দিনাজপুর বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

দিনাজপুর বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

অথৈদের সমাজে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণের ক্ষমতা নারীর জন্য সংরক্ষিত। পুরুষদের সুনির্দিষ্ট অধিকার থাকলেও তারা নিয়ন্ত্রিত হয় নারীদের দ্বারা। তারা কঠিনভাবে ধর্ম-কর্মে বিশ্বাসী। মৃত্যুর পরে যে জীবন আছে এবং সে জীবনে বেঁচে থাকা বা সুখ-শান্তিতে কাটানোর জন্য মৃতদেহের সাথে সমাধিতে তারা রসদাদি এমনকি ব্যবহার্য জিনিসপত্রও দিয়ে দিত।
১. মিসরকে কীসের দেশ বলা হয় ?
মিশরকে নীল নদের দান বলার কারণ ব্যাখ্যা কর।
অথৈদের পরিবারের সাথে প্রাচীন মিসরীয়দের পরিবারে সামঞ্জস্য ব্যাখ্যা কর।
উদ্দীপকে অথৈদের সমাজের মানুষে ধর্মচিন্তা প্রাচীন মিশরীয়দের ধর্মচিন্তার অনুরূপ ছিল কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
সমাধান ও উত্তর
(ক)
মিসরকে প্রধানত 'পিরামিডের দেশ' বলা হয়। এছাড়া প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ণনানুসারে মিসরকে 'নীলনদের দান' ও বলা হয়ে থাকে।
(খ)

মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অগ্রগণ্য ছিল বলে মিশরকে নীল নদের দান বলা হয়।

মিশরীয় সভ্যতার সূচনাকারী লোকেরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। প্রতিবছর গ্রীষ্মকালের বন্যায় নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে পলি জমা হতো এবং কৃষি উৎপাদনের মাধ্যমে মিশরীয় সভ্যতা সমৃদ্ধি লাভ করতে থাকে। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিসরের উৎকর্ষ দেখে মিশরকে ‘নীল নদের দান’ বা ‘The Gift of the Nile’ বলে উল্লেখ করেছেন।

(গ)

অথৈদের পরিবারের সাথে প্রাচীন মিসরীয়দের পরিবারের নারীর মর্যাদার সামঞ্জস্য রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, অথৈদের সমাজে পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণের ক্ষমতা নারীর জন্য সংরক্ষিত। পুরুষদের সুনির্দিষ্ট অধিকার থাকলেও তারা নিয়ন্ত্রিত হয় নারীদের দ্বারা। যা মিশরীয় সমাজে নারীদের উচ্চ অবস্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। মিশরীয় সমাজে কেন্দ্রীয় পরিবার ব্যবস্থা ছিল। যেখানে স্বামী-স্ত্রীসহ সকলে বসবাস করত। এ সমাজে নারীরা সম্পত্তির মালিক হতে পারত। ব্যবসা পরিচালনা করতে পারত এবং আইনগত পুরুষের সমান অধিকার পেত। তারা স্বামীর সাথে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখত। প্রাচীন মিসরের সমাজ মূলত পিতৃতান্ত্রিক হলেও নারীরা সম্পত্তি ও বিভিন্ন আইনগত অধিকার ভোগ করত। সমাজে নারীরা সম্পত্তির অধিকারসহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্তও পাওয়া যায়। তারপরও মিসরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুথমোসের মেয়ে. হাটশিপুট বা হাটাসু খ্রিষ্টপূর্ব পঞ্চদশ শতকে একজন গুরুত্বপূর্ণ মহিলা শাসক হিসেবে মিসরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তাছাড়া নেফারতিতি ও ক্লিওপেট্রা মিশরের শাসক হয়েছিলেন।

অতএব অথৈদের পরিবারের সাথে মিশরীয় পরিবারের এবং নারীদের মর্যাদার সাদৃশ্য রয়েছে।

(ঘ)

হ্যাঁ, উদ্দীপকের অথৈদের সমাজের মানুষের ধর্মচিন্তা প্রাচীন মিশরীয়দের ধর্মচিন্তার অনুরূপ ছিল।

উদ্দীপকের অথৈদের সমাজের মানুষ কঠিনভাবে ধর্মকর্মে বিশ্বাসী। মৃত্যুর পরে যে জীবন আছে এবং সে জীবনে বেঁচে থাকা বা সুখ-শান্তিতে কাটানোর জন্য মৃতদেহের সাথে সমাধিতে তারা রসদাদি-এমনকি ব্যবহার্য জিনিসপত্রও দিয়ে দিত। যা মিশরীয় সভ্যতার ধর্ম চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীন মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রেও ধর্মের প্রভাব ছিল অপরিসীম। শুধু ধর্মীয় শাসন বা পুরোহিততন্ত্রেই নয়, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও ধর্মের অনুশাসনের প্রতিফলন পরিদৃষ্ট হয়। প্রাচীন মিশরীয় সমাজে ধর্মীয় বিশ্বাস বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তারা পরকালের জীবনে বিশ্বাসী ছিল। মিশরীয়দের প্রধান দেবতার নাম ছিল 'আমন-রে'। নীলনদের দেবতার নাম ছিল ওসিরিস। তাদের ধর্মীয় জীবনে ‘বা’ (ব্যক্তিসত্তার আত্মিক দিক) এবং ‘কা’ (জীবনীশক্তি)-এর প্রভাব ছিল সর্বাধিক। তারা মনে করত মৃত্যুর পরও মানুষের আত্মিক সত্তা ও জীবনীশক্তির অস্তিত্ব থাকে। এভাবে তারা আত্মার অবিনশ্বরতা ও পরজন্মে বিশ্বাসী ছিল। দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভে বঞ্চিত হতে পারে, এ কারণে তারা দেহকে সংরক্ষণ করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুগন্ধী দ্রব্য ও রাসায়নিক পদার্থ দ্বারা মৃতদেহকে মমিতে প্রস্তুত করত। মমিকে যুগ পরম্পরায় অক্ষত রাখার জন্য নির্মিত হয় সমাধি স্তম্ভ পিরামিড। পুনর্জন্মে গভীর বিশ্বাসের জন্য তারা মৃতদেহের সাথে নানাবিধ খাদ্যদ্রব্য কবরের পাশে রেখে দিত। তারা আরও বিশ্বাস করত যে মৃত্যুর পর অসিরিস নামক বিচারকের সম্মুখীন হয়ে জীবনের হিসাব-নিকাশ দিতে হবে। যারা সৎ ও ধর্মভীরু তাদের পুরস্কারস্বরূপ 'স্বর্গে' এবং পাপীদের 'নরকে' পাঠানো হবে।

পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের অথৈদের সমাজের মতো মিশরীয় সমাজের মানুষ গভীরভাবে ধর্মচিন্তা দ্বারা প্রভাবিত ছিল।

জাভা দ্বীপে তখন কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। অধিবাসীরা রক্তের সম্পর্কের ভিত্তিতে সমাজ গঠন করে বসবাস করত। নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচন করে তারা পরিষদে পাঠাত। আর এভাবে সমাজের প্রতিনিধিদের দ্বারা গঠিত পরিষদ দ্বীপের প্রধান শহরের শান্তি-শৃঙ্খলা দেখভাল করতেন। দ্বীপবাসীর অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। কষ্টসাধ্য কিছু পেশার বাইরে অধিবাসীদের আয়ের উৎস ছিল সীমিত। বছরের নির্দিষ্ট একটি সময়ে দ্বীপের সৌন্দর্য দর্শনে আসা বাইরের দেশের পর্যটকদের ঘিরে কিছু মানুষ ব্যবসায় বাণিজ্য করে জীবন-জীবিকা নির্বাহ করত।
২. 'আসসাবউল মুয়াল্লাকাত' কী?
'বেদুইন' কারা? ব্যাখ্যা দাও।
উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি মক্কার শাসনব্যবস্থার সামঞ্জস্য ব্যাখ্যা কর।
উদ্দীপকে জাভাবাসীর অর্থনৈতিক কর্মকান্ডের আলোকে আরবদের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
উকাজ মেলায় নির্বাচিত যে সেরা ৭টি কবিতা কাবাগৃহের গায়ে ঝুলিয়ে রাখা হতো তাই আসসাবউল মুয়াল্লাকাত।
(খ)
আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। মুহম্মদ রেজা-ই-করীমের মতে, "যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর।” সৈয়দ আমীর আলীর মতে, "মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। অর্থাৎ যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে তারাই বেদুইন। আরব অধিবাসীদের শতকরা ৮০% মরুভূমির বাসিন্দা (যাযাবর)। এজন্য তাদের 'আহল-উল-বাদিয়া' বা মরুবাসীও বলা হয়। মরুবাসী বেদুইনরা ছিল উদ্দাম ও বেপরোয়া।
(গ)

উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।

প্রাক-ইসলামি আরবে শুধু মক্কাকে কেন্দ্র করে একটি নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে। মক্কা নগর একদল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক শাসিত হতো। এ ব্যবস্থাপক সভাকে বলা হতো মালা। প্রাক-ইসলামি আরবে 'আল-মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল। বিভিন্ন গোত্রের গোত্রপতি দ্বারা গঠিত মালা মক্কার শাসনব্যবস্থা পরিচালনা করত। তাদের কার্যনির্বাহী ক্ষমতা সীমিত হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। এ পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উদ্দেশ্য ছিল শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সম্ভাব তৈরি করা। তবে এ পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল-

১. রিফাদাহ: তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ;
২. সিকায়াহ: তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানীয় সরবরাহ;
৩. হিজাবা: কাবাগৃহের তত্ত্বাবধান ও চাবি সংরক্ষণ;
৪. লিওয়া: যুদ্ধের সময় পতাকা বহন।

যে কক্ষে এ পরিষদের সভা বসত সেটি 'দারুল নদওয়া' নামে পরিচিত। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। অবশ্য মক্কা নগরী ও কাবাগৃহ বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কাবাগৃহের প্রাঙ্গণে একত্র হয়ে সিদ্ধান্ত নিতেন।
অতএব, উদ্দীপকে জাভা দ্বীপের পরিষদ গঠনের সাথে প্রাক-ইসলামি আরবের মক্কার শাসনব্যবস্থার আল-মালার সামঞ্জস্য রয়েছে।

(ঘ)

উদ্দীপকে জাভাবাসীর অর্থনৈতিক অবস্থার মতো আরবদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না।

মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজের অনুপযোগী। ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক-ইসলামি আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহুরে আরব এ দুই শ্রেণিতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থাও ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়িভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসায় বাণিজ্য। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। শহরবাসী আরবরা ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিসর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর-বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। প্রাক-ইসলামি আরবে পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা একস্থান থেকে অন্যস্থানে বিচরণ করত। এসময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীর একটি পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায়ই বিভিন্ন স্থান থেকে আগত বণিকগোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে, এ দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফেও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়।

উদ্দীপকের জাভা দ্বীপবাসীর অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। কষ্টসাধ্য কিছু পেশার বাইরে অধিবাসীদের আয়ের উৎস ছিল সীমিত। বছরের নির্দিষ্ট একটি সময়ে দ্বীপের সৌন্দর্য দর্শনে আসা বাইরের দেশের পর্যটকদের ঘিরে কিছু মানুষ ব্যবসায় বাণিজ্য করে জীবন-জীবিকা নির্বাহ করত। যা প্রাক-ইসলামি আরবের অর্থনৈতিক অবস্থার অনুরূপ।

শুধু ধর্মের দোহাই দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। মায়ানমারের বৌদ্ধধর্মাবলম্বী শাসকগোষ্ঠী নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের বিতাড়িত করে। ফলে উপায়ন্তর না পেয়ে তারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে তাদেরকে আশ্রয় দিয়ে জীবন-জীবিকা ও নিরাপত্তা সুব্যবস্থা করে। এমনকি জন্মভূমিতে যাতে ফিরে যেতে পারে সেজন্যও সহায়তা অব্যাহত রেখেছে।
৩. মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে নবুয়তপ্রাপ্ত হন?
হযরত আলী (রা.) হযরত মুহাম্মদ (সা.)-এরও পরে হিজরত করেছিলেন কেন? ব্যাখ্যা কর।
বাংলাদেশে বিতাড়িত রোহিঙ্গাদের সাথে মদিনায় হিজরতকারী মুসলমানদের সামঞ্জস্য খুঁজে বের কর।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর তুলনায় মদিনায় হিজরতকারী মুসলমানরা অনেক বেশি সমাদৃত ও অধিকারপ্রাপ্ত হয়েছিলেন- ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়তপ্রাপ্ত হন।
(খ)
মহানবি (সা.) যখন হিজরত করেন তখন তার কাছে মক্কাবাসীদের অনেক আমানত গচ্ছিত ছিল। এসব আমানত মক্কাবাসীদের ফিরিয়ে দেওয়ার জন্য মহানবি (সা.) হযরত আলী (রা.)-কে মক্কায় রেখে যান। মহানবি (সা.) হিজরতের রাতে নিজের বিছানায় তাকে শুয়ে রেখে আবু বকর (রা.)-কে সাথে নিয়ে মদিনায় হিজরত করে। তাই মক্কাবাসীর গচ্ছিত রাখা আমানত ফিরিয়ে দিয়ে হযরত আলী (রা.) পরে মদিনায় হিজরত করেন।
(গ)

বাংলাদেশে বিতাড়িত রোহিঙ্গাদের সাথে মদিনায় হিজরতকারী মুহাজিরদের কিছু সামঞ্জস্য লক্ষ করা যায়।

উদ্দীপকের রোহিঙ্গা মায়ানমারের বৌদ্ধধর্মাবলম্বী শাসকদের দ্বারা নির্যাতিত হয়ে উপায়ন্তর না দেখে বাংলাদেশে প্রবেশ করে। অনুরূপ মক্কার মুসলমানগণ কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। রোহিঙ্গাদের মতো মুসলমানগণও অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করে। হিজরত শব্দের অর্থ দেশত্যাগ। হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেন। যা ইতিহাসে হিজরত নামে পরিচিত। ৬১০ খ্রিস্টাব্দে মহানবি (সা.) নবুয়ত লাভ করে ইসলাম প্রচার শুরু করলে মক্কার শাসকগোষ্ঠী তার ওপর এবং নব্য মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে কুরাইশরা হযরত মুহাম্মদ (সা.) এবং নবমুসলিমদের শিয়াবে আবি তালিবে বন্দি করে রাখে। এমতাবস্থায় মহানবি (সা.) মুসলমানদের মদিনায় হিজরতের নির্দেশ দেন। সর্বোপরি কুরাইশদের অত্যাচার চরম সীমা অতিক্রম করলে এবং কুরাইশ নেতৃবর্গ কর্তৃক তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হলে তিনি আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিষ্টাব্দে আবু বকর (রা.)-কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন।

সুতরাং রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের ঘটনার সাথে মুসলমানদের মদিনায় হিজরতের ঘটনার মিল রয়েছে।

(ঘ)

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর তুলনায় মদিনায় হিজরতকারী মুসলমানরা অনেক বেশি সমাদৃত ও অধিকারপ্রাপ্ত হয়েছিলেন মন্তব্যটি যথার্থ।

উদ্দীপকে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশে তাদেরকে আশ্রয় দিয়ে জীবন-জীবিকা ও নিরাপত্তা সুব্যবস্থা করে।
রোহিঙ্গাদের তুলনায় হিজরতকারী মুসলমান তথা মুহাজিরগণ মদিনার মানুষের ব্যাপক অভ্যর্থনা লাভ করে। মদিনার মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করে। মহানবি (সা.) কর্তৃক মুহাজিরদের সাথে আনসারদের ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেওয়ার পর আনসাররা বিষয়-সম্পত্তি, ঘরবাড়ি, টাকাপয়সা সবকিছু মুহাজির ভাইকে ভাগ করে দেয়। এমনকি নিজেদের খাবারও আনসারগণ মুহাজিরদের খেতে দেন। তাঁদের উদারতায় ব্যক্তিগত সহায়তার বিভিন্ন প্রস্তাবের বিবরণও পাওয়া যায়। তাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা পবিত্র কুরআনে এবং হাদিসের বহু জায়গায় এসেছে। সূরা হাশরের ৯নং আয়াতে আল্লাহ পাক বলেন, "আর তাদের জন্যও মুহাজিরদের আগমনের পূর্বে যারা এ নগরীতে (মদিনায়) বসবাস করছে ও ইমান এনেছে তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে। সেজন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না, আর যারা তাদেরকে নিজেদের ওপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও মনের কার্পণ্য থেকে যাদের মুক্ত রাখা হয়েছে, তারাই সফলকাম।" মহানবি (সা.) আনসারদের সম্পর্কে বলেন, "আনসারকে ভালোবাসা ইমানের লক্ষণ, আর আনসারকে ঘৃণা করা নিফাকের লক্ষণ।"

মুসলমানদের মদিনায় হিজরতের ফলে তাদের ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়।

অতএব, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর তুলনায় মদিনায় হিজরতকারী মুসলমানরা অনেক বেশি সমাদৃত ও অধিকারপ্রাপ্ত হয়েছিলেন।

৫ আগস্ট ২৪ বাংলাদেশের মানুষ অন্যরকম এক বিজয় দেখল। স্বৈরাচার বিরোধী অসংখ্য মানুষের ঢল ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করল অথচ দু'বছর আগেও মানুষ ভাবতে পারেনি যে, এমনটা সম্ভব। রাষ্ট্র ৩-৪ দিন সরকারবিহীন থাকল। তারপরও বিজয়ীদের - পক্ষ থেকে কোন রক্তপাত হলো না, ধ্বংসলীলা হলো না, বরং জীবন-সম্পদ রক্ষায় সকলে স্বতঃস্ফূর্ত এগিয়ে এলো। সর্বত্র বিজয় ও মানবতার পতাকা পতপত করে উড়তে থাকল।
৪. 'ফাতহুম মুবিন' অর্থ কী?
খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত কেন? সংক্ষেপে লেখ।
সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী দলের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্জস্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে মক্কা বিজয়-পরবর্তী বিজয়ী মুসলমানদের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ফাতহুম মুবিন অর্থ সুস্পষ্ট বা প্রকাশ্য বিজয়।
(খ)
খালিদ বিন ওয়ালিদ আরবের বিখ্যাত যোদ্ধা ও রণনিপুণ সেনাপতি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি, কাফিরদের পক্ষে উহুদ যুদ্ধে যোগদান করে মুসলমানদের জন্য বিপর্যয় তৈরি করেছিলেন। ইসলাম কবুলের পর তিনি বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেনাপতি হিসেবে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ উপাধি লাভ করেন। তাই তিনি ইতিহাসে এত বিখ্যাত।
(গ)

সংখ্যাবিচারে উদ্দীপকের বিজয়ী ছাত্রসমাজের সাথে মক্কা বিজয়ী মুসলমানদের সামঞ্জস্য রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, ৫ আগস্ট ২৪ বাংলাদেশের মানুষ অন্যরকম এক বিজয় দেখে। স্বৈরাচার বিরোধী অসংখ্য মানুষের ঢল ক্ষমতাসীনদের পালিয়ে যেতে বাধ্য করে। যার সাথে মুসলমানদের মক্কা বিজয়ী দলের সংখ্যাগত সামঞ্জস্য রয়েছে। ৫ আগস্ট যেমন অগণিত মানুষ রাস্তায় নেমে আসে। মানুষের ঢলে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তেমনি মহানবি (সা.) একদা যেখান থেকে নিঃসঙ্গ বিতাড়িত হয়েছিলেন সেখানে ১০ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয়ে বের হন। পথিমধ্যে বনি সুলাইমান গোত্রের ৭০০ বা ১০০০ এবং বনি মুযাইনার গোত্রের ১০০০ লোক মহানবি (সা.)-এর কাফেলায় যোগ দেয়। মহানবি (সা.) মক্কা হতে ছয় মাইল দূরে 'মাররুম' নামক স্থানে যাত্রা বিরতি দিয়ে সেখানে ইফতারের উদ্দেশ্যে শিবির স্থাপন করেন। সেই রাতে কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার দুই জন সহচর মুসলিম শিবিরের নিকটবর্তী হলে হযরত উমর (রা.)-এর হাতে ধরা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফলে মুসলমানগণ প্রধানত শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন; তবে একটি অংশে সীমিত সংঘর্ষ ঘটে। মক্কা নগরে প্রবেশের পর মহানবি (সা.) তাঁর সাহাবিদের নিয়ে কাবা ঘরের চারদিকে সাতবার প্রদক্ষিণ করেন। এরপর কাবাঘরের ভেতর থেকে ৩৬০টি মূর্তি বাইরে ফেলে দেন। মক্কার সকল মানুষ বের হয়ে আসে. এবং মহানবি (সা.)-এর মহানুভবতায় দলে দলে ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে অনাচার-পাপাচার বিতাড়িত হয়।

(ঘ)

৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয়ে সাধারণ ক্ষমা ও জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়; অধিকাংশ এলাকায় প্রবেশ শান্তিপূর্ণ হলেও সীমিত সংঘর্ষ ঘটেছিল। তারা চরম শত্রুকেও ক্ষমা করে দিয়েছে। তারা কাবার অভ্যন্তরে প্রবেশ করে 'আল্লাহু আকবার' ধ্বনি দিতে থাকেন। সাহাবিরা কাবার ৩৬০টি মূর্তি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলে দিলেন। কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নামাজের জন্য তৈরি করা হয়। হযরত বেলাল (রা.) আজান দেন। সকলেই মহাআনন্দে জামাতের সাথে নামায আদায় করেন। কুরাইশরা দূর থেকে এ স্বর্গীয় দৃশ্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। মক্কা বিজয়ের দিন ছিল ক্ষমা ও দয়ার দিন। এত ত্যাগ, এত কষ্ট, এত বঞ্চনা সত্ত্বেও মহানবি (সা.) ও মুহাজিরগণ মক্কার কুরাইশদের ক্ষমা ঘোষণা করেন। কুরাইশদের অভয় দেওয়া হয় তারা যেন মুসলমানদের ভয়ে পালিয়ে না যায়। মক্কার নাগরিকগণ ভীতসন্ত্রস্ত অবস্থায় তাদের দীর্ঘদিনের অত্যাচার জুলুমের পরিণাম চিন্তা করছিল। তাদের স্বাভাবিক ধারণার বিপরীতে ক্ষমা ঘোষণা করা হয়। মহানবি (সা.) বলেন, "আজ তোমাদের প্রতি কোনো প্রকার ভয়ভীতি, তিরস্কার-ভর্ৎসনা প্রয়োগ করা হবে না। কারও ওপর কোনো অভিযোগ নেই, তোমাদের সকলকে ক্ষমা করা হলো।" মক্কা বিজয়ে ১০ (দশ) হাজার সাহাবি অংশগ্রহণ করেছিল। তাঁরা জানত যে ইসলামে পরদ্রব্য হরণ করা হারাম। অহংকার করা, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সাহাবিগণ ইসলামের আদর্শ ধারণ করে কেউ মক্কাবাসীর ধনসম্পদে হাত দেয়নি, কোনো নারী ধর্ষিত হয়নি।

উদ্দীপকের বিজয়ীদের পক্ষ থেকে যেমন কোনো রক্তপাত হলো না, ধ্বংসলীলা হলো না, বরং জীবন-সম্পদ রক্ষায় সকলে স্বতঃস্ফূর্ত এগিয়ে এলো। সর্বত্র বিজয় ও মানবতার পতাকা পতপত করে উড়তে থাকল। তেমনি মক্কা বিজয়ের সময় ব্যাপক প্রতিশোধ ও লুণ্ঠনের পরিবর্তে সাধারণ ক্ষমাকে প্রাধান্য দেওয়া হলো, ইসলামের পতাকা পতপত করে উড়ল।

দিনাজপুর বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।