দিনাজপুর বোর্ড ২০২৫

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

দিনাজপুর বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের অবদান কম নয়। এদেশের বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে বিশ্ব জনমতকে মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করেন।
১. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?
ফরাসি বিপ্লবে তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও।
উদ্দীপকে বুদ্ধিজীবীদের ভূমিকার সাথে পাঠ্যবইয়ের কোন শ্রেণির ভূমিকার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
উক্ত শ্রেণির ভূমিকাই মুখ্য ছিল- মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
সাম্য, মৈত্রী ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের মূলমন্ত্র।
(খ)
ফরাসি বিপ্লবের নেতৃত্বের ভূমিকায় ছিল তৃতীয় সম্প্রদায়। যাজক ও অভিজাত ব্যতীত আর সবাই তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণির অন্তর্ভুক্ত। শতকরা হিসাবে ফ্রান্সের মোট জনসংখ্যার ৯৬% ছিল এ তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। ফ্রান্সের তৃতীয় শ্রেণির ওপর অত্যধিক করের বোঝা চাপানো হয়। তাছাড়া তাদের সামাজিক মর্যাদাও তেমন ছিল না। যার ফলে অভিজাত ও যাজক শ্রেণির বিরুদ্ধে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
(গ)

উদ্দীপকে বুদ্ধিজীবীদের ভূমিকার সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য পাওয়া যায়।

অষ্টাদশ শতাব্দী ছিল জ্ঞান দীপ্তির শতাব্দী। এ শতাব্দীতে ফ্রান্স তথা ইউরোপে এমন কতিপয় দার্শনিকের আবির্ভাব ঘটে যাদের ক্ষুরধার লেখনী পাঠ করে মানুষ ক্রমেই যুক্তিবাদী হয়ে ওঠে। তারা সমাজে যা প্রচলিত তা মেনে না নিয়ে এ ব্যবস্থার দোষত্রুটি বিচার করতে শিখে। দার্শনিকগণ রাজার স্বর্গীয় অধিকার তত্ত্বকে যুক্তির দ্বারা আক্রমণ করে এ অভিমত প্রচার করেন যে, "রাজার ক্ষমতা বা কর্তৃত্বের উৎস স্রষ্টা নন, জনগণের ইচ্ছা।" তারা এ মত প্রচার করেন যে, প্রকৃত নিয়মে অধিকারের সাথে কর্তব্যও থাকে। সুতরাং রাজা শুধু অধিকার ভোগ করতে পারেন না, তাকে কর্তব‍্যও পালন করতে হবে। ফরাসি বিপ্লবের ওপর বিখ্যাত গবেষক লেফেভার বলেন, ফরাসি বিপ্লবের দার্শনিকগণ শুধু জাগতিক ও রাষ্ট্রীয় নিয়মকানুনের ব্যাখ্যার মধ্যে তাদের আলোচনা সীমাবদ্ধ না রেখে প্রাকৃতিক আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, "তারা ছিলেন মানবতাবাদী, যুক্তিবাদী ও সংস্কারে বিশ্বাসী। তারা বিশ্বাস করতেন প্রকৃতি যেমন নিয়মে চলছে, তেমনি সমাজ ও রাষ্ট্রকেও নিয়ম মেনে চলা দরকার।" এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মন্টেস্কু, রুশো, ভলতেয়ার, দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ। উক্ত দার্শনিকগণ ফ্রান্সের জনগণকে রাজতন্ত্রের নানাবিধ সমস্যা সম্পর্কে সচেতন করে তোলেন। রাজা ও অভিজাত শ্রেণির সীমাহীন দুর্নীতি তাদের লেখনীতে প্রকাশিত হলে তা জনগণ মন্ত্রবাক্যের মতো গ্রহণ করে। ফলে সফলভাবে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

(ঘ)

উক্ত শ্রেণির ভূমিকা অর্থাৎ ফরাসি দার্শনিকদের লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি।

ফরাসি বিপ্লবে যেসব দার্শনিকের লেখা প্ররোচনা যুগিয়েছিল তাদের মধ্যে ভলতেয়ার, মন্টেস্কু, রুশো ছিলেন অন্যতম। হলব্যাখ ঈশ্বর চিন্তা অপেক্ষা বস্তুজগতে মানুষের কল্যাণ চিন্তাকেই প্রাধান্য দেন। তিনি বলেন, "আদিতে মানুষ সুখী ছিল, রাজনৈতিক ও ধর্মীয় অনাচারের কারণেই মানুষের দুঃখ-দুর্দশা বেড়েছে।” ফরাসি বিপ্লবের অন্যতম মহান নায়ক ছিলেন ভলতেয়ার। তার লেখাগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে কাঁদিদ, অধিবিদ্যা, দার্শনিক অভিধান, Oedipe, Element of essays on universal, History. তার লেখায় রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থার দোষত্রুটি সহজ ও ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেন। তিনি বিভিন্নভাবে রোমান ক্যাথলিক গির্জা এবং যাজকদের দুর্নীতির কথা উল্লেখ করেন। এতে গির্জা এবং যাজকদের প্রতি মানুষের ঘৃণা জন্মাতে তিনি সাহায্য করেন। ফরাসি বিপ্লবের পথ সুগম করার ক্ষেত্রে রুশোর অবদান সবচাইতে বেশি। তার মতে, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়। প্রকৃতির রাজ্যে বসবাসকারী মানুষ একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করেছে। এভাবে রুশো একদিকে রাজার Divine Right Theory-কে চ্যালেঞ্জ করেন এবং অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। এভাবে রুশো ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করেন।

পরিশেষে বলা যায়, ফরাসি দার্শনিকদের লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছিল।

কাঠালবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান করিম শেখ একজন অলস ও অকর্মণ্য ব্যক্তি। চেয়ারম্যান পত্নী, আত্মীয়স্বজন ও অভিজাতবর্গের বিলাসী জীবনযাপনে উপজেলার সাধারণ জনগণ অতিষ্ঠ। এ অবস্থার প্রতিকারের জন্য উপজেলার সাধারণ জনগোষ্ঠী ব্যাপক আন্দোলনে অংশগ্রহণ করলে করিম শেখের পতন হয়।
২. প্রলেতারিয়েত অর্থ কী?
জারতন্ত্র বলতে কী বোঝ?
উদ্দীপকের করিম শেখ তোমার পাঠ্যপুস্তকের কোন ব্যক্তিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা দাও।
উক্ত ব্যক্তির কার্যক্রমসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রলেতারিয়েত অর্থ সর্বহারা শ্রেণি।
(খ)
রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পূর্বে বিদ্যমান স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনব্যবস্থাকে জারতন্ত্র বলা হয়। তৎকালীন রাশিয়ার সমাজে অভিজাত, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি ছিল। রাষ্ট্রের সম্রাটকে জার বলা হতো। জার স্বেচ্ছাচারমূলকভাবে দেশের শাসনকার্য পরিচালনা করতেন। জার সকল ক্ষেত্রে অধিপতি হিসেবে পরিগণিত হতেন। রাশিয়াতে প্রচলিত এই স্বৈরাচারমূলক শাসনব্যবস্থাই জারতন্ত্র নামে পরিচিত।
(গ)

উদ্দীপকের করিম শেখ আমার পাঠ্যপুস্তকের ফরাসি রাজা ষোড়শ লুইকে ইঙ্গিত করে।

ফ্রান্সের রাজা ষোড়শ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছেন। রাজা তার কাজকর্মের জন্য ঈশ্বর ছাড়া অন্য কারোর নিকট দায়ী নন। এ বিশ্বাস থেকেই তিনি বলতেন, "What I Desire is decree." অর্থাৎ আমি যা ইচ্ছা করি তা-ই আইন। এ বিশ্বাসের কারণেই ষোড়শ লুই হয়ে উঠেছিলেন চরম স্বৈরাচারী। স্বৈরাচারী মনোভাব ও দুর্বল চরিত্রের কারণে যখন ফ্রান্সের সংকটকাল শুরু হয়, তখন রাজা সাম্রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের মতামত অগ্রাহ্য করেন, যা শেষ পর্যন্ত বুরবোঁ রাজতন্ত্রের পতন ডেকে নিয়ে আসে।

উদ্দীপকের কাঠালবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান করিম শেখ একজন অলস ও অকর্মণ্য ব্যক্তি। চেয়ারম্যান পত্নী, আত্মীয়স্বজন ও অভিজাতবর্গের বিলাসী জীবনযাপনে উপজেলার সাধারণ জনগণ অতিষ্ঠ। এ অবস্থায় প্রতিকারের জন্য উপজেলার সাধারণ জনগোষ্ঠী ব্যাপক আন্দোলনে অংশগ্রহণ করলে করিম শেখের পতন হয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের করিম শেখ আমার পাঠ্যবইয়ের ষোড়শ লুইকে ইঙ্গিত করে।

(ঘ)

উক্ত ব্যক্তি অর্থাৎ ফরাসি রাজা ষোড়শ লুইয়ের কার্যক্রমসমূহ ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখেছিল।

১৭৭৪ সালে ষোড়শ লুই যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন ফ্রান্সে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়ে ছিল। কারণ ইতোমধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা প্রাপ্তির ওপর নির্ভর করে ফ্রান্সকে স্বৈরাচারী রাজতন্ত্রে পরিণত করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল অত্যন্ত দক্ষ শাসক। কিন্তু ষোড়শ লুইয়ের মধ্যে এমন দক্ষতা না থাকায় তার অসংলগ্ন কর্মকাণ্ড ফ্রান্সে বিপ্লবের সূচনা করে। তিনি তার আত্মজীবনীতে উল্লেখ করেন, "রাজা হচ্ছেন সর্বময় প্রভু, প্রজাদের সবকিছুর ওপর কর্তৃত্ব করার সব প্রাকৃতিক অধিকার তার রয়েছে।" তাঁর এমন মন্তব্যে প্রতীয়মান হয় যে, তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবাপন্ন শাসক ছিলেন। ক্ষমতায় আরোহণ করে ষোড়শ লুই রাজকোষ প্রায় শূন্য দেখতে পান। কিন্তু অর্থ সংকট নিরসনে তিনি মন্ত্রীর যুক্তিযুক্ত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সবচেয়ে বড় ভুল করেন। অভিজাত সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং কর

জনাব 'ক' একজন বিশ্ববিজয়ী সমরনেতা। প্রায় এক দশকের শাসনামলে তিনি রাজ্য বিস্তার, শাসন সংস্কার, সামরিক বিজয়সহ নানা ক্ষেত্রে অসামান্য সাফল্যের পরিচয় দেন। কিন্তু কতিপয় ভুল সিদ্ধান্ত ও প্রবল উচ্চাকাঙ্ক্ষার জন্য তাকে পরাজয়ের গ্লানি নিয়ে উৎখাত হতে হয়।
৩. কমিউনিস্ট মেনিফেস্টো কে প্রবর্তন করেন?
বিপ্লবী বিচারালয় বলতে কী বোঝ?
উদ্দীপকের 'ক'-এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
সমাধান ও উত্তর
(ক)
কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস সম্মিলিতভাবে কমিউনিস্ট মেনিফেস্টো প্রবর্তন করেন।
(খ)
ফরাসি বিপ্লবের অগ্রগতির ইতিহাসে সন্ত্রাসের বা ত্রাসের রাজত্ব একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এর ব্যাপ্তিকাল ছিল ১০/১০/১৭৯৩ থেকে ২৮/০৭/১৭৯৪ পর্যন্ত। সে সময় বিপ্লব বিরোধী ব্যক্তিদের বিচারের জন্য একটি বিশেষ বিপ্লবী বিচারালয় গঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৯৩ খ্রিষ্টাব্দের ১০ মার্চ। এটি ছিল বিশেষ ক্ষমতাসম্পন্ন আদালত এবং এর রায় চূড়ান্ত বলে গৃহীত হতো। বিপ্লবী বিচারালয়ে মৃত্যুদণ্ডাদেশ উচ্চারিত হওয়ার সাথে সাথে তা কার্যকর করা হতো। এটিই ইতিহাসে বিপ্লবী বিচারালয় হিসেবে পরিচিত।
(গ)

উদ্দীপকের 'ক'-এর সাথে আমার পাঠ্যপুস্তকের ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নের মিল পাওয়া যায়।

ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ন ছিলেন 'বিপ্লবের অগ্নিময় তরবারি'। ইউরোপের বহু অঞ্চলে তাঁর সেনাবাহিনী প্রবেশের সঙ্গে 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর -ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড অব নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। কিছু অঞ্চলে প্রথমদিকে মানুষ তাঁকে 'মুক্তিদাতা' বলে স্বাগত জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে, তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো-ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি। উদ্দীপকের জনাব 'ক' একজন বিশ্ববিজয়ী সমরনেতা। প্রায় এক দশকের শাসনামলে তিনি রাজ্য বিস্তার, শাসন সংস্কার, সামরিক বিজয়সহ নানা ক্ষেত্রে অসামান্য সাফল্যের পরিচয় দেন। কিন্তু কতিপয় ভুল সিদ্ধান্ত ও প্রবল উচ্চাকাঙ্ক্ষার জন্য তাকে পরাজয়ের গ্লানি নিয়ে উৎখাত হতে হয়। যা নেপোলিয়ন বোনাপার্টের সাথে হুবহু মিলে যায়।

(ঘ)

উক্ত শাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ড অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বের ইতিহাসে তাকে বিশিষ্ট স্থানে দাঁড় করিয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে কেন্দ্রীয় শাসনকে আরও সুসংহত করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক অব ফ্রান্সকে প্যারিসে ব্যাংক নোট ইস্যুর বিশেষ অধিকার দেন। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। জাতীয় সেনাবাহিনীকে পুনর্গঠিত ও শক্তিশালী করেন।

নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন। তিনি ২২৮১টি ধারা সংবলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন। তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে সামরিক ফায়ার ব্রিগেড স্থাপন ও সমুদ্রবন্দর উন্নয়নের কাজ করেন।

পরিশেষে বলা যায়, নেপোলিয়ন ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

'ক' রাষ্ট্রের যুবরাজ ও তার স্ত্রী আততায়ীর হাতে নিহত হওয়ার ফলে একটি যুদ্ধ শুরু হয়। তবে একথা সত্য যে এটিই এ যুদ্ধের একমাত্র কারণ নয়। অল্প সময়ের মধ্যে এ যুদ্ধে বহু রাষ্ট্র জড়িয়ে পড়ে।
৪. প্রথম বিশ্বযুদ্ধে কত লোক মারা যায়?
অক্ষশক্তি বলতে কী বোঝায়?
উদ্দীপকের পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনার প্রত্যক্ষ ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটি লোক মারা যায়।
(খ)
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধে জার্মানি, ইতালি ও জাপানের নেতৃত্বাধীন জোট অক্ষশক্তি নামে পরিচিত। রোম-বার্লিন ঘনিষ্ঠতা ও অ্যান্টি-কমিন্টার্ন চুক্তির মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। ইউরোপীয় রাষ্ট্রবর্গের দুর্বলতা ও তাদের পারস্পরিক দুর্বলতার সুযোগে সাম্যবাদের বিরুদ্ধে ১৯৩৬ সালে জার্মানি ও জাপান কমিউনিস্টবিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তী বছর ১৯৩৭ সালে ইতালি এ চুক্তিতে যোগ দেয়। এর ফলেই রোম-বার্লিন-টোকিও অক্ষের উদ্ভব হয়। এ চুক্তি ইউরোপে নতুন শক্তিসাম্য গড়ে তোলে।
(গ)

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ আততায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে। জার্মানির সহায়তা নিয়ে ২৮ জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ক্রমে এ যুদ্ধে ইউরোপের অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ যুদ্ধ আমেরিকা ও এশিয়াতেও ছড়িয়ে পড়ে এবং তা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে। সারায়েভোর হত্যাকান্ড এ যুদ্ধের আশু কারণ হলেও এর পিছনে আরও বহুবিধ কারণ বিদ্যমান ছিল। এ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে একশত বছর ধরে। ফরাসি বিপ্লব ও এ বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথমে বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এছাড়াও ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, উগ্র জাতীয়তাবাদের উত্থান, বাণিজ্যিক ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতি, বিসমার্কের কূটনীতি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট ইত্যাদি ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের যুবরাজ ও তার স্ত্রী আততায়ীর হাতে নিহত হওয়ার ফলে একটি যুদ্ধ শুরু হয়। তবে একথা সত্য যে, এটিই এ যুদ্ধের একমাত্র কারণ নয়। অল্প সময়ের মধ্যে এ যুদ্ধে বহু রাষ্ট্র জড়িয়ে পড়ে। উদ্দীপকের এ ঘটনার সাথে উপরে বর্ণিত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার মিল রয়েছে।

(ঘ)

উক্ত ঘটনা অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ডের প্রত্যক্ষ ফলাফল ছিল প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ১৯১৪ সালে ২৮ জুন সকাল ১১টায় যুবরাজ ফার্ডিনান্ড বসনিয়ার সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ ভ্রমণ করার সময় সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ফলে অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অস্ট্রিয়া সার্বিয়াকে এজন্য দোষারোপ করে এবং এর প্রতিবাদে কয়েকটি দাবি সংবলিত একটি চরমপত্র দেয়। অস্ট্রিয়া ১৯১৪ সালের ২৩ জুলাই সার্বিয়া সরকারের কাছে একটি চরমপত্র পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এর দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ দেয়। সার্বিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যুত্তর প্রদান করে। বিষয়গুলো মধ্যস্থতার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় লঙ্ঘন করার দাবি যে অন্যায় সে সম্পর্কেও সার্বিয়া পত্রে উল্লেখ করে। স্বভাবতই অস্ট্রো-হাঙ্গেরিকে সার্বিয়ার বক্তব্য সন্তুষ্ট করেনি। অস্ট্রিয়া সার্বিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে। এর মধ্যে শক্তিশালী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়। অস্ট্রিয়া জার্মানির সমর্থন পেয়ে সার্বিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে রাশিয়া ও ফ্রান্স সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়লে বিশ্বযুদ্ধের রূপ নেয়।

পরিশেষে বলা যায়, অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ডের প্রত্যক্ষ ফল ছিল প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, যা গোটা বিশ্বকে অস্থির করে তোলে।

দিনাজপুর বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।