উদ্দীপকে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে ।
ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং ফ্রান্সে এদিনটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা । এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্য কমানো ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোন্ডিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে । সুতরাং বলা যায়, উদ্দীপকে ফরাসি বিপ্লবের কথাই বলা হয়েছে।
হ্যাঁ, আমি মনে করি উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রেখেছিল ।
ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। বিপ্লবের মধ্যে দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ধর্মযাজক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে বুর্জোয়া শক্তির উত্থান এবং সাংবিধানিক শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়; তবে পরিবর্তনটি সরল ও অবিচ্ছিন্ন ছিল না। ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্সে জাতীয় সংসদ গঠন করেছে, ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে। ফ্রান্সের রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগও এ বিপ্লবের ফলে শুরু হয়। জিরন্ডিন, জ্যাকোবিনসহ বিভিন্ন গোষ্ঠী ফ্রান্সে রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটে । ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের সমাজকেই নয়, গোটা ইউরোপকেও আলোড়িত করেছিল। গণতন্ত্র, যুক্তিবাদ, ব্যক্তিস্বাধীনতা, সাম্য, শোষণমুক্তি, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপের রাষ্ট্রসমূহে বিস্তার লাভ করে। ফরাসি জাতি প্রতি বছর ১৪ জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের চেতনায় তারা উজ্জীবিত হওয়ার শপথ নতুন করে গ্রহণ করে থাকে। ফরাসি বিপ্লব এভাবেই ফরাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসেবে সমাদৃত হয়েছে। পৃথিবীর অনেক দেশেই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয়। এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়ে, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে। সুতরাং বলা যায়, ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে ভূমিকা রেখেছিল।