ফরাসি বিপ্লবের সূচনালগ্নে এস্টেট জেনারেলে নির্বাচিত তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের ক্ষমতা বিষয়ে রাজার সাথে মতানৈক্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাজার সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন কক্ষে ঢুকতে না পেরে নিকটবর্তী টেনিস কোর্টে মিলিত হয়ে তারা যে শপথ গ্রহণ করে ইতিহাসে তাই টেনিস কোর্ট শপথ নামে পরিচিত ।
১৭৮৯ খ্রিষ্টাব্দের ২০ জুন তারিখে গৃহীত টেনিস কোর্ট শপথে বলা হয়- ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত জাতীয় এ সভা বলবৎ থাকবে এবং যে স্থানেই এ সভা বসবে সে স্থানেই এ সভা বৈধ বলে গণ্য হবে। টেনিস কোর্টের এই শপথের মাধ্যমে তৃতীয় শ্রেণির ঐক্য আরও দৃঢ় হয় এবং অবশেষে রাজা ষোড়শ লুই তাদের দাবি মেনে নিতে বাধ্য হন ।
উদ্দীপকে বর্ণিত বিপ্লবের সাথে আমার পঠিত বিপ্লবে অর্থাৎ ফরাসি বিপ্লবে জনমত গঠনে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করা হলো-
অষ্টাদশ শতাব্দী ছিল বস্তুত আধুনিক ইতিহাসে জ্ঞানদীপ্তির যুগ। রেনেসাঁপ্রসূত অনুসন্ধিৎসা ও সমালোচনার দৃষ্টিভঙ্গি কার্যকর ছিল এ শতাব্দীতে। জ্ঞানদীপ্তির প্রভাবে উদ্দীপ্ত এক শ্রেণির পণ্ডিত ফ্রান্সের পূর্বতন শাসনামলের তীব্র সমালোচনা করে রাষ্ট্রব্যবস্থার স্তম্ভগুলোকে নড়বড়ে করে দিয়েছিল। ফরাসি এসকল দার্শনিকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ । অনেকের মতে, বিপ্লবে দার্শনিকগণ প্রত্যক্ষভাবে নেতৃত্ব গ্রহণ করেননি। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল মানুষের চিন্তাচেতনা এবং ভাব জগতে নতুন ভাবধারার সৃষ্টি করা। বিশ্লেষণধর্মী লেখনী হলো সমাজ বা সমাজব্যবস্থার দর্পণস্বরূপ। দার্শনিকগণের চেতনানিঃসৃত এ দর্পণে ফ্রান্সের লেখাপড়া জানা অল্পশিক্ষিত বুর্জোয়া শ্রেণি যখন তাদের গোটা সমাজব্যবস্থার চিত্রটি দেখতে পেল, তখন ফ্রান্সের খেটে খাওয়া স্যাকুলেৎ শ্রেণির সাহায্যে স্বউদ্যোগী হয়ে মধ্যবিত্ত এ বুর্জোয়া শ্রেণিই বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করল। আর তাই তৎকালীন ফ্রান্সের দার্শনিকগণকে বলা হয় বিপ্লবের মূল প্রভাবক ।
সুতরাং উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, ফরাসি বিপ্লবে জনমত গঠনে দার্শনিকগণ মূল ভূমিকা পালন করেন ।
ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব ছিল সুদূরপ্রসারী।
ফরাসি বিপ্লব ইউরোপসহ গোটা বিশ্বকে প্রভাবিত করে। এ বিপ্লবের প্রভাব নেপোলিয়নের শাসনামল এবং পরবর্তী সময়েও ইউরোপের রাজনৈতিক ইতিহাসে পরিলক্ষিত হয়।
ফরাসি বিপ্লবের ফলাফল ইউরোপের বিভিন্ন দেশসমূহের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হলে শাসকগোষ্ঠী শঙ্কিত হয়ে ওঠে। ইংল্যান্ডের হুইগদল এটিকে তাদের ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের সাথে তুলনা করে। ইংল্যান্ডে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে ফ্রেন্ডস অব দি পিপল, রিভ্যুলিউশন সোসাইটি, লন্ডন করেসপন্ডিং সোসাইটি প্রভৃতি সমিতি গড়ে ওঠে। বেলজিয়াম ও জার্মানিতেও বিপ্লবের প্রসার ঘটলেও ইংল্যান্ড শঙ্কিত হয়। ১৭৯২ সালে ফ্রান্সের বিপ্লবী সরকার ঘোষণা করে, যে সমস্ত জাতি স্বাধীনতার জন্য বিদ্রোহ করবে ফ্রান্স তাদের সাহায্য করবে। এ ঘোষণার পর ইংল্যান্ডের পীটের মন্ত্রিসভা উদারনীতি পরিত্যাগ করে দমননীতি প্রয়োগ করে। পীটের এইসব প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড জনগণের স্বাধীনতা বিপন্ন করলেও বিপ্লবের আশঙ্কা অতিরিক্তভাবে প্রচার করার ফলে সমগ্র দেশ বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়। ইউরোপের অপরাপর রাষ্ট্রসমূহের জনগণের মধ্যে ফরাসি বিপ্লব প্রবল অভিঘাত সৃষ্টি করে। এর ফলে এসব দেশে রাজতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে নেপোলিয়ন বিপ্লবের আদর্শকে ধারণ করে একে একে ইউরোপীয় রাষ্ট্রগুলো দখল করে সেখানকার শাসনব্যবস্থা পুনর্গঠন করেন। ফরাসি বিপ্লবের ফলে জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক ধ্যান-ধারণা বিকশিত হয়।