বিয়ের মাধ্যমে পরিবার গঠন ও সন্তান লালন-পালনের কাজটি হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ।
স্বামী-স্ত্রীর একত্রে বসবাস, শিশুর প্রতি পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, মায়া-মমতা, আদর-যত্ন ইত্যাদি সবই মনস্তাত্ত্বিক বিষয়। পরিবারের সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধের কারণেই মানুষ একে অপরের সুখ-দুঃখের অনুভূতিগুলো অনুভব করতে পারে।
পরিবার হলো সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান। এটি থেকেই সমাজের উৎপত্তি। সমাজ তার আচার-আচরণ, ব্যবহার, রীতিনীতি দ্বারা পরিবারকে নিয়ন্ত্রণ করে। সমাজের পরিবর্তনের সাথে সাথে এর কাঠামো পরিবর্তিত হচ্ছে।
মাহাদি চাকরির সুবিধার জন্য তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই মনির নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। শিল্পায়ন, নগরায়ণ ও যান্ত্রিক সভ্যতার অগ্রগতির কারণে বর্তমানে সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। যার ফলে মাহাদি ও মনির একক পরিবার গঠন করেছে। আধুনিক যুগে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজস্ব পছন্দের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিক্ষা ও শিল্পের প্রসারে মেয়েরাও কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। ভূমিকা ও দায়িত্বে পরিবর্তন হলে আলোচনার প্রয়োজন হতে পারে; নারীর চাকরিই দাম্পত্য মতবিরোধের অবধারিত কারণ নয়। যার প্রতিফলন আমরা দেখতে পাই মনির ও তার স্ত্রীর মধ্যে।
বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছে চাকরির জন্য এবং সেখানে পরিবার গঠন করছে। এর ফলে শহরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে।
শহরে মানুষের জীবন খুবই কর্মব্যস্ত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নারী শিক্ষার হার বৃদ্ধি, সচেতনতা ইত্যাদি কারণে পরিবারগুলো অধিক সংখ্যক সন্তান জন্ম দিতে উৎসাহবোধ করছে না। ফলে পরিবারগুলো পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। তাই, সন্তান সংখ্যা কমে গিয়ে পরিবারের আকার ছোট হচ্ছে। শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে মানুষের মূল্যবোধে পরিবর্তন এসেছে। বর্তমানে আমাদের দেশের মহিলারা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। শিশুদের দেখাশোনা করার জন্য শহরে ইদানিং দিবাযত্ন কেন্দ্র স্থাপিত হয়েছে। অতীতে বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের মতামত ছিল মুখ্য। বর্তমানে এক্ষেত্রে পাত্র-পাত্রীর মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। এছাড়া অনেক ক্ষেত্রেই পাত্র-পাত্রী নিজেদের পছন্দমতো বিয়ে করছে। বর্তমানে একক পরিবারে সমস্যা সমাধানের উপায় কম। যেমন- শিশু ও বয়স্কদের দেখাশোনা, দৈহিক ও সামাজিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিচালনা ইত্যাদি। বলা যায়, যুগের পরিবর্তনে মানুষের চাহিদার সাথে সমাজ পরিবর্তিত হচ্ছে। তাই আমাদের দেশেও সমাজের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটছে পরিবারের গঠন কাঠামো ও কার্যাবলিতে।