দিনাজপুর বোর্ড ২০২৩

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

দিনাজপুর বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ ও বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্য বাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে।
১. কাদের বেদুইন বলা হয়?
আসাবিয়া বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত কোন অঞ্চলের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চলের অধিবাসীদের জীবন-জীবিকা পর্যালোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রাক-ইসলামি আরবের মরবাসী যাযাবরদের বেদুইন বলা হয়।
(খ)
প্রাক-ইসলামি আরবের গোত্রপ্রীতিকে আসাবিয়া বলা হয়। প্রাক ইসলামি আরবে কোনো কেন্দ্রীয় শাসনব্যবস্থা ছিল না। এসময় গোত্রভিত্তিক শাসনব্যবস্থা বিদ্যমান ছিল। সমগ্র আরব উপদ্বীপে ছোটবড় অনেক গোত্রের অস্তিত্ব ছিল। কয়েকটি বংশ বা বনু বা হায়া (Hayy) নিয়ে একটি গোত্র গঠিত হতো। গোত্রের প্রধানের পদবি ছিল শেখ। এসব গোত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল একটি স্বাভাবিক ঘটনা। তবে গোত্রের প্রত্যেক সদস্য গোত্রের প্রতি আনুগত্যশীল ছিল। আনুগত্যের এ ধারণাকে গোত্রপ্রথা এবং গোত্রপ্রীতিকে আসাবিয়া বলা হয়।
(গ)

উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আমার পঠিত আরব অঞ্চলের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

উদ্দীপকের দেখা যায়, আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ ও বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্যবাহকের যাতায়াতের জন্য উট ব্যবহার করত। উদ্দীপকের এ অঞ্চলের সাথে আরব অঞ্চলের মিল রয়েছে। আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম আরব উপদ্বীপ অবস্থিত। পৃথিবীর বৃহত্তম এ উপদ্বীপের আয়তন ১০,২৭০০০ বর্গমাইল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর তিন দিকে জল এবং একদিকে স্থল। ত্রিভুজাকৃতি হওয়ায় এ দ্বীপটি জাজিরাতুল আরব নামেও সুপরিচিত। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার আগে আরবদেশ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তথা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে গণ্য করা হতো। আরব অঞ্চল অতি উষ্ণ ও এর বেশিরভাগ অঞ্চল অনুর্বর। আরবের শহরবাসীর তুলনায় মরুবাসী যাযাবরদের সংখ্যা বেশি। তাদের স্থায়ী আবাস নেই এবং তারা সর্বদা পশুপালনের জন্য ঘুরে বেড়ায়। আরব উপদ্বীপের মরু অঞ্চল সাহারা ও গোবি মরুভূমির মতোই শুষ্ক; তবে গোবি মরুভূমি আরব থেকে বহু দূরে এশিয়ায় অবস্থিত। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর যা উদ্দীপকের অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আরবের গভীর সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উক্ত অঞ্চল তথা আরব অঞ্চলের অধিবাসীদের জীবন-জীবিকা ছিল কষ্টকর। শহরবাসী আরবরা ব্যবসা-বাণিজ্য ও সীমিত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। মরুবাসী বেদুইনরা প্রধানত পশুপালন করত; কোনো কোনো গোষ্ঠী লুটতরাজেও লিপ্ত হতো। নিচে তা পর্যালোচনা করা হলো-

আরব ভূখণ্ডের বৃষ্টিপাতহীন উষ্ণ ও শুষ্ক জলবায়ু, বালুকাময় ধূ-ধূ মরুভূমির প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে অবিরত সংগ্রাম করে । মরুবাসী বেদুইনরা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসিক, দুর্ধর্ষ ও সৈনিক জাতিতে পরিণত হয়েছে; অন্যদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও কঠোর পরিশ্রমী হয়েছে। তাদের আচরণে ও চরিত্রে একাধারে, বর্বরতা, নৃশংসতা, কঠোরতা ও সাহসিকতার সমন্বয় ঘটেছে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, তপ্ত লু- হাওয়া, রুক্ষ পর্বতমালা, কণ্টকাকীর্ণ বৃক্ষরাজি তাদের সংগ্রামী জাতিতে পরিণত করেছে। পশুপালন ও ব্যবসা-বাণিজ্য তাদের প্রধান পেশা হলেও অভাবগ্রস্ত হলে পণ্যবাহী কাফেলায় তারা হামলা চালাত অথবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করতে দ্বিধা করত না। তবে আরবদের মধ্যে কিছু মহত্ত্বের সুকুমার গুণও বিদ্যমান ছিল। আতিথেয়তা, কবিস্বভাব, স্বাধীনতাপ্রিয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ, দানশীলতা প্রভৃতি ছিল তাদের সহজাত গুণ। প্রত্যেক নাগরিক সামরিক দক্ষতায় দক্ষ ছিল। অন্য জাতির সংস্কৃতিকে আত্মস্থ করে নেওয়ার সহজাত ক্ষমতা আরববাসীদের ছিল।

তাই বলা যায়, আরবের জনগণের জীবনযাপন তথা দৈনন্দিন কর্ম ছিল খুবই সংগ্রামমুখর।

উৎসচিত্রের পরিবর্তে শিক্ষামূলক পুনরঙ্কন।
উদ্দীপকের ছবি
২. ফারাও কোন রাজাদের উপাধি ছিল?
হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের চিত্রটি কোন প্রাচীন সভ্যতার নিদর্শন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে উক্ত সভ্যতার অবদান মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ফারাও মিশরের রাজাদের উপাধি।
(খ)
মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হলো হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ হলো পবিত্র লিপি। সম্ভবত ধর্ম মন্দির, পিরামিড, রাজার আদেশ প্রভৃতি রূপচিত্র এ লিপিগুলোতে পাওয়া গেছে বলেই এর নামকরণ করা হয়েছে হায়ারোগ্লিফিক্স। মিশরীয় হায়ারোগ্লিফিক্সে শব্দচিহ্ন ও ধ্বনিচিহ্ন একসঙ্গে ব্যবহৃত হতো। প্রায় ২৪টি এক-ব্যঞ্জনধ্বনির চিহ্ন থাকলেও পুরো লিখনপদ্ধতি শুধু ২৪ অক্ষরের বর্ণমালা ছিল না। এটি ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডানে এবং উল্লম্বভাবেও লেখা যেত। প্রথমদিকে পাথর আর কাঠের গায়ে এ লিপি খোদাই করা হতো ।
(গ)

উদ্দীপকে দৃশ্যমান চিত্রটি প্রাচীন মিশরীয় সভ্যতার স্থাপত্যকর্মের নিদর্শন। উদ্দীপকের চিত্রটি মিশরীয় সভ্যতার ত্রিভুজাকৃতির পিরামিড। মিশরে অনেক পিরামিড গড়ে উঠেছিল। যার মধ্যে সবচেয়ে বড় ছিল ফারাও খুফুর পিরামিড। ফারাও জোসের সমাধির জন্য প্রথম পিরামিড নির্মাণ করা হয়। ইমহোটেপ নামক একজন ভাস্কর প্রথম এ পিরামিডটি নির্মাণ করেন। এ পর্যন্ত মিশরে ৮০টির বেশি পিরামিড পাওয়া গেছে। হেরোডোটাসের বিবরণে খুফুর পিরামিড নির্মাণে বিপুল শ্রমিকের দীর্ঘকাল কাজ করার কথা বলা হয়েছে; শ্রমিকসংখ্যার এ প্রাচীন বিবরণকে আধুনিক গবেষণায় নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করা হয় না। পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই শুধু নয়। এর সাথে জড়িত ছিল ধর্মবিশ্বাস। নীলনদের অববাহিকা মিশর ও এর সন্নিকটবর্তী এলাকায় উন্নত ও বৈভবময় এক সভ্যতার বিকাশ ঘটেছিল। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন, "যে ব্যক্তি মিশর দেখেছেন, সে অবশ্যই উপলব্ধি করেছে যে, এটি একটি স্বোপার্জিত দেশ, নীলনদের দান।" এর কারণ নীলনদ ছিল এ সভ্যতার প্রাণ। আজ থেকে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে সেখানে বিকশিত হয় মিশরীয় সভ্যতা। স্মৃতিসৌধ, প্রাসাদ, মন্দির ও পিরামিড স্থাপত্যে মিশরীয়রা অসামান্য কৃতিত্বের ছাপ রাখে। ফারাওদের মৃতদেহকে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য মমি করা হতো এবং সমাধির উপর সৌধ নির্মাণ করা হতো। দৃশ্যমান চিত্রটি অর্থাৎ অবিনশ্বর কীর্তি পিরামিডটি হচ্ছে দেশ ও জাতির চিরস্থায়িত্বের প্রতীক।

তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের চিত্রটি মিশরীয় সভ্যতার বিস্ময়কর স্থাপত্য পিরামিড যা আজও গবেষকদের জন্য নতুন নতুন কৌতূহল তৈরি করছে।

(ঘ)

বিশ্ব সভ্যতার ইতিহাসে উদ্দীপকে ইঙ্গিতকৃত মিশরীয় সভ্যতার অবদান অপরিসীম। নিচে তা মূল্যায়ন করা হলো-

নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা শিল্প, সাহিত্য, লিখন পদ্ধতি, স্থাপত্য ও চিত্রশিল্পে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়। তারা শব্দচিহ্ন ও ধ্বনিচিহ্নসমৃদ্ধ লিখনপদ্ধতির বিকাশ ঘটায়, যা ইতিহাসে হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত। মিশরীয়রা তাদের বর্ণমালা লিপিবদ্ধ করার জন্য প্যাপিরাস উদ্ভিদের কাণ্ডের ভেতরের অংশের সরু ফালি পরপর সাজিয়ে লিখনের উপযোগী পত্র তৈরি করত। মিশরীয় সভ্যতার সাহিত্যচর্চার নিদর্শনগুলোর মধ্যে মেমফাইট ড্রামা, টেল অব দা টু ব্রাদার্স, মৃতদের পুস্তক ও আতেনের হিম অন্যতম। বিজ্ঞানের উন্নতিতে মিশরীয়দের অবদান অসামান্য। তারা কাগজ, কাচ, ধাতব তৈজসপত্র, সেচ ব্যবস্থার পাশাপাশি জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র ও চিকিৎসাশাস্ত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করে। তারাই প্রথম বছরকে ১২ মাসে এবং মাসকে ৩০ দিনে বিভক্ত করে। তাদের সৌরবর্ষে ৩০ দিনের ১২ মাসের সঙ্গে অতিরিক্ত পাঁচটি দিন যোগ করা হতো। মিশরীয়রা ভূমির আয়তন, কোণ, ত্রিকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, সিলিন্ডার, পিরামিডের ঘনফল ইত্যাদি পরিমাপের মাধ্যমে গণিতশাস্ত্রের ব্যাপক অগ্রগতি সাধন করে। তাছাড়া চক্ষুরোগ, দাঁতের রোগ, পেটের পীড়া, শল্যবিদ্যা, হৃৎপিণ্ড ও নাড়ির তাৎপর্য এবং রেচক ওষুধ তৈরিতে মিশরীয়রা পারদর্শী ছিল। মিশরীয়রা তাদের স্থাপত্য ও চিত্রশিল্পে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল। স্মৃতিসৌধ, প্রাসাদ, মন্দির ও পিরামিড তৈরিতে তারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখে। তাদের তৈরি মমিগুলো আজও আধুনিক বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জস্বরূপ। তাদের তৈরি ত্রিকোণা আকৃতির পিরামিডগুলো বিজ্ঞানের কাছে বিস্ময়। তাদের তৈরি ভাস্কর্য স্ফিংস বিরাটত্ব ও সৌকর্যের দিক থেকে বিখ্যাত ভাস্কর্য।

তাই বলা যায়, প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মিশরীয়রাই সর্বাধিক কৃতিত্বের দাবিদার। তারা স্থাপত্য, চিকিৎসা, গণিত, ভাস্কর্য প্রভৃতি ক্ষেত্রে অবিনশ্বর অবদান রাখতে সক্ষম হয়।

রসুলপুর স্কুলে প্রতিবছর সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। এ সভায় ছাত্র- ছাত্রীরা তাদের স্বরচিত কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ পাঠ করে। বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত লেখকগণকে পুরস্কার দেওয়া হয় এবং তাদের লেখনীসমূহ সুন্দর হস্তাক্ষরে দেয়াল পত্রিকায় লিপিবদ্ধ করা হয়। অতঃপর উক্ত দেয়াল পত্রিকা স্কুলের লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হয়। ফলে ছাত্রছাত্রীরা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত হয়। এতে অনেক কবি-সাহিত্যিকের উদ্ভব ও বিকাশ ঘটে।
৩. প্রাচীন আরবে গোত্রপ্রধানদের কী বলা হতো?
'আইয়াম-এ-জাহিলিয়া' বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাহিত্য মেলার সাথে প্রাচীন আরবের কোন মেলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে সাহিত্যচর্চায় উক্ত মেলার অবদান নিরূপণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রাচীন আরবে গোত্রপ্রধানদের শেখ বলা হতো।
(খ)
'আইয়াম' শব্দটি আরবি ইয়াওমুন শব্দের বহুবচন। এর অর্থ দিন, সময়, কাল ও যুগ। জাহিলিয়া অর্থ অন্ধকার ও বর্বরতা। সুতরাং আইয়ামে জাহিলিয়া অর্থ হলো অন্ধকার যুগ। ইসলামের আবির্ভাবের পূর্বে প্রায় এক শতাব্দীকাল গোটা আরব উপত্যকা ছিল অজ্ঞতা, অপসংস্কৃতি ও ধর্মীয় কুসংস্কারের তিমির অমানিশায় আচ্ছন্ন। তাই সে যুগকে ঐতিহাসিকদের পরিভাষায় 'আইয়ামে জাহিলিয়া' বা অজ্ঞতার যুগ বলা হয়।
(গ)

উদ্দীপকের সাহিত্য মেলার সাথে প্রাচীন আরবের উকাজ মেলার সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো-

উদ্দীপকে দেখা যায়, রসুলপুর স্কুলে প্রতিবছর সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় ছাত্রছাত্রীরা তাদের রচিত কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ পাঠ করত। বিচারকমন্ডলী কর্তৃক নির্বাচিত লেখকদের পুরস্কার দেওয়া হতো এবং এগুলো দেয়াল পত্রিকায় লিপিবদ্ধ করা হয়। যার সাথে প্রাক-ইসলামি আরবের উকাজ মেলার সাদৃশ্য রয়েছে। ইসলাম-পূর্ব। আরবের একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে উকাজ মেলা। মাসব্যাপী এ মেলায় কবিতা পাঠের আসর, গানবাজনা, জুয়া খেলা ও মদ্যপানের আসর বসত। এ মেলার মাধ্যমে আরবের বিখ্যাত কবিদের কবিতা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তৎকালীন আরবের বিখ্যাত কবি ছিলেন আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনে আল-আবদ, হারিস ইবনে হিল্লাজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন ইমরুল কায়েস। তাকে 'আরবের শেক্সপিয়র' হিসেবে অভিহিত করা হয়। প্রচলিত বর্ণনা অনুযায়ী সেরা সাত কবির কবিতা সোনালি হরফে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো; এ বর্ণনার ঐতিহাসিক সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। এ কারণে এ কবিতাগুলোকে সাবয়া মুয়াল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হয়।

উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের রসুলপুরের সাহিত্য মেলার সাথে উকাজ মেলার মিল রয়েছে।

(ঘ)

সাহিত্যচর্চায় উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলার অবদান অপরিসীম। নিচে উক্ত মেলার অবদান নিরুপণ করা হলো-

উকাজ মেলা ছিল আরবের সাংস্কৃতিক প্রতিচ্ছবি। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে এর গুরুত্ব ছিল অপরিসীম। প্রতিবছর হজ মৌসুমে এ মেলাটা উকাজ নামক স্থানে অনুষ্ঠিত হতো। এ মেলা ছিল আরববাসীর প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি। এ মেলায় দেশি ও আন্তর্জাতিক মানের নানা দ্রব্য প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করা হতো। এ মেলায় কবিতা প্রতিযোগিতা হতো এবং সাহিত্যচর্চার পাশাপাশি ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলা, জুয়া খেলা, বিভিন্ন ধরনের নৃত্য, গীতিকাব্য রচনা ইত্যাদি অনুষ্ঠিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ওই মেলায় কেনাবেচা হতো। এটি ছিল আরব সংস্কৃতির সামগ্রিক রূপ। সাহিত্যচর্চা এবং কবিতা প্রতিযোগিতা ছিল এ মেলার উল্লেখযোগ্য একটি অংশ মাত্র। ঐতিহাসিক পি. কে. হিট্টি এ মেলাকে 'Academic Francaise' এবং এ মেলায় নির্বাচিত কবিতাগুলোকে Public Register of the Arabs বলে অভিহিত করেছেন। এ মেলার মাধ্যমে আরবের সর্বশ্রেণির মানুষ কাব্যচর্চায় উৎসাহ লাভ করত এবং তারা উকাজ মেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেত।

তাই বলা যায় উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগায়।

হযরত ইব্রাহীম (আ.) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। ঐশীবাণী প্রাপ্ত হয়ে তিনি সেখানে একটি নতুন ধর্মমত এবং আল্লাহর একত্ববাদ প্রচার শুরু করেন। কিন্তু বাবেলের শাসক মূর্তিপূজারি নমরুদ-এর বিরোধিতা শুরু করে এবং শেষপর্যন্ত শাস্তিস্বরূপ হযরত ইব্রাহীম (আ.) কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করে। আল্লাহর রহমতে তিনি অগ্নি হতে রক্ষা পান এবং নিজ মাতৃভূমি পরিত্যাগ করে সিরিয়া গমন করেন। তিনি আল্লাহর ইবাদত করার জন্য ধ্বংসপ্রাপ্ত কাবাঘর পুনঃনির্মাণ করেন এবং আল্লাহর একত্ববাদ প্রচার করতে থাকেন।
৪. মিরাজ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
মক্কা বিজয়কে 'রক্তপাতহীন বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের হযরত ইব্রাহীম (আ.)-এর সাথে তোমার পঠিত কোন মহান ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
তোমার পঠিত উক্ত মহান ব্যক্তির জন্মভূমি ত্যাগ কি 'মোড় পরিবর্তনকারী ঘটনা' হিসেবে অভিহিত করা যায়? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মিরাজ ৬২০ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
(খ)
কুরাইশ কর্তৃক হুদাইবিয়া সন্ধি ভঙ্গের দরুন ৬৩০ খ্রিষ্টাব্দে মহানবী (সা.)-এর বিনা বাধায় প্রতিরোধহীনভাবে মক্কায় প্রবেশকে ইতিহাসে রক্তপাতহীন বিজয় বলা হয়। হুদাইবিয়া সন্ধির শর্ত ভাঙার কারণে মক্কা অভিযান অনিবার্য হয়ে পড়ে। হযরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের পরিকল্পনা করে ১০,০০০ সৈন্য নিয়ে অষ্টম হিজরিতে মক্কা অভিমুখে যাত্রা করেন। তবে রাসুল (সা.) সকলকে নির্দেশ দিয়েছিলেন যে, যতক্ষণ না তোমাদের সাথে কেউ লড়াই করবে, তোমরাও কারও সাথে লড়াই করবে না। কুরাইশরা সামান্য বাধা তৈরি করলেও মুসলমান সৈন্যবাহিনীর বিশালতার সামনে তাদের মনোবল ভেঙে যায় এবং ইসলামে দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে কুরাইশরা যুদ্ধে বিরতি দেয়। পরবর্তীতে দলে দলে কুরাইশগণ ইসলামের পতাকাতলে সমবেত হন। এজন্য মক্কা বিজয়কে ঐতিহাসিকগণ রক্তপাতহীন বিজয় বলে আখ্যায়িত করেন।
(গ)

উদ্দীপকের হযরত ইব্রাহীম (আ.)-এর সাথে আমার পঠিত মহান ব্যক্তি হযরত মুহাম্মদ (সা.)-এর সাদৃশ্য রয়েছে। ব্যাখ্যা করা হলো-

হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ (প্রশংসিত) এবং তার মা নাম রাখেন আহম্মদ (চরম প্রশংসাকারী)। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) নবুয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নবমুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। অতঃপর কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মুসলমানদের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। এ ঘটনা উদ্দীপকের ইব্রাহিম (আ.)-এর জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকে দেখা যায়, ইব্রাহিম (আ.) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি আল্লাহর ঐশীবাণী পেয়ে তাওহিদের দাওয়াত দিতে শুরু করলে মূর্তিপূজারি নমরুদ তার বিরোধিতা করে। অবশেষে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের মাধ্যমে হত্যার চেষ্টা করা হলে তিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে সিরিয়ায় গমন করে। অতএব বলা যায়, উদ্দীপকের ইব্রাহিম (আ.)-এর সাথে হযরত মুহাম্মদ (সা.)-এর সাদৃশ্য রয়েছে।

(ঘ)

হ্যাঁ, আমার পঠিত মহান ব্যক্তি তথা মুহাম্মদ (সা.)-এর জন্মভূমি ত্যাগ মোড় পরিবর্তনকারী ঘটনা।

মহানবি (সা.)-এর মদিনায় হিজরতের ফলে তাঁর ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাসহ মদিনাবাসীরা মুসলমানদের সাদরে গ্রহণ করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং ইসলামের প্রসার ঘটে। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। যার ফলে মহানবি (সা.) ও মদিনার মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায়। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মক্কার অবহেলিত ইসলাম মদিনায় ব্যাপক মর্যাদা লাভ করে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এ মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই পরিবর্তীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম পরিপূর্ণতা লাভ করে। এখান থেকে শক্তিশালী হয়েই মুহাম্মদ (সা.) তাঁর জন্মভূমি মক্কা দখল করে ইসলামের বিজয় নিশান উড়াতে সক্ষম হন। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়। পরিশেষে বলা যায়, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় শুরু হয় এবং অনুকূল পরিবেশ লাভ করে ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে মদিনা ইসলামের রাষ্ট্রে পরিণত হয়। তাই বাস্তবিকভাবেই হিজরত ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়।

দিনাজপুর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।