সিলেট বোর্ড ২০২২

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

সিলেট বোর্ড ২০২২

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আয়েশা যৌথ পরিবারের গৃহব্যবস্থাপক। পরিবারের ছোটখাটো কাজে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তিনি সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, “সিদ্ধান্ত যেমনই হোক, সিদ্ধান্ত গ্রহণকারীকে কতকগুলো পর্যায় অনুসরণ করতে হয়।”
১. পরিকল্পনা কাকে বলে?
“মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে”-ব্যাখ্যা কর।
উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপকের আলোকে আয়েশার মতামতের যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করতে গেলে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কখন করা হবে ইত্যাদি বিষয়ে পূর্বসিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা বলে।
(খ)
মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে। ব্যক্তির নিজস্ব পরিমণ্ডলকে কেন্দ্র করেই মূল্যবোধের বিকাশ ঘটে। পরিবার, সম্প্রদায়, সমাজ ও বিশ্বের সদস্য হিসেবে ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করে তা থেকেই ব্যক্তির মূল্যবোধ গড়ে ওঠে। এজন্য সমাজ থেকে সামাজিক রীতিনীতি অনুসারে চলা এবং বিশ্বে মানুষ হিসেবে মানবগোষ্ঠীর কল্যাণ কামনা ইত্যাদি মূল্যবোধ ব্যক্তির জীবনে প্রতিফলিত হয়। সুতরাং বলা যায়, মূল্যবোধই ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে।
(গ)

উদ্দীপকে যৌথ পরিবারের গৃহব্যবস্থাপক আয়েশাকে দুই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায়। যথা- ১. একক সিদ্ধান্ত গ্রহণ ও ২. দলীয় সিদ্ধান্ত গ্রহণ ।
কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে একক সিদ্ধান্ত বলে। উদ্দীপকে আয়েশা পরিবারের ছোট খাটো কাজে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত একক সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। আবার কোনো কাজের জন্য পরিবারের সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে দলীয় সিদ্ধান্ত বলে। আয়েশা পরিবারের বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, যা দলীয় সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। একক সিদ্ধান্তে জটিলতা কম থাকে বলে খুব সহজেই একক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কিন্তু দলীয় সিদ্ধান্তে জটিলতা বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। একক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তির একক স্বার্থ জড়িত থাকে বলে একক সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে দলের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে দলীয় সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে। এছাড়া যেকোনো সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য দলীয় সিদ্ধান্ত গ্রহণ ভালো হয় ।

উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তার পরিবারের জন্য একক ও দলীয় উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় ।

(ঘ)
উদ্দীপকে আয়েশার মতে, সিদ্ধান্ত যেমনই হোক সিদ্ধান্ত গ্রহণকারীকে কতগুলো পর্যায় অনুসরণ করতে হয়। এ উক্তিটি যথার্থ । সিদ্ধান্ত গ্রহণ একটি জটিল প্রক্রিয়া। যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সিদ্ধান্তকারীকে ধারাবাহিকভাবে কতগুলো স্তর বা পর্যায় অনুসরণ করতে হয় । সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় হলো সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করা। যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন হয়। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় হলো সমস্যা সমাধানের বিকল্প পন্থা উদ্ঘাটন। এ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যার সব সম্ভাব্য বিকল্প সম্পর্কে জানতে হবে এবং এসব বিকল্প ব্যবস্থার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় ধাপে প্রতিটি বিকল্পের প্রতিক্রিয়া বা ফলাফল কী তা অনুধাবন করা এবং-এর সুবিধা-অসুবিধা কী তা ভেবে দেখা হয়। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। ইতিবাচক দিকগুলো সম্পর্কে সম্পূর্ণ অবহিত হওয়ার পর সিদ্ধান্ত গ্রহণকারীকে একটি দিক বা সমাধান বেছে নিতে হয়। আর সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব গ্রহণ না করলে পূর্ববর্তী পর্যায়গুলোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
সুতরাং উপরে বর্ণিত পর্যায়গুলো সিদ্ধান্ত গ্রহণকারীকে ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয় । তাই বলা যায়, উদ্দীপকের আয়েশার মতামতের যথার্থতা যৌক্তিক।
ছক-A ছক-B
জ্ঞান জমি
দক্ষতা বাড়িঘর
সময় অর্থ
শক্তি গহনা
২. সম্পদ কী?
আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে বাজেট-বুঝিয়ে লেখ।
ছক-A কোন সম্পদের ধারণা দেয়? ব্যাখ্যা কর।
ছক-A এর যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B-এর সমৃদ্ধি ঘটায়-তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
যা কিছু দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায় তাকে সম্পদ বলে।
(খ)
বাজেট পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে। বাজেট হচ্ছে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়। টাকার ক্রয়ক্ষমতাকে বাড়াতে না পারলেও টাকাকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে পরিবারের চাহিদাগুলো সহজেই মেটাতে পারে বাজেট। তাই বাজেট হলো অর্থ পরিকল্পনার প্রধান যন্ত্র বা কৌশল। এসব দিক বিবেচনা করেই বলা হয়, বাজেট আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে।
(গ)
ছক-A মানবীয় সম্পদের ধারণা দেয়।
মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি, যা মানুষকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। - এগুলো মানুষের অন্তর্নিহিত' গুণ। ছক-A-তে যেসব সম্পদের কথা বলা হয়েছে সেগুলো হলো সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতা। এসব সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো ব্যক্তির নিজস্ব সম্পদ। মানবীয় সম্পদের সকল বৈশিষ্ট্য এগুলোর মধ্যে বিদ্যমান থাকায় এগুলো উক্ত সম্পদেরই অন্তর্ভুক্ত। মানবীয় সম্পদগুলো স্পর্শনীয় নয় এবং এগুলো শনাক্ত করা যায় না। এসব সম্পদ বিনিময়যোগ্য নয়। সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতা মানুষের নিজস্ব সম্পদ। এসব সম্পদ কখনই বিনিময় করা সম্ভব নয়। পরিবারের প্রতিটি সদস্য তাদের সামর্থ্য অনুযায়ী সময়, শক্তি, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের সচ্ছলতা বজায় রাখতে চেষ্টা করে। এসব সম্পদ কেবল ব্যক্তির অধীনে থাকে। এগুলো দর্শনীয় বা স্পর্শনীয় নয় বরং অন্তর্নিহিত ও বিমূর্ত। তাই এ সম্পদগুলো পারস্পরিক বিনিময়যোগ্য নয়।
(ঘ)
ছক-A-এর মানবীয় সম্পদগুলোর যথার্থ ব্যবহারই পরোক্ষভাবে ছক-B-এর অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়।
মানবীয় সম্পদ ব্যতীত অন্য যেসব সম্পদ মানুষের অভাব পূরণ করে সেগুলোই হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের সাহায্যে মানুষ পরিবারের সমৃদ্ধি ঘটিয়ে থাকে। ছক-A-তে মানবীয় সম্পদগুলো তুলে ধরা হলেও ছক-B-তে যেসব সম্পদ তুলে ধরা হয়েছে, সেগুলো হলো অমানবীয় সম্পদ। এসব সম্পদের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থ, জমি, গহনা ও বাড়িঘরের কথা। অমানবীয় সম্পদকে বস্তুবাচক সম্পদও বলা হয়ে থাকে। এসব সম্পদের ওপর ব্যক্তির অধিকার থাকতে হবে। অধিকার থাকলেই কেবল মানুষ এসব সম্পদ ব্যবহার ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। টাকা-পয়সা, জমি, বাড়িঘর, গহনা ইত্যাদি অমানবীয় সম্পদ পরিবারের সমৃদ্ধি ঘটায়। তবে এসব সম্পদ বৃদ্ধিতে মূল প্রেরণা যোগায় মানবীয় সম্পদগুলো। সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি মানবীয় সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে অমানবীয় সম্পদগুলোর বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। বেঁচে থাকার জন্য অমানবীয় সম্পদগুলো যেমন আবশ্যক, তেমনি সেগুলো অর্জন করতে হলে প্রয়োজন মানবীয় সম্পদের সদ্ব্যবহার করা।
তাই বলা হয়েছে, ছক-A তথা মানবীয় সম্পদের যথার্থ ব্যবহার পরোক্ষভাবে ছক-B তথা অমানবীয় সম্পদগুলোর সমৃদ্ধি ঘটায়। এ কারণেই প্রশ্নের উক্তিটি করা হয়েছে।
মিলি এইচএসসি পরীক্ষার্থী। সে দিনের ২৪ ঘণ্টা সময় কীভাবে ব্যবহার করবে তার একটি তালিকা তৈরি করে। শ্রেণিকক্ষে মিলির শিক্ষক বলেছেন, "সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়।"
৩. শক্তি কাকে বলে?
কাজের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন-ব্যাখ্যা কর।
মিলির কলেজ চলাকালীন একদিনের একটি কর্মসূচি তৈরি কর।
মিলির শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কাজ করার ক্ষমতাকে শক্তি বলে।
(খ)
কাজকে এমন ধারাবাহিকভাবে সাজাতে হবে যাতে একটি ভারি কাজের পর একটি হালকা কাজ থাকে। কারণ হালকা কাজের ক্ষেত্রে শক্তি কম ব্যয় হয় এবং ভারি কাজে শক্তি অধিক ব্যয় হয়। এজন্য হালকা ও ভারি কাজের মধ্যে সামঞ্জস্য রেখে চললে শক্তির ব্যবহার সুষ্ঠু হয়। সুতরাং এসব কারণেই কাজের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।
(গ)

মিলির কলেজ খোলার দিনের একটি নমুনা সময়সূচি নিচে দেওয়া হলো। কলেজ ও যাতায়াতের বাস্তব সময় অনুযায়ী এটি পরিবর্তন করা যায়।

সময় (২৪ ঘণ্টা পদ্ধতি) কার্য বিবরণী সময়কাল
০৬:০০–০৭:০০ ঘুম থেকে ওঠা, বিছানা গোছানো, হাতমুখ ধোয়া, ধর্মীয় ও নিজস্ব কাজ ১ ঘণ্টা
০৭:০০–০৭:৩০ নাস্তা তৈরিতে সাহায্য ও নাস্তা খাওয়া ৩০ মিনিট
০৭:৩০–০৯:০০ পড়াশোনা ১ ঘণ্টা ৩০ মিনিট
০৯:০০–১০:৩০ টিউটর থাকলে পড়া/লেখাপড়া ১ ঘণ্টা ৩০ মিনিট
১০:৩০–১১:০০ গোসল, খাওয়া ও কলেজের প্রস্তুতি ৩০ মিনিট
১১:০০–১৬:৩০ শ্রেণিকক্ষে অবস্থান ও পাঠে মনোযোগ ৫ ঘণ্টা ৩০ মিনিট
১৬:৩০–১৭:০০ বাসায় পৌঁছানো ও নামাজ ৩০ মিনিট
১৭:০০–১৮:৩০ বিশ্রাম, হালকা নাস্তা ও বাড়ির কাজে সাহায্য ১ ঘণ্টা ৩০ মিনিট
১৮:৩০–১৯:০০ নামাজ ৩০ মিনিট
১৯:০০–২২:৩০ পড়াশোনা ৩ ঘণ্টা ৩০ মিনিট
২২:৩০–২৩:১০ নামাজ ও খাওয়া ৪০ মিনিট
২৩:১০–২৩:২০ দাঁত ব্রাশ ও ঘুমের প্রস্তুতি ১০ মিনিট
২৩:২০–পরদিন ০৬:০০ ঘুম ৬ ঘণ্টা ৪০ মিনিট
মোট ২৪ ঘণ্টা
(ঘ)
উদ্দীপকে মিলির শিক্ষক বলেছেন, সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। তার এ উক্তিটি যথার্থ।
সময় একটি গুরুত্বপূর্ণ মানবীয় সম্পদ। সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সীমাবদ্ধতা। তাই সময়ের সদ্ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। যে কাজগুলো করতে হবে, তার একটি তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকায় বর্তমান ও ভবিষ্যতের কাজগুলো আলাদাভাবে লিখতে হবে। কাজের গুরুত্ব অনুসারে কাজগুলোকে ধারাবাহিকভাবে 'সাজাতে হবে। এক্ষেত্রে সময়ের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সময় তালিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ তালিকায় সময় উল্লেখ করে কোন কাজের পর কোনটি করা হবে, তার একটি ধারাবাহিক বিবরণ থাকে। অনেক সময় প্রতিদিনের কর্ম অভ্যাসের ভিত্তিতেও সময় তালিকা তৈরি করা হয়। সময় তালিকা করার সময় কাজ, বিনোদন, বিশ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। তা না হলে সহজেই ক্লান্তি আসবে। সময় পরিকল্পনা করার পর পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। সময় তালিকা বাস্তবায়নের সময় যদি হঠাৎ করে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন সময় তালিকার নমনীয় বৈশিষ্ট্যের জন্য নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। সময় তালিকা বাস্তবায়নে সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কিনা, তা যাচাই করতে হবে, ঘড়ি দেখার অভ্যাস করতে হবে এবং সময় তালিকা এমন জায়গায় রাখতে হবে, যাতে সহজেই নজরে আসে। সময় তালিকা বাস্তবায়নের পর মূল্যায়নের মাধ্যমে কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, তা বিচার করতে হবে। এক্ষেত্রে কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে ফল ইতিবাচক। আর যদি না হয়, তাহলে না হওয়ার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতের জন্য সচেতন থাকতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে •মিলির শিক্ষকের উক্তিটি যথার্থ।
তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। তিনি তার ছোট বোন মনিকাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করেন। তিনি বলেন, "আমার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা হয়। তুমি প্রয়োজনে ডাকঘরে বা ব্যাংকে সঞ্চয় করতে পার।" মনিকা তার বোনের কথামতো ব্যাংকে অর্থ সঞ্চয় করল।
৪. সঞ্চয়ের সংজ্ঞা দাও।
'পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়'- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে উল্লিখিত তানিয়া জামানের' সঞ্চয় কোন ধরনের সঞ্চয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
তানিয়া জামানের সঞ্চয় এবং মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা বিদ্যমান- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আয়ের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।
(খ)
অর্থ সঞ্চয় করার অন্যতম একটি উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন বিমা এবং সাধারণ মেয়াদি বিমা এ দু'ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বিমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায় সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০. ১৫ ও ৩০. বছর মেয়াদি হয়। এভাবেই বিমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।
(গ)

উদ্দীপকে উল্লেখকৃত তানিয়া জামানের সঞ্চয় বাধ্যতামূলক সঞ্চয়কে নির্দেশ করে।
বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। ভবিষ্যৎ তহবিল, পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা তহবিল, গ্র্যাচুইটি ইত্যাদি হলো বাধ্যতামূলক সঞ্চয়।
উদ্দীপকে তানিয়া জামান একজন সরকারি চাকুরিজীবী। তার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখা হয়। তানিয়ার জামানের এ সঞ্চয় পদ্ধতি বাধ্যতামূলক সঞ্চয়ের ভবিষ্যত তহবিল বা জিপি ফান্ডের আওতাভুক্ত। সাধারণত ভবিষ্যত তহবিলে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখে। এই অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এই ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। এই ঋণ কয়েকটি কিস্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। জমার হার সংশ্লিষ্ট ভবিষ্য তহবিলের প্রযোজ্য বিধি অনুসারে নির্ধারিত হয়।

সুতরাং বলা যায়, একজন সরকারি চাকরিজীবী হিসেবে উদ্দীপকের তানিয়া জামানের সঞ্চয় বাধ্যতামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।

(ঘ)

উদ্দীপকে তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনের ভিন্নতা বিদ্যমান রয়েছে। কারণ তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। প্রতি মাসে তার মূল বেতনের নির্দিষ্ট যে অংশ কেটে রাখা হয় তা হলো বাধ্যতামূলক সঞ্চয়। অন্যদিকে, মনিকা নিজের ইচ্ছায় ব্যাংকে যে পরিমাণ অর্থ সঞ্চয় করে তা হলো স্বেচ্ছামূলক সঞ্চয়।

বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে আজকাল এ বাধ্যতামূলক সঞ্চয়ের প্রচলন রয়েছে। ভবিষ্যৎ তহবিলের জন্য নিয়োগকর্তার কাছে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হার হিসাবে জমা রাখে। এ অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত ধরা হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এ ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। জমার হার সংশ্লিষ্ট ভবিষ্য তহবিলের প্রযোজ্য বিধি অনুসারে নির্ধারিত হয়। অপরদিকে ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেক মাধ্যম রয়েছে। সাধারণত ব্যাংক, ডাকঘর ও বিমা প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিত রেখে বা জাতীয় সঞ্চয়পত্র ও শেয়ার ক্রয়ের মাধ্যমে অর্থ সঞ্চয় ও মুনাফা লাভ করা যায়। কোনো ব্যক্তি এই উপায় বা মাধ্যমে নিজের পছন্দ বা ইচ্ছামতো নির্বাচন করে অর্থ সঞ্চয় করে থাকে।
সুতরাং উপরে বর্ণিত কারণগুলোর জন্য তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা লক্ষ করা যায়।

সিলেট বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।