সিলেট বোর্ড ২০২৫

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

সিলেট বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চক্রের কেন্দ্র: B

চক্রের তীরের ক্রম: সিদ্ধান্ত গ্রহণ → পরিকল্পনা → A → নির্দেশনা → নিয়ন্ত্রণ → মূল্যায়ন → সিদ্ধান্ত গ্রহণ।

১. প্রেষণা কী?
মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা যায়- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে [A] চিহ্নিত অংশটি গৃহব্যবস্থাপনার কোন ধাপকে নির্দেশ করছে? উক্ত ধাপের গুরুত্ব ব্যাখ্যা কর।
"উদ্দীপকে B কে কেন্দ্র করে গৃহব্যবস্থাপনার সবগুলো ধাপ আবর্তিত হয়”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রেষণা হলো কর্মসংক্রান্ত মনোবল যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে। অর্থাৎ যেকোনো কাজের কারণ ও ব্যক্তিগত আচরণে যা প্রভাব সৃষ্টি করে তাকে প্রেষণা বলে।
(খ)

মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-১. প্রচলিত মান ও ২. নমনীয় মান।

**১. প্রচলিত মান:**প্রচলিত মান নির্দিষ্ট হয়। তা সহজে পরিবর্তন করা যায় না। সামাজিক বিধিনিষেধ ও নিয়মকানুন থেকে এ মানের সৃষ্টি। এ ধরনের মান ঐতিহ্যগত এবং সমাজ দ্বারা স্বীকৃত। প্রদত্ত সময়ের জন্য এ মান অপরিবর্তনীয় কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এটিও পরিবর্তিত হয়। যেমন- গারোরা মাতৃপ্রধান ও চাকমারা পিতৃপ্রধান পরিবারের অন্তর্ভুক্ত।

২. নমনীয় মান: নমনীয় মান মানুষকে স্বাধীনভাবে চলা এবং পছন্দ করার সুযোগ দান করে। নমনীয় মান পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষিতে গড়ে ওঠে। জীবনকে চিন্তামুক্ত এবং আরামে রাখতে নমনীয় মানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনে নিত্যনতুন পরিবর্তন অবস্থা এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে নমনীয় মানের প্রয়োজন। যেমন- একজন ব্যক্তি তার ইচ্ছেমতো পেশা নির্বাচন করতে পারে।

(গ)
উদ্দীপকে [A] চিহ্নিত অংশটি গৃহব্যবস্থাপনার সংগঠনের ধাপটি নির্দেশ করে। গৃহব্যবস্থাপনায় সংগঠনের গুরুত্ব অপরিসীম।
বিভিন্ন পরিকল্পিত কাজের সংযোগ সাধন করাই হলো সংগঠন। অর্থাৎ, করণীয় কাজ নিজে হোক আর অন্যের দ্বারা যেভাবেই সম্পন্ন করা হোক না কেন কীভাবে কাজটি ভালো হবে তার উপায় উদ্ভাবনই হলো সংগঠন। আর যেকোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুত কোনো দলগত প্রচেষ্টা সংগঠন ছাড়া সফলতা অর্জন করতে পারে না।
১. সংগঠনে আলাদা আলাদা বিভিন্ন-উপবিভাগ বা শাখা রয়েছে। যেখানে প্রত্যেকের কাজ আলাদা করা থাকে। এতে যেকোনো প্রতিষ্ঠান সফলভাবে উদ্দেশ্য অর্জন করে।
২. সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের, অন্তর্গত সকলেই নিজ নিজ অবস্থান, দায়িত্ব-কর্তব্য ইত্যাদি, সম্পর্ক জানে।
৩. সংগঠনে বিভিন্ন ধরনের শ্রমবিভাজনের ফলে বিশ্লেষীকরণ সম্ভব হয়। এতে দক্ষতা বৃদ্ধি পায় এবং সফলতা অর্জন সহজ হয়।
৪. সংগঠন স্তরের বিভিন্ন কর্মী ও অনুসরণীগণ নেতার কর্মপ্রবাহের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রবাহিত হয়।
৫. প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মীদের সৃজনশীলতার উন্নয়নের জন্য সংগঠনের প্রয়োজন।
৬. জনশক্তি ও প্রতিষ্ঠানের অন্যান্য যাবতীয় উপকরণসমূহের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অতএব উদ্দীপকে দ্বারা নির্দেশিত সংগঠনের গুরুত্ব গৃহব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ।
(ঘ)

"উদ্দীপকে 'B' অর্থাৎ লক্ষ্যকে কেন্দ্র করে গৃহব্যবস্থাপনার সবগুলো ধাপ চক্রাকারে আবর্তিত হয়"-উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
গৃহব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতকগুলো পর্যায় বা ধাপের সমন্বয়ে গঠিত। যেমন- পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণণ কর্মসম্পাদনে এ ধাপগুলো সচেতন বা অসচেতনে আমাদের অনুসরণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোতে লক্ষ্যকে মূল নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। কারণ লক্ষ্যবিহীনভাবে কোনো কাজ করে সফলতা অর্জন করা যায় না। যেখানেই লক্ষ্য অর্জনের প্রশ্ন রয়েছে সেখানেই ব্যবস্থাপনার 'এ ধাপগুলোর অনুসরণ অপরিহার্য। লক্ষ্যকে কেন্দ্র করে। গৃহব্যবস্থাপনার ধাপগুলো চক্রাকারে অতিক্রম করার চিত্র নিচে দেখানো হলো-

গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহের চক্রপ্রবাহ

কেন্দ্র: লক্ষ্য।

তীরের ক্রম: সিদ্ধান্ত গ্রহণ → পরিকল্পনা → সংগঠন → নির্দেশনা → সমন্বয় সাধন → নিয়ন্ত্রণ → মূল্যায়ন → সিদ্ধান্ত গ্রহণ।

এখানে, লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে ও কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে প্রভৃতি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণই পরিকল্পনা। এক্ষেত্রে কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় বিবেচনা করা সংগঠনের অন্তর্ভুক্ত। নিদের্শনা হলো কাজে নিয়োজিত ব্যক্তিদের মূল লক্ষ্যের আলোকে কার্যসম্পাদনের জন্য আদেশ-নির্দেশ প্রদান করা। আর নিয়ন্ত্রণ বলতে নির্দেশানুযায়ী কাজটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না তা যাচাই করা এবং কোনো প্রকার গরমিল পাওয়া গেলে তার সংশোধন করাকে বোঝায়। এভাবে কাজের মধ্যে সমন্বয় সাধন করে যে লক্ষ্যকে কেন্দ্র করে কর্ম সম্পাদন করা হয়েছে সেটি কতটা ফলপ্রসূ হয়েছে, তা বিচার-বিশ্লেষণ করে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্য দিয়ে লক্ষ্য অর্জন সম্পন্ন হয়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

নিম্নবিত্ত পরিবারের, কলেজ পড়ুয়া মেয়ে শান্তা। সে অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শান্তার তৈরি সরঞ্জামে সজ্জিত এই গৃহ যেকোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকেও হার মানায়।
২. উপযোগ কী?
সীমাবদ্ধতা সম্পদের অন্যতম বৈশিষ্ট্য- বুঝিয়ে লেখ।
গৃহসজ্জার ক্ষেত্রে শান্তা কোন ধরনের সম্পদ ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সম্পদটি ব্যবহার করে শান্তার পক্ষে কি তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা সম্ভব? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের অভাব মোচনে পণ্যের যে ক্ষমতা তা-ই উপযোগ।
(খ)
সম্পদ গুণগত বা পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। শক্তি গুণগত আর সময় পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। তাই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সময় ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারি। পরিমাণগত সীমাবদ্ধতা বেশি স্পষ্ট। উদাহরণস্বরূপ, একটি পরিবারের সীমিত আয়। এছাড়া একজন ব‍্যক্তির জন্য দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টা সময় বরাদ্দ। আবার একজন গৃহিণী গৃহের কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে। সম্পদের গুণগত সীমাবদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন- খুব কমসংখ্যক ব্যক্তির নাচ, গান ও ছবি আঁকার প্রতিভা আছে। আবার বৃদ্ধির সীমাবদ্ধতার জন্য একই শ্রেণি সব ছাত্রছাত্রী সমান জ্ঞান অর্জন করতে পারে না।
(গ)
উদ্দীপকে গৃহসজ্জার ক্ষেত্রে শান্তা মানবীয় সম্পদ ব্যবহার করেছে।
উদ্দীপকে দেখা যায়, নিম্নবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শান্তা। সে অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শান্তার তৈরি সরঞ্জামে সজ্জিত এই গৃহ যেকোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকেও হার মানায়। যা মানবীয় সম্পদকে নির্দেশ করে। মানবীয় সম্পদ হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি যা ব্যক্তিকে বিভিন্ন সম্পদ আহরণে সহায়তা করে। যেমন- জ্ঞান, দক্ষতা, কাজ করার ক্ষমতা, বিদ্যা-বুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদি। মূলত লক্ষ্য অর্জনের জন্য পরিবারে নানাবিধ সম্পদ ব্যবহার করা হয়। প্রতিটি পরিবার তার নিজস্ব সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে লক্ষ্যসমূহ অর্জন করে। প্রতিটি পরিবারেই কোনো না কোনো সম্পদ থাকে। এ সম্পদ ছাড়া পরিবারের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। উদ্দীপকে শান্তা অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। এক্ষেত্রে সচ্ছলতা আনা ও তা বজায় রাখার জন্য শান্তা যে সম্পদ ব্যবহার করে তাই হলো মানবীয় সম্পদ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে শান্তা গৃহসজ্জার ক্ষেত্রে মানবীয় সম্পদ ব্যবহার করেছে।
(ঘ)
হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সম্পদটি ব্যবহার করে শান্তার পক্ষে পরিবারের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব।
পরিবারের লক্ষ্য অর্জন করার জন্য সম্পদ প্রয়োজন। মানবীয় সম্পদ প্রতিটি পরিবারের জন্য অপরিহার্য। এ ধরনের সম্পদ ব্যবহার করে শান্তা তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারে। এ বক্তব্যটির সাথে আমি একমত। শান্তার মধ্যে যে সকল মানবীয় গুণ প্রকাশ পেয়েছে সেগুলো হলো- সামর্থ্য ও দক্ষতা, সৃজনীশক্তি, বুদ্ধিমত্তা ইত্যাদি। এসব সম্পদ ব্যবহার করে যেভাবে শান্তা তার পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারে তা নিচে দেওয়া হলো-
সামর্থ্য ও দক্ষতা: শান্তা তার কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। সে সামর্থ্য ও দক্ষতাকে কাজে লাগিয়ে তার তৈরি জিনিসপত্র যদি বিক্রি করে তাহলে আর্থিকভাবে লাভবান হতে পারবে।
সৃজনীশক্তি: শান্তার মতো এমন সৃজনী প্রতিভার অধিকারী অনেক কম ব্যক্তিই হয়। সে তার এ ক্ষমতাকে কাজে লাগিয়ে মনোমুগ্ধকর দ্রব্যাদি তৈরি করতে পারে এবং তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে।
বুদ্ধিমত্তা: বুদ্ধি ব্যবহার করে সে তার তৈরি দ্রব্যাদি সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে সুপরিচিত করে তুলতে পারে যা তাকে লাভবান হতে সহায়তা করবে।
সুতরাং বলা যায়, শান্তা তার মানবীয় সম্পদ ব্যবহার করে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।
ছক-১ ছক-২
প্রতিদিন বাসে চড়ে কলেজে গমন কাজের বিভিন্ন পর্যায়ের বিবরণ
ল্যাকটিক এসিডের উপস্থিতি পায়ে চলার পথ অনুসরণ
৩. ওয়ার্ক কার্ভ কাকে বলে?
কাজের ক্ষেত্রে সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম-বুঝিয়ে লেখ।
ছক-১ কোন ধরনের ক্লান্তিকে নির্দেশ করে? উক্ত ক্লান্তির কারণ ব্যাখ্যা কর।
“ছক-২ এর কৌশলগুলো কাজ সহজকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
কর্মরেখা বা ওয়ার্ক কার্ভ হলো একটি গ্রাফ যা কোনো কর্মী বা দলের কাজ করার ক্ষমতা বা উৎপাদনশীলতা সময়ের সাথে পরিবর্তিত হয় তা দেখায়।
(খ)
সময়ের সঙ্গে শক্তির আন্তঃসম্পর্ক রয়েছে। কাজে সময় ও শক্তি এ দুটি সম্পদ পরস্পরের পরিপূরক। গৃহ পরিচালনায় সময় ও শক্তি হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষে মানুষে, পরিবারে পরিবারে শক্তি সম্পদের ব্যাপারে একটা তারতম্য দেখা যায়। কিন্তু সময়ের ব্যাপারে এই তারতম্য নেই। সময় সবার ক্ষেত্রে সমান। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি মানুষ তার সময়ের সদ্ব্যবহার করতে পারে। কাজের সময় সুষ্ঠু দেহভঙ্গি বজায় রেখে শক্তির সদ্ব্যবহার করা সম্ভব হয়। ধীরগতিতে কাজ করলে সময় বেশি লাগে এবং শক্তি কম ব্যয় হয়। আবার দ্রুতগতিতে কাজ করলে শক্তি বেশি ব্যয় হয় এবং সময় কম লাগে। সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হচ্ছে এ দুটি সম্পদের পরিকল্পনা প্রণয়ন করা। সময় ও শক্তি এমনভাবে ব্যবহার করতে হয় যে, ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে শক্তির সদ্ব্যবহার করে কাজটি সুন্দরভাবে সম্পাদন করতে পারে। সময় ও শক্তি পরিকল্পনা কার্যকর ও সুষ্ঠু করতে হলে পরিকল্পনাকারীকে পরিবারের সদস্যদের প্রয়োজন, চাহিদা, উৎসাহ এবং কর্মতৎপরতার দিকে খেয়াল রাখতে হবে।
(গ)
ছক-১-এ দীর্ঘ যাতায়াতের পর শারীরিক ক্লান্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। কাজ ও যাতায়াতের চাপ, অপর্যাপ্ত বিশ্রাম, পানিশূন্যতা বা শক্তির চাহিদা পূরণ না হওয়া ক্লান্তির কারণ হতে পারে। মাংসপেশির কাজের সঙ্গে বিপাকীয় পরিবর্তন জড়িত, কিন্তু ল্যাকটিক এসিডকেই সব ক্লান্তির একমাত্র কারণ বলা বা সোডিয়াম ফসফেটকে তার সাধারণ প্রতিকার বলা যথাযথ নয়। পরিকল্পিত কাজ, বিরতি ও প্রয়োজনমতো চিকিৎসা-পরামর্শের গুরুত্ব রয়েছে।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত ছক-২-এর কৌশলগুলো কাজ সহজকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে- এ উক্তিটি যথার্থ।
কাজ সহকরণ বলতে বোঝায় কাজকে সহজতর উপায়ে সম্পাদন করা। বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজকরণ পদ্ধতি। সময় ও শক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ সহজকরণের বিভিন্ন উপায় বা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যেমন-কাজের সময় দুই হাত ব্যবহার করা, মেরুদন্ড সোজা রাখা, প্রথমে ভারি কাজ করার পর হালকা কাজ করা, কাজের সরঞ্জামের আকার, আয়তন মজবুত ও মানসম্মত হওয়া, রান্নায় প্রেসার কুকার ব্যবহার করা ইত্যাদি। এছাড়া শিল্পকারখানা, সেবামূলক প্রতিষ্ঠানে কাজ সহজকরণে প্রসেস চার্ট, অপারেশন চার্ট ও পাথওয়ে চার্টের কৌশলগুলো অনুসরণ করা হয়। মূলত কাজ সহজকরণের উপায় আয়ত্তের জন্য অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিই অল্প সময়ে ও অল্প পরিশ্রমে কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারেন। এতে দৈহিক ও মানসিক ক্লান্তি আসে না। কাজের একঘেমেয়ি দূর হয় এবং কাজের মান উন্নত হয়।
সুতরাং কাজ সহজকরণে এবং সময় ও শক্তির অপচয় রোধে আমরা উদ্দীপকে বর্ণিত কৌশলগুলো অনুসরণ করে থাকি।
জান্নাতুল কয়েক মাস হলো নিজের নতুন ফ্লাটে উঠেছেন। বাড়ির প্রতিটি কক্ষ তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই তার গৃহসজ্জার প্রশংসা করলেন। তার বড় বোন বেড়াতে এসে দেখলেন জান্নাতুলের বাড়ির ছাদু ও বারান্দা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তিনি জান্নাতুলকে কিছু বিষয় লক্ষ রেখে বারান্দা ও ছাদের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দিয়ে বারান্দা ও ছাদ ব্যবহারের পরামর্শ দিলেন।
৪. সবুজ বিপ্লব কী?
প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই-বুঝিয়ে লেখ।
জান্নাতুল কোন বিষয়গুলোর প্রতি লক্ষ রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করবেন? ব্যাখ্যা কর।
বড় বোন জান্নাতুলকে যে ধারণা ও পরামর্শ দিলেন সে সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পরিবেশকে সতেজ ও সবুজ রাখার লক্ষ্যে সর্বত্র গাছ লাগানোই সবুজ বিপ্লব।
(খ)
প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছের কোনো বিকল্প নেই। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। যা প্রাণিকুলের বেঁচে থাকার মূল কারণ। তাছাড়া কার্বনমনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে। গাছ সূর্যালোক শোষণ করে এবং বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাছাড়া' গাছ বিভিন্ন প্রাণী, পাখি ও পোকামাকড়ের জন্য বাসস্থান তৈরি করে। বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে গাছ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য।
(গ)
জান্নাতুল বহুমুখী উপযোগিতার বিষয়টির প্রতি লক্ষ রেখে বারান্দা ও ছাদ ব্যবহার করেন।
উদ্দীপকে দেখা যায়, জান্নাতুল কয়েক মাস হলো নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। বাড়ির প্রতিটি কক্ষ তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই তার গৃহসজ্জার প্রশংসা করলেন। তার বড় বোন বেড়াতে এসে দেখলেন জান্নাতুলের বাড়ির ছাদ ও বারান্দা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এখানে জান্নাতুল বহুমুখী উপযোগিতার জন্য বারান্দা ও ছাদ ব্যবহার করেন। গৃহের আশপাশের উন্মুক্ত প্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় পরিবারের সদস্যরা অবসর সময় কাটায়। তাছাড়া এসব স্থানে সবজি বাগান করে সদস্যরা তাদের শখ পূরণ করতে পারে। গৃহপ্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় ফুলের বাগান করলে গৃহের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়া এসব স্থানের একাংশে হাঁস-মুরগি পালনের ব্যবস্থাও করা যেতে পারে। বারান্দায় মাটির ছোট-বড় টবে গোলাপ, বেলি, জবা, গন্ধরাজ, অপরাজিতা, সন্ধ্যা মালতি, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগানো যায়। এ ধরনের গাছ বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করে। গৃহপ্রাঙ্গণ, ছাদ ও বারান্দার সঠিক ব্যবহার গৃহকে মনোরম করে তুলতে পারে। সবজির মধ্যে লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পুঁই শাক, শশা, করলা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গাছও লাগানো যায়। অনেক সময় বড় প্লাস্টিকের ড্রামেও বিভিন্ন সবজির চারা লাগানো যায়। পরিকল্পনা করে ছাদে সবজি ও ফলের বাগান করা যায়। এছাড়া মুরগি, কোয়েল পাখি ও কবুতর পালন করা যায়।
(ঘ)

জান্নাতুলের বড় বোন তাকে কিছু বিষয় লক্ষ রেখে বারান্দা ও ছাদের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দিয়ে বারান্দা ও ছাদ ব্যবহারের পরামর্শ দিলেন। আমি মনে করি বড় বোন কর্তৃক জান্নাতুলকে দেওয়া পরামর্শ সঠিক। জান্নাতুল যেভাবে বারান্দা ও ছাদের ব্যবহার করতে পারে-

বারান্দার ব্যবহার: বারান্দায় মাটির ছোট-বড় টবে গোলাপ, বেলি, জবা, গন্ধরাজ, অপরাজিতা, সন্ধ্যা মালতি, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগানো যায়। এ ধরনের গাছ বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করে। আবার ছিকা বা রডের স্ট্যান্ড তৈরি করেও টব রাখা যায়। বারান্দায় ফুলগাছ ছাড়াও ফল ও সবজি যেমন- টমেটো, বেগুন, কাঁচামরিচ, লেবু, লেটুস পাতা, ক্যাপসিকাম ইত্যাদি লাগানো যায়। বারান্দায় গাছ লাগাতে হলে খেয়াল রাখতে হবে গাছে যেন পর্যাপ্ত রোদ লাগে। নিয়মিত গাছে পানি দিতে হবে। মাঝে মাঝে মাটি আলগা করে দিতে হবে।

**ছাদের ব্যবহার: **পরিকল্পনা করে ছাদে সবজি ও ফলের বাগান করা যায়। এছাড়া মুরগি, কোয়েল পাখি ও কবুতর পালন করা যায়। ছাদে যেসব গাছ লাগানো যায় তা হলো- কলম (বীজ ছাড়া গাছের ডাল থেকে একটি নতুন চারা প্রস্তুত করা) করা আম, পেয়ারা, ডালিম, পেঁপে, বরই, লিচু, কামরাঙা, জামরুল ইত্যাদি। সবজির মধ্যে লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পুঁই শাক, শশা, করলা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গাছও লাগানো যায়। অনেক সময় বড় প্লাস্টিকের ড্রামেও বিভিন্ন সবজির চারা লাগানো যায়। তবে গাছ কেবল লাগালেই হবে না, এর যত্ন ও পরিচর্যাও করতে হবে। এ কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে বাগানে কাজ করলে পরস্পরের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। অতএব জান্নাতুলের বড়বোনের পরামর্শটি সঠিক।

সিলেট বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।