সুযোগ দেয়া হয়েছে। তাই এটি আন্তর্জাতিক অভিগমনের বহিরাগমনের (Immigration) এর অন্তর্ভুক্ত।
(ঘ)
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়ে মানবিক সহায়তা, খাদ্য, স্বাস্থ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আবাসনের চাহিদা বেড়েছে। আশ্রয়শিবির ও পার্শ্ববর্তী এলাকায় জমি, বনসম্পদ, অবকাঠামো ও স্থানীয় সেবার ওপর চাপ পড়তে পারে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তা এসব চাহিদা মেটাতে ভূমিকা রাখে। বাস্তুচ্যুত মানুষও নিরাপত্তাহীনতা, দারিদ্র্য ও শোষণের ঝুঁকিতে থাকেন। তাই ক্ষতিগ্রস্ত ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা, পরিবেশব্যবস্থাপনা ও উপযুক্ত পরিকল্পনা জরুরি। কোনো জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে অপরাধ বা সামাজিক অবক্ষয়ের কারণ বলা প্রমাণসমর্থিত নয়।
আমির হোসেন গ্রামে বাস করে। বাড়িতে বসে তার নিজের তাঁতে লুঙ্গি, গামছা, ও শাড়ি বুনে। সপ্তাহের প্রতি বুধবার সে তার বোনা কাপড় নিয়ে মঠবাড়িয়া হাটে যায়। হাটটি গ্রামের মধ্যস্থানে, যাতায়াত সুবিধাও ভালো। সারাদিন কাপড় বিক্রি করে সন্ধ্যায় উদ্বৃত্ত মাল নিয়ে বাড়ি ফেরে।
৩. গ্রামীণ হাটবাজার কাকে বলে?
পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম হাট- ব্যাখ্যা কর।
মঠবাড়িয়ার হাটটি গড়ে ওঠার পেছনে ভৌগোলিক উপাদানের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে পণ্য বিনিময় কেন্দ্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নিজেদের উদ্বৃত্ত পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের স্বীকৃত জনজমায়েতকে গ্রামীণ হাটবাজার বলে।
(খ)
হাট হচ্ছে এমন একটি নির্দিষ্ট স্থান যেখানে কিছুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মিলিত হয়। পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম হলো হাট। একজন মানুষের বেঁচে থাকার সব উপকরণ তার নিজের পক্ষে উৎপাদন করা সম্ভব নয়। ফলে তাকে অন্যের সাহায্য নিতে হয়। এভাবে মানুষ নিজের উদ্বৃত্ব পণ্য অন্যের সাথে বিনিময় করে। আর এই বিনিময় প্রথার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে গ্রামীণ হাট। এই হাটই পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম।
(গ)
উদ্দীপকে হাটটি গ্রামের মধ্যস্থানে এবং যাতায়াতসুবিধাযুক্ত বলে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় অবস্থানে আশপাশের ক্রেতা-বিক্রেতা সহজে মিলিত হতে পারেন এবং পণ্য আনা-নেওয়ার ব্যয় কমে। সাধারণভাবে সমতল, জলাবদ্ধতামুক্ত ভূমি ও যোগাযোগপথের সুবিধা হাট গড়ে ওঠায় সহায়ক। তবে উদ্দীপকে নির্দিষ্ট নদী বা বন্যামুক্তির তথ্য নেই; তাই সেগুলো হাটটির নিশ্চিত বৈশিষ্ট্য হিসেবে ধরে নেওয়া যায় না।
(ঘ)
উদ্দীপকের পণ্য বিনিময় কেন্দ্রটি হলো গ্রামীণ হাটবাজার।
বাংলাদেশের গ্রামীণ হাটবাজার স্থানীয় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে গ্রামীণ হাটবাজারের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো-
পণ্যসামগ্রী নেওয়া এবং ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের সুবিধাকে মাথায় রেখে অপেক্ষাকৃত সমতল বন্যামুক্ত জমিতে সাধারণত সপ্তাহের নির্দিষ্ট এক বা দুই দিন গ্রামীণ হাটবাজার বসে।
হাটের বিক্রেতারা দূরদূরান্ত থেকে এলেও ক্রেতারা নিকটবর্তী অঞ্চল থেকে আসে। পরস্পর নিকটবর্তী হাটসমূহে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য এক ধরনের সমঝোতার মাধ্যমে হাট বসার দিনক্ষণ নির্ধারিত হয়। হাটে সাধারণত বিক্রেতার জন্য অস্থায়ী ছাউনি থাকে। তবে বর্তমান সময়ে অনেক বড় হাটে স্থায়ী দোকান ও গুদামঘর দেখতে পাওয়া যায়।
গ্রামীণ হাট গ্রামীণ জীবনের মিলনমেলা হিসেবেও কাজ করে থাকে। গ্রামীণ পটভূমিতে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গে হাটের যোগসূত্র থাকায় স্থানীয় প্রশাসনিক অবকাঠামোর আশপাশে হাট গড়ে ওঠে।
সুতরাং বলা যায়, যেকোনো স্থানে গ্রামীণ হাটবাজার বসে না। সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গ্রামীণ হাটবাজার প্রতিষ্ঠা হয়।
ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদী বিধৌত দেশটি ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। প্রাকৃতিক বিভিন্ন নিয়ামকের অনুকূল অবস্থা বিদ্যমান থাকার কারণে আমরা প্রচুর ধান উৎপন্ন করলেও অত্যধিক জনসংখ্যার কারণে চাহিদা পূরণে আমাদের ধান আমদানি করতে হয়।
৪. এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কোনটি?
প্রেইরী অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' কেন বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ধান উৎপাদনের নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপকের দেশদ্বয়ের ধান উৎপাদনের তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য ধান।
(খ)
উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহোমা ও মিসৌরি রাজ্য পর্যন্ত সমগ্র প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।
রুটি প্রস্তুতের উপযোগী উন্নতমানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। প্রয়োজনের অতিরিক্ত গম উৎপন্ন হয় বলে এ অঞ্চলের অধিকাংশ গমই আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়ে থাকে। এ কারণে উত্তর আমেরিকার এ অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়।
(গ)
উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো চীন। চীন ধান উৎপাদনে শীর্ষস্থান দখল করে আছে। কিছু প্রাকৃতিক নিয়ামকের জন্য চীনে প্রচুর ধান উৎপাদন হয়।
ধান চাষের জন্য ১৬° ৩০° সেলসিয়াস তাপমাত্রা এবং ১০০ - ২০০ সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। কারণ নদ-নদী ও খালবিলের উপকূলীয় এলাকায় ধান চাষের জন্য পর্যাপ্ত উর্বর জমি ও পানি পাওয়া যায়। এছাড়া ধান চাষের জন্য সমতলভূমি ও পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি অধিক উপযোগী। উপযুক্ত তাপমাত্রা ও পানির যোগান থাকলে বৃষ্টি বা সেচের সাহায্যে ধান চাষ করা যায় তবে ধান সংগ্রহের সময় অধিক বৃষ্টি ফসলের জন্য ক্ষতিকর। বিশ্বের প্রায় ৯৫% ধান সমতল ও নিম্নভূমিতে উৎপাদন হয়।
উপরিউক্ত নিয়ামকগুলো চীনের ধান উৎপাদনকারী অঞ্চলে যথেষ্ট পরিমাণে বিদ্যমান রয়েছে। তাই চীনে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়।
(ঘ)
উদ্দীপকে দেশদ্বয় হলো চীন ও বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর ধান উৎপাদন হলেও এর অধিক জনসংখ্যার জন্য ধান আমদানি করতে হয়।
ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। ২০১৬ সালে এ দেশে ৩ কোটি ৩ লক্ষ ৫০ হাজার হেক্টর জমি চাষ করে ১৪ কোটি ৪৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করা হয়। এটা পৃথিবীর মোট উৎপাদিত ধানের প্রায় ২৮.১৪%। চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা, হোয়াংহো নদীর উপত্যকা ইউনান, কোচেচুয়ান ও কুইডো প্রদেশের নদী অববাহিকা, ক্যান্টন ও এর আশেপাশের এলাকা এবং উপকূলীয় এলাকা ও হাইনান দ্বীপে উল্লেখযোগ্য হারে ধান উৎপাদিত হয়।
চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টরপ্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে 'ধানের আধার' (Rice Bowl) বলা হয়।
অন্যদিকে বাংলাদেশের আবাদি জমির প্রায় ৭০% জমিতে ধানের চাষ হয়ে থাকে। এ দেশের মাটি ও জলবায়ু ধান চাষের বিশেষ উপযোগী হওয়ায় এর প্রায় সর্বত্রই ধানের চাষ হয়। ২০১৪-১৫ সালে ২ কোটি ৮২ লক্ষ একর জমিতে ধানের চাষ করে প্রায় ৩ কোটি ৪৭লক্ষ ১০ হাজার টন ধান উৎপন্ন হয়। গড়ে একরপ্রতি ফলন ছিল প্রায় ১.২৩ টন।
অতএব বলা যায়, আয়তন, জলবায়ু ও মৃত্তিকাজনিত পার্থক্যের কারণে চীন ও বাংলাদেশের ধান উৎপাদনে তারতম্য পরিলক্ষিত হয়।

ভোলা সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।