দিনাজপুর সরকারি কলেজ ২০২৪

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

দিনাজপুর সরকারি কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রহিম মিয়া বলা চলে জোরপূর্বক শীতলপুর গ্রামে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মানুষকে আকৃষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তাঁর। তিনি গ্রামের অনেক উন্নতি সাধন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ । তাঁর মৃত্যুর পর তাঁর বংশীয় শাসন কায়েম রাখার জন্য মৃত্যুর পূর্বে তার পুত্র আকবরকে গ্রামের ক্ষমতার ভার দিয়ে যান ।
১. উমাইয়াদের রাজধানী কোথায় ছিল ?
হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন ? ব্যাখ্যা করো ।
উদ্দীপকটিতে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা করো।
তোমার পঠিত উক্ত খলিফার কৃতিত্ব বা অবদানসমূহ মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
উমাইয়াদের রাজধানী ছিল বর্তমান সিরিয়ার দামেস্কে ।
(খ)

হাজ্জাজ বিন ইউসুফ একজন শ্রেষ্ঠ উমাইয়া প্রশাসক। উমাইয়া শাসন সুরক্ষায় তিনি অনন্য অবদান রেখে বিখ্যাত হয়ে আছেন ।

উমাইয়া শাসনামলের বিভিন্ন সময়ে হাজ্জাজ বিন ইউসুফ হেজাজ, ইরাক ও পূর্বাঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন । তাঁর নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযান পরিচালনা করেন; হাজ্জাজ নিজে সেখানে গিয়ে বিজয় করেননি। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার ও কৃষি উন্নয়নে ভূমিকা পালন করেন। তার পৃষ্ঠপোষকতায় শিল্প, শিক্ষা ও সংস্কৃতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। এছাড়া তিনি আরবি বর্ণমালায় হরকত সংযোজন করেন, যা তাকে ইতিহাসে বিখ্যাত করেছে ।

(গ)

উদ্দীপকটিতে আমার পঠিত উমাইয়া খলিফা মুয়াবিয়া (রা)-এর ইঙ্গিত রয়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি ছিলেন মুয়াবিয়া (রা)। তিনি ছিলেন উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তক । সিফফিন ও সালিশ-পরবর্তী রাজনৈতিক দ্বন্দ্বের পরে ৬৬১ সালে হাসান (রা.)-এর সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি একক শাসক হন; শুধু সালিশি বৈঠকেই তাঁর খিলাফত প্রতিষ্ঠিত হয়নি। উদ্দীপকের রহিম মিয়ার মধ্যে এ বিষয়গুলোর প্রতিফলন লক্ষ করা যায়।

উদ্দীপকের রহিম মিয়া জোরপূর্বক শীতলপুর গ্রামে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মানুষকে আকৃষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তার। তিনি গ্রামের অনেক উন্নতি সাধন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তার মৃত্যুর পর তার বংশীয় শাসন কায়েম রাখার জন্য মৃত্যুর পূর্বে তার পুত্র আকবরকে গ্রামের ক্ষমতার ভার দিয়ে যান। মুয়াবিয়া (রা)-এর ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। ৬৫৭ খ্রিস্টাব্দে আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হযরত আলি (রা) এর প্রচণ্ড আক্রমণে মুয়াবিয়ার পরাজয় যখন অনিবার্য, তখন তার সেনাপতি ও উপদেষ্টা আমর ইবনুল আসের পরামর্শে যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এজন্য মুয়াবিয়া কালিমার পতাকা শীর্ষে উঠিয়েও বর্শার মাথায় পবিত্র কুরআন উত্তোলন করে তিনি সন্ধির আহ্বান জানান। পরবর্তী সময়ে হযরত আলি (রা), আবু মুসা আল আশারি এবং মুয়াবিয়া আমর ইবনুল আসকে মধ্যস্ততাকারী নিযুক্ত করে সালিশে বসেন। কিন্তু আমর ইবনুল আস বিশ্বাসঘাতকতা করে মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করেন। তিনি একজন ধূর্ত রাজনীতিবিদ ছিলেন। জনগণকে আকৃষ্ট করার জন্য নিজের জীবন বিনয় ও সংযতভাবে কাটাতেন । মৃত্যুর আগে তিনি বিখ্যাত কূটনীতিবিদ মুগীরা বিন শুবার প্ররোচনায় পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। এ মনোনয়নের মাধ্যমেই উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকটিতে খলিফা মুয়াবিয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

কূটকৌশল অবলম্বন করে খিলাফতে আরোহণ করলেও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মুয়াবিয়া অনন্য কৃতিত্বের অধিকারী ছিলেন।

মুয়াবিয়া আরব বিশ্বে প্রচলিত বহু গতানুগতিক ব্যবস্থা বিলোপ সাধন করেন। শুধু তাই নয় তিনি রোমান শাসন ব্যবস্থার ভিত্তিতে একটি স্থায়ী ও সুসংহত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এমনটি দেখা যায়।

উদ্দীপকের শাসক কর্তৃত্ব প্রতিষ্ঠার পরে গ্রামের উন্নতি করেন; বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠার কথা উদ্দীপকে নেই। তাই তিনি শাসক হিসেবে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগের মাধ্যমে আরবে প্রচলিত শাসন রীতির পরিবর্তন করেন। তিনি খুলাফায়ে রাশেদিন যুগের মজলিশ-উস-শুরা বাতিল করে নিজ নিয়ন্ত্রণাধীন আমলাতন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। শাসন কাজের সুবিধার জন্য তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এতে সুষ্টুভাবে সরকারি দলিল-দস্তাবেজ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সম্ভব হতো। খলিফা মুয়াবিয়া সুযোগ্য তিনজন প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেছিলেন। আমর ইবনুল আসকে মিসরে, মুগিরা ইবনে শুবাকে কুফায় এবং জিয়াদ বিন আবিহকে বসরায় নিয়োগ দেন। এই তিনজন সেরা রাজনৈতিক মেধা ছিলেন ঐতিহাসিকভাবে তা প্রমাণিত। খলিফা মুয়াবিয়া কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের লিখিত সংযোগ সাধনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এজন্য তিনি 'দিওয়ান আল খাতাম' নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর ফলে সরকারি হুকুমনামা ও চিঠি-পত্রাদির জালিয়াতি ও বিকৃতি রোধ করা সম্ভব হয় । খলিফা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ান আল খারাজ' নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করেন। প্রাদেশিক গভর্নররা প্রদেশের ব্যয় মিটিয়ে বাকি যে অর্থ পাঠাতেন, তা মূলত এ বিভাগেই এসে জমা হতো। মুসলিম শাসকদের মধ্যে খলিফা মুয়াবিয়াই প্রথম ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন। এটি সরকারের সংবাদ আদান-প্রদানের কাজ করত।

উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, খলিফা মুয়াবিয়া যেভাবেই শাসক হন না কেন, প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে তিনি ইতিহাসে একজন সফল শাসকের স্থান দখল করে আছেন।

প্রতিবছর ১০-ই মহররম তারিখে বিভিন্ন মুসলিম দেশে শোকমিছিল বের হয়। বাংলাদেশের পুরান ঢাকায় হোসনি দালান হতে সবচেয়ে বড় মিছিলটি বের হয় তারা বিভিন্ন শোকগাঁথা গায় এবং নিজেদের রক্তাক্ত করে । তারা ‘হায় হোসেন হায় হোসেন' বলে মাতম করে।
২. কারবালা কোন নদীর তীরে অবস্থিত ?
মাওয়ালি কারা ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের মিছিল যে ঘটনাকে কেন্দ্র করে হয়, সেই ঘটনা বা যুদ্ধের কারণগুলো লেখো ।
তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা করো ।
সমাধান ও উত্তর
(ক)
কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত।
(খ)

প্রাথমিক ইসলামি ইতিহাসে মাওয়ালি বলতে সাধারণত আরব গোত্রের আশ্রয় বা মিত্রতার সম্পর্কে যুক্ত অনারব মুসলমানদের বোঝানো হয়; শুধু অমুসলিম পরিবারে জন্ম বা নতুন ধর্মান্তরই একমাত্র পরিচয় নয়।

সাধারণত মাওয়ালিরা অনারব মুসলিম। নব্য মুসলিম হওয়ায় তাদের প্রতি উমাইয়া শাসকদের নীতি ছিল নেতিবাচক। এ জন্য তাদেরকে বৈষম্যমূলকভাবে খারাজ ও জিজিয়া কর দিতে হতো। একমাত্র ধার্মিক উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজ তাদের এ বৈষম্যমূলক জিজিয়া থেকে মুক্তি দেন; খারাজি জমির ভূমি কর স্বতন্ত্রভাবে বহাল ছিল ।

(গ)

উদ্দীপকের ঘটনা আমার পঠিত কারবালার ঘটনার কথা মনে করিয়ে দেয়।

কারবালার বিয়োগান্ত ঘটনা শুধু ইসলামের ইতিহাসে নয় বরং গোটা বিশ্বের ইতিহাসে একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা । ৬৮০ খ্রিষ্টাব্দের ১০ মহররম উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের শাসনামলে কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদের অধীন বাহিনী কারবালায় ইমাম হুসাইনকে হত্যা করে। কারবালার এ মর্মান্তিক ঘটনায় পূর্ববর্তী আলীপন্থী শিয়া পরিচয় আরও সুদৃঢ় হয় এবং তারা প্রতি বছর এ দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে। উদ্দীপকে এ ঘটনারই একটি দৃশ্যপট বর্ণিত হয়েছে ।

উদ্দীপকে বলা হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে তাজিয়া মিছিল বের হয়। এ মিছিলে কেউ শরীর থেকে রক্ত ঝরায়, কেউ নিজের শরীরে রক্তিম রং মিশিয়ে প্রকাশ করে শোকের বন্দনা। এছাড়া এই মিছিলে নানা প্রকাশ ভঙ্গির মাধ্যমে এক অতীত শোকাবহ ঘটনাকে স্মরণ করা হয়, যেটি হলো কারবালার মর্মান্তিক ঘটনা ৷ ৬৮০ খ্রিষ্টাব্দের ১০ মহররম ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং প্রথম ইয়াজিদের বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এটি ছিল একটি অসম যুদ্ধ। এ যুদ্ধে ইমাম হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাশিম প্রথমে শাহাদাতবরণ করেন । হুসাইন পিপাসার্ত শিশুপুত্র আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য অগ্রসর হলে আসগর তার কোলেই তীরবিদ্ধ হন। ফলে হুসাইন শেষবারের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইমাম হুসাইনের বিক্রমে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে পালাতে থাকে। কিন্তু অকস্মাৎ একটি তীর তার বক্ষে বিদীর্ণ হলে তিনি ধরাশায়ী হন। নিষ্ঠুর সীমার অর্ধমৃত হুসাইনের ঘাড়ের ওপর তরবারি চালিয়ে তার মস্তকটি বিচ্ছিন্ন করে। ঐতিহাসিক গিবন বলেন, “হুসাইনের মৃত্যুর বিয়োগান্ত দৃশ্য নিথর পাঠকের মধ্যে সহানুভূতির উদ্রেক করবে।' বেদনাদায়ক ও মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ফলে সমগ্র মুসলিম বিশ্ব শোকের ছায়ায় বিহ্বল হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে কারবালার বিয়োগান্ত ঘটনাই তুলে ধরা হয়েছে।

কারণ বিশ্লেষণের প্রস্তাবিত সংযোজন: ইয়াজিদের বংশানুক্রমিক উত্তরাধিকার ও তাঁর প্রতি আনুগত্যের প্রশ্নে হুসাইনের আপত্তি, কুফাবাসীর আমন্ত্রণ, পরে কুফায় সমর্থন দমিত হওয়া এবং পথে হুসাইনের দলকে আটকে দেওয়ার ফলে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

(ঘ)

উক্ত ঘটনা অর্থাৎ কারবালার ঘটনা ইসলামের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল— উক্তিটি যথার্থ।

কারবালার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ হত্যাকাণ্ড মুসলিম জাহানে রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। এ ঘটনা কেবল খিলাফতের ভাগ্যই নির্ধারণ করেনি। এটি খিলাফতের ধ্বংসের অনেক পরেও মুসলিম বিশ্বের ওপর স্থায়ী প্রভাব ফেলে ।

কারবালার হত্যাকাণ্ড ইসলামি জগতের সর্বত্র ত্রাসের শিহরণ জাগিয়ে তোলে। এই ঘটনা খিলাফত ও তার দীর্ঘকাল পরে মুসলিম সালতানাতের ভাগ্যলিপি নির্ধারণ করে। এ মর্মান্তিক ঘটনার পর উমাইয়া ও হাশেমি বিরোধ আরও তীব্র হয়। কারবালার হত্যাকাণ্ডের ফলে মুসলিম জগৎ শিয়া ও সুন্নি নামে দুটি বিবদমান দলে বিভক্ত হয়ে পড়ে। শিয়ারা উমাইয়া বিরোধী মতবাদ প্রচার করে। পি. কে. হিট্টি বলেন, 'হুসাইনের রক্ত তার পিতার রক্ত অপেক্ষাও বেশি করে শিয়া মতবাদ সৃষ্টিতে কার্যকর ছিল।' শিয়াদের মতে, মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর হযরত আলি মুসলিম জাহানের ন্যায়সংগত ইমাম। তারা খুলাফায়ে রাশেদিনের প্রথম তিনজন খলিফার খিলাফতকেও বৈধ বলে মানতে নারাজ। অন্যদিকে সুন্নিগণ খুলাফায়ে রাশেদিনের খিলাফতকে বৈধ মনে করেন। কিন্তু আলির বংশধরদের প্রতি উমাইয়াদের দুর্ব্যবহার সমর্থন করেন না। কারবালার এ হত্যাকাণ্ড শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ হত্যাকাণ্ড মুসলমানদের ঐক্যে ফাটল ধরায়। জাতীয় জীবনেও এটির বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে মুসলমান- মুসলমান ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব দানা বাধতে থাকে এবং এর ফলে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন তীব্র হয় ।

উপরের এ আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কারবালার হত্যাকাণ্ডের ফলে পরবর্তীতে বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হয় এবং ইসলামের ঐক্যে ফাটল সৃষ্টি হয় ।

সাবিনা তার ইতিহাস বই পড়ে জানতে পারলো যে 'X' নামক খলিফা ছিলেন একটি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি কঠোর হস্তে অভ্যন্তরীণ বিভিন্ন বিদ্রোহ দমন করেন। তিনি আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দান করেন। আরবি লিপির উৎকর্ষ সাধান, আরবি মুদ্রার প্রচলন এবং ডাক বিভাগের সংস্কার তার শাসনামলের অন্যতম উল্লেখযোগ্য দিক। তার পুত্রগণও পরবর্তীতে ঐ বংশের রাজা হন ।
৩. কোন উমাইয়া খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয় ?
‘কুব্বাত-উস-সাখরা' কী ? ব্যাখ্যা করো ।
উদ্দীপকের 'X' নামক খলিফার সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
তোমার পঠিত উক্ত খলিফা—উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা উক্তিটি মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
উমাইয়া খলিফা সুলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয় ।
(খ)

৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভটিই 'কুব্বাতুস সাখরা' বা (Dome of the Rock) নামে পরিচিত

একটি ঐতিহাসিক ব্যাখ্যায় মক্কায় ইবনে জুবায়েরের প্রভাবের মোকাবিলায় জেরুজালেমের মর্যাদা বৃদ্ধিকে এর নির্মাণের সঙ্গে যুক্ত করা হয়; তবে হজের বিকল্প তৈরি করাই একমাত্র নিশ্চিত উদ্দেশ্য ছিল বলা যায় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা ও মদিনায় আধিপত্য বিস্তার করে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তার বিদ্রোহ দমন, জেরুজালেমের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং মক্কা-মদিনার অধিবাসীদের হতাশ করার জন্য খলিফা আবদুল মালিক এটি নির্মাণ করেন । মহানবি (স) যে পাথরের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন সে পাথরকে কেন্দ্র করে 'Dome of the Rock' নির্মাণ করা হয়।

(গ)

উদ্দীপকের 'X' খলিফার সাথে আমার পঠিত উমাইয়া খলিফা আবদুল মালিকের মিল রয়েছে।

ইসলামের ইতিহাসে রাজেন্দ্র নামে পরিচিত খলিফা আবদুল মালিক সিংহাসনে আরোহণ করেই সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, বহিঃশত্রুর মোকাবিলার পাশাপাশি নিজ সাম্রাজ্যের উন্নয়নে নানা সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেন, যেমনটি উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও লক্ষ করা যায় ।

উদ্দীপকে দেখা যায়, 'X' নামক শাসক নির্বাচিত হয়েই প্রশাসনে নানা সংস্কার সাধন করেন। যা তাকে তার বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত করে। খলিফা আবদুল মালিকও একইভাবে ডাক বিভাগ সংস্কার, রাজস্ব সংস্কার, সরকারি অফিসে আরবি ভাষার প্রবর্তন, আরবি বর্ণমালার উন্নতি সাধন, আরবি মুদ্রার প্রচলন ও টাকশাল নির্মাণ করে শাসনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনয়ন করেন। তার সংস্কারমূলক কার্যাবলি সাম্রাজ্যকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের কার্যাবলি খলিফা আবদুল মালিকের সংস্কারমূলক কার্যাবলির কথাই মনে করিয়ে দেয়।

(ঘ)

উক্ত শাসক তথা খলিফা আবদুল মালিক ছিলেন উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা— পাঠ্যবইয়ের আলোকে বক্তব্যটি যৌক্তিক বলে আমি মনে করি।

বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হতে হলে শাসকের যেসব গুণাবলি থাকা বা কার্যক্রম বাস্তবায়ন করা দরকার খলিফা আবদুল মালিকের মধ্যে তা সর্বতোভাবে বিদ্যমান। সিংহাসনে আরোহণ করে তিনি শাসনব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তি দান করেন। তাই মুয়াবিয়া উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেও খলিফা আবদুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।

খলিফা আবদুল মালিক সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে অত্যন্ত দক্ষতার সাথে অভ্যন্তরীণ গোলযোগ, বিদ্রোহ দমন করেন। সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন । অধ্যাপক পি. কে. হিট্টি বলেন, আবদুল মালিকের রাজত্বকাল উমাইয়া বংশের গৌরবময় যুগ। শাসন ব্যবস্থাকে আরবীয়করণ আবদুল মালিকের সর্বপ্রধান কৃতিত্ব। তিনি আরবিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করেন। আবদুল মালিক রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পূর্ণ আরবীয়করণ নীতির প্রবর্তন করে আরবদের মৌলিক প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করেন। সংস্কারমূলক কার্যাবলি তার প্রতিভার পরিচয় তুলে ধরে এবং দেশে সমৃদ্ধি আনয়ন করে। একজন উদ্যমশীল, প্রতিভাবান ও দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে খলিফা আবদুল মালিককে বিশেষায়িত করলে অত্যুক্তি হবে না। তাছাড়া তিনি যে শিল্পীমনের অধিকারী ছিলেন তার প্রমাণ মেলে 'কুব্বাতুস সাখরা' নির্মাণের মধ্য দিয়ে।

পরিশেষে বলা যায় যে, আবদুল মালিক তার কার্যাবলির দ্বারা উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাতিলাভ করেন। কারণ উমাইয়া বংশের পরবর্তী শাসকগণ তার দেখানো পদ্ধতিতেই সাম্রাজ্য পরিচালনা করেছেন।

'ইসলামি রাষ্ট্রের সম্প্রসারণে খলিফাদের অবদান' শীর্ষক সেমিনারে একজন বক্তা বলেন— খলিফা হযরত ওমর (রা)-এর পরে উমাইয়া খলিফা ‘ক' এর সময়ে মুসলিম সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয়। তিনি তার সুযোগ্য গভর্নরদের দ্বারা মধ্য এশিয়া, সিন্ধু, উত্তর আফ্রিকা ও স্পেন প্রভৃতি অঞ্চল জয় করতে সক্ষম হন। তিনি একজন দিগ্বিজয়ী আরব বীর হিসেবে খ্যাতি অর্জন করেন । সুশাসক ও জনহিতকর কাজের জন্যও 'ক' চিরস্মরণীয় হয়ে আছেন ।
৪. কোন খলিফা প্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন ?
“আরবদের নিরো” কে ছিলেন ব্যাখ্যা করো ।
উদ্দীপকের শাসক “ক” তোমার পঠিত কোন উমাইয়া খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা করো ।
তোমার পঠিত উক্ত খলিফার সময়ে সিন্ধু বিজয়ের ঘটনাটি পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
উমাইয়া খলিফা আবদুল মালিক প্রথম রাজকীয় টাকশাল নির্মাণ করেন।
(খ)
হাজ্জাজ বিন ইউসুফকে তাঁর কঠোর দমননীতি ও নিষ্ঠুরতার জন্য কিছু ইতিহাসগ্রন্থে আরবদের নিরো বলা হয়েছে। তিনি উমাইয়া আমলে হেজাজ ও পরে ইরাক-পূর্বাঞ্চলের শাসক ছিলেন। বিদ্রোহ দমন ও বিরোধীদের প্রতি কঠোর আচরণের তুলনাতেই রোমান সম্রাট নিরোর নাম ব্যবহার করা হয়। এটি একটি ঐতিহাসিক তুলনামূলক অভিধা।
(গ)

উদ্দীপকের শাসক ‘ক’ উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সাথে সাদৃশ্যপূর্ণ।

ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে আল ওয়ালিদ বিশিষ্ট স্থানের অধিকারী। খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ ৭১২ খ্রিষ্টাব্দে তাঁর অধীন সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধুতে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। আল ওয়ালিদের শাসনামলে উত্তর আফ্রিকার বার্বাররা বিদ্রোহ করে। ৭০৭ খ্রিষ্টাব্দে আল ওয়ালিদ মুসা ইবনে নুসায়েরকে শাসনকর্তা নিয়োগ করে বিদ্রোহ দমন ও রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করেন । উদ্দীপকেও এ দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে, খলিফা 'ক' এর শাসনামলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এ তিনটি মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্যের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই গৌরবময় শাসনের অধিকারী ছিলেন এবং তিনি উমাইয়া যুগের শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। উদ্দীপকে বর্ণিত খলিফা 'ক' আমার পঠিত উমাইয়া খলিফা আল ওয়ালিদ। যিনি এশিয়া মহাদেশের ভারতের সিন্ধু, ইউরোপ মহাদেশের স্পেন ও ভূমধ্যসাগরীয় রোমান শাসিত অঞ্চল এবং আফ্রিকার মরক্কো ও তানজিরসহ বিভিন্ন অঞ্চল জয় করেন। তিনি তার পিতার ন্যায় দক্ষ সেনাপতি না হলেও উদ্দীপকের ‘ক’ শাসক আল ওয়ালিদের ইঙ্গিত দেয়। তার সৌভাগ্য হয়েছিল দক্ষ সেনাপতির সাহায্যে সাম্রাজ্য বিস্তারের। সুতরাং বলা যায়, আল ওয়ালিদ ছিলেন উমাইয়াদের সর্বশ্রেষ্ঠ বিজেতা।

(ঘ)

খলিফা আল ওয়ালিদের সময় সিন্ধু বিজয়ের ঘটনাটি সুদুরপ্রসারী সুফল বয়ে এনেছিল ।

খলিফা আল-ওয়ালিদের সময় পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি সিন্ধু বিজয়ে অক্ষম হয়ে জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। মুহাম্মদ বিন কাসিম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বীরবিক্রমে সিন্ধু জয় করেন। এ বিজয় আরবের আর্থসামাজিক, ধর্মীয়, বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে ।

সিন্ধু বিজয় তাৎক্ষণিকভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তবে এ বিজয়ের পথ ধরেই গজনভি ও ঘুরিরা ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠায় সফল হন। সিন্ধু বিজয়ের সূত্র ধরে ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়েছিল। ধর্ম প্রচারক ও বণিকদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ভারতবর্ষে ইসলামের প্রসার ঘটেছিল 1 সিন্ধু অপেক্ষাকৃত অনুর্বর ছিল। তাই এখান থেকে সরাসরি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব ছিল না। তবে এ বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে আরবদের বাণিজ্যিক লেনদেনের পরিসর বৃদ্ধি পায়। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানরা হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে। এতে দু সম্প্রদায়ের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। আবার মুসলমানদের অনেকে বিজিত অঞ্চলে বসতি গড়ে এবং সেখানে নারীদের বিয়ে করে। এর ফলে সিন্ধুর লোকাচার ও সামাজিক রীতিনীতি আরবদের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে সিন্ধুবাসীর মধ্যেও অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। পরে আর্য ও সেমেটিক জাতির সংমিশ্রণে নতুন জাতির উদ্ভব ঘটে। প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল উন্নত সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। দর্শন, জ্যোতিবিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা, সংগীত, স্থাপত্যও চিত্রশিল্পে ভারতীয়দের বিশেষ পারদর্শিতা ছিল। সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় জ্ঞান-বিজ্ঞানের এসব শাখার সাথে আরব মুসলমানদের পরিচয় ঘটে এবং তা আরবীয় সভ্যতা ও সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করে।

উপরের আলোচনা থেকে বলা যায়, খলিফা আল-ওয়ালিদের সময়ে সিন্ধু বিজয়ের ফলে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক সুফল বয়ে আনে। এ বিজয়ের ফলেই ইন্দো-মুসলিম সভ্যতার গোড়াপত্তন হয়।

দিনাজপুর সরকারি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।