রাজশাহী বোর্ড ২০২৫

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

রাজশাহী বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ইতিহাস ক্লাসে জনাব 'ক' স্যার মানুষের চিন্তায় বৈপ্লবিক পরিবর্তন আনেন এমন কয়েকজন মনীষীর কথা বলেছিলেন। যাদের চিন্তাধারা ও লেখনী একটি অঞ্চলকে গির্জার দুর্নীতি ও রাজার অপশাসন হতে মুক্তি এনে দিয়েছিল।
১. 'আমিই রাষ্ট্র' উক্তিটি কার?
কোড নেপোলিয়ন বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত মনীষীদের চিন্তাধারা কোন বিপ্লবের অনুপ্রেরণা তৈরি করেছিল? ব্যাখ্যা কর।
উক্ত বিপ্লব কীভাবে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন এনে দেয়?
সমাধান ও উত্তর
(ক)
'আমিই রাষ্ট্র' - উক্তিটি চতুর্দশ লুইয়ের।
(খ)
নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে প্রচলিত সকল আইন এবং রোমান আইনের সমন্বয়ে আইনবিধি বা Code Napoleon তৈরি করেন। তিনি ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে আইনবিধির সূত্রগুলো বিধিবদ্ধ করেন। এ সংকলনে মোট ২২৮১টি ধারা ছিল। ১৮০৪ সালের কোড নেপোলিয়ন মূলত দেওয়ানি আইনবিধি। ফৌজদারি ও বাণিজ্যিক আইনবিধি ছিল নেপোলিয়নীয় যুগের পৃথক সংকলন; এগুলোকে দেওয়ানি কোডের তিন ভাগ বলা যথার্থ নয়।
(গ)

উদ্দীপকে বর্ণিত মনীষীদের চিন্তাধারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা তৈরি করেছিল।

অষ্টাদশ শতাব্দী ছিল বস্তুত আধুনিক ইতিহাসে জ্ঞানদীপ্তির যুগ। রেনেসাঁপ্রসূত অনুসন্ধিৎসা ও সমালোচনার দৃষ্টিভঙ্গি কার্যকর ছিল এ শতাব্দীতে। জ্ঞানদীপ্তির প্রভাবে উদ্দীপ্ত এক শ্রেণির পণ্ডিত ফ্রান্সের পূর্বতন শাসনামলের তীব্র সমালোচনা করে রাষ্ট্রব্যবস্থার স্তম্ভগুলোকে নড়বড়ে করে দিয়েছিল। ফরাসি এসব দার্শনিকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ। অনেকের মতে, বিপ্লবে দার্শনিকগণ প্রত্যক্ষভাবে নেতৃত্ব গ্রহণ করেননি। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল মানুষের চিন্তাচেতনা এবং ভাবজগতে নতুন ভাবধারার সৃষ্টি করা। বিশ্লেষণধর্মী লেখনী হলো সমাজ বা সমাজব্যবস্থার দর্পণস্বরূপ। দার্শনিকগণের চেতনানিঃসৃত এ দর্পণে ফ্রান্সের লেখাপড়া জানা অল্পশিক্ষিত বুর্জোয়া শ্রেণি যখন তাদের গোটা সমাজব্যবস্থার চিত্রটি দেখতে পেল, তখন ফ্রান্সের খেটে খাওয়া স্যাকুলেৎ শ্রেণির সাহায্যে স্বউদ্যোগী হয়ে মধ্যবিত্ত এ বুর্জোয়া শ্রেণিই বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করল। আর তাই তৎকালীন ফ্রান্সের দার্শনিকগণকে বলা হয় বিপ্লবের মূল প্রভাবক, যেমনটি লক্ষণীয় উদ্দীপকের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে।

সুতরাং উপর্যুক্ত আলোচনার আলোকে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত মনীষীদের চিন্তাধারা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা তৈরি করেছিল। উদ্দীপকের বুদ্ধিজীবীদের সাথে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদেরই ভূমিকার সাদৃশ্য রয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায়।

(ঘ)

উক্ত বিপ্লব অর্থাৎ ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, আর্থসামাজিক ব্যবস্থারও গভীর পরিবর্তন আনে।

'১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অধিকাংশ ভূমি যাজক ও অভিজাতদের দখলে ছিল। কিন্তু ফরাসি বিপ্লবের পর সামন্তপ্রথা বিলুপ্ত হয়ে যায়। কৃষকরা ভূমির মালিকানা পায় এবং খাজনার পরিমাণ কমে আসে। গির্জার সম্পত্তিকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের তহবিলে যোগ করা হয়, যা রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করে। এছাড়াও ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের বাণিজ্য ও শিল্পে স্বাধীনতা আসে, ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসে।

ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যাজক সম্প্রদায় ছিল প্রথম স্তরের এবং অভিজাত সম্প্রদায় ছিল দ্বিতীয় স্তরের। যাজক ও অভিজাত সম্প্রদায় ছাড়া সমাজের অন্যান্য স্তরের মানুষ ছিল অধিকারহীন বা তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। প্রথম দুই শ্রেণি বিশেষ সুবিধা ভোগ করত, আর তৃতীয় শ্রেণি ছিল শোষিত। কিন্তু বিপ্লবের পর সব শ্রেণির মানুষ সমান অধিকার লাভ করে, বিশেষ সুবিধা ও বৈষম্য বিলুপ্ত হয়। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা এই মূলনীতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। জন্মসূত্রে সুবিধা পাওয়ার পরিবর্তে যোগ্যতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, ফরাসি বিপ্লব সামন্তবাদী ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা ভেঙে দিয়ে একটি আধুনিক সমতাভিত্তিক সমাজ ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করে।

প্রাচীন মেসোপটেমিয়ার অন্তর্গত ষষ্ঠ রাজা ছিলেন হাম্বুরাবি। তার সময়ের হিট্টাইট, এ্যাসিরিও ও অন্যান্য আইনের সমন্বয়ে ব্যাপক সংকলন করা হয়, যা 'কোড অব হাম্বুরাবি' নামে পরিচিত। এটি সমাজের ব্যাপক পরিবর্তন করেছিল। তার এ আইনই তাকে পৃথিবীর ইতিহাসে অমরত্ব দান করেছে।
২. ফরাসি বিপ্লবের সময় কোন বংশের শাসন চলছিল?
বাস্তিল দুর্গ সম্পর্কে লেখ।
উদ্দীপকে উল্লিখিত হাম্বুরাবির কর্মকান্ডের সাথে কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? বর্ণনা কর।
উক্ত শাসকের গৃহীত কর্মকাণ্ডের সফলতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে বুরবোঁ (House of Bourbon) রাজবংশের শাসন চলছিল।
(খ)
বাস্তিল দুর্গ ছিল একটি দুর্গ কারাগার। এর অবস্থান ছিল প্যারিস নগরীর কাছে। বুরবোঁ রাজবংশের শোষণ ও অত্যাচারের প্রতীক ছিল এ দুর্গ। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাধারণ জনতার হাতে বাস্তিল দুর্গের পতন হয়। এটি ছিল একটি বড় ঘটনা। কেননা এটি ছিল রাজতন্ত্রের প্রতীক। এ দুর্গের পতন স্বৈরতন্ত্রের পতনকেই নির্দেশ করে।
(গ)

উদ্দীপকে উল্লিখিত হাম্বুরাবির কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের কর্মকান্ডের মিল রয়েছে।

নেপোলিয়নের সংস্কারসমূহের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে তার আইনবিধি বা 'Code of Napoleon'। নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তেমনি প্রাচীন মেসোপটেমিয়ার রাজা হাম্বুরাব্বি কর্তৃক আইন সংকলনও কোড অব হাম্বুরাব্বি নামে পরিচিত। বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। আবার বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। এছাড়া প্রদেশের প্রথাগত আইনও ছিল। এজন্য বিচারক ও সরকারি কর্মচারীরা আইন প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পতিত হয়। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে 'সাম্যভিত্তিক' সমাজ বিনির্মাণের জন্য এবং আইনগুলোকে সংকলন করার জন্য আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। তিনি নিজে এ সংক্রান্ত ৩৬টি অধিবেশনে মিলিত হয়ে আইনবিধি সংক্রান্ত আলোচনায় অংশ নেন। ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে বিশেষজ্ঞগণ আইনবিধির মূল সূত্রগুলো বিধিবদ্ধ করেন। এ সংকলনে মোট ২২৮১টি ধারা ছিল। আইনগুলো সরল ও স্পষ্ট ভাষায় লিখিত ছিল'।

নেপোলিয়নের আইনবিধির মাধ্যমে বিপ্লবের বাঁধভাঙা স্রোতের গতি রুদ্ধ হয়ে একটি স্থিতাবস্থা আসে। প্রাকৃতিক ও রোমান আইনের সমন্বয় থাকার কারণে ইউরোপের বহুদেশে এ আইন গৃহীত হয়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এ আইন এখনও চালু রয়েছে।

(ঘ)

উক্ত শাসকের অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের কর্মকাণ্ড বিশ্বের ইতিহাসে তাকে বিশিষ্ট স্থানে দাঁড় করিয়েছে।

নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের প্রবর্তন করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক অব ফ্রান্সকে প্যারিসে ব্যাংকনোট ইস্যুর বিশেষ অধিকার দেওয়া হয়; এটি ফ্রান্সে প্রথম ব্যাংকনোট প্রচলনের ঘটনা নয়। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ডিক্রি জারি করে জাতীয় সেনাবাহিনী গঠন করেন।

নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন। তিনি ২২৮১টি ধারা সংবলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন। তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে প্রথম ফায়ার ব্রিগেড স্থাপন ও তিনটি বিশাল সমুদ্রবন্দর নির্মাণ করেন।

পরিশেষে বলা যায়, নেপোলিয়ান ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। অতএব, নেপোলিয়নের গৃহীত কর্মকান্ডগুলো সফলতা লাভ করেছিল।

বিংশ শতাব্দীর গোড়ার দিকে মানব ইতিহাসে এমন এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যুদ্ধটি স্থানীয়ভাবে সংঘটিত হলেও এর আগুন অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। একটি দেশের রাজপুত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুদ্ধের সূত্রপাত হলেও এর পিছনে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থানও লুক্কায়িত ছিল।
৩. ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলা হয় কেন?
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত বইয়ের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
(খ)
জার্মানরা ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলে অভিহিত করেছিলেন। মূলত ভার্সাই চুক্তির মাধ্যমে আফ্রিকা ও দূরপ্রাচ্যের উপনিবেশগুলোর ওপর জার্মানির অধিকার লোপ পায়। জার্মানির দূরপ্রাচ্যের উপনিবেশগুলো জাপানকে দেওয়া হয়। জার্মানির অন্যান্য উপনিবেশগুলো জাতিপুঞ্জ অধিগ্রহণ করে ফ্রান্স ও ব্রিটেনকে শাসন করতে দেয়। তাছাড়া জার্মানির ওপর বিভিন্ন অর্থনৈতিক শর্তাবলি চাপিয়ে দেওয়া হয়। যেমন- 'প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বলা হয়। রাইন নদীকে আন্তর্জাতিক জলপথ বলে ঘোষণা করা হয়। মিত্রশক্তিকে কাঠ, কয়লা ও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে জার্মানিকে বাধ্য করা হয়। এসব কারণেই মূলত জার্মানরা ভার্সাই সন্ধিকে চাপিয়ে দেওয়া সন্ধি বলে অভিহিত করেছিল।
(গ)

উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ আততায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে। জার্মানির সহায়তা নিয়ে ২৮ জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ক্রমে এ যুদ্ধে ইউরোপের অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ যুদ্ধ আমেরিকা ও এশিয়াতেও ছড়িয়ে পড়ে এবং তা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে। সারায়েভোর হত্যাকান্ড এ যুদ্ধের আশু কারণ হলেও এর পিছনে আরও বহুবিধ কারণ বিদ্যমান ছিল। এ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে একশত বছর ধরে। ফরাসি বিপ্লব ও এ বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথমে বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এছাড়াও ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, উগ্র জাতীয়তাবাদের উত্থান, বাণিজ্যিক ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতি, বিসমার্কের কূটনীতি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট ইত্যাদি ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ।

উদ্দীপকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মানব ইতিহাসে এমন এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যুদ্ধটি স্থানীয়ভাবে সংঘটিত হলেও এর আগুন অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। একটি দেশের রাজপুত্রের হত্যাকান্ডকে কেন্দ্র করে যুদ্ধের সূত্রপাত হলেও এর পিছনে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থানও লুক্কায়িত ছিল। উদ্দীপকের এ ঘটনা আমার পঠিত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

(ঘ)

প্রস্তাবিত মডেল উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী।

প্রথমত, যুদ্ধে বিপুল প্রাণহানি, আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি এবং শিল্প, কৃষি ও যোগাযোগব্যবস্থার ব্যাপক ধ্বংস ঘটে। ইউরোপের বহু রাষ্ট্র ঋণ ও অর্থনৈতিক সংকটে পড়ে।

দ্বিতীয়ত, জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান ও রুশ সাম্রাজ্যের পুরোনো রাজতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। ইউরোপের মানচিত্র বদলে যায় এবং কয়েকটি নতুন রাষ্ট্রের উত্থান ঘটে।

তৃতীয়ত, প্যারিস শান্তি সম্মেলন ও ভার্সাইসহ বিভিন্ন শান্তিচুক্তির মাধ্যমে পরাজিত শক্তির ভূখণ্ড, সামরিক ক্ষমতা ও ক্ষতিপূরণ সম্পর্কে কঠোর শর্ত আরোপ করা হয়। এসব ব্যবস্থায় নতুন অসন্তোষও জন্ম নেয়।

চতুর্থত, আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা ও যুদ্ধ প্রতিরোধের উদ্দেশ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে উপনিবেশগুলোর জাতীয়তাবাদী আন্দোলন এবং বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব বৃদ্ধি পায়।

অতএব, প্রথম বিশ্বযুদ্ধ শুধু ধ্বংসই আনেনি; রাষ্ট্রসীমা, শাসনব্যবস্থা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। তবে শান্তিচুক্তির ত্রুটি ও পরবর্তী সংকট স্থায়ী শান্তিকে দুর্বল করে।

অসহায় ও দুর্বলদের প্রতি অত্যাচার এবং যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে হযরত মুহাম্মদ (স.) ৫৯৫ খ্রিষ্টাব্দে 'হিলফুল ফুজুল' নামে শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মূল উদ্দেশ্য ছিল আরবে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপত্তা বজায় রাখা। তার এ সংগঠনের মাধ্যমে আরবে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন প্রায় পঞ্চাশ বছর স্থায়ী হয়।
৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'হিলফুল ফুজুলের' সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত সংগঠন কতটুকু কার্যকর ছিল? তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন।
(খ)
উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে জার্মান দার্শনিক, পণ্ডিত ও ঐতিহাসিকগণ এ কথা প্রচার করতে থাকেন যে জার্মানগণ হচ্ছে বিশুদ্ধ আর্য এবং বিশ্বের শ্রেষ্ঠ জাতি। ক্রমে এ জাতীয়তাবাদী ধারণা ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। জার্মানরা জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা প্রয়োগ করে। ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যকার জাতিগত বিদ্বেষ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থাকে উগ্র জাতীয়তাবাদ হিসেবে আখ্যায়িত করা হয়।
(গ)

উদ্দীপকের 'হিলফুল ফুজুলের' সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী 'লীগ অব নেশনস' নামক সংগঠনের সাদৃশ্য রয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, যুদ্ধের বীভৎসতা ও যুদ্ধপ্রসূত দারিদ্র্য ও দুর্দশা মানুষকে ভীতশ্রদ্ধ করে তোলে। এ যুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 'চৌদ্দ দফা নীতি' ঘোষণা করেন। এর ১৪নং ধারায় বলা হয়, সকল জাতির প্রতি ন্যায় বিচার এবং সকল জাতির স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। এরই ভিত্তিতে ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের উত্থাপিত 'লীগ অব নেশনস'-এর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উইলসনকে সভাপতি করে ১৯ সদস্য এক কমিটিকে এর গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটি লীগ অব নেশনস গঠনের জন্য একটি খসড়া সংবিধান রচনা করে। প্যারিস সম্মেলনে খসড়াটি অনুমোদিত হলে ভার্সাই সন্ধির প্রথম অংশে এই খসড়া গৃহীত হয়। আর এভাবেই লীগ অব নেশনসের জন্ম হয়।

উদ্দীপকেও দেখা যায়, অসহায় ও দুর্বলদের প্রতি অত্যাচার এবং যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে হযরত মুহাম্মদ (স.) ৫৯৫ খ্রিষ্টাব্দে 'হিলফুল ফুজুল' নামে শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মূল উদ্দেশ্য ছিল আরবে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপত্তা বজায় রাখা। তার এ সংগঠনের মাধ্যমে আরবে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন প্রায় পঞ্চাশ বছর স্থায়ী হয়। ঘটনাটি লীগ অব নেশনসের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

তৎকালীন বিশ্বে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটি তথা লীগ অব নেশনস কার্যকর ভূমিকা পালন করেছিল।

কিছু ত্রুটিবিচ্যুতি থাকা সত্ত্বেও লীগ অব নেশনস গঠিত হওয়ার পরবর্তী এক দশক এটি একটি সফল আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এ সময়টিকে লীগের সুবর্ণ যুগ বলা হয়। এসময় বৃহৎ শক্তিগুলোর মধ্যে পারস্পরিক কোনো স্বার্থঘটিত দ্বন্দ্ব না হওয়ায় লীগের পক্ষে আন্তর্জাতিক বিরোধগুলোর নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে এটি একটি কার্যকর আন্তর্জাতিক সংগঠন বলে প্রতিপন্ন হয়। এ সময় লীগ আলান্ড দ্বীপপুঞ্জ, আপার সাইলেশিয়া এবং গ্রিস-বুলগেরিয়ার মতো কয়েকটি বিরোধ মীমাংসায় ভূমিকা রাখে। তবে পোল্যান্ড-লিথুয়ানিয়াসহ সব বিরোধ সফলভাবে সমাধান হয়েছিল বলা যায় না। ইরান-সোভিয়েত সংকটের পরিচিত ১৯৪৬ সালের ঘটনাটি জাতিসংঘের বিষয়, লীগের সাফল্য নয়। কিন্তু হিটলার মুসোলিনীর নাৎসিবাদ ও ফ্যাসিবাদ এবং জাপানের সমরবাদ বিশ্বের মাথাচাড়া দিয়ে উঠলে জাতিপুঞ্জ আন্তর্জাতিক সমস্যা সমাধানে ব্যর্থ হতে থাকে। ব্রিটেন ও ফ্রান্সের তোষণনীতির ফলে জাতিপুঞ্জ একেবারে মুখ থুবড়ে পড়ে। তা সত্ত্বেও তৎকালীন সময়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের সমকক্ষ অন্য কোনো সংগঠন ছিল না। তাই বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তৎকালীন সময়ে লীগ অব নেশনস বা জাতিপুঞ্জ কার্যকর ভূমিকা পালন করেছিল।

রাজশাহী বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।