**ঘটনা-১: **রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে।
ঘটনা-২: জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন।
রাকিব সাহেবের কথার সাথে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে। যার সাথে মহানবি (সা.)-এর শ্রমিকের মর্যাদা ও মানুষের সাথে সাম্যের দিকটির মিল রয়েছে। দাসদাসী বা অধীনস্থদের সম্পর্কে সতর্ক হতে মহানবি (সা.) নির্দেশ করে বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার অধিকার তোমাদের নেই। তোমরা যা খাবে ও পরবে, তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।” এ থেকে ফুটে ওঠে যে, মালিক ও দাসদাসীদের খাবার-দাবার ও পোশাকের ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। তাই আমাদের সকলের উচিত দাসদাসী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবি (সা.) শ্রমিক ও মজুরদের অধিকার আদায়ের দাবি সম্পর্কেও সচেতন ছিলেন। উপযুক্ত মজুরি তাদের ভাগ্যে জুটত না। সামাজিকভাবে শ্রমিকরা ছিল নিগৃহীত। হুজুর (সা.) শ্রমিকদের সামাজিক মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। তিনি বললেন, "ঘাম শুকাবার আগেই শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।"
অতএব রাকিব সাহেবের কথার মাধ্যমে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে।
জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের নারীর প্রতি সম্মানবোধ ও মিতব্যয়িতার দিকটি অনুপস্থিত।
উদ্দীপকের ঘটনা-২-এ পরিলক্ষিত হয়, জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন। যা মহানবি (সা.)-এর নারীর প্রতি সম্মান ও মিতব্যয়িতার বিপরীত। মহানবি (সা.) নারীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তৎকালীন পিতৃপ্রধান সমাজে তিনি নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, "স্ত্রীর ওপর স্বামীর যেরূপ অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীরও সেরূপ অধিকার আছে।" (সূরা বাকারা, ২২৮) ইসলাম পূর্ব যুগে কন্যাসন্তান জন্ম দেওয়াকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। তাই মুহাম্মদ (সা.) ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত।" তিনি তাদেরকে পিতা ও স্বামীর সম্পদের উত্তরাধিকার এবং বিবাহে মতামত প্রকাশের স্বাধীনতা দেন। তিনি নারীদের জন্য পর্দা প্রথা চালু করে পরকীয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার দূর করে সমাজে নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাছাড়া মহানবি (সা.) প্রয়োজনের অতিরিক্ত অর্থ অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বিলাসিতা না করে মিতব্যয়ী জীবন যাপনের কথা বলেছেন। কুরআনে বলা হয়েছে, অপব্যয়কারীরা শয়তানের ভাই (সূরা আল-ইসরা, ১৭:২৭)।