ঢাকা বোর্ড ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

ঢাকা বোর্ড ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ছক-১ অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেটি কোথায় হবে, কতজন নিমন্ত্রিত হবে এবং কোথায় থেকে শপিং করা হবে তার সিদ্ধান্ত নেওয়া।
ছক-২ প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করা।
ছক-৩ সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকা।
১. মান কাকে বলে?
'লক্ষ্য পরিবর্তন জীবনে সফলতা আনে'- বুঝিয়ে লেখ।
ছক-১ এ গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
গৃহ ব্যবস্থাপনার ধাপে ছক-২ ও ছক-৩ এর তথ্যের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত পরিমাপকে মান বলে ।
(খ)
লক্ষ্য হলো কাঙ্ক্ষিত ফল বা অবস্থা, যা অর্জনের জন্য মানুষ চেষ্টা করে। পরিস্থিতি, সামর্থ্য ও সুযোগ বদলালে লক্ষ্য পুনর্বিবেচনা প্রয়োজন হতে পারে। যেমন, চিকিৎসাশিক্ষায় ভর্তির সুযোগ না পেলে নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী অন্য বিষয়ে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ করা যায়। এভাবে বাস্তবসম্মত লক্ষ্য গ্রহণ করে প্রচেষ্টা চালালে সফল হওয়ার সুযোগ বাড়ে; লক্ষ্য পরিবর্তন করলেই সফলতা নিশ্চিত হয় না।
(গ)
উদ্দীপকে ছক-১ তে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা প্রতিফলিত হয়েছে ।
গৃহ ব্যবস্থাপনার প্রধান ও মৌলিক কাজ হলো পরিকল্পনা। যে কোনো কাজ করতে গেলে প্রথমে পরিকল্পনা করা প্রয়োজন। ব্যবস্থাপনার পরবর্তী ধাপগুলোর ভিত্তি হলো পরিকল্পনা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা-ভাবনা করার নাম পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম এটি একটি মানসিক প্রক্রিয়া। পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজসমূহ সম্পন্ন করা হয়। এককথায় পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। উদ্দীপকেও অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেটি কোথায় করা হবে, কতজন নিমন্ত্রিত হবে এবং কোথায় থেকে শপিং করা হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনাকেই নির্দেশ করেছে।
(ঘ)
উদ্দীপকে ছক-২ ও ছক-৩ তে গৃহ ব্যবস্থাপনার ধাপ যথাক্রমে সংগঠন ও নিয়ন্ত্রণকে নির্দেশ করা হয়েছে।
গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কাজ করার সময় সচেতনভাবে গৃহ ব্যবস্থাপনার এ ধাপসমূহ অনুসরণ করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
ছক-২ এ নির্দেশিত প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করাকে সংগঠন বলা হয় । আর ছক-৩ এ নির্দেশিত সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকাকে নিয়ন্ত্রণ বলা হয়। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। এক্ষেত্রে কাজ করার সময় সংগঠন বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজসমূহ সুষ্ঠুভাবে বণ্টন করে তা সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠন। যে কাজগুলো করতে হবে তা নিজে বা অন্যের দ্বারা সুচারুভাবে সম্পাদন করা সংগঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে, পরিকল্পনা ও নির্ধারিত মান অনুযায়ী কাজ হচ্ছে কি না পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধন করাই নিয়ন্ত্রণ। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে বা ব্যতিক্রমের ক্ষেত্রে উপযুক্ত সংশোধনী ব্যবস্থা অবলম্বন করা। Decon-এর মতে, নিয়ন্ত্রণ অর্থাৎ পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা।
রিয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। বিভিন্ন দেশের যাতায়াত খরচ, সুবিধা-অসুবিধাগুলো সম্পর্কে খোঁজখবর নেয়। তার পরিবারের ইচ্ছা একমাত্র সন্তান দেশেই উচ্চশিক্ষা গ্রহণ করুক।
২. মূল্যবোধ কাকে বলে?
'সঠিক নির্দেশনা লক্ষ্য অর্জনে সহায়ক'- ব্যাখ্যা কর ।
রিয়ার কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণের কোন ধাপগুলো প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর ।
রিয়া এবং তার পরিবারের সিদ্ধান্তের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত ও প্রিয় এবং যেসব বিষয় ব্যক্তির আচার-আচরণ ও কার্যাবলিকে প্রভাবিত করে, সন্তুষ্টি বিধান করে তাকেই মূল্যবোধ বলে ৷
(খ)
নির্দেশনা বলতে বোঝায় কোনো কাজের পথ প্রদর্শন করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পরিকল্পিত কাজ বাস্তবায়িত করতে হলে সঠিক পথ নির্দেশনা অপরিহার্য। জগতে সকল মানুষই সমান জ্ঞান নিয়ে আসে না। তাই সকল কাজে সবাই সমান পারদর্শী নয়। কিন্তু সঠিক নির্দেশনা পেলে কম পারদর্শী ব্যক্তিও কাজটি সমাধান করার প্রেরণা ও পথ পায় । সুতরাং বলা যায়, সঠিক নির্দেশনা লক্ষ্য অর্জনে সহায়ক।
(গ)
উদ্দীপকের রিয়ার পদক্ষেপগুলো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়সমূহকে নির্দেশ করেছে।
যেকোনো সিদ্ধান্ত গ্রহণের কতকগুলো স্তর বা পর্যায় রয়েছে। সিদ্ধান্ত গ্রহণকারীকে ধারাবাহিকভাবে এ পর্যায়গুলো অনুসরণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করা। যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন আছে। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে বিকল্প সমাধানে অনুসন্ধান এবং তৃতীয় পর্যায়ে বিকল্প সমাধানসমূহ সম্পর্কে চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিকল্পের প্রতিক্রিয়া বা ফলাফল কী তা অনুধাবন করা এবং এর সুবিধা-অসুবিধা ভেবে দেখতে হবে। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। একটি বিকল্প গ্রহণের স্তরটি মানুষকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণকারী একটি সমাধান বেছে নেন। আর সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব নিতে হয়।
(ঘ)
উদ্দীপকের রিয়ার ও তার পরিবারের গ্রহণীয় সিদ্ধান্ত হচ্ছে একক ও দলীয় সিদ্ধান্ত ।
যেকোনো পরিবারে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ৷ কাজের প্রকৃতি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে একক বা দলীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। উদ্দীপকের রিয়ার একক সিদ্ধান্তে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করে। কিন্তু তার পরিবার দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বলে সে দেশে থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করুক। এ দুই ধরনের সিদ্ধান্তে অসুবিধা ও অসুবিধার তুলনামূলক পার্থক্য হলো-
ব্যক্তি নিজে বা এককভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে। অন্যদিকে, পরিবারের সব সদস্যদের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে দলীয় সিদ্ধান্ত বলে। একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতা কম হয়। কিন্তু দলীয় সিদ্ধান্তে অনেক জটিলতা দেখা দেয়। একক সিদ্ধান্ত অল্প সময়েই গ্রহণ করা যায়। কেননা, এক্ষেত্রে একজন ব্যক্তির ওপর সিদ্ধান্ত নির্ভর করে । অনদিকে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা নেতৃত্বদানকারী সকলের মতামতের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেন । এজন্য দলীয় সিদ্ধান্ত গ্রহণে অধিক সময় লাগে ।
দৃশ্যকল্প-১: দূরত্বের কারণে পিয়া বাসে চড়ে কলেজে যাতায়াত করে। প্রতিদিন পরিশ্রান্ত হয়ে বাসায় ফেরে। প্রতিদিনের পড়া শেষ না করেই ঘুমিয়ে পড়ে।
দৃশ্যকল্প-২ : অন্যদিকে, চাকরিজীবী তাহমিনা গৃহস্থলি কাজে প্রেসার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন। একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন।
৩. অপারেশন চার্ট কাকে বলে?
'শেয়ার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ'- ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এ পিয়ার কর্মকান্ডে কোন ধরনের ক্লান্তি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রমের যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যে চার্টে সমস্ত প্রক্রিয়ার ওপর দৃষ্টি না দিয়ে একটি বিশেষ স্তর বা পর্যায়ের ওপর গুরুত্ব দেওয়া হয় তাকে অপারেশন চার্ট বলে।
(খ)
অধিকাংশ কোম্পানির মূলধনের পরিমাণ স্থির করা থাকে। এ মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয়। মূলধনের এ একককে শেয়ার বলা হয়। বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ের মধ্যম সঞ্চয় বিনিয়োগ করা যায়। তবে এ ধরনের বিনিয়োগে ঝুঁকি থাকে। কারণ যদি শেয়ারের দাম বাড়ে তাহলে বিনিয়োগকারী লাভবান হন; আর যদি দাম কমে তাহলে ক্ষতিগ্রস্ত হন। তাই বলা হয়, শেয়ার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।
(গ)
দৃশ্যকল্প-১-এ দীর্ঘ পথ বাসে যাতায়াতের পর পিয়ার পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়া মূলত শারীরিক ক্লান্তির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা যায়। দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রামের অভাব ও দৈনিক কাজের চাপ তার পড়াশোনার শক্তি কমিয়ে দিতে পারে। একই অভিজ্ঞতা একঘেয়েমি বা মানসিক চাপও সৃষ্টি করতে পারে; তবে উদ্দীপকে হতাশা বা বিরক্তির স্পষ্ট তথ্য নেই। তাই শুধু মানসিক ক্লান্তি বলে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া যথাযথ নয়। পর্যাপ্ত বিশ্রাম এবং যাতায়াত ও পড়ার সময়ের পরিকল্পনা সহায়ক হতে পারে।
(ঘ)

উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ।

কাজ সহজকরণ বলতে বোঝায় কাজকে সহজতর উপায়ে সম্পাদন করা। কাজ সহজকরণের মাধ্যমে খুব সহজে কম সময়ে কাজটি সম্পন্ন করা হয়। মূলত বিজ্ঞানসম্মত উপায়ে সময় ও শক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যেকোনো কাজ সহজভাবে সম্পন্ন করাই হলো কাজ সহজকরণ পদ্ধতি। এ পদ্ধতি অবলম্বন করে কাজ করলে কোনো সমস্যায় পড়তে হয় না। যেমন- কাজের সময় দুই হাত ব্যবহার করা, সঠিক দেহভঙ্গি ও চলাচলের গতি কমিয়ে সময় ও শক্তির অপচয় রোধ করা, ভারি কাজের পর হালকা কাজ করা ইত্যাদি। এছাড়া উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের মাধ্যমেও কাজকে সহজ করে তোলা যায়। যেমন- বাজার করার আগে তালিকা তৈরি করা, রান্নায় প্রেসার কুকারের ব্যবহার ইত্যাদি। উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে চাকরিজীবী তাহমিনা তার গৃহস্থলির কাজে প্রেসার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন এবং একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন। এক্ষেত্রে তাহমিনা বেগম কাজ সহজকরণে দেহের অবস্থান ও গতির পরিবর্তন, কাজের স্থান ও সাজসরঞ্জামে পরিবর্তন এবং উৎপাদনের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের উপায় বেছে নিয়েছেন।
সুতরাং কাজ সহজকরণে তাহমিনার কার্যক্রম যথার্থ বলে মনে করা হয়।

সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। অন্যদিকে, সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম সঞ্চয়কৃত অর্থ এমন এক জায়গায় বিনিয়োগ করেন, যা দিয়ে প্রতি মাসে মুনাফা পাওয়া যাবে।
৪. বাধ্যতামূলক সঞ্চয় কাকে বলে?
'সঞ্চয় অপচয় হ্রাস করে'- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি কোন সঞ্চয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপকে শাহিদা বেগমের বিনিয়োগ কি ঝুঁকিমুক্ত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারী নিয়ন্ত্রণাধীনে সঞ্চয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বাধ্যতামূলক সঞ্চয় বলে।
(খ)
সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম গুণ। সঞ্চয় অপচয় রোধ করে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং ভবিষ্যতের আর্থিক
অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং জীবনের গতিকে স্বাচ্ছন্দ্যময় করে। এ সুঅভ্যাস আয়ের উৎস হিসেবে কাজ করে।
(গ)
উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ে অন্তর্ভুক্ত।
মানুষের জীবনে নানা রকম নিরাপত্তার প্রয়োজন হয়, যার মধ্যে অন্যতম হলো আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তার অন্যতম মাধ্যম হলো সঞ্চয়। সঞ্চয়ের একটি প্রকার হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের আবার নানা মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাংকের মাধ্যমে সঞ্চয়। আর ব্যাংকে অর্থ সঞ্চয়ের তিনটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো সঞ্চয়ী হিসাব। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয়ী হিসাব বলে। নিয়ম অনুযায়ী সঞ্চয়ী হিসাব ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি জমা দেওয়া যায়। জমা ও উত্তোলনের নিয়ম সংশ্লিষ্ট ব্যাংক ও হিসাবের শর্ত অনুযায়ী নির্ধারিত হয়। উদ্দীপকের সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন, যা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।
সুতরাং বলা যায়, উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।
(ঘ)
শাহিদা বেগমের বিনিয়োগকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যায় না। উদ্দীপকে শুধু প্রতি মাসে মুনাফা পাওয়ার কথা আছে; প্রতিষ্ঠান, প্রকল্প ও শর্তের নাম নেই। এটি ব্যাংকের মাসিক মুনাফাভিত্তিক আমানত হতে পারে, কিন্তু ওই তথ্য ছাড়া নির্দিষ্ট হিসাব নিশ্চিত করা যায় না। সাধারণত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, চুক্তির শর্ত, টাকা ফেরত পাওয়ার সুযোগ, মুনাফার ধরন এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনা করতে হয়। তুলনামূলক কম ঝুঁকির আমানত হলেও সব ধরনের ঝুঁকি শূন্য হয় না। তাই বিনিয়োগের শর্ত যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ঢাকা বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।