বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা ২০২৪

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

পায়রা নদীটি নদীয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। প্রতি বছরই নদীর পানি দ্বারা নদীয়া এলাকার সংশ্লিষ্ট এলাকাসহ আশপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যার সমাধানে প্রশাসন বাঁধ দিয়ে নদী শাসনের ব্যবস্থা করে। ফলে উক্ত এলাকা বন্যামুক্ত হয় এবং কৃষি উৎপাদন বহুগুণ হয় যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনে । উক্ত পদক্ষেপ সে এলাকার সার্বিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
১. মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ?
মিসরকে নীল নদের দান বলা হয় কেন ?
উদ্দীপকে উল্লেখিত নদী শাসনের সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার যে অংশটির মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমই মিসরীয় সভ্যতার উন্নয়নের ভিত্তি ছিল— মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ।
(খ)

নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয় ।

কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ । প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয় ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত নদী শাসনের সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার নীল নদভিত্তিক নদী শাসনের মিল পাওয়া যায় ৷

মিসরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম। মিসরকে নীল নদের দান হিসেবে অভিহিত করা হয়। কারণ মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মিসরের ক্ষেত্রে নীল নদের এ অবদানই পায়রা নদীর ক্ষেত্রে লক্ষ করা যায় ।

উদ্দীপকের পায়রা নদীর তীরবর্তী এলাকা প্লাবনে প্লাবিত হয়ে ক্ষতির সম্মুখীন হলে সরকার নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের ব্যবস্থা করেছেন। মিসরীয় সভ্যতার ক্ষেত্রেও নীল নদের এমন ভূমিকা লক্ষ করা যায়। এ সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অতুলনীয়। মিসরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। তারাই প্রথম প্লাবনের হাত থেকে রক্ষা পেতে নীল নদে বাঁধ নির্মাণ করেছিল। আবার বাঁধের সাহায্যে পানি ধরে রেখে তারা কৃষিকাজে ব্যবহার করত। এভাবে ঘর-গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই নীল নদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মরুভূমিতে পরিণত হওয়া মিসর নীল নদের দানের ফলেই শস্য-শ্যামল ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়েছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত নদীয়া এলাকার উন্নয়নে পায়রা নদীর ভূমিকা মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদের অবদানেরই ইঙ্গিত বহন করে। সুতরাং বলা যায়, নীল নদকে শাসন করে মিসরীয় সভ্যতার উন্নয়নের সাথে উদ্দীপকের নদী শাসনের মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমই মিসরীয় সভ্যতার উন্নয়নের ভিত্তি ছিল- মন্তব্যটি সঠিক।

নীল নদের উজানে মৌসুমি বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে দুকূল ছাপিয়ে মানুষের কৃষি উৎপাদনসহ সব সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। তাই প্রাচীন মিসরীয়রা নদী শাসন পদ্ধতি অবলম্বন করেছিল যা তাদের সভ্যতাকে আমূল উন্নয়নের দিকে নিয়ে যায। উদ্দীপকে এ বিষয়ের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, নদী শাসন ব্যবস্থা গ্রহণের ফলে নদীয়া ও সংশ্লিষ্ট এলাকা বন্যামুক্ত হয়। এতে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনে। মিসরীয়রা ও এমনটি করেছিল। তারা প্রতি বছর সংঘটিত বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি অবলম্বন করেছিল। এভাবে 'সমস্যা সমাধান করতে গিয়ে প্রাচীন মিসরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতির বিকাশ ঘটে। নদীতে বাঁধ দিয়ে মিসরীয়রা পানি ধরে রাখত। শুষ্ক মৌসুমে তারা কৃষিকাজে এ পানি ব্যবহার করত। এতে পুরো বছরই তারা জমিতে বিভিন্ন ধরণের ফসল উৎপাদন করতে পারত। অধিক ফসল চাষের প্রয়োজনীয়তার তাগিদে তারা বিভিন্ন কৃষিজ দ্রব্য উৎপাদন করত। এর কারণে মিসরের ব্যবসা-বাণিজ্যেও সমৃদ্ধি এসেছিল। মানুষের অর্থনৈতিক অবস্থা সচল হওয়ার কারণে নগরভিত্তিক বিভিন্ন বিষয় স্থাপিত হয়েছে। এসব কারণে খুব দ্রুত মিসরীয় সভ্যতার ব্যাপক উন্নয়ন ঘটে।

উপরের আলোচনা থেকে বলা যায়, মিসরীয়রা নীল নদকে শাসন করেই বিভিন্ন কৃষি উৎপাদনের মাধ্যমে সভ্যতার উন্নয়ন ঘটায়।

লাবন্য শীতের ছুটিতে সিলেট অঞ্চলে বেড়াতে গেল। সেখানে সে বিভিন্ন কৃষিদ্রব্য, উৎপাদন পদ্ধতি এবং স্থানীয় লোকের কষ্টসহিষ্ণুতা ও তাদের আতিথেয়তা দেখে বিস্মিত হয়। পাহাড়ি এলাকার চাষাবাদ পদ্ধতির সাথে তার নিজ এলাকা সাতক্ষীরা অঞ্চলের অনেক অমিল খুঁজে পায়। সে আরো লক্ষ করল মানুষের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবারসহ সব কিছুই যেন এলাকাভিত্তিক আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী।
২. ভূ-প্রকৃতি অনুসারে আরব দেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?
জাজিরাতুল আরব বলতে কী বোঝায় ?
উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির যে অঞ্চলের মিল আছে তার বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লেখিত অবস্থার ন্যায় আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও সে দেশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে— মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
ভূ-প্রকৃতি অনুসারে আরব দেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে ।
(খ)

জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায় ।

‘জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূ-খণ্ডকে উপদ্বীপ বলা হয় । এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ । এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির উর্বর ও মরু অঞ্চলের মিল রয়েছে ।

ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত । মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল । উদ্দীপকের কৃষির বিষয়টি আরব উপদ্বীপের উর্বর অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। আর কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা আরবের মরু অঞ্চলের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি ।

উদ্দীপকে সিলেট অঞ্চলের কৃষিদ্রব্য উৎপাদন পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়া এখানের মানুষের কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা লাবন্যকে মুগ্ধ করে। প্রাক-ইসলামি আরব উপদ্বীপে শুধু উর্বর অঞ্চলেই কৃষি উৎপাদন হতো। উর্বর তৃণভূমি অঞ্চলটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। যেমন— হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামউত ও ওমান। হেজাজের মক্কা, মদিনা ও তায়েফের পরিবেশ এক নয়। মক্কা অনুর্বর উপত্যকায় অবস্থিত; মদিনার মরূদ্যান ও তায়েফে কৃষি উৎপাদনের সুযোগ ছিল। হেজাজের উপকূলবর্তী প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাক-সবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। তবে মরুবাসী আরবদের জীবন ছিল যাযাবর। তারা খাদ্য সংগ্রহ ও পশুদের তৃণভূমি রক্ষার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করত। মরুময় প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তাদেরকে সংগ্রাম করতে হতো। তাই ঝড়-ঝঞ্জাসহ যেকোনো অবস্থায় কষ্ট সহ্য করা তাদের জন্য খুবই সহজ ছিল। কষ্টসহিষ্ণু এ মরুবাসীরা “রক্তের বদলে রক্ত” নীতিতে বিশ্বাসী হলেও অতিথিপরায়ণতায় ছিল সবচেয়ে এগিয়ে। চরম শত্রুও তাদের ঘরে আশ্রয় নিলে তারা অতিথিকে পরম যত্নে সমাদর করত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের অঞ্চলের মাধ্যমে আরব উপদ্বীপের মরু ও উর্বর অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে উল্লেখিত অবস্থার মতো আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও তাদের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে।

আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রা, মানসিক গঠন তথা চরিত্র গঠনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরিবেশই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নতুন মাত্রা দিয়েছে। উদ্দীপকেও এমনটি লক্ষ করা যায় ।

উদ্দীপকে বাংলাদেশের সিলেট ও সাতক্ষীরা অঞ্চলের কথা বলা হয়েছে। পরিবেশ অনুযায়ী এ দুই এলাকার মানুষের জীবনযাত্রা, আচার-আচরণ সবকিছুতেই ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আরবের পরিবেশও সেখানকার মানুষের বৈশিষ্ট্যকে এভাবেই নিয়ন্ত্রণ করেছে। মরুবাসী আরবরা অত্যন্ত রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক। তারা রক্তের বদলে রক্তনীতিতে বিশ্বাসী। কারণ আরবের মরু অঞ্চলের অনাবৃষ্টি, পানীয় জলের অভাব, চারণ ভূমির স্বল্পতার জন্য এখানকার মানুষ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। প্রতিকূল পরিবেশের সাথে এ লড়াই তাদেরকে কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল করে গড়ে তুলেছে। খাদ্যের অভাব মরুবাসী আরবদের চরিত্রে উদ্দাম ও অপ্রতিরোধ্য গতি সৃষ্টি করেছে। ফলে নিজের ভালো, স্বার্থপরতা আর কঠোরতাই তাদের চরিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে শহরবাসী আরবদের ক্ষেত্রে এর সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ করা যায়। আরবের দক্ষিণাংশের পরিবেশ হলো সুশীতল ও শ্যামল। এ ধরনের আবহাওয়া এখানকার জনগণকে করেছে মার্জিত, দয়ালু ও পরোপকারী। নির্মল, কোমল, ভদ্র আচরণের মাধ্যমে নিমেষেই তারা অন্যের মনে স্থান করে নিতে পারে ।

পরিশেষে বলা যায়, আরবের মদিনা, ইয়েমেন ও তায়েফের অধিবাসীরা যখন শান্ত পরিবেশে গঠনমূলক চরিত্র গড়ে তুলেছে, তখন মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসী আত্মকলহ ও গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবেশের ব্যাপক প্রভাবের কারণেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন হয়েছে।

পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। প্রথম দিনের যুদ্ধে নবাবের বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছালে বিশ্বাসঘাতক মীরজাফর যুদ্ধ বন্ধের অনুরোধ জানালে নবাব মীরজাফরের পরামর্শে যুদ্ধ বন্ধের আদেশ দেন। কিন্তু রাতের অন্ধকারে মীরজাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের বাহিনীর উপর অতর্কিত হামলা চালালে নবাবের বাহিনী পর্যুদস্ত হওয়ায় নবাবের বাহিনী পরাজিত হয় ।
৩. মহানবি (স) কত সালে মদিনায় হিজরত করেন ?
নাখলার খণ্ড যুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে যে ব্যক্তির কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়— তা ব্যাখ্যা করো।
উক্ত ব্যক্তির ষড়যন্ত্র উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়ী ছিল— ব্যাখ্যা করো ।
সমাধান ও উত্তর
(ক)
মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন ।
(খ)

নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় ।

মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান । কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা নামক স্থানে আক্রমণ করে। ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।

(গ)

উদ্দীপকে উল্লেখিত মীরজাফরের চরিত্রের সাথে উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মিল পাওয়া যায়।

আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন বনু খাজরাজ গোত্রের প্রধান এবং মদিনার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। মুহাম্মদ (স)-এর সাথে তার বার বার দ্বন্দ্বের কারণে ইসলামি ঐতিহ্য অনুসারে তাকে একজন মুনাফিক বলা হয়ে থাকে। শুধু মুনাফিক নয়, বরং সে মুনাফিকদের সর্দার হিসেবে আখ্যায়িত । মুনাফিকির পরিচয় পাওয়া যায় উহুদের যুদ্ধে তার কর্মকাণ্ডের মাধ্যমে । উদ্দীপকের মীরজাফরের মধ্যেও এর প্রতিফলন লক্ষ করা যায় ।

পলাশীর যুদ্ধে প্রথম দিনে নবাবের বাহিনী জয়ের কাছাকাছি পৌঁছালে বিশ্বাসঘাতক মীরজাফর যুদ্ধ বন্ধের অনুরোধ জানায়। তার এ অনুরোধে নবাব যুদ্ধ বন্ধের আদেশ দেন। কিন্তু রাতের অন্ধকারে মীর জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে নবাবের বাহিনী পরাজিত হয়। অনুরূপভাবে ৬২৫ খ্রিষ্টাব্দে মহানবি (স) আবু সুফিয়ানের যুদ্ধাভিযানের খবর পেয়ে ১,০০০ জন মুজাহিদ নিয়ে উহুদের প্রান্তরে যাত্রা করেন। পথে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার তিনশত লোক নিয়ে দলত্যাগ করে। অবশেষে মাত্র সাতশত সৈন্য নিয়ে মহানবি (স), যুদ্ধে অবতীর্ণ হন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের মীরজাফর চরিত্রের সাথে উহুদের যুদ্ধের আবদুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মিল রয়েছে।

(ঘ)

হ্যাঁ, উক্ত ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে উবাইর কর্মকাণ্ড উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের জন্য দায়ী ছিল ।

উহুদের যুদ্ধ মহানবি (স)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে নবি (স) আবু সুফিয়ানের তিন হাজার সৈন্যের এক বিশাল বাহিনীর সাথে মাত্র সাতশত মুসলিম সৈন্য লড়েছিল। বিভিন্ন কারণে এ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। এগুলোর মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই এর দলত্যাগ ছিল অন্যতম কারণ।

আবদুল্লাহ ইবনে উবাই দীর্ঘদিন ধরে মদিনার নেতা হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। মহানবি (স) মদিনার ত্রাণকর্তা হয়ে উঠলে তার এ স্বপ্ন ভেঙ্গে যায়। তাই তিনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যুদ্ধে তিনি নিজের তিনশত লোক নিয়ে দলত্যাগ করেন। এ অবস্থায় মহানবি (স) মাত্র সাতশত সৈন্য নিয়ে কুরাইশদের মোকাবিলা করার প্রস্তুতি নেন। কিন্তু মাত্র ৭০০ মুজাহিদের পক্ষে ৩০০০ সৈন্যের কুরাইশ বাহিনীকে পরাজিত করা কঠিন হয়ে পড়ে । এছাড়া এ যুদ্ধে মুসলমানরা মহানবি (স)-এর আদেশ অমান্য করেছিল। নবি (স) যুদ্ধে চূড়ান্ত বিজয় আসার আগ পর্যন্ত তীরন্দাজ সৈন্যদের গিরিপথে অবস্থান করতে বলেছিলেন। কিন্তু তারা সাময়িক বিজয় দেখে গিরিপথ ছেড়ে গণিমত সংগ্রহ করতে উদ্যত হয়েছিল। এ সুযোগে কুরাইশ বাহিনীর সেনাধ্যক্ষ খালিদ বিন ওয়ালিদের রণকৌশল মুসলমানদের বিপর্যস্ত করে দিল । পরাজয় হলো মুসলমানদের ।

উপরের আলোচনা থেকে বোঝা যায়, উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পেছনে নানা কারণ বিদ্যমান ছিল। সেগুলোর মধ্যে আবদুল্লাহ বিন উবাইয়ের মুনাফিকি আচরণ অন্যতম ।

শ্রীপুর ও লালপুর গ্রামবাসী দীর্ঘদিন যাবৎ শ্রীপুর ঈদগাহ মাঠে ইদের নামায আদায় করত। কিন্তু সম্প্রতি উভয় পক্ষের মধ্যে কিছু বিষয় নিয়ে তীব্র মতবিরোধ হওয়ায় লালপুর গ্রামবাসী উক্ত ইদগায়ে এ বছর ইদের নামাজ আদায় করতে পারেনি। এমতাবস্থায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের গণ্য-মান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে লালপুরবাসী সাময়িক পরাজয় মেনে নিলে তাদের বৃহৎ বিজয়ের পথ সুগম হয়।
৪. কত সালে মক্কা বিজয় হয় ?
হুজ্জাতুল বিদা বলতে কী বোঝায় ?
উদ্দীপকে উল্লেখিত ঘটনাতে মহানবি (স)-এর যে ঘটনাটির ইঙ্গিত পাওয়া যায় তার প্রেক্ষাপট বর্ণনা করো ।
উক্ত সন্ধির গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
৬৩০ সালে মক্কা বিজয় হয় ।
(খ)

মহানবি (স)-এর প্রথম পূর্ণাঙ্গ এবং সর্বশেষ হজ পালনকেই 'হুজ্জাতুল বিদা' বা বিদায় হজ বলা হয় ।

হিজরির দশম বছরে দলে দলে লোক ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ায় হযরত মুহাম্মদ (স) বুঝতে পারলেন তাঁর ওপর অর্পিত ইহলৌকিক কৰ্তব্য শেষ হয়েছে। এ উপলব্ধি থেকে, তিনি হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি ১০ম হিজরি সনের ২৫ জিলকদ (৬৩২ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি) ১ লক্ষ ১৪ হাজার মুসলমান নিয়ে মক্কায় হজ করতে যান। এটিই মহানবি (স)-এর প্রথম পূর্ণাঙ্গ এবং সর্বশেষ হজ পালন ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির সাথে মহানবি (স)-এর জীবনের হুদায়বিয়ার সন্ধির ইঙ্গিত পাওয়া যায় ।

হিজরতের পর দীর্ঘ ছয় বছর মহানবি (স) ও তার অনুসারীগণ মদিনায় অবস্থান করেন। এ সময় তারা জন্মভূমি মক্কা দর্শন ও হজ পালন করতে পারেননি। তৎকালীন আরবের নিয়ম অনুসারে জিলকদ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। এজন্য মহানবি (স) তাঁর ১৪০০ জন সাহাবি নিয়ে ষষ্ঠ হিজরির জিলকদ মাসের ২৫ তারিখ মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন ।

মহানবি (স) যখন উসফান নামক স্থানে পৌঁছান তখন সুফিয়ান আলকারীর পুত্র বিশর মহানবি (স)-এর সাথে সাক্ষাৎ করে বলেছিলেন, হে আল্লাহর রাসুল কুরাইশরা আপনার যাত্রার সংবাদ পেয়ে চিতাবাঘের চামড়ার পোশাক পরিধান করে মক্কা হতে যাত্রা করেছে। তারা প্রতিজ্ঞা করেছে আপনাকে কোনোক্রমেই মক্কায় প্রবেশ করতে দেবে না। তারা ‘যতুওয়া' নামক স্থানে প্রতিরোধ গড়েছে । মহানবি (স) কুরাইশদের দুরভিসন্ধির কথা অবগত হয়ে মক্কার নয় মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। তিনি বুদাইল নামক দূত মারফত কুরাইশদের জানান যে, তারা শুধু হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছেন কুরাইশদের সাথে যুদ্ধ করতে নয়। কুরাইশগণ মহানবি (স)-এর কথায় বিশ্বাস স্থাপন করে উরওয়াকে আলোচনার জন্য পাঠায় কিন্তু উরওয়ার দুর্ব্যবহারে আলোচনা ব্যর্থ হয়। তবে পরবর্তীতে উভয়পক্ষ আলোচনা করে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করে।

(ঘ)

উক্ত সন্ধি অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।

বাহ্যিক দৃষ্টিতে হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের স্বার্থের পরিপন্থি বলে মনে হলেও দূরদৃষ্টি দিয়ে বিচার করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, এ সন্ধি মুসলমানদের অনুকূলে সম্পাদিত হয়েছিল। ইসলামের সর্বাত্মক বিজয় সংকেত এতে লুকায়িত ছিল। সন্ধি স্বাক্ষর করে মহানবি (স) অসাধারণ প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার পরিচয় দেন। এ চুক্তি বিশ্বে মুসলমানদের একটি স্থায়ী অবস্থান তৈরি করে। উদ্দীপকেও এ সন্ধির অপরিসীম তাৎপর্যের প্রতি ইঙ্গিত লক্ষ করা যায়।

উদ্দীপকে শ্রীপুর ও লালপুর গ্রামবাসীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে হুদায়বিয়ার সন্ধির কথাই বলা হয়েছে। এ সন্ধির ফলে মুসলমানরা হজ না করেই মদিনায় ফিরে যেতে বাধ্য হলেও পরবর্তী সময়ে ইসলাম বিস্তারের পথকে প্রশস্ত করেছিল। এ সন্ধির স্বাধীন ও অবাধ গতিবিধির ফলে অনেক গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হলে ইসলামের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হযরত মুহাম্মদ (স) আরব দেশের বাইরে সিরিয়া, মিসর, পারস্য, আবিসিনিয়া প্রভৃতি দেশে এবং আরব দেশের অভ্যন্তরে বিভিন্ন গোত্রপতির কাছে দূত প্রেরণ করেন। উপরন্তু কুরাইশগণ নিরপেক্ষ হয়ে পড়ায় মহানবি (স) ইসলামের জাতশত্রু খাইবারের ইহুদিদের শাস্তি দেওয়ার সুযোগ পেলেন। এর ফলে একদিকে হযরতের ক্ষমতা বৃদ্ধি, অপরদিকে কুরাইশদের ক্ষমতা হ্রাস পেতে লাগল। এভাবে বিভিন্ন দিক, দিয়ে বিচার করলে দেখা যাবে যে, হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের অনুকূলে থাকায় ইসলাম ধর্ম ও রাষ্ট্র হিসেবে আরবে সুপ্রতিষ্ঠিত হয় এবং বহির্বিশ্বে এর সম্প্রসারণে সহায়তা করে।

উপরের আলোচনা থেকে বলা যায়, হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য সাময়িক পরাজয় হলেও ইসলাম ও মুসলমানদের বিস্তৃতি ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল।

বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।