কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করাকে সংগঠন বলে। সংগঠনের প্রথম পর্যায়ে ব্যক্তি একটি করণীয় কাজের বিভিন্ন অংশের ধারাবাহিক বিন্যাস তৈরি করে। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার বিভিন্ন কাজের ধারা তৈরি করে। তৃতীয় পর্যায়ে ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করতে একটি কর্মকাঠামো তৈরি করে।
রুমা তার পরিবারের সদস্যদের সংগঠিত করে কাজের চাপ কমিয়েও সফলতা লাভ করতে পারবেন।
বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করাই হলো সংগঠন। কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা সংগঠন পর্যায়ে স্থির করা হয়। রুমা তার নিজের ওপর থেকে কাজের চাপ কমিয়ে পরিবারের সদস্যদের সংগঠিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন তা হলো-
রুমার প্রথম কাজ হবে লক্ষ্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এরপর লক্ষ্য অর্জনের জন্য কী কী কাজ করতে হবে তা নির্দিষ্ট করবেন। কাজটি সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করার পর 'কাজের প্রকৃতি অনুযায়ী তিনি তা বিভিন্ন ভাগে ভাগ করবেন। তারপর কাজের দায়িত্ব ও কর্তৃত্ব সঠিকভাবে বণ্টন করবেন। তিনি কাজ অনুযায়ী উপায়, উপকরণ সংগ্রহ ও বণ্টন করবেন। তিনি মানবীয় ও বস্তুবাচক সম্পদ এবং কাজের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করবেন। এই পদক্ষেপসমূহ ধারাবাহিকভাবে অনুসরণ করে রুমা কার্যকর সংগঠন গড়ে তুলে কাজে সফলতা লাভ করতে পারবেন।
উদ্দীপকে রুমার স্বামীর মতে, কাজের সফলতা লাভের জন্য প্রয়োজন কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন। তার এ- উক্তিটি যথার্থ।
সংগঠন হলো গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায় বা ধাপ। কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। এ পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে, কে কোন কাজ করবে, কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিভিন্ন সম্পদের ব্যবহার সম্পর্কে বিশদভাবে চিন্তা-ভাবনা করা হয়। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে ইত্যাদি বিষয়ে বিবেচনা করাই সংগঠনের অন্তর্ভুক্ত। কোন সম্পদ ব্যবহার করলে ভালো হবে, কীভাবে করলে ভালো হবে, কত লোক লাগবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সংগঠনের কাজ। কোনো পরিকল্পনা বাস্তবায়নের শুরুতেই কর্মীদের সংগঠিত করা হয়। কোনো কাজের আকাঙ্ক্ষিত ফললাভ করা যায় সংগঠন দ্বারা। এই স্তরে পরিকল্পিত কাজের যুক্তিসংগত বিন্যাস করা হয়।
সুতরাং বলা যায়, যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠনের মূল উদ্দেশ্য। সুষ্ঠু সংগঠন কাজে সফলতা লাভের সম্ভাবনা বাড়ায়। তাই উদ্দীপকে রুমার স্বামীর উক্তিটি যথার্থ বলে মনে করা হয়।