মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব উপদ্বীপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আরবের অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। মরু ও পার্বত্য অঞ্চল ছাড়াও আরব ভূখন্ডে উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান। এই ভৌগোলিক পরিবেশ আরবদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব বিস্তার করে।
১. ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে আরব মরু অঞ্চল কয় ভাগে বিভক্ত?
জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
আরব ভূখণ্ডের উর্বর তৃণভূমি অঞ্চল কোনগুলো? ব্যাখ্যা কর।
ভৌগোলিক পরিবেশ আরবদের জীবনযাত্রায় কী প্রভাব ফেলেছিল- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে আরব মরু অঞ্চল তিন ভাগে বিভক্ত।
(খ)
এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আরব উপদ্বীপ অবস্থিত।
এর তিনদিকে জল ও একদিকে স্থল। ত্রিভুজাকৃতির আরব দ্বীপটি তিন দিকে জলবেষ্টিত হওয়ায় একে জাজিরাতুল আরবও বলা হয়। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। আরব উপদ্বীপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গমস্থলে অবস্থিত।
(গ)

মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরব ভূখণ্ডে উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান। আরবের এ তৃণভূমি অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত।

যেমন- হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমান। হেজাজ পশ্চিম আরবে এবং নজদ মধ্য আরবে এবং ইয়েমেন, হাজরামাউত ও ওমান দক্ষিণ আরবে অবস্থিত। এ প্রদেশগুলোর মধ্যে আরবের পশ্চিমভাগে অবস্থিত হেজাজই হলো ইসলামের কেন্দ্রভূমি। ঐতিহাসিক সৈয়দ আমীর আলী হেজাজের পরিচয়ে বলেন, "হেজাজ একটি বিচ্ছিন্ন দেশ, বিশেষত মক্কার চতুর্দিকের ভূখণ্ডকেই হেজাজ বলে। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফের প্রাকৃতিক পরিবেশ এক নয়; মক্কা অনুর্বর উপত্যকায় অবস্থিত, আর মদিনার মরূদ্যান ও তায়েফে কৃষি উৎপাদনের সুযোগ রয়েছে। হেজাজের উপকূলবর্তী অঞ্চলগুলোও কৃষি উৎপাদনের উপযোগী হওয়ায় মানুষ ব্যাপকভাবে বসতি স্থাপন করেছে। ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এ প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর ও বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-খণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হয়ে থাকে। এর ফলে আরবের এ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। 'ইয়েমেন' শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। এছাড়া এ অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসায় বাণিজ্য, রকমারি পণ্যদ্রব্যের কেন্দ্রস্থল ও ধন-সম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে 'সুখী আরব-ভূমি' বা 'আরবদের সৌভাগ্য' বলা হতো।

(ঘ)

ভৌগোলিক পরিবেশ আরবদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

আরব উপদ্বীপের অধিবাসীদের জীবনযাত্রায় তাদের দেহ, মন ও চরিত্রে এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশের প্রভাব অপরিসীম। শুষ্ক আবহাওয়া, অনাবৃষ্টি, ভূমির লবণাক্ততা এ ধরনের অনুর্বরতার মতো প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সঙ্গে অহরহ সংগ্রাম করেই আরববাসীদের বেঁচে থাকতে হতো। এ অঞ্চলের অধিবাসীরা তাই একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসিক, দুর্ধর্ষ ও যোদ্ধা জাতিতে পরিণত হয়েছিল, অপ্রদিকে ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু, পরিশ্রমী, আনুগত্যশীল, অতিথিপরায়ণ, সংবেদনশীল ও সাহায্যকারী হিসেবেও গড়ে উঠেছে।আরববাসীদের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাবের যেসব বিষয় ফুটে উঠেছে সেগুলো হলো-

১. মরুভূমির প্রচণ্ড উত্তাপ, লু-হাওয়া, উত্তপ্ত বালুকারাশি, গাছপালাহীন রুদ্র পাহাড় শ্রেণি আরব অঞ্চলের লোকদের চরিত্রে কঠোরতা, বর্বরতা, নৃশংসতা এবং সাহসিকতার সমন্বয় ঘটিয়েছে।

২. নির্জন ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার প্রয়োজনে তাদেরকে স্বগোত্রীয়দের প্রতি সংবেদনশীল এবং গোত্রপতির প্রতি সহজাত আনুগত্যশীল করে গড়ে তুলেছে।

৩. অধিকাংশ এলাকা মরুময় হওয়ার কারণে মরু অঞ্চলে কৃষিকাজ সীমিত ছিল; তবে মরূদ্যান ও দক্ষিণের উর্বর এলাকায় কৃষি এবং বিভিন্ন অঞ্চলে পশুপালন ও বাণিজ্য প্রচলিত ছিল। কিছু গোত্রের মধ্যে লুটতরাজও দেখা যেত। আর স্বভাবতই প্রতিবেশী গোত্র ও শত্রুভাবাপন্ন গোত্র হতো এর শিকার।

উপরিউক্ত আলোচনায় বলা যায়, ভৌগোলিক পরিবেশ আরব উপদ্বীপের অধিবাসীদের জীবনযাপন পদ্ধতি, পোশাক-পরিচ্ছদ, আচার-ব্যবহার, রীতিনীতি, ধ্যানধারণা ও চরিত্রকে দারুণভাবে প্রভাবিত করেছে। প্রতিকূল পরিবেশ তাদেরকে দুর্ধর্ষ, কঠোর, হিংস্র ও যাযাবর জীবনযাপনে বাধ্য করেছে।

আধুনগর গ্রামের সগিরের সাথে প্রতিবেশী সকিনার বিয়ে হয়। চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। সাধারণ বিষয় নিয়ে প্রতিদিনই সকিনাকে মারধর করে সগির ও তার পরিবার। মসজিদের ইমাম সাহেব সগিরকে বললেন, "তোমার আচরণ সম্পূর্ণ ইসলামবিরোধী।"
২. আরবের অধিবাসী কয় শ্রেণিতে বিভক্ত?
আরব আল-মুস্তারিবা কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে সকিনার ঘটনা ইতিহাসের কোন যুগের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সর্বশেষে ইমাম সাহেবের উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
আরবের অধিবাসী ৩ শ্রেণিতে বিভক্ত।
(খ)
আরব-ই-মুস্তারিবা বলা হয় উত্তর আরবের অধিবাসীদের। এ জাতির প্রতিষ্ঠাতা হলেন হযরত ইবরাহিম (আ.)-এর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর বংশধর আদনান। আদনানের দুজন বংশধর ছিলেন- নিযার ও মুদার। এজন্য ইসমাইলীয় সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের নামানুসারে আদনানীয় বা নিযারীয় বা মুদারীয় নামে পরিচিত। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আরব-ই-মুস্তারিবার অন্তর্ভুক্ত।
(গ)
উদ্দীপকের সকিনার ঘটনা ইতিহাসের জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।
উদ্দীপকের আধুনগর গ্রামের সগিরের সাথে প্রতিবেশী সকিনার বিয়ে হয়। চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। অনুরূপ অবস্থা জাহেলিয়া যুগের সমাজের নারীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। জাহেলিয়া যুগের আরব সমাজে নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। তখন বিভিন্ন বিবাহপ্রথা প্রচলিত ছিল, যেগুলোর কিছুতে নারীর অধিকার ক্ষুণ্ণ হতো। তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর নিকট হতে অনুমতি নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে বিবাহ, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলিত ছিল। নারী পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বিক্রয় হতো। মৃত স্বামী ও পিতার অথবা কোনো আত্মীয়ের সম্পদে তাদের কোনো অংশ ছিল না। এছাড়া বিবাহ বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে স্বেচ্ছাচারী পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। তারা অবৈধ প্রণয়ের মতো বিবেক বর্জিত কাজেও লিপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক মনে করে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কিতাবুল আঘানির মতে, এ জঘন্য প্রথা কায়েস বিন আসিম নামে জনৈক ব্যক্তি প্রবর্তন করেন। বহু পিতা দারিদ্র্যের ভয়ে কন্যাসন্তানকে হত্যা করত। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগে নারী জাতিকে এরূপ ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো। তাই উদ্দীপকের সকিনার প্রতি সগিরের আচরণের ঘটনা জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।
(ঘ)

উদ্দীপকের সর্বশেষে ইমাম সাহেবের উক্তিটি তথা সগিরের আচরণকে ইসলাম বিরোধী বলা সম্পূর্ণ যৌক্তিক। কেননা ইসলাম নারীদের প্রতি যে আচরণের কথা বলেছে তা সগিরের আচরণে ফুটে ওঠেনি।

জাহিলি সমাজে নারীরা অবহেলিত, লাঞ্ছিত ও ভোগের সামগ্রীর ন্যায় বিবেচিত হতো। সে সমাজে রাসুল (সা.) তাদেরকে সম্মানের সর্বোচ্চ আসনে স্থান দেন। তিনি কন্যা সন্তানকে হত্যা করতে নিষেধ করেন। এসব অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবিত্র কুরআনে বলা হয়েছে, "তুমি তোমার সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।"

বিদায় হজের ভাষণে মহানবি (সা.) বলেন, "হে বিশ্বাসিগণ! স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে। তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। তাদের তোমরা আল্লাহকে সাক্ষী রেখেই গ্রহণ করেছ।"
নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, "নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের। কিন্তু নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে।" (আল বাকারা: ২২৮)

তাই উদ্দীপকের সগির যে কর্মকান্ড করেছে তা ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কেননা চারটি কন্যা সন্তানের জন্ম হলেও পুত্রের আশায় আরেকটি বিয়ের উদ্যোগ নেয় সগির। সকিনা প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের স্টিমরোলার। সাধারণ বিষয় নিয়ে প্রতিদিনই সকিনাকে মারধর করে সগির ও তার পরিবার। যা ইসলামি রীতিনীতির পরিপন্থি। এমতাবস্থায় মসজিদের ইমাম সাহেব সগিরকে বললেন, “তোমার আচরণ সম্পূর্ণ ইসলামবিরোধী।" কেননা ইসলাম কন্যা সন্তান ও নারীদের প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছে। তাই ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।

মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর দীর্ঘদিন গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এরপর ৬১৩ খ্রিষ্টাব্দ থেকে যখন প্রকাশ্যে ধর্ম প্রচার শুরু করে তখন থেকে তাদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে অত্যাচারীদের হাত থেকে নিজেদের এবং ইসলামকে রক্ষার জন্য নিজের জন্মভূমি থেকে অন্য জায়গায় প্রস্থান করতে বা দেশ ত্যাগ করতে বাধ্য হন।
৩. হিজরত কী?
আনসার ও মুহাজির কারা? ব্যাখ্যা কর।
মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে কেন বেছে নিলেন? ব্যাখ্যা কর।
হিজরত ইসলাম ও মহানবি (সা.)- এর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা- কীভাবে?
সমাধান ও উত্তর
(ক)
হিজরত অর্থ দেশ ত্যাগ। তবে মহানবি (সা.) কর্তৃক ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় গমনকে হিজরত বলা হয়।
(খ)
মক্কা থেকে মদিনায় হিজরতকারীদের মুহাজির ও মদিনার সাহায্যকারীদের আনসার বলা হয়। মক্কার কুরাইশরা মহানবি (সা.) ও মুসলামনদের ওপর অমানুষিক অত্যাচার চালালে আল্লাহর নির্দেশে মহানবি (সা.) ও অনেক মুসলমান জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেন, যারা মুহাজির নামে পরিচিত। আর যেসব মদিনাবাসী মুসলামান হিজরতকারীদের নিজের খাদ্য, বাসস্থান, অর্থ দিয়ে সাহায্য করেন ইতিহাসে তারা আনসার নামে পরিচিত।
(গ)
মদিনার অনুকূল পরিবেশ ও আল্লাহর হিজরতের নির্দেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।
তৎকালীন মক্কা ও মদিনা শরিফের জলবায়ু, ভূপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, মক্কার চেয়ে মদিনার জমি ছিল উর্বর এবং তুলনামূলক উত্তম। মদিনার আবহাওয়া ছিল আরামদায়ক। আবহাওয়া রুক্ষতার কারণে মক্কানগরীর লোকজনের মন-মেজাজ ছিল রুক্ষ। পক্ষান্তরে, মদিনার লোকজন ছিল নরম স্বভাবের, দয়ালু ও পরোপকারী। সে কারণে মদিনার লোকজন হযরত মুহাম্মদ (স.)-কে মদিনায় যেতে আমন্ত্রণ জানান। মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসী ছিল তুলনামূলক ধর্মভীরু। তারা পূর্ববর্তী আসমানী কিতাব পড়ত এবং ধর্মবেত্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখত। মদিনার অনেকেই জানত যে, শেষ জামানায় একজন নবি ও রাসুল আসবেন এবং তাঁর আগমনের সময় নিকটবর্তী হয়েছে। এজন্য তারা সেই নবির উম্মত হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। মদিনায় আউস ও খাযরাজ গোত্র ছিল অত্যন্ত প্রভাবশালী। কিন্তু বহু বছর পূর্ব থেকে এ দুই গোত্রের মধ্যে গোত্রীয় কলহ লেগেছিল। উভয় গোত্র একজন নিরপেক্ষ, অসামান্য ব্যক্তিত্বসম্পন্ন নেতার অভাব অনুভব করত। লোকমুখে মদিনাবাসী হযরত মুহাম্মদ (স.)-এর বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, নিরপেক্ষতা ও আধ্যাত্মিকতার কথা জানতে পারে। ফলে উভয় গোত্র হযরত মুহাম্মদ (সা.)-কে মদিনায় হিজরত করতে দাওয়াত দেন। তাছাড়া মদিনার বনু নাজ্জারের সঙ্গে মহানবি (সা.)-এর পিতামহ আবদুল মুত্তালিবের মাতৃকুলের আত্মীয়তার সম্পর্ক ছিল।
অতএব, মদিনার অনুকূল পরিবেশের কারণে মহানবি (সা.) হিজরতের জন্য মদিনাকে বেছে নিলেন।
(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত মুসলমানদের হিজরতের ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা- যা যথার্থ ও যুক্তিযুক্ত।

মুসলমানদের মদিনায় হিজরতের ফলে তাদের ওপর পরিচালিত অত্যাচার ও নির্যাতনের অবসান হয়। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরাসহ মদিনাবাসীরা মুসলমানদের সাদরে গ্রহণ করলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং ইসলামের প্রসার ঘটে। মদিনায় হিজরতের ফলে মহানবি (সা.) নবগঠিত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং প্রধান বিচারপতি হন। যার ফলে মহানবি (সা.) ও মদিনার মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায়। দলে দলে মুসলমানগণ মদিনায় আগমন করলে মদিনায় ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি হয় এবং ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মক্কার অবহেলিত ইসলাম মদিনায় ব্যাপক মর্যাদা লাভকরে। ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয়। এ মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করেই পরিবর্তীতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম পরিপূর্ণ লাভ করে। এখন থেকে শক্তিশালী হয়েই মুহাম্মদ (সা.) তাঁর জন্মভূমি মক্কা দখল করে ইসলামের বিজয় নিশান উড়াতে সক্ষম হন। এভাবে হিজরতের ঘটনা ইতিহাসের মোড় পরিবর্তন করে দেয়।

পরিশেষে বলা যায়, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় শুরু হয় এবং অনুকূল পরিবেশ লাভ করে ইসলাম দ্রুতগতিতে ছড়িয়ে মদিনা ইসলামের রাষ্ট্রে পরিণত হয়।

মওলানা নূরুল ইসলাম সাহেবের সঙ্গে তার এলাকার বিধর্মী লোকদের মতানৈক্যকে কেন্দ্র করে তাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে তিনি শহরে চলে যান। সেখানে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। কয়েক বছর পর তিনি তার এলাকায় ফিরে আসতে চাইলে এলাকার বিধর্মী লোকেরা তার গতিরোধ করে দাঁড়ায়। ফলে তাদের সঙ্গে 'একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ধিমতে তিনি পরের বছর বিশাল গাড়িবহর নিয়ে জাতীয় নেতারূপে বীরদর্পে তার এলাকায় আসেন।
৪. খন্দক যুদ্ধ কখন সংঘটিত হয়?
উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যের প্রধান কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সন্ধির সাথে ইসলামের ইতিহাসের কোন সন্ধির মিল পাওয়া যায়? আলোচনা কর।
উদ্দীপকে যে সন্ধির নির্দেশনা পাওয়া যায়, তার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
খন্দক যুদ্ধ ৬২৭ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
(খ)
উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল নেতার আদেশ অমান্য করা। উহুদের যুদ্ধে মহানবি (সা.) ৫০ জনের তীরন্দাজ একটি দলকে আইনাইন পাহাড়ের মধ্যবর্তী গিরিপথে নিযুক্ত করেন। যুদ্ধের একপর্যায়ে কাফিররা পরাজিত হয়ে পলায়ন করতে থাকে। এমন সময় তীরন্দাজ দলটি তাদের অবস্থান ত্যাগ করে। ফলে কাফিররা পিছন থেকে পুনরায় আক্রমণ করে মুসলমানদের পরাজিত করে। তাই দেখা যায়, নেতার আদেশ অমান্য করে তারা যদি পাহাড় ত্যাগ না করত তাহলে মুসলমানরা পরাজিত হতো না।
(গ)
উদ্দীপকে বর্ণিত চুক্তির সাথে মহানবি (সা.)-এর গৃহীত হুদাইবিয়ার চুক্তির সাদৃশ্য রয়েছে।
মহানবি (সা.) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করে ইসলাম সুপ্রতিষ্ঠিত করার ৬ বছর পর উমরা হজ পালন ও মাতৃভূমি মক্কা পরিদর্শনের জন্য ৬২৮ খ্রিষ্টাব্দে ১৪০০ সাহাবি নিয়ে মক্কার দিকে রওয়ানা হন। কুরাইশ নেতারা এ সংবাদে ইকরামার নেতৃত্বে মুসলমানদের বাধা প্রদান করলে মহানবি (সা.) হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। অতঃপর বহু ঘটনা পরিক্রমা ও আলাপ আলোচনার পর মহানবি (সা.) কুরাইশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন যা ইতিহাসে হুদাইবিয়ার চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মাধ্যমে মদিনা ও মক্কার মধ্যে শান্তি স্থাপিত হয় এবং একে অপরের আক্রমণের হুমকি থেকে মুক্ত হয়। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (সা.)-কে রাষ্ট্রপ্রধান ও ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেয়। তাছাড়া এ চুক্তির মাধ্যমে মদিনা নিরাপত্তা লাভকরলে ইসলাম প্রচার ও প্রসারের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ সন্ধির গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। উদ্দীপকে মওলানা নূরুল ইসলাম সাহেব ও তাঁর এলাকার বিরোধীদের মধ্যে সম্পাদিত সন্ধির সাথে মহানবি (সা.)-এর হুদাইবিয়ার সন্ধির সাদৃশ্য লক্ষণীয়। কেননা এ চুক্তির মাধ্যমে যেমন দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং পরস্পর পরস্পরের আক্রমণের হুমকি থেকে নিরাপত্তা লাভ করে তেমনি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে শত্রুতার সাময়িক অবসান হয়ে শান্তি স্থাপিত হয়।
সুতরাং উদ্দীপকের মওলানা নূরুল ইসলাম সাহেবের সন্ধির সাথে ৬২৮ খ্রিষ্টাব্দে মক্কা ও মদিনার মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির সাদৃশ্য রয়েছে।
(ঘ)
উদ্দীপকের শান্তি চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ হুদাইবিয়ার চুক্তিকে পবিত্র কুরআনে মহাবিজয় বলে আখ্যায়িত করা হয়েছে- যা যথার্থ ও যুক্তিযুক্ত।
৬২৮ খ্রিষ্টাব্দে সম্পাদিত হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব সুদূরপ্রসারী। এ সন্ধির মাধ্যমেই মক্কার কুরাইশরা ইসলামকে ধর্ম এবং মহানবি (সা.) কে মুসলমানদের অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করে। হুদাইবিয়ার সন্ধির ফলে সমগ্র আরবের মানুষ 'মুসলমানদের সাথে মেলামেশার সুযোগ পেলে ইসলাম দ্রুত প্রসার লাভ করে। এ সন্ধির পরই দুজন বীরশ্রেষ্ঠ সেনাপতি আমর আল আস ও খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিক ইবনে হিশাম বলেন মুহাম্মদ (সা.) যেখানে ১৪০০ সাহাবি নিয়ে হুদাইবিয়া গিয়েছিলেন। সেখানে দুই বছর ১০ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন। হুদাইবিয়া থেকে ফিরে এসে মহানবি (সা.) পারস্যা, মিশর, আবিসিনিয়া, ইয়ামেন, ওমানসহ বিভিন্ন দেশের রাজাদের নিকট ইসলামের দাওয়াতপত্র প্রেরণ করে। ফলে ইসলামের পরিচিত বিশ্বময়তা লাভ করে। হযরত আবু বকর (রা.) বলেন, "হুদাইবিয়া সন্ধির ফলে আমরা যেরূপ জয়ী হয়েছিলাম, সেরূপ কখনই হয়নি।” সৈয়দ আমীর আলী বলেন, বিশ্বাসীদের গভীর আত্মসংযম ও সন্ধির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন ইসলামের শত্রুদের মনে গভীর রেখাপাত করে। তাই আল্লাহ এ সন্ধির গুরুত্ব ও তাৎপর্য এবং সুদূরপ্রসারী ফলাফল বর্ণনা করে পবিত্র কুরআনে একে ফাতহুম মুবিন বা মহাবিজয় বলে আখ্যায়িত করেছেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলাম প্রচার ও প্রসারে হুদাইবিয়ার সন্ধির কার্যকারিতায় একে মহাবিজয় বলে অভিহিত করা হয়েছে যা যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।