ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের প্রধান কারণ ছিল ব্যবসা- বাণিজ্য ।
ইউরোপীয় বণিকরা এ উপমহাদেশে মূলত তিনটি পণ্য সংগ্রহ করতে এসেছিল— মসলা, সুগন্ধিদ্রব্য এবং সিল্ক। ইউরোপে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে উৎপন্ন মসলার চাহিদা ছিল ব্যাপক। ভারতের উন্নতমানের রেশমিবস্ত্র ও সূক্ষ্ম মসলিন কাপড়ের ব্যাপক চাহিদা ছিল সেখানে। সার্বিকভাবে বলা যায়, এখানকার বিপুল সম্পদ আহরণ করার জন্যই ইউরোপীয় বণিকরা এসেছিল। এছাড়া খ্রিষ্টধর্ম প্রচার ও পরবর্তী সময়ে উপনিবেশ স্থাপন করাও ছিল তাদের অনেকের উদ্দেশ্য।
উদ্দীপকের তক্ষশিলার রাজা অম্ভির কর্মকাণ্ডের সাথে আমি বাংলার নবাবি শাসনামলের বিশ্বাসঘাতক মীরজাফর আলী খানের কাজের মিল খুঁজে পাই ।
নবাব সিরাজ-উদ-দৌলার বিশ্বাসঘাতক সেনাপতি মীরজাফর নবাবির বিনিময়ে পলাশীর যুদ্ধে ইংরেজদের সহায়তা করার অঙ্গীকার করেন। এ জন্য রবার্ট ক্লাইভের সাথে তিনি গোপন চুক্তি করেন। পলাশীর যুদ্ধের সময় তার অনুগত সেনারা রণাঙ্গনে নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে। যুদ্ধের এক পর্যায়ে বীরযোদ্ধা মীরমদনের মৃত্যুতে হতভম্ব হয়ে সিরাজ-উদ-দৌলা সিপাহসালার মীরজাফর আলী খানকে ডেকে পাঠান। নবাব তাকে দেশের স্বাধীনতা রক্ষার শপথ করান। মীরজাফর মিথ্যাচার করে নবাবের প্রতি মৌখিক আনুগত্য প্রদর্শন করেন। কিন্তু দেশীয় বীর মোহনলাল ও ফরাসি সেনানায়ক সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করে নবাবের বিজয়কে সুনিশ্চিত করছেন, ঠিক সেই মুহূর্তে মীরজাফর নবাবকে যুদ্ধবিরতির পরামর্শ দেন। মীরজাফরের পরামর্শ মেনে নবাব তার সর্বনাশ ডেকে আনেন। নবাবের সৈন্যরা যুদ্ধ স্থগিত করে বিশ্রাম নেওয়ার সময়ই ক্লাইভ পাল্টা আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পলাশীর প্রান্তরের যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় ।
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডে মীরজাফরের সেই বিশ্বাসঘাতকতারই ছায়া দেখা যায়। রাজা অম্ভি নিজের ক্ষমতা রক্ষার আশায় ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে গ্রিক বিজেতা আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই বলা যায়, তক্ষশিলার রাজা অম্ভির কর্মকাণ্ডের সাথে মীরজাফরের বিশ্বাসঘাতকতার মিল পাওয়া যায় ।
উল্লিখিত ব্যক্তি অর্থাৎ মীরজাফরের কর্মকাণ্ডকে বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ বলে আমি মনে করি না ।
পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাবের ওই পরাজয়ের পেছনে মীরজাফরের বিশ্বাসঘাতকতা ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে।
প্রথমত, তরুণ নবাবের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব ছিল। তাই ষড়যন্ত্রের খবর পেলেও মীর জাফরসহ শক্তিশালী চক্রান্তকারীদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি; কিছু প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে যুদ্ধবিরতি ঘোষণা করা তার সমরনীতির অপরিপক্বতার পরিচয় বহন করে। নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ ও তাদের রণকৌশল উন্নততর ছিল ।
উদ্দীপকে দেখা যায়, গ্রিক বীর আলেকজান্ডার রাজ্য জয়ের নেশায় সুদূর ভারতে আসেন। তখন উত্তর-পশ্চিম ভারতের তক্ষশিলার রাজা অম্ভি নিজের ক্ষমতা রক্ষার জন্য স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এ ঘটনাটির সঙ্গে মীরজাফরের বিশ্বাসঘাতকতার মিল রয়েছে। তবে ওপরের আলোচনার ভিত্তিতে স্পষ্ট, বাংলার স্বাধীনতা হারানোর পেছনে সেটাই একমাত্র কারণ ছিল না ।