রাজশাহী বোর্ড ২০২৫

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দৃশ্যকল্প-১: নিলয় ও তার বন্ধু রবিনের ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন' হলেও দুজনই খুব নিষ্ঠাবান। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই গুণ তারা পরিবার ও সমাজ থেকে অর্জন করেছে।

দৃশ্যকল্প-২:

বাড়ি তৈরি করা

↓

সঞ্চয়ে দূরদর্শিতা থাকা

↓

বাজেট তৈরি করে চলা

১. গৃহ ব্যবস্থাপনা কাকে বলে?
'সিদ্ধান্ত গ্রহণে মান প্রভাব বিস্তার করে'। ব্যাখ্যা কর।
নিলয় ও রবিনের তথ্য, প্রেষণা সৃষ্টিকারী কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
'দৃশ্যকল্প-২ এ লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল'- মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য পরিবারের মানবীয় ও বস্তুগত সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করার ধারাবাহিক প্রক্রিয়াকে গৃহ ব্যবস্থাপনা বলে।
(খ)

গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী একটি অন্যতম ধারণা হলো 'মান' বা $Standard$। মান হলো মূল্যবোধের পরিমাপক।

প্রতিটি পরিবার বা ব্যক্তির নিজস্ব কিছু মান থাকে (যেমন- জীবনযাত্রার মান, কাজের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতার মান ইত্যাদি)। মানুষ তার জীবনে যে মানগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেগুলো বজায় রাখার জন্যই প্রতিনিয়ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো পরিবারের কাছে উচ্চতর জীবনযাত্রার মান বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়, তবে তারা তাদের আয় বৃদ্ধির জন্য বা উন্নত সামগ্রী ক্রয়ের জন্য সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। কাঙ্ক্ষিত মান অর্জনের লক্ষ্যেই যাবতীয় কাজ পরিচালিত হয় বলে সিদ্ধান্ত গ্রহণে মান প্রভাব বিস্তার করে।

(গ)

নিলয় ও রবিনের নিষ্ঠা এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়া মূল্যবোধকে নির্দেশ করে।

মূল্যবোধ হলো ব্যক্তি বা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিশ্বাস, আদর্শ ও নীতি, যা আচরণ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। দুই বন্ধুর ভবিষ্যৎ লক্ষ্য আলাদা হলেও সততা ও ন্যায়ের বিষয়ে অভিন্ন মূল্যবোধ রয়েছে। পরিবার ও সমাজের অভিজ্ঞতা থেকে তারা এই গুণ অর্জন করেছে। তাই তাদের বক্তব্যে প্রেষণা সৃষ্টিকারী মূল্যবোধের ধারণা প্রকাশ পেয়েছে।

(ঘ)

'দৃশ্যকল্প-২ এ এ লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল'- মন্তব্যটি যথার্থ।

দৃশ্যকল্প-২ এ দেখা যায় বাড়ি তৈরি, সঞ্চয়ে দূরদর্শিতা ও বাজেট তৈরি করে চলার উল্লেখ রয়েছে। এগুলোর মাধ্যমে একটি লক্ষ্যে পৌঁছানোর গৃহ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য বা উদ্দেশ্য সব সময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায়, ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, মূল্য ও আঙ্গিকে হতে হবে। ছোট বা বড় প্রত্যেকের জীবনে লক্ষ্য রয়েছে। পরিবারের কাজের পরিসমাপ্তি লক্ষ্যে প্রকাশ পায়। এটি ব্যক্তিগত জ্ঞান, দক্ষতা ও কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে। মানুষ লক্ষ্যের মাধ্যমে পরিতৃপ্তি পেতে চায়। এখানে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে বাড়ি করতে চাইলে সঞ্চয়ে দূরদর্শিতা - থাকতে হবে এবং সে লক্ষ্য অর্জনের জন্য আয়-ব্যয় সমন্বিত করে বাজেট তৈরি করতে হবে। লক্ষ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য। এখানে দৃশ্যকল্প অনুসারে বাড়ি তৈরি করতে চাইলে লক্ষ্য স্থির করতে হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের আয় থেকে সঞ্চয় করতে হবে। আর আয় থেকে সঞ্চয় করতে হলে বাজেট তৈরি করে চলতে হবে। তাই উদ্দীপকে উল্লিখিত লক্ষ্যগুলো পরস্পর নির্ভরশীল।

দৃশ্যকল্প-১: মারিয়া মাসিক আয়ের অর্থ ব্যয়ের পূর্বে খাতগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন। যার ফলে তিনি কিছু অর্থ সঞ্চয় করতে পারেন।

দৃশ্যকল্প-২: হাসান সাহেব তার বাড়িভাড়া থেকে প্রাপ্ত অর্থ সংসার পরিচালনার কাজে ব্যয় করেন। অপরদিকে চাকরিজীবী রুবিনা, পরিবারের সকলের জন্য পোশাক ক্রয় করেন। সকলেই নতুন পোশাক পেয়ে খুশি হন। এটি দেখে রুবিনার মন আনন্দে ভরে ওঠে।

২. পারিবারিক আয় কাকে বলে?
'সম্পদের বিকল্প ব্যবহারে গুণগত মান একই হতে হবে'-বুঝিয়ে লেখ।
দৃশ্যকল্প-১-এ মারিয়ার ব্যয়ের পরিকল্পনায় কোন বিষয়টি ফুটে উঠেছে? এর সুবিধা ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ হাসান সাহেব ও রুবিনার আয়ের মধ্যে রয়েছে ভিন্নতা- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নির্দিষ্ট সময়ে পরিবার অর্থ, ব্যবহারযোগ্য দ্রব্য ও সেবা হিসেবে যে আয় লাভ করে, তাকে পারিবারিক আয় বলে। এর উৎস শ্রমের পারিশ্রমিক ছাড়াও সম্পত্তির ভাড়া বা বিনিয়োগের আয় হতে পারে।
(খ)
সম্পদের বিকল্প ব্যবহারে গুণগত মান একই হতে হবে অর্থাৎ যখন আমরা কোনো একটি সম্পদের পরিবর্তে অন্য একটি বিকল্প ব্যবহার করব তার গুণগত মান সমপর্যায়ের হতে হবে। বিকল্প ব্যবহার বলতে একটি সম্পদের পরিবর্তে অন্য একটি সম্পদ ব্যবহার করা বোঝায়। যেমন- চালের মূল্য বৃদ্ধি পেলে চালের পরিবর্তে আলু ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষার জন্য আমরা পলিথিনের পরিবর্তে কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করি। বিকল্প ব্যবহারের লক্ষণীয় বিষয় হচ্ছে- ১. বিকল্প ব্যবহারের কাছাকাছি গুণসম্পন্ন সম্পদ ব্যবহার করতে হবে। ২. বিকল্প ব্যবহারে অতিরিক্ত সময়, শক্তি ও অর্থ যাতে ব্যবহার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৩. বিকল্প ব্যবহার তৃপ্তিদায়ক হতে হবে।
(গ)

দৃশ্যকল্প-১ মারিয়ার ব্যয়ের পরিকল্পনায় বাজেট বিষয়টি ফুটে ওঠেছে। এর নানাবিধ সুবিধা রয়েছে।

উদ্দীপকের দৃশ্যকল্প-১ দেখা যায়, মারিয়া মাসিক আয়ের অর্থ ব্যয়ের পূর্বে খাতগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন। যার ফলে তিনি কিছু সঞ্চয় করতে পারেন। যা বাজেটকে নির্দেশ করে। বাজেট কথাটি ফরাসি শব্দ Bougette থেকে এসেছে। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হলো বাজেট। নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। অর্থাৎ, বাজেট হলো পরিবারের আয়কে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করা। বাজেট আয়-ব্যয়ের সমতা বিধানে সহায়তা করে। সুতরাং, পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদ ব্যবহারের ভবিষ্যৎ পরিকল্পনাকে বাজেট বলে।

বাজেটের সুবিধাগুলো নিম্নরূপ-
১. বাজেটের মাধ্যমে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা যায়।
২. বাজেট পণ্য ক্রয়ের ক্ষেত্রে সময় ও শ্রম হ্রাস করে।
৩. এটি সীমিত আয়ের মধ্যেও পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে সাহায্য করে।
৪. বাজেটের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস হয়।
৫. এটি পরিবারের মান ও মূল্যবোধ বজায় রেখে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
৬. এটি অনিয়মিত আয়ের সঙ্গে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করে।
৭. বাজেট পরিকল্পনা পরিবারের আয়ের ব্যাপারে সচেতন হতে সাহায্য করে।
৮. বাজেট অর্থ ছাড়াও অন্যান্য সম্পদ ব্যবহারের দিক নির্দেশনা দেয়।

(ঘ)
দৃশ্যকল্প-২ এ হাসান সাহেব ও রুবিনার আয়ের মধ্যে রয়েছে ভিন্নতা- মন্তব্যটি যথার্থ।
উদ্দীপকের হাসান সাহেব তার বাড়ি ভাড়া থেকে প্রদত্ত অর্থ দিয়ে সংসার চালান যা আর্থিক আয়কে নির্দেশ করে। আর্থিক আয় হলো অর্থ বা টাকা-পয়সা উপার্জন করা। এটি নগদ অর্থ, ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে হতে পারে। বাংলাদেশে এ মুদ্রা টাকা হিসেবে পরিচিত। আর্থিক আয় একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্জিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বদলায়। যেমন- সাপ্তাহিক মজুরি, মাসিক বেতন। এছাড়া বাড়ি ভাড়া, মুনাফা ইত্যাদি থেকেও অর্থ অর্জিত হতে পারে।
অপরদিকে চাকরিজীবী রুবিনা, পরিবারের সকলের জন্য পোশাক ক্রয় করেন। সকলেই নতুন পোশাক পেয়ে খুশি হন। এটি দেখে রুবিনার মন আনন্দে ভরে ওঠে। এখানে রুবিনা মানসিক আয় করেছেন। মানসিক আয় এক ধরনের অনুভূতি। অর্থ ব্যয় ও প্রকৃত আয় থেকে আমরা যে তৃপ্তি বা সন্তুষ্টি পাই, সেটি মানসিক আয়। যেমন- কোনো দ্রব্য কিনে যদি আমরা তৃপ্তি পাই, সবাই ইতিবাচক মন্তব্য করে তখন মানসিক আয় বৃদ্ধি পায়। আবার দ্রব্য কেনার পর বাড়িতে এসে যদি মনে অতৃপ্তি আসে বা অন্য কেউ নেতিবাচক মন্তব্য করে, তখন মানসিক আয় হ্রাস পায়। আবার নিজের বাগানে উৎপাদিত শাক-সবজি খেয়ে আমরা বেশি মানসিক তৃপ্তি লাভ করি। আয়ের শ্রেণিবিভাগ তিনটি। যথা- ১. আর্থিক আয়, ২. প্রকৃত আয় ও মানসিক আয়। উদ্দীপকের হাসান সাহেব বাড়িভাড়া থেকে অর্থ আয় করেন তাই তার আয় আর্থিক আয়। অপরদিকে রুবিনা নতুন পোশাক ক্রয় করে তৃপ্তি লাভ করেন। যা মানসিক আয়, সুতরাং হাসান সাহেব ও রুবিনার আয়ের স্পষ্টতা ভিন্ন।
ছক তথ্য
ছক-১ মাইক্রোওভেনে খাবার গরম করা; পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ স্থানে কাজ করা
ছক-২ দীর্ঘসময় কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে; শরীরে ল্যাকটিক এসিড উৎপন্ন হয়
ছক-৩ পরীক্ষার প্রস্তুতি আশানুরূপ না থাকা; কাজের উপযোগী যন্ত্রপাতির অভাব
৩. প্রসেস চার্ট কাকে বলে?
'সময় তালিকা কাজকে সুশৃঙ্খল করে'- বুঝিয়ে লেখ।
ছক-১ এর তথ্য থেকে কাজ সহজকরণের কোন কোন পদ্ধতির ধারণা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ছক-২ ও ছক-৩ এর উল্লিখিত ক্লান্তি দুটি কমানোর উপায়ের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রসেস চার্ট হলো কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা করা।
(খ)
কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাকে সময় তালিকা বলে। এতে কোন সময়ে কোন কাজ হবে এবং কাজগুলোর ধারাবাহিকতা নির্ধারিত থাকে। প্রয়োজন, অভ্যাস ও সামর্থ্য অনুযায়ী তালিকা করলে জরুরি কাজ বাদ পড়ে না, সময়ের অপচয় কমে এবং কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সহজ হয়।
(গ)
ছক-১ এর তথ্য থেকে কাজের স্থান এবং কাজের সাজ-সরঞ্জামে পরিবর্তন পদ্ধতির ধারণা পাওয়া যায়।
উদ্দীপকের ছক-১ মাইক্রোওভেনে খাবার গরম করা এবং পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ সাথে কাজ করার কথা বলা হয়েছে। সহজ ভাষায় কাজ সহজকরণ কথাটির অর্থ হলো কাজকে সহজ উপায়ে সম্পাদন করা। মার্কিন অধ্যাপক Lillian Moller Gilbreth বলে যে, বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজকরণ পদ্ধতি। এখানে দুটি গুরুত্বপূর্ণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের কথা বলা হয়েছে। সম্পদ দুটি হলো সময় এবং শক্তি। সময় ও শক্তির সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ সহজ করার বিভিন্ন উপায় প্রসঙ্গে Marvin E. Mundel পাঁচ প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কাজের স্থান ও সাজ-সরঞ্জামের পরিবর্তনের পদ্ধতির ধারণা উদ্দীপকে পাওয়া যায়। এ পদ্ধতির ধারণা হলো-
১. কাজের জন্য পরিবেশ ও সাজ-সরঞ্জামের প্রয়োজনীয় উন্নতি সাধন করে কাজ সহজ করা যায়।
২. সঠিক স্থানে তৈজসপত্র রাখতে হবে, যাতে কাজের সময়ে প্রয়োজনমতো হাতের কাছে সব পাওয়া যায়।
৩. বাড়িতে রান্নাঘর সংলগ্ন খাবার ঘর থাকলে জিনিসপত্র আনা নেওয়া সময় ও শক্তি কম লাগে।
৪. কাজের স্থানটি যাতে কাজের অনুকূলে হয় অর্থাৎ পর্যাপ্ত আলো-বাতাস থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
৫. তৈজসপত্র সরল ও মজবুত হওয়া উচিত। যাতে ব্যবহার করতে ও যত্ন নিতে সুবিধা হয়।
(ঘ)

ছক-২ এ শারীরিক ক্লান্তি এবং ছক-৩ এ মানসিক ক্লান্তির কথা বলা হয়েছে। এ ক্লান্ত দুটি কমানোর উপায় হলো-
শারীরিক ক্লান্তি কমানোর উপায়:
১. শারীরিক ক্লান্তির হ্রাসের উপায় করণীয় বিভিন্ন কাজ এমনভাবে সাজাতে হবে যেন অনেক শক্তি অপচয় না হয়ে ক্লান্তির উৎপত্তি না হয়।
২. শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলেই শারীরিক ক্লান্তির উৎপতি হয়।
৩. কাজ এমনভাবে সাজাতে হবে যাতে একটি ভারি কাজের পর হালকা কাজ থাকে।
৪. শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্লান্তি কমানো সম্ভব।
৫. কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এই ক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। ব্যক্তি, ঘুম, কাজের ধরন ও বিশ্রামের ওপর কর্মক্ষমতার ওঠানামা নির্ভর করে। তাই ক্ষেত্রে Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্মপরিকল্পনা করে ক্লান্তি সহজেই হ্রাস করা সম্ভব।

মানসিক ক্লান্তি কমানোর উপায় :
১. বিরক্তি উৎপাদক ক্লান্তি কমাতে হলে প্রথমে বিরক্তির কারণ। জানতে হবে।
২. কাজের বৈচিত্র্য ও প্রফুল্লতা আনতে হবে।
৩. সমমনা লোকজন একত্রে মিলে কাজ করতে হবে।
৪. কাজের সময় পর্যাপ্ত আলো-বাতাস, উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, উপযুক্ত স্থান, গান শোনা, হালকা গল্প বা কথাবার্তা ক্লান্তি কমাতে সাহায্য করে।
৫, নৈরাশ্যজনিত ক্লান্তির কারণ জেনে অকৃতকার্য ব্যক্তিদের উপদেশ দেওয়া যেতে পারে। তবে নৈরাশ্যজনিত ক্লান্তির হ্রাস করতে হলে সকলের সচেতনতা প্রয়োজন।
ক্লান্তির কাজের পক্ষে ক্ষতিকর। তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে-হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক। মাঝে মাঝে বিশ্রাম পেলে কাজ করার আগ্রহ বাড়ে এবং কর্মক্ষমতা বেড়ে যায়।

দৃশ্যকল্প-১: রাহাত সাহেব বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে অর্থ গ্রহণ করেন।

দৃশ্যকল্প-২: সুরাইয়া বেগম অবসরে যাবার পর প্রতিষ্ঠান থেকে পেনশনের টাকা উত্তোলন করেছেন। তিনি অর্ধেক টাকা দিয়ে খাবারের দোকান দেন। বাকি টাকা দিয়ে এমন একটি পদ্ধতি বেছে নেন যা থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে তিনি পারিবারিক ব্যয় নির্বাহ করেন।

৪. আজীবন বিমা কাকে বলে?
'সংকট উত্তরণে সঞ্চয় ভূমিকা রাখে'- ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এ রাহাত সাহেবের অর্থ গ্রহণ বিষয়টি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২ এ সুরাইয়া বেগমের কর্মকান্ডে বিনিয়োগের সকল ধারণা প্রতিফলিত হয়েছে কি? মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
যে জীবনবিমায় বিমাকৃত ব্যক্তির সারা জীবন ঝুঁকি-সুরক্ষা থাকে এবং চুক্তির শর্ত অনুযায়ী তাঁর মৃত্যুর পর মনোনীত ব্যক্তি বা প্রাপ্য দাবিদারকে বিমার অর্থ প্রদান করা হয়, তাকে আজীবন বিমা বলে। প্রিমিয়াম দেওয়ার মেয়াদ পলিসির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে।
(খ)
সংকট উত্তরণে সঞ্চয় একটি পারিবারিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। একটি, পরিবারের কর্তার মৃত্যু হলে পরিবারে আর যদি উপার্জনক্ষম লোক না থাকে সেক্ষেত্রে সঞ্চয় এ সংকট উত্তরণে সাহায্য করতে পারে। ভবিষ্যতে পরিবার নিপতিত হতে পারে গভীর অর্থনৈতিক সংকটে। ভবিষ্যৎ অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করে সকলেরই সঞ্চয় করা উচিত। সকল রকম সংকট উত্তরণে সঞ্চয় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
(গ)

দৃশ্যকল্প-১ এ রাহাত সাহেবের অর্থ গ্রহণ বিষয়টি ঋণকে নির্দেশ করে।
উদ্দীপকের দৃশ্যকল্প ১ এ রাহাত সাহেব বাড়ি তৈরি করার জন্য শর্ত সাপেক্ষে অর্থ গ্রহণ করা যা ঋণ গ্রহণের বিষয়কে বোঝায়। আভিধানিক অর্থে ঋণ শব্দের অর্থ হলো কোনো ব্যক্তির ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস। একজন ব্যবসায়ী ভোক্তাকে পণ্য দিবে পরে পরিশোধের প্রেক্ষিতে শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করে। ঋণ অর্থ বিলম্বিত পরিশোধ (deffered payment)। এটি পরিবারের তাৎক্ষণিক ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্যয়ের অধিক পণ্য ও সেবা ভোগের সুযোগ পরিবার ভোগ করে। ঋণ কখনও আয়ের রূপ নিতে পারে না। শুধু আয়কে ব্যয় করার সময়ের পরিবর্তন করে।

ঋণ গ্রহণের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। ঋণ গ্রহণের সুবিধাগুলো
হলো-
১. ঋণ গ্রহণ করে ব্যবসা বাণিজ্যি সম্প্রসারণ করা যায়।
২. ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায়।
৩. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ঋণের ভূমিকা গুরুত্বপূর্ণ।
৪.০ ঋণ ব্যবস্থা দেশের ছোট-বড় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
ঋণ গ্রহণের অসুবিধাগুলো হলো-
১. ঋণের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। বর্তমানে সহজে পণ্য লাভ করা যাচ্ছে বলে ঋণে কেনার অভ্যাস ঠিক নয়।
২. কেউ সহজে ঋণ গ্রহণ করার সুযোগ পেলে তা তাকে অতিরিক্ত ভোগ করতে সহায়তা করে।
৩. ব্যাংকের অতিরিক্ত ঋণ প্রদান করার ফলে অনেক ফটকা ব্যবসা গজায়।

(ঘ)

সুরাইয়া বেগম অবসর-পরবর্তী আয় সৃষ্টির জন্য পেনশনের অর্থ ব্যবহার করেছেন; এতে বিনিয়োগের গুরুত্বপূর্ণ ধারণা প্রতিফলিত হয়েছে। অর্ধেক অর্থ দিয়ে খাবারের দোকান করা ব্যবসায়িক বিনিয়োগ। বাকি অর্থ থেকে মুনাফা নিয়ে পরিবার চালানো আয়-উৎপাদক বিনিয়োগের আরেক উদাহরণ।

তবে দ্বিতীয় পদ্ধতির নাম, মেয়াদ, ঝুঁকি, তারল্য ও শর্ত উদ্দীপকে নেই। তাই বিনিয়োগের সকল ধারণা সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে বা নির্দিষ্ট কোনো আমানত/সঞ্চয়পত্র কেনা হয়েছে বলা যায় না। বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য আয়, মূলধনের নিরাপত্তা, ঝুঁকি এবং প্রয়োজনের সময় অর্থ পাওয়ার সুবিধা বিবেচ্য।

রাজশাহী বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।