উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আমার পঠিত আরব অঞ্চলের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের দেখা যায়, আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ ও বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্যবাহকের যাতায়াতের জন্য উট ব্যবহার করত। উদ্দীপকের এ অঞ্চলের সাথে আরব অঞ্চলের মিল রয়েছে। আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম আরব উপদ্বীপ অবস্থিত। পৃথিবীর বৃহত্তম এ উপদ্বীপের আয়তন ১০,২৭০০০ বর্গমাইল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর তিন দিকে জল এবং একদিকে স্থল। ত্রিভুজাকৃতি হওয়ায় এ দ্বীপটি জাজিরাতুল আরব নামেও সুপরিচিত। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার আগে আরবদেশ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তথা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে গণ্য করা হতো। আরব অঞ্চল অতি উষ্ণ ও এর বেশিরভাগ অঞ্চল অনুর্বর। আরবের শহরবাসীর তুলনায় মরুবাসী যাযাবরদের সংখ্যা বেশি। তাদের স্থায়ী আবাস নেই এবং তারা সর্বদা পশুপালনের জন্য ঘুরে বেড়ায়। আরব উপদ্বীপের মরু অঞ্চল সাহারা ও গোবি মরুভূমির মতোই শুষ্ক; তবে গোবি মরুভূমি আরব থেকে বহু দূরে এশিয়ায় অবস্থিত। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর যা উদ্দীপকের অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আরবের গভীর সাদৃশ্য রয়েছে।
উক্ত অঞ্চল তথা আরব অঞ্চলের অধিবাসীদের জীবন-জীবিকা ছিল কষ্টকর। শহরবাসী আরবরা ব্যবসা-বাণিজ্য ও সীমিত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। মরুবাসী বেদুইনরা প্রধানত পশুপালন করত; কোনো কোনো গোষ্ঠী লুটতরাজেও লিপ্ত হতো। নিচে তা পর্যালোচনা করা হলো-
আরব ভূখণ্ডের বৃষ্টিপাতহীন উষ্ণ ও শুষ্ক জলবায়ু, বালুকাময় ধূ-ধূ মরুভূমির প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে অবিরত সংগ্রাম করে । মরুবাসী বেদুইনরা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসিক, দুর্ধর্ষ ও সৈনিক জাতিতে পরিণত হয়েছে; অন্যদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও কঠোর পরিশ্রমী হয়েছে। তাদের আচরণে ও চরিত্রে একাধারে, বর্বরতা, নৃশংসতা, কঠোরতা ও সাহসিকতার সমন্বয় ঘটেছে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, তপ্ত লু- হাওয়া, রুক্ষ পর্বতমালা, কণ্টকাকীর্ণ বৃক্ষরাজি তাদের সংগ্রামী জাতিতে পরিণত করেছে। পশুপালন ও ব্যবসা-বাণিজ্য তাদের প্রধান পেশা হলেও অভাবগ্রস্ত হলে পণ্যবাহী কাফেলায় তারা হামলা চালাত অথবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করতে দ্বিধা করত না। তবে আরবদের মধ্যে কিছু মহত্ত্বের সুকুমার গুণও বিদ্যমান ছিল। আতিথেয়তা, কবিস্বভাব, স্বাধীনতাপ্রিয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ, দানশীলতা প্রভৃতি ছিল তাদের সহজাত গুণ। প্রত্যেক নাগরিক সামরিক দক্ষতায় দক্ষ ছিল। অন্য জাতির সংস্কৃতিকে আত্মস্থ করে নেওয়ার সহজাত ক্ষমতা আরববাসীদের ছিল।
তাই বলা যায়, আরবের জনগণের জীবনযাপন তথা দৈনন্দিন কর্ম ছিল খুবই সংগ্রামমুখর।