চট্টগ্রাম বোর্ড ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রিমনের বাবা-মা ও ভাই উচ্চশিক্ষিত। রিমন ও তার পরিবারের সবাই রুটিনমাফিক জীবনযাপন করে। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে, দৈনিক পত্রিকা পড়ে। তার সহপাঠী জিসান তাকে হিংসা করে। জিসান লেখাপড়া করতে চায় না। রিমন জিসানকে ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেয়। কিন্তু জিসান তাকে উপহাস করে। রিমন বলে, “মূল্যবোধের বিকাশ হঠাৎ করে হয় না। শৈশব থেকেই লালন করতে হয়।
১. গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
‘লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া’– বুঝিয়ে লেখ ।
উদ্দীপকে রিমনের পরিবারের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপকের আলোকে রিমন ও জিসানের প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
গৃহকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে।
(খ)
প্রত্যেক মানুষের জীবনেই লক্ষ্য থাকে। মানুষ যা চায় বা যা হতে চায় তাই তার জীবনের লক্ষ্য। লক্ষ্য জানা থাকলে কাজ করা ও কাজের মূল্যায়ন করা সহজ হয়। কোনো কাজের পরিসমাপ্তিকেই লক্ষ্য বলে। আবার কোনো কাজের পরিসমাপ্তি ঘটলেই আরেকটি লক্ষ্যের উদ্ভব হয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলেই মানুষের সুখ ও পরিতৃপ্তি আসে। কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রেই লক্ষ্য স্থির করা ও তা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য মানুষের সচেতন বা অবচেতন মনে অবস্থান করে। একটি লক্ষ্য অর্জিত হলে অন্য একটি লক্ষ্য সামনে এসে উপস্থিত হয়। তাই লক্ষ্যকে একটি চলমান প্রক্রিয়া বলা হয়।
(গ)
উদ্দীপকে রিমনের পরিবারে প্রেষণার লক্ষ্যের দিকটি প্রকাশ পেয়েছে। কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সকল আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হতে হবে। উদ্দীপকে রিমনের ক্ষেত্রেও লক্ষ্যের দিকটি ফুটে উঠেছে। রিমনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। এজন্য সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য রিমনের সচেতন ও অবচেতন মনে অবস্থান করছে । তার এ লক্ষ্যটিকে দীর্ঘমেয়াদি লক্ষ্য বলা যায়। কারণ সে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আরও পড়াশোনা করতে হবে। তাকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে । তার একমাত্র উদ্দেশ্য হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো ।
(ঘ)
গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধ, লক্ষ্য ও মান প্রেষণা সৃষ্টিকারী ধারণা। রিমনের কাছে শিক্ষা ও নিয়মিত জীবনযাপন মূল্যবান; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া তার লক্ষ্য; নিয়মিত পড়া, পাঠ্যবইয়ের বাইরে বই ও সংবাদপত্র পড়া সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুসৃত কাজের মান ও অভ্যাস নির্দেশ করে। অন্যদিকে জিসান পড়তে চায় না এবং পরামর্শকে উপহাস করে—এ তথ্য থেকে পড়াশোনায় তার উৎসাহ কম বলে বোঝা যায়। কিন্তু সে নকল করে বহিষ্কৃত হয়েছে, তার কোনো স্বপ্নই নেই বা পরিবার তাকে প্রেরণা দেয়নি—এমন তথ্য উদ্দীপকে নেই। তাই এসব ঘটনা যোগ করা যাবে না। মূল্যবোধের বিকাশ ও ইতিবাচক লক্ষ্য নির্ধারণে পরিবার, সমাজ, অনুশীলন ও ব্যক্তিগত উদ্যোগ সহায়ক।
অধ্যক্ষ জামান সাহেব তার কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন। অনুষ্ঠানে কী কী কাজ করতে হবে, কাকে কোন কাজের দায়িত্ব দেবেন, কোন খাতে কত টাকা খরচ করবেন - এসব কিছু আগে থেকেই চিন্তাভাবনা করে রাখলেন। কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে কাজের তদারকিও করলেন। অবশেষে সবার কাজের ভালো-মন্দ যাচাই করলেন ।
২. মূল্যবোধ কী?
‘লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন'- বুঝিয়ে লেখ।
জামান সাহেবের আগে থেকেই সবকিছু চিন্তাভাবনা করার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি নির্দেশিত হয়েছে? এ ধাপের গুরুত্ব লেখ ।
জামান সাহেব তার কাজে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন— বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত ও প্রিয় এবং যেসব বিষয় ব্যক্তির আচার-আচরণ ও কার্যাবলিকে প্রভাবিত করে সন্তুষ্টি বিধান করে তাকে মূল্যবোধ বলে ৷
(খ)
প্রতিটি লক্ষ্য অর্জনের সময়সীমা আছে। অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। সময়ের ওপর ভিত্তি করে Nickel এবং Dorsey লক্ষ্যকে তিনভাগে ভাগ করেছেন। যথা- (১) দীর্ঘমেয়াদি লক্ষ্য, (২) স্বল্পমেয়াদি বা মধ্যবর্তী লক্ষ্য এবং (৩) তাৎক্ষণিক লক্ষ্য ।
(গ)
উদ্দীপকে অধ্যক্ষ জামান সাহেবের আগে থেকেই সবকিছু চিন্তাভাবনা করার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা ধাপটি ফুটে উঠেছে। পরিকল্পনা হচ্ছে গৃহব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে ও কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে প্রভৃতি বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকেই পরিকল্পনা বলে। উদ্দীপকে উল্লিখিত জামান সাহেব পরিকল্পনা করে কাজ করেন বলে তার সব কাজ সুন্দরভাবে সমাপ্ত হয়। পরিকল্পনা তার সময়, শক্তি ও অর্থের সাশ্রয় করে। ফলে তিনি সহজেই যেকোনো লক্ষ্য অর্জন করতে পারেন। কোনো অনিশ্চয়তা ও জটিলতা ছাড়া যেন পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয় সেজন্য তিনি সুষ্ঠুভাবে পরিকল্পনা করেছেন। তার পরিকল্পনা কাজের প্রেরণা সৃষ্টি করে। তার কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ এজন্য কাজ করতে উৎসাহিত হন। পরিকল্পনা করেন বলেই তার কাজে নিয়মশৃঙ্খলা বজায় থাকে। জামান সাহেব অন্যান্যদের সাথে আলোচনার মাধ্যমে এবং তাদের দক্ষতা, ক্ষমতা, কাজ করার ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি বিবেচনা করেই পরিকল্পনা প্রণয়ন করেছেন। যদি কোনো জটিল সমস্যার সৃষ্টি হয়, তাহলে তিনি পরিকল্পনাটি পরিবর্তন করতে পারবেন। এভাবেই তিনি পরিকল্পনাটি তৈরি করেছেন।
(ঘ)

“জামান সাহেব তার কাজে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন” – উক্তিটি যথার্থ ।

গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কাজ করার সময় সচেতনভাবে ব্যবস্থাপনার এই ধাপসমূহ অনুসরণ করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। জামান সাহেব পুনর্মিলনী অনুষ্ঠানের সমস্ত কাজ আগে থেকেই চিন্তাভাবনা করে রাখলেন। একে পরিকল্পনা বলা হয় । তিন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরিকল্পনা করেন। তিনি অনুষ্ঠান সংক্রান্ত কোন কাজ কাকে করতে দেবেন তা ভাগ করে দেন। এর মাধ্যমে সংগঠন ধাপটি ফুটে উঠেছে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে তা সংগঠন ধাপে বিবেচনা করা হয়। জামান সাহেব সকলকে কাজ ভাগ করে দিয়ে তদারকিও করেন। এটি নির্দেশনা ধাপের অন্তর্ভুক্ত। সবাই ঠিকমতো কাজ করছে কি না, পরিকল্পনা অনুযায়ী কাজ অগ্রসর হচ্ছে কি না তিনি তা পর্যবেক্ষণ করেন, যা নিয়ন্ত্রণের পর্যায়ে পড়ে। তিনি কাজের বিভিন্ন অংশ ও সদস্যদের মধ্যে সমন্বয় সাধনও করেন। সবশেষে তিনি সবার কাজ মূল্যায়ন করেন। কাজের ভালো-মন্দ যাচাই করাকে মূল্যায়ন বলা হয়। এ পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কি না, কাজে কোনো ভুল আছে কি না তা দেখা ও সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় ।

নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শিউলী। সে অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শিউলীর তৈরি সরঞ্জামে সজ্জিত এ গৃহ যেকোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকেও হার মানায়।
৩. উপযোগ কী?
'সম্পদের রূপান্তর সম্ভব'- বুঝিয়ে লেখ।
গৃহসজ্জার ক্ষেত্রে শিউলী কোন ধরনের সম্পদ ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সম্পদগুলো ব্যবহার করে শিউলীর পক্ষে কি তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা সম্ভব? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের অভাব মোচনে পণ্যের যে ক্ষমতা তা-ই উপযোগ।
(খ)
সম্পদের রূপান্তর সম্ভব। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য এক প্রকার সম্পদকে অন্য প্রকার সম্পদে রূপান্তর করে ব্যবহার করা যায়। রূপান্তর দ্বারা সম্পদের ব্যবহার ও তৃপ্তি বাড়ানো যায়। তাছাড়া সম্পদ পরিবর্তন করে ব্যবহারের ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। যেমন একজন শিক্ষক তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রূপান্তরিত অর্থ উপার্জন করেন। আর অর্থের দ্বারা জীবনের বিভিন্ন চাহিদা মেটানো হয়। আবার অর্থ, সময় ও শক্তির মাধ্যমে বাড়ি তৈরি করা হয়। যা পরবর্তীতে নিজস্ব আকারে থাকে না বরং বাড়ি সম্পদে রূপান্তরিত হয়। আর এভাবেই বিভিন্ন সম্পদের রূপান্তর করা সম্ভব।
(গ)

উদ্দীপকে গৃহসজ্জার ক্ষেত্রে শিউলী মানবীয় সম্পদ ব্যবহার করেছে।

মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি যা ব্যক্তিকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। যেমন- জ্ঞান, দক্ষতা, কাজ করার ক্ষমতা, বিদ্যা-বুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদি। মূলত লক্ষ্য অর্জনের জন্য পরিবারে নানাবিধ সম্পদ ব্যবহার করা হয়। প্রতিটি পরিবার তার নিজস্ব সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে লক্ষ্যসমূহ অর্জন করে। প্রতিটি পরিবারেই কোনো না কোনো সম্পদ থাকে। এ সম্পদ ছাড়া পরিবারের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

উদ্দীপকে নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শিউলী অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহ সজ্জার উপকরণ তৈরি করে। এক্ষেত্রে সচ্ছলতা আনা ও তা বজায় রাখার জন্য শিউলি যে সম্পদ ব্যবহার করে তাই হলো মানবীয় সম্পদ।সুতরাং বলা যায়, উদ্দীপকে শিউলি গৃহসজ্জার ক্ষেত্রে মানবীয় সম্পদ --ব্যবহার করেছে।

(ঘ)
উদ্দীপকে মানবীয় সম্পদ ব্যবহারের কথা বলা হয়েছে।
পরিবারের লক্ষ্য অর্জন করার জন্য সম্পদ প্রযোজন। মানবীয় সম্পদ প্রতিটি পরিবারের জন্য অপরিহার্য। এ ধরনের সম্পদ ব্যবহার করে শিউলী তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারে। এ বক্তব্যটির সাথে আমি একমত। শিউলী মধ্যে যে সকল মানবীয় গুণ প্রকাশ পেয়েছে সেগুলো হলো- সামর্থ্য ও দক্ষতা, সৃজনীশক্তি, বুদ্ধিমত্তা ইত্যাদি। এসব সম্পদ ব্যবহার করে যেভাবে শিউলী তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারে তা নিচে দেওয়া হলো-
সামর্থ্য ও দক্ষতা: শিউলী তার কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। সে সামর্থ্য ও দক্ষতাকে কাজে লাগিয়ে তার তৈরি জিনিসপত্র যদি বিক্রি করে তাহলে আর্থিকভাবে লাভবান হতে পারবে।
সৃজনীশক্তি: শিউলীর মতো এমন সৃজনী প্রতিভার অধিকারী অনেক কম ব্যক্তিই হয়। সে তার এ ক্ষমতাকে কাজে লাগিয়ে মনোমুগ্ধকর দ্রব্যাদি তৈরি করতে পারে এবং তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে।
বুদ্ধিমত্তা: বুদ্ধি ব্যবহার করে সে তার তৈরি দ্রব্যাদি সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে সুপরিচিত করে তুলতে পারে যা তাকে লাভবান হতে সহায়তা করবে।
সুতরাং বলা যায়, শিউলী তার মানবীয় সম্পদ ব্যবহার করে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।
জামান সাহেব প্রতি মাসে সংসার খরচ থেকে কিছু অর্থ সঞ্চয় করেন এবং সঞ্চিত অর্থ তিনি বিনিয়োগ করেন। ফলে কয়েক বছর পর সঞ্চিত অর্থের পরিমাণ অনেক বেড়ে যায়। হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সেই সঞ্চিত অর্থ থেকে ব্যয় করে স্ত্রীকে সুস্থ করে তোলেন। তার মতে, 'সঞ্চয়ই দুর্দিনের বন্ধু'।
৪. ঋণের ভিত্তি কী?
'পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়'- বুঝিয়ে লেখ।
জামান সাহেবের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার কৌশল ব্যাখ্যা কর।
জামান সাহেবের মতামতটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ঋণের ভিত্তি হলো বিশ্বাস।
(খ)
অর্থ সঞ্চয় করার অন্যতম একটি উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন বিমা এবং সাধারণ মেয়াদি বিমা এ দু'ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বিমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায় সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০, ১৫ ও ৩০ বছর মেয়াদি হয়। এভাবেই বিমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।
(গ)
উদ্দীপকের জামান সাহেবের প্রতি মাসে সংসার খরচ থেকে অর্থ সঞ্চয় করে। সঞ্চিত অর্থ বিনিয়োগের কারণে কয়েক বছর পর সঞ্চিত অর্থের পরিমাণ অনেকগুণ বেড়ে যায়।
অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগের মূল উদ্দেশ্যই হলো মূলধন ব্যবহার করে অর্থ বাড়ানো। নিচে বিনিয়োগ করার কৌশল বর্ণনা করা হলো-
⦿ উদ্দীপকে জামান সাহেবের বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সুনাম, বিশ্বস্ততা, সরকারি অনুমোদন, বর্তমান ও অতীত অবস্থা, মুনাফার হার ইত্যাদি বিবেচনা করতে হবে।
⦿ বিনিয়োগের ঝুঁকি আছে কিনা তাকে তা খেয়াল রাখতে হবে।
⦿ বিভিন্ন প্রকার বিনিয়োগের সুবিধা-অসুবিধা বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। তা না হলে নানা সংকটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
⦿ জমি বা বাড়ি নির্মাণে বিনিয়োগের ক্ষেত্রে জমির প্রকৃতি ও পরবর্তীকালে বিক্রয় করলে কী পরিমাণ লাভ পাওয়া যাবে এবংবাড়ি নির্মাণের পর ভাড়া প্রদান করলে কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা বিবেচনা করতে হবে। শহরাঞ্চলে জমি ও বাড়ি ভাড়া উভয়ই দাম অনেক। মফস্বলে বাড়ি নির্মাণ খরচ শহরাঞ্চলের মতোই, কিন্তু বাড়ি ভাড়া কম।
আকস্মিক বা হঠাৎ অর্থের প্রয়োজন হলে বিনিয়োগকৃত 'অর্থ ফেরত পাওয়া যাবে কিনা তাও বিবেচনায় রাখতে হবে।
(ঘ)
উদ্দীপকের জামান সাহেবের সর্বশেষ উক্তি হচ্ছে, 'সঞ্চয়ই আমার দুর্দিনের বন্ধু'। নিচে জামান সাহেবের এ উক্তিটির আলোকে সঞ্চয়ের প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করা হলো-
১. 'আয়ের উৎস হিসেবে কাজ করে ব্যাংক: সঞ্চয় ব্যুরো ও জিপি ফান্ডে সঞ্চিত অর্থ আয়ের উৎস হিসেবে কাজ করে। এসব মাধ্যমে জমানো টাকার ওপর নির্ধারিত হারে বাৎসরিক বা মাসিক মুনাফা পাওয়া যায়।
২. বৃদ্ধ বয়সের আর্থিক নিশ্চয়তা বিধান: সঞ্চয় বৃদ্ধ বয়সে উপার্জনের হাতিয়ার হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ। পরিবারে যিনি প্রধান, তার চাকরি থেকে অবসর গ্রহণের পর আয় কমে যায়। এসব ক্ষেত্রে একমাত্র সঞ্চয়ই পারে উল্লিখিত অবস্থা থেকে পরিবারকে রক্ষা ও আর্থিক নিশ্চয়তা প্রদান করতে।
৩. শারীরিক অসুস্থতার সময় সহায়তা: শারীরিক অসুস্থতার সময় সঞ্চিত অর্থ বিভিন্নভাবে সাহায্য করে। পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য অনেক সময় বড় ধরনের অর্থ ব্যয়ের সম্মুখীন হতে হয়। এসব ক্ষেত্রে সঞ্চিত অর্থই কেবল আর্থিক নিরাপত্তা দিতে পারে।
**৪. বিপর্যয় ও দুর্দিনের সহায়ক: **পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু, ব্যবসায় লোকসান, চাকরি থেকে ছাঁটাই, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অবস্থা মানুষের জীবনে বিপর্যয় বা দুর্দিন নিয়ে আসে। এ বিপর্যয় বা দুর্দিনে একমাত্র সঞ্চয়ই মানুষের, অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে থাকে।
৫. উচ্চশিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য ব্যয়ের সহায়ক: বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় উঁচু পর্যায়ে শিক্ষা প্রদান করতে এবং সন্তানের বিবাহ ও অন্যান্য পারিবারিক ব্যয়ের সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. সুঅভ্যাস গঠিত হয়: সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম গুণ। এটি অপচয় রোধ করে। সঞ্চয়ের সুঅভ্যাস আয়ের উৎস হিসেবে কাজ করে।
৭. জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে: পরিবারের সঞ্চিত অর্থ 'জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ব্যাংকে সঞ্চিত অর্থ হতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কলকারখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ঋণপ্রদান করে জাতীয় অর্থনীতিকে ত্বরান্বিত ও সমৃদ্ধ করা সম্ভব।

চট্টগ্রাম বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।