ময়মনসিংহ বোর্ড ২০২৩

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

একক কোন কারনে বিপ্লব সংঘটিত হয় না। বরং এর পিছনে থাকে বহুবিধ কারণ। তবে পৃথিবীর প্রায় প্রত্যেকটি ঘটনার পশ্চাতে রয়েছে অর্থনৈতিক কারণ। তাই দেখা যায়, যেখানে অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, সেখানে সংঘটিত হয়েছে সংগ্রাম। লেগেছে সমতার ছোঁয়া।
১. রুশ বিপ্লব কখন সংঘটিত হয়?
স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝো?
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা সংগঠনের প্রধান কারণ? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়
(খ)

স্নায়ুযুদ্ধ এমন একটি পরিবেশকে বোঝায়, যা যুদ্ধও নয় আবার শান্তিপূর্ণ অবস্থাও নয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী মতাদর্শ গড়ে উঠেছিল। ইতিহাসে এটিকে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে অভিহিত করা হয়

(গ)

উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

১৯১৭ সালে বিগত বিশ শতকের শুরুতে বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রাশিয়ার সমাজতান্ত্রিক বলশেভিক বিপ্লব। এ বিপ্লব রাশিয়া মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনে এক বিপ্লবের সূচনা করে। রাশিয়ায় ভূমিদাস শ্রেণীর দুর্দশা, তাদের উপর অত্যাচার এবং রাজ পরিবার ও অভিজাত শ্রেণিক কর্তৃক জমি দখল প্রভৃতি কারণে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এছাড়া শিল্প বিপ্লবের ফলে রাশিয়ার ভূমি দাস শ্রেণি ক্রমে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। এ সমাজ শ্রমিকদের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। তারা বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে নির্যাতিত হতো। আর এই পরিস্থিতির ফলেই বিপ্লবের ক্ষেত্রে তৈরি হয়। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপন প্রচার চালিয়ে তাদের সঙ্ঘবদ্ধ করে এবং বিপ্লবমুখী করে তোলে। ফলস্বরূপ সংঘটিত হয় বলশেভিক বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লবে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে এবং অক্টোবরের বলশেভিক বিপ্লবে অস্থায়ী সরকার উৎখাত হয়; ধনী ও গরীবের মধ্যে বৈষম্য দূর হয়।

উদ্দীপকেও বলা হয়েছে যে কোন বিপ্লব বা ঘটনার জন্য অর্থনৈতিক সমস্যাই মুখ্য। যখনই অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করে, তখনই সংগ্রাম সংঘটিত হয় এবং সমতার ছোঁয়া আসে। যা বলশেভিক বিপ্লবের মধ্যেও দেখা যায়।

তাই বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের মিল রয়েছে।

(ঘ)

হ্যাঁ, আমি মনে করি অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা তথা বলশেভিক বিপ্লব সংগঠনের প্রধান কারণ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

উনিশ শতকের শেষ দিকে রাশিয়ার এক সামাজিক পরিসংখ্যানে দেখা যায় রাশিয়াতে প্রতি ১০০০ জন মানুষের মধ্যে মাত্র ১৭ জন অভিজাত এবং বাকিরা ভূমিহীন। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপ করলেও ভূমিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। আর বিপ্লবের ফলে রাশিয়ায় ভূমিহীন শ্রেণী শহুরে শিল্প শ্রমিক এ পরিণত হয়। খাদ্যমূল্য বৃদ্ধির ফলে কম মজুরিতে খাদ্য কেনা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। জীবনযাত্রা নিম্নমানের ফলে ব্যাপক শ্রমিক ধর্মঘট দেখা দেয় এবং ১৮৬২ থেকে ১৮৯৫ সময়কালে রাশিয়ার ধর্মঘটের সংখ্যা ক্রমিক বৃদ্ধি পাওয়ায় সমাজে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়।

উনিশ শতকের শেষ ভাগের আগ পর্যন্ত রাশিয়ার জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণে রাজনৈতিক বিকাশ ঘটতে পারে নি। মধ্যবিত্ত শ্রেণীর অনুপস্থিতি এবং ভূমিহীন বা ভূমি দাসদের চরম অসংগতি ও অভিজাতন্ত্রের দাপটে এখানে গুপ্ত সন্ত্রাসী সমিতি গড়ে ওঠে, যা নিহিলিজম ও নারোদিক আন্দোলন নামে পরিচিত। আন্দোলন ব্যর্থ হলেও জার সরকারের বিরুদ্ধে এটি স্থায়ী ক্ষতের সৃষ্টি করে এবং সমাজতান্ত্রিক চেতনার প্রতি আকৃষ্ট হয়। রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতা, অন্যান্য শিল্প ব্যবস্থা এবং জার সরকারের উপর চরম ভীতশ্রদ্ধার ফলে সমাজতান্ত্রিক চেতনা জনপ্রিয় হয়ে ওঠে এবং বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।

তাই বলা যায়, অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা তথা বলশেভিক বিপ্লব সংগঠনের প্রধান কারণ।

একটি জাতির চিন্তা চেতনা ও মননের গতি প্রবাহ নির্ধারিত হয় বুদ্ধিজীবীদের দ্বারা। বুদ্ধিজীবীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে সহজেই সমাজে প্রচলিত বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন। আর সেগুলো থেকে সমাজের সকল স্তরের মানুষ প্রভাবিত হয়।
২. লিগ অফ নেশনস এর সদর দপ্তর কোথায়?
উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।
উদ্দীপকের বুদ্ধিজীবীদের ন্যায় ফরাসি জনমত গঠনে কাদের ভূমিকার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর
তুমি কি মনে কর বুদ্ধিজীবীরা ফরাসি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
লিগ অফ নেশনস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা।
(খ)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি বিখ্যাত ১৪ দফা মার্কিন কংগ্রেসে উত্থাপন করেন।

প্রথম বিশ্বযুদ্ধের অবসানে উইলসনের ১৪ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ এর উপর ভিত্তি করে জার্মানরা যুদ্ধ বিরতির আবেদন করে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই কারণেই চৌদ্দ দফাকে শান্তির একমাত্র উপায় হিসেবে আখ্যায়িত করা হয়।

(গ)

উদ্দীপকের বুদ্ধিজীবীদের ন্যায় ফরাসি জনমত গঠনে দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

ফরাসি বিপ্লবের মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে দার্শনিকরা ব্যাপক ভূমিকা রেখেছেন। এসময় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করেও তারা ফরাসি বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৮ শতকের ফরাসি দার্শনিকদের রচনা ফ্রান্সে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ ভূমিকা রেখেছিল। এ সময় দার্শনিকরা মানুষের চিন্তা চেতনায় নতুন ভাব-ধারা সৃষ্টি করেন। দার্শনিকরা রাজার স্বর্গীয় অধিকার তত্ত্বকে যুক্তি দ্বারা আক্রমণ করেন, এই অভিমত প্রচার করেন। রাজার ক্ষমতা বা কর্তৃত্বের উৎস স্রষ্টা নয়, জনগণের ইচ্ছা। আর তারা আরও প্রচার করেন যে প্রকৃতির নিয়মে অধিকারের সাথে কর্তব্যও থাকে। সুতরাং রাজা শুধু অধিকার ভোগ করতে পারেন না, তাকে কর্তব্য ও পালন করতে হবে। আর এই ধারার মধ্যে উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন মন্তেস্কু , ভলতেয়ার, রুশো প্রমুখ তাদের লেখনির মাধ্যমে এই বৈষম্যগুলোর চিত্র তুলে ধরেছিলেন।

উদ্দীপকে দেখা যায়, একটি জাতির চিন্তা চেতনা ও মননের গতিপ্রবাহ নির্ধারিত হয় বুদ্ধিজীবীদের দ্বারা। বুদ্ধিজীবীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে সহজে সমাজে প্রচলিত বিভিন্ন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন আর সেইগুলো থেকে সমাজের সকল স্তরের মানুষ প্রভাবিত হয়।

সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বুদ্ধিজীবীদের ন্যায় ফরাসি জনমত গঠনে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য রয়েছে।

(ঘ)

বুদ্ধিজীবীরা ফরাসি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

ফরাসি বিপ্লবে দেশটির দার্শনিকদের অবদান অপরিসীম। তারা বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করেননি বটে কিন্তু এর মনস্তাত্ত্বিক তাত্ত্বিক পটভূমি তৈরিতে ব্যাপক ভূমিকা রাখেন। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য দেশবাসীকে উজ্জীবিত করতে থাকে। ফরাসি সমাজে তাদের চিন্তাধারা ব্যাপক প্রভাব ফেলে।

এই দার্শনিকরাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যুক্তি তুলে ধরেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহামতি ভলতেয়ার, মন্তেস্কু, জ্যঁ জ্যাক রুশো প্রমুখ। মন্তেস্কু তার The Persian Letters নামের ব্যঙ্গাত্মক লেখনীর মধ্য দিয়ে ফরাসি সমাজের শ্রেণী বৈষম্যের প্রতি কটাক্ষ করেন এবং The Spirit of Laws গ্রন্থে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজনের পক্ষে যুক্তি দেন। এইসব লেখা সমকালীন বিপ্লবদের মনে গভীর চিন্তার প্রভাব বিস্তার করে। ফ্রান্সের দার্শনিক ভলতেয়ার প্রচলিত রাষ্ট্র সমাজ ও ধর্মনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে বিপ্লবের পথকে প্রশস্ত করেন। এছাড়া দার্শনিক জ্যঁ জ্যাক রুশো তার বিখ্যাত The Social Contract গ্রন্থে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী—এই মতবাদ প্রচার করলে বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এভাবেই বুদ্ধিজীবীরা অর্থাৎ ফরাসি দার্শনিকরা ফরাসি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

সুতরাং বলা যায় যে, ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

গ্রামের পতিত জমি দখলকে কেন্দ্র করে ধনী পরিবারগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। একসময় এটি সংঘর্ষে রূপ নেয়। শেষ পর্যন্ত একপক্ষ পরাজিত হলে দীর্ঘ সময় ধরে চলমান সংঘর্ষের অবসান হয়। তবে ততক্ষণে সংঘটিত হয় গ্রামের ইতিহাসের সর্বাধিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের।
৩. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি?
ফরাসি বিপ্লবের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও।
উদ্দীপকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্য বইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতাই এ ঘটনা সংঘটনের মূল কারণ—এর স্বপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
(খ)

ফ্রান্সে যাজক ও অভিজাত ছাড়া সবাই ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত।

ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনগণ ছিল ২৫ মিলিয়ন বা আড়াই কোটি। এর শতকরা ৯৬ ভাগই ছিল তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরা ছিল শিল্পোৎপাদক, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, গ্রন্থকার, সাংবাদিক, কৃষক প্রমুখ। তৃতীয় সম্প্রদায়ের বৃহৎ অংশ ছিল কৃষক। এই সম্প্রদায় সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলো অথচ এরাই ছিল রাষ্ট্রের স্তম্ভ। এদের শ্রম-ঘামেই গড়ে উঠেছিল ফরাসি অর্থনীতি তথা ফরাসি সাম্রাজ্য।

(গ)

উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনের পেছনে বহুবিধ কারণ লক্ষ্য করা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

হতাহতের সংখ্যা অতীতের সব যুদ্ধকে হার মানিয়েছিল। এই যুদ্ধের কারণ গুলোর মধ্যে বিকাশমান পুজিবাদের দ্বন্দ্ব, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংঘাত, সামরিক যুদ্ধ শিবিরে বিভক্ত বিশ্বে পরিস্থিতি ইত্যাদি। তবে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সুফিয়ার হত্যাকাণ্ডে এই যুদ্ধের সূচনা হয়। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড স্ত্রীকে অস্ট্রো-হাঙ্গরি শাসিত বসনিয়ার সারায়েভো ভ্রমণকালে আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে সম্পূর্ণ দায়ী করে ২৮ জুলাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পূর্বে সম্পাদিত মৈত্রী চুক্তি ত্রিশক্তি জোট অনুযায়ী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন জানায়। অন্যদিকে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে যায়। পরে ইউরোপের অন্যান্য রাষ্ট্র এই যুদ্ধ জড়িয়ে পড়ে। ফলে শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ।

উদ্দীপকে দেখা যায়, গ্রামের পতিত জমি দখলকে কেন্দ্র করে ধনী পরিবারগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং একসময় এটা সংঘর্ষে রূপ নেয়। শেষ পর্যন্ত এক পক্ষ পরাজিত হলে দীর্ঘ সময় ধরে চলমান সংঘর্ষের অবসান হয়। তবে ততক্ষণে সংঘটিত হয় গ্রামের ইতিহাসের সর্বাধিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের।

সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি প্রথম বিশ্বযুদ্ধের প্রতি ইঙ্গিত করে।

(ঘ)

উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় এই ঘটনাটি তথা প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ— প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

মূলত সারায়েভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই মহাযুদ্ধ শুরু হলেও তার ক্ষেত্রে প্রস্তুত হয়েছিল পূর্ববর্তী একশত বছর ধরে। আঠারো শতকে ইউরোপে শুরু হওয়া শিল্পবিপ্লব উনিশ শতকে উৎকর্ষ লাভ করে। এর ফলে শিল্পসমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য উপনিবেশবাদী জাতিকে পরিণত হয়। ফলে বিভিন্ন দেশের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায়। শিল্পসমৃদ্ধ রাষ্ট্রগুলোর মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্স তুলনামূলক ভাবে আগে শিল্পসমৃদ্ধ হওয়ায় তারা বিশ্বের বিভিন্ন উপনিবেশ দখল করে বসে। অপরদিকে জার্মানিসহ কিছু দেশের শিল্পায়ন দেরিতে হওয়ায় উপনিবেশ বিস্তারে এরা পিছিয়ে পড়ে। কিন্তু এসব দেশের বুর্জোয়া ও পুঁজিপতি শ্রেণী তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এর জন্য স্ব-স্ব দেশে সরকারকে চাপ প্রয়োগ করলে উপনিবেশ লাভের জন্য এক সময় তারাও মরিয়া হয়ে ওঠে। ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এরূপ উপযুক্ত পরিস্থিতিতে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলো পরস্পর বিরোধী শিবিরের বিভক্ত হয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হয়।

সুতরাং বলা যায় যে, সারায়েভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সূত্রপাত হলেও প্রথম বিশ্বযুদ্ধের পেছনে মূল কারণ ছিল উপনিবেশবাদ।

চুক্তি বা সন্ধি হওয়া চাই পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। তা না হলে উক্ত সন্ধি সুফল এর চেয়ে কুফলই বেশি বয়ে আনে।
৪. লেনিন কোন দেশের নাগরিক?
কোন ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
লেনিন রাশিয়ার নাগরিক ছিলেন।
(খ)

অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনা থেকে প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়।

১৯১৪ সালে ২৮ শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রীর সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভো প্রকাশ্য দিবালোকে সার্ব আততায়ীর গুলিতে নিহত হন। এ ঘটনার প্রতিক্রিয়ায় ১৯১৪ সালের ২৮ জুলাই থেকে অস্ট্রো-হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে কয়েক দিনের মধ্যে তা ছড়িয়ে পড়ে ইউরোপের প্রায় সকল দেশে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

(গ)

উদ্দীপকে উল্লেখিত চুক্তি বা সন্ধি আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির ঘটনার প্রতি ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায় দায়িত্ব তাদের উপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে। বিজয়ী মিত্রশক্তি দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিজসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি ক্ষোভের জন্ম দেয় যাকে উগ্রজাতীয়তাবাদী হিটলার পরে সাফল্য সাথে নিজের স্বার্থে কাজে লাগান।

উদ্দীপকে দেখা যায়, চুক্তি বা সন্ধি হওয়া চাই পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। তা না হলে উক্ত সন্ধি সুফল এর চেয়ে কুফলই বেশি বয়ে আনে। উক্ত চুক্তি বা সন্ধি মূলত ভার্সাই সন্ধিকেই ইঙ্গিত করে।

সুতরাং বলা যায় যে, উল্লেখিত চুক্তি বা সন্ধি ভার্সাই সন্ধির ঘটনার প্রতি ইঙ্গিত করে।

(ঘ)

হ্যাঁ, আমি মনে করি উক্ত সন্ধি তথা ভার্সাই সন্ধির ব্যর্থতা এই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহিত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক। এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত আনে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণে বোঝা চাপিয়ে দেয়। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খনিজসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে এক সময়ে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এ চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়ে জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়।

প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অভূতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবাদের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এই অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল। এমন অবস্থার প্রেক্ষাপটেই জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদে সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে এক নতুন আশার সঞ্চার করে এবং এক নতুন পথের সন্ধান দেয় । এক পর্যায়ে উগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্ঠার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহী মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভাবী করে তোলে।

সুতরাং বলা যায় যে, ভার্সাই ব্যর্থতা বা ত্রুটি পরবর্তী সময় বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।

ময়মনসিংহ বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।