যশোর বোর্ড ২০২২

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

যশোর বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ইউরোপের একটি দেশের ইতিহাসে সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রতিটি দেশেই এ বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়েছিল ।
১. কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
Third Estate কারা?
উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর ।
উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
ষোড়শ লুইয়ের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয় ।
(খ)
Third Estate বা তৃতীয় সম্প্রদায় হলো ফ্রান্সের অধিকারহীন শ্রেণির মানুষ। অর্থাৎ যাজক ও অভিজাত শ্রেণি ছাড়া ফ্রান্সের অন্যান্য সাধারণ জনগোষ্ঠী হলো Third Estate এর অন্তর্ভুক্ত। এদের মধ্যে কৃষক ও শহরের শ্রমিকের সংখ্যা বেশি। এছাড়া মধ্যবিত্ত শ্রেণি, বুর্জোয়াদের মধ্যে দালাল, বণিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, গ্রন্থাকার, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী শ্রেণি ছিল। যাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা মোটেও ভালো ছিল না।
(গ)

উদ্দীপকে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে। ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং ফ্রান্সে এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা। এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোন্ডিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে। উদ্দীপকে বলা হয়েছে ইউরোপের একটি দেশের ইতিহাসের সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

সুতরাং বলা যায়, উদ্দীপকে ফরাসি বিপ্লবের কথাই বলা হয়েছে।

(ঘ)

উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী।

ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচনা করে। বিপ্লবের আগে ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। বিপ্লবের মধ্যে দিয়ে তা পুঁজিবাদী ধারায় বিকশিত হতে থাকে। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও ধর্মযাজক গোষ্ঠীর প্রভাব দুর্বল হতে থাকে। ফ্রান্স কার্যত একটি বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লব ফ্রান্সের জন্য সংবিধান প্রণয়ন করেছে, বিভিন্ন নামে ফ্রান্সে জাতীয় সংসদ গঠন করেছে, ফ্রান্সকে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে অবদান রেখেছে। এই বিপ্লব ফরাসি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে। ফ্রান্সের রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সুযোগও এ বিপ্লবের ফলে শুরু হয়। জিরন্ডিন, জ্যাকোবিনসহ বিভিন্ন গোষ্ঠী ফ্রান্সে রাজনৈতিক শক্তি হিসেবে আত্ম প্রকাশ ঘটে।

ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের সমাজকেই নয়, গোটা ইউরোপকেও আলোড়িত করেছিল। গণতন্ত্র, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, শোষণমুক্তি, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপের রাষ্ট্রসমূহে বিস্তার লাভ করে। ফরাসি জাতি প্রতি বছর ১৪ জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। এর মাধ্যমে ফরাসি বিপ্লবের চেতনায় তারা উজ্জীবিত হওয়ার শপথ নতুন করে গ্রহণ করে থাকে। ফরাসি বিপ্লব এভাবেই ফরাসি জাতির কাছে মহান এক ঐতিহাসিক কালপর্ব হিসেবে সমাদৃত হয়েছে। পৃথিবীর সব দেশেই ফরাসি বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে পঠিত হয় । এই বিপ্লবের ইতিহাস পাঠে ছাত্রছাত্রীরা আন্দোলিত হয়ে, নিজ নিজ দেশের বিপ্লব, মুক্তিযুদ্ধ ও সংগ্রামের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করে ।

আলকা রাজ্যের রাজা তাঁর রাজ্যে আধুনিকায়ন করেন। নিজের রাজ্যকে বিশ্বের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। কিন্তু কিছু ভুল পদক্ষেপের কারণে শেষ অবধি তিনি ব্যর্থ হন ।
২. মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
উদ্দীপকের রাজার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের সংস্কারসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ান বোনাপার্ট ।
(খ)
১৭৮৯ খ্রিষ্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। সনাতন ফরাসি রাষ্ট্রীয় ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক অসাম্য, রাজনৈতিক অধিকার প্রাপ্তি প্রভৃতিকে উদ্দেশ্য করে ফরাসি সাধারণ জনগণ ফুঁসে ওঠে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মহান আদর্শ ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র । যা প্রচারে রুশো, মন্তেস্কু, দিদেরো প্রমুখ লেখকগণও ব্যাপক ভূমিকা রাখেন। ফলে রাজার স্বৈরতন্ত্রের বিলোপ ঘটে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পায়।
(গ)

উদ্দীপকের রাজার সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি শাসক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাদৃশ্য রয়েছে।

ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি— সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে ‘মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে,তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো—ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি । উদ্দীপকের আলকা রাজ্য রাজার ক্ষেত্রেও এ বিষয়টি লক্ষণীয়। কারণ রাজা বিভিন্ন সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করলেও কিছু ভুল পদক্ষেপের কারণে তিনি ব্যর্থ হন । যা নেপোলিয়ন বোনাপার্টের সাথে হুবহু মিলে যায়।

(ঘ)

উক্ত শাসক অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট তার দেশের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নেপোলিয়ন বোনপার্ট ১৭৯৯ সালে ক্ষমতাগ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের প্রবর্তন করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে ‘ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তন করেন। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ডিক্রি জারি করে জাতীয় সেনাবাহিনী গঠন করেন ।

নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন । তিনি ২২৮১ টি ধারা সম্বলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন । তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে প্রথম ফায়ার ব্রিগেড স্থাপন ও তিনটি বিশাল সমুদ্র বন্দর নির্মাণ করেন ।

পরিশেষে বলা যায়, নেপোলিয়ান ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনায়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে ।

একটি গ্রামের জমিদার পুত্র পার্শ্ববর্তী একটি গ্রামে বেড়াতে গেলে সেখানে সস্ত্রীক হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে, যা শেষপর্যন্ত ব্যাপক সংঘর্ষের রূপ পরিগ্রহ করে ।
৩. উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
বাস্তিল দুর্গ কী?
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনাই বিশ্বব্যাপী একটি যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত। তোমার মতামত দাও ।
সমাধান ও উত্তর
(ক)
উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
(খ)
বাস্তিল দুর্গ ছিল একটি দুর্গ কারাগার। এর অবস্থান ছিল প্যারিস নগরীর কাছে । বুরবোঁ রাজবংশের শোষণ ও অত্যাচারের প্রতীক ছিল এ দুর্গ। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাধারণ জনতার হাতে বাস্তিল দুর্গের পতন হয়। এটি ছিল একটি বড় ঘটনা। কেননা, এটি ছিল রাজতন্ত্রের প্রতীক। এ দুর্গের পতন স্বৈরতন্ত্রের পতনকেই নির্দেশ করে ।
(গ)

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধের সাদৃশ্য রয়েছে।

১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার ভাবী উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড বসনিয়ার রাজধানী সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ আততায়ীর গুলিতে নিহত হলে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে। জার্মানির সহায়তা নিয়ে ২৮ জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, ফ্রান্স ও রাশিয়া সার্বিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ক্ৰমে এ যুদ্ধে ইউরোপের অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ যুদ্ধ আমেরিকা ও এশিয়াতেও ছড়িয়ে পড়ে এবং তা বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে। সারায়েভোর হত্যাকান্ড এ যুদ্ধের আশু কারণ হলেও এর পিছনে আরও বহুবিধ কারণ বিদ্যমান ছিল। এ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে একশত বছর ধরে। ফরাসি বিপ্লব ও এ বিপ্লবের প্রতি অপরাপর ইউরোপীয় রাজন্যবর্গের প্রতিক্রিয়া প্রথমে বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল। এছাড়াও ভিয়েনা কংগ্রেসের ত্রুটি, উগ্র জাতীয়তাবাদের উত্থান, বাণিজ্যিক ও উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতি, বিসমার্কের কূটনীতি, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেকার কতিপয় আন্তর্জাতিক সংকট ইত্যাদি ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ।

উদ্দীপকে দেখা যায়, একটি গ্রামের জমিদারের পুত্র পার্শ্ববর্তী গ্রামে বেড়াতে গেলে সস্ত্রীক নিহত হন। এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ভয়াবহ রূপধারণ করে। উদ্দীপকের এ ঘটনার সাথে উপরে বর্ণিত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার মিল রয়েছে।

(ঘ)

উক্ত ঘটনাই অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রীর হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত বলে আমি মনে করি । প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকণ্ডকে কেন্দ্র করে। ১৯১৪ সালে ২৮ জুন সকাল ১১ টায় যুবরাজ ফার্ডিনান্দ বসনিয়ার সারায়েভোতে স্ত্রী সোফিয়াসহ ভ্রমণ করার সময় সার্ব আততায়ীর হাতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ফলে অস্ট্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অস্ট্রিয়া সার্বিয়াকে এজন্য দোষারোপ করে এবং এর প্রতিবাদে কয়েকটি দাবি সংবলিত একটি চরমপত্র দেয়।

অস্ট্রিয়া ১৯১৪ সালের ২৩ জুলাই সার্বিয়া সরকারের কাছে একটি চরমপত্র পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এর দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ দেয়। সার্বিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যুত্তর প্রদান করে । বিষয়গুলো মধ্যস্থতার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় লঙ্ঘন করার দাবি যে অন্যায় সে সম্পর্কেও সার্বিয়া পত্রে উল্লেখ করে। স্বভাবতই অস্ট্রো- হাঙ্গেরিকে সার্বিয়ার বক্তব্য সন্তুষ্ট করেনি। অস্ট্রিয়া সার্বিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে। এর মধ্যে শক্তিশালী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন

দেয়। অস্ট্রিয়া জার্মানির সমর্থন পেয়ে সার্বিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে; পরে বেলগ্রেডে গোলাবর্ষণ হয়। এদিকে রাশিয়া ও ফ্রান্স সার্বিয়াকে রক্ষার জন্য এগিয়ে আসে। ক্রমে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়লে বিশ্বযুদ্ধের রূপ নেয় ।

পরিশেষে বলা যায় প্রথম বিশ্বযুদ্ধে অন্যান্য কারণ থাকলেও এর প্রত্যক্ষ কারণ ছিল অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ড ।

দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ একপর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিসের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে। ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের ।
৪. বসনিয়ার রাজধানীর নাম কী ছিল?
তোষণনীতি কী?
উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনা ও চুক্তির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত চুক্তির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল- তুমি কি একমত? মতামত দাও ৷
সমাধান ও উত্তর
(ক)
বসনিয়ার রাজধানীর নাম সারায়েভো।
(খ)
ইউরোপে হিটলার ও মুসোলিনির নাৎসিবাদ ও ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স কোনো রকম প্রতিরোধের বদলে যে আপসনীতি গ্রহণ করেছিল তাকেই তোষণনীতি বলা হয় । ইংল্যান্ড ও ফ্রান্স তোষণনীতি গ্রহণ করায় 'লীগ অব নেশনস' অসহায় হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নকে লীগ থেকে বহিষ্কার করা হয় এবং এক পর্যায়ে লীগ অব নেশনস মুমূর্ষু লীগে পরিণত হয় ।
(গ)

উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে আমার পাঠ্যবইয়ের প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মিল রয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বিজয়ী মিত্রশক্তি জোট তথা ব্রিটেন, ফ্রান্স, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য দেশ ফ্রান্সের ভার্সাই নগরিতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটি ভার্সাই সন্ধি নামে খ্যাত। এ সন্ধিতে চুক্তির ক্ষতিপূরণ-দায় ধারায় জার্মানি ও তার মিত্রদের দায় স্বীকার করানো হয়; কেবল জার্মানির একক দায় বলা অসম্পূর্ণ। যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ আদায় করা হয় জার্মানির কাছ থেকে। বিজয়ী মিত্র শক্তির দেশগুলো জার্মানির কাছ থেকে ১৯২১ সালে ১৩২ বিলিয়ন স্বর্ণমার্ক ক্ষতিপূরণ ধার্য করে; পুরো অঙ্ক আদায় হয়েছিল বলা সঠিক নয়। পাশাপাশি জার্মানির কিছু খনিজ সমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তি খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি চাপিয়ে দেয়া সন্ধি হিসেবে আখ্যায়িত হয় ও ক্ষোভের জন্ম দেয় যা পরবর্তীতে উগ্র জাতীয়তাবাদী নেতা হিটলার সাফল্যের সাথে নিজের স্বার্থে কাজে লাগান ।

উদ্দীপকেও দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ এক পর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিশের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে । ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের । এ ঘটনাটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সাথে মিত্রশক্তির স্বাক্ষরিত ভার্সাই সন্ধির সাথে মিল রয়েছে।

(ঘ)

হ্যাঁ, উক্ত চুক্তির ত্রুটি অর্থাৎ ভার্সাই চুক্তির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল বিষয়টির সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি ।

ভার্সাই সন্ধিতে জার্মানিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পঙ্গু করে ফেলার জন্য কতকগুলো প্রাণঘাতী শর্ত চাপিয়ে দেওয়া হয়। শর্তগুলো অপমানজনক ও কঠোর হওয়ায় পরাজিত জার্মানি মিত্রশক্তির প্রতি কৃতজ্ঞতা অর্জনের কোনো সুযোগই পায়নি। তারা জার্মানিকে লিখিত খসড়ার ওপর একবার লিখিত মতামত জ্ঞাপনের সুযোগ দিয়েছিল কিন্তু যা লেখা ছিল তা প্রতিফলিত হয়নি। অধিকন্তু জার্মানিকে ভীতি প্রদর্শন করে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করে। তারা জার্মানি প্রতিনিধিকে সামরিক প্রহরায় ভার্সাই প্রাসাদে নিয়ে আসে আবার সন্ধিতে স্বাক্ষর করার পর সামরিক প্রহরায় বাইরে নিয়ে যায়। এরূপ অবস্থায় জার্মানির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মানসিক প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয় । তাই ভার্সাইয়ের সন্ধিকে 'Dictated Peace' বা জবরদস্তিমূলক শান্তি' বলে অভিহিত করা হয়। স্বভাবতই জার্মানি একটি শক্তিধর জাতি। তাকে অপমানিত করে চুক্তি করে মিত্ররাষ্ট্র ঠিক কাজ করেনি । তাকে সম্মান করে সন্ধি করলে হয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সে প্রস্তুত হতো না। অনেক ব্যাথা অনেক কষ্ট বুকে চেপে ভার্সাই প্রাসাদ ত্যাগ করেছে। অতঃপর পরবর্তীতে এ কষ্ট প্রশমিত করার জন্য দেশে ফিরে ভবিষ্যতের আশায় বুক বেঁধে বসেছিল, কখন সময় আসবে আর সে সুযোগে মিত্রশক্তিকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মিত্রশক্তিই ভার্সাই প্রাসাদে ভার্সাই । চুক্তিতে গেঁথে রেখেছিল । যার পরিণাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ।

পরিশেষে বলা যায়, ভার্সাই সন্ধি বা চুক্তি প্রকৃতপক্ষে বিশ্বে শান্তির প্রচেষ্টা নয় বরং আরেকটি যুদ্ধের পটভূমি তৈরি করেছিল ।

যশোর বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।