রাজশাহী কলেজ ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

রাজশাহী কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মুশফিক একটি অঞ্চলের প্রাচীন অধিবাসীদের নিয়ে কথা বলছিল। সে বলছিল ঐ অঞ্চলের অধিবাসীরা ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত। তাদের রাজ্যের শাসনব্যবস্থায় পুরোহিতদের প্রভাব ছিল খুবই বেশি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা ধর্মীয় বিশ্বাস দ্বারা পরিচালিত হতো। তাদের সামাজিক জীবনে শ্রেণিভেদ প্রথা বিদ্যমান ছিল। তথাপি বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও দক্ষতার গুণে ব্যক্তিবিশেষের সামাজিক মর্যাদা বদলে দিত। বিষয়টি মুশফিকের খুব পছন্দ হলো।
১. সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কী বলা হয়?
হিব্রুদের দুটি সাহিত্যকর্মের নাম লিখ।
উদ্দীপকে নির্দেশিত জাতীয় সমাজব্যবস্থা তাদের শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা বিধান করেছে। বিশ্লেষণ কর।
মুশফিকের বর্ণনাকৃত জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই কী ধরনের চিন্তা-চেতনা পরিস্ফুট হয়ে ওঠে? আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
সুমেরীয়দের ধর্ম মন্দিরকে জিগুরাত বলা হয়।
(খ)
প্রাচীন হিব্রু সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করেই এ সময়কার সাহিত্য বিকশিত হয়েছিল। ওল্ড টেস্টামেন্টে ইহুদি রাজতন্ত্রের ঘটনা, মহাকাব্যের বিভিন্ন দিক, বিচারকর্তা ও শাসনের নাটকীয় কাহিনি, মহিলাদের অবস্থান ও চরিত্র ফুটেয়ে তোলা হয়েছে। এছাড়া 'জবের পুস্তক' (The Book of Job) রাজা ডেভিডের 'সালমসের পুস্তক' (The Book of Psalms) তাদের অন্যতম সাহিত্যিক নিদর্শন।
(গ)
উদ্দীপকে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে। তাদের সমাজে শ্রেণিভেদ থাকলেও তারা বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও দক্ষতা দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারত। যার ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। তাছাড়া ধর্মীয় বিশ্বাসের ব্যাপক প্রভাবের কারণে তাদের সমাজ ব্যবস্থায় পাপের ভয়ে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। এ সমাজে একজন নিম্নশ্রেণির ব্যক্তিও কর্মদ্বারা সমাজের মর্যাদার আসনে আসীন হতে পারতো। প্রাচীন মিসরের সমাজব্যবস্থা মূলত পুরুষপ্রধান হলেও নারীরা সম্পত্তিসহ কিছু গুরুত্বপূর্ণ আইনগত অধিকার ভোগ করতেন। সমাজে নারীরা সম্পত্তির অধিকারসহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্তও পাওয়া যায়। তারপরও মিসরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুথমোসের মেয়ে হাটশিপুট (Hatsheput) বা হাটাসু (Hatasu) প্রায় ১৪৭৯-১৪৫৮ খ্রিষ্টপূর্বাব্দে মিসরের অন্যতম প্রসিদ্ধ নারী ফারাও হিসেবে শাসন করেন। তাঁর পূর্বেও নারী শাসকের দৃষ্টান্ত ছিল। মিসরের সমাজ তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- ১. ফারাও, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত ও ভূস্বামীরা উচ্চশ্রেণি; ২. বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীরা মধ্যমশ্রেণি এবং ৩. ভূমিদাস, সেবাদাস ও ক্রীতদাসরা নিম্নশ্রেণির অন্তর্ভুক্ত ছিল। সমাজে শিক্ষাগ্রহণ করার সুযোগ এবং বিদ্যালয়গুলো ছিল অবৈতনিক।
অতএব বলা যায়, সর্বক্ষেত্রে ধর্মীয় প্রভাব ও কর্মের দ্বারা মর্যাদা নির্ধারণ মিসরীয় সমাজের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি স্থাপন করে।
(ঘ)
মুশফিকের বর্ণনাকৃত জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় চিন্তা-চেতনা পরিস্ফুট হয়ে ওঠে।
প্রাচীন মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে ধর্মচেতনা। মিশরীয়দের ধারণা ছিল সূর্যদেবতা 'রে' বা 'আমন রে' এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীলনদের দেবতা 'ওসিরিস' মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালনা করেন। মিশরীয় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় ধর্মের প্রভাব স্পষ্ট। সাহিত্য ও দর্শন গড়ে উঠেছিল ধর্মের আলোকে। রাষ্ট্র শাসন করা হতো ধর্মের বিধিবিধান দিয়ে। ধর্মমন্দিরে গড়ে ওঠা প্রশাসন নিয়ন্ত্রণ করত দেশের অর্থনীতি। মিসরীয় চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্যে প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায়, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে প্রাচীন মিসরীয়রা দেবতা মেনে পূজা করত। তারা বিশ্বাস করত, প্রকৃতিকে দেবদেবীরাই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। প্রাচীন মিসরীয়দের বিশ্বাস অনুসারে সূর্যের দেবতা 'রা' বা 'রে' দেব-দেবীদের রাজা। তিনি প্রধান দেবতা হিসেবে অন্য দেবতাদের নিয়ন্ত্রণ করেন। একসময় 'রা' বা 'রে' নামটি রূপান্তরিত হয়ে দাঁড়ায় 'আমন' বা 'আমন রে'-তে। 'রা' ছিলেন আলো ও জীবনের আধার। মিসরীয়দের আরও অনেক দেব-দেবী ছিল। এদের দুজন হলেন জীবন, মৃত্যু ও উর্বরতার দেবতা ওসিরিস এবং তার স্ত্রী আইসিস। প্রাচীন মিসরীয়রা সম্রাট বা ফারাওকে স্বার্গের প্রতিনিধি মনে করত এবং তাদের দেবতার মতোই সম্মান করত। মৃত্যুপরবর্তী জীবনে তাদের বিশ্বাস ছিল। মিসরীয়রা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করেছে, দেবতা ওসিরিসের সামনে সেগুলোর হিসাব হবে। এরপর পুণ্যবানকে সুখময় স্থানে এবং পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সূর্যদেবতা 'রা' তীব্র রশ্মি দিয়ে পাপীর দেহকে ঝলসে দেবেন।
তাই দেখা যায়, মিসরীয় সভ্যতার জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় চিন্তা-চেতনা প্রভাবিত ছিল।
দীল আফরোজ দীর্ঘদিন ধরে নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "এ সমাজই একটা সময় মনে করত কন্যাসন্তান জন্মদান অপমানজনক।" এ অবস্থার উত্তরণ, ঘটার মধ্য দিয়ে নারীরা আজ সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছে বলে তিনি মনে করেন।
২. জ্যাকোবের অপর নাম কী?
হিব্রুদের জাতিগত পরিচয় দাও।
উদ্দীপকে দীল আফরোজের বক্তব্যে কোন সমাজের নারীর অবস্থা ফুটে উঠেছে? ব‍্যাখ্যা কর।
উক্ত সমাজের সাথে বর্তমান সমাজের নারীর অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জ্যাকোবের অপর নাম ইসরাইল বা হযরত ইয়াকুব (আ.)।
(খ)
হিব্রু একটি সেমেটিক ভাষা। যারা হিব্রু ভাষায় কথা বলে তাদের হিব্রু জাতি বলে। শুরুতে হিব্রুরা প্যালেস্টাইন ও সিরিয়ায় প্রতিষ্ঠা লাভকরলেও তাদের আদি পুরুষ হযরত ইব্রাহিম (আ.)-এর নেতৃত্বে মেসোপটেমিয়ায় বসতি স্থাপন করেন পরে তাঁর পৌত্র জ্যাকোবের নেতৃত্বে সংগঠিত হয়। জ্যাকোবের অব্যবহিত পরে খ্রিষ্টপূর্ব ১৩৩০-১২৫০ অব্দে হযরত মুসা (আ.) হিব্রুদের পুনরায় সংঘবদ্ধ করেন এবং দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করে প্যালেস্টাইনে উন্নত সভ্যতার দ্বারোন্মচন করেন। হিব্রু শাসকদের মধ্যে ডেভিড (দাউদ আ.) ও তাঁর পুত্র সলোমন বা সুলাইমান (আ.) জেরুজালেম অধিকার করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
(গ)
উদ্দীপকে দীল আফরোজের বক্তব্যে আইয়ামে জাহেলিয়ার আরব সমাজের নারীর অবস্থা ফুটে উঠেছে।
জাহেলিয়া যুগের আরব সমাজে নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। তখন বিভিন্ন ধরনের বিবাহপ্রথা প্রচলিত ছিল, যেগুলোর কিছুতে নারীর অধিকার ক্ষুণ্ণ হতো। তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর নিকট হতে অনুমতি নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে বিবাহ, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলিত ছিল। নারী পণ্যদ্রব্যের ন্যায় হাটেবাজারে বিক্রয় হতো। মৃত স্বামী ও পিতার অথবা কোনো আত্মীয়ের সম্পদে তাদের কোনো অংশ ছিল না। এছাড়া বিবাহ বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে স্বেচ্ছাচারী পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। তারা অবৈধ প্রণয়ের মতো বিবেক বর্জিত কাজেও লিপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক বিধায় তাদেরকে জীবন্ত। কবর দেওয়া হতো। কিতাবুল আঘাজির মতে, এ জঘন্য প্রথা কায়েস-বিন-আসিম নামে জনৈক ব্যক্তি প্রবর্তন করেন। বহু পিতা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করত। এসব অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবিত্র কুরআনে বলা হয়েছে, "তুমি তোমার সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।” [আল কুরআন (১৭:৩১)।
অতএব, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগে নারী জাতিকে এরূপ ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো।
(ঘ)
ইসলাম-পূর্ব যুগের নারীর অবস্থা আর বর্তমান সমাজে নারীর। অবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
আইয়ামে জাহিলিয়া যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু বর্তমান যুগে তা হয় না বরং কন্যা সন্তান জন্মকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। সে যুগে নারীরা পণ্যদ্রব্যের মতো বাজারে বিক্রয় হতো কিন্তু বর্তমানে নারীর একটা সামাজিক মর্যাদা রয়েছে। সে সময়ে নারীরা ছিল ভোগের সামগ্রী কিন্তু বর্তমান যুগে নারীর সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে। তৎকালীন পিতা, স্বামী বা নিকটাত্মীয়ের সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। কিন্তু বর্তমান সমাজে পিতা-স্বামী বা নিকটাত্মীয়ের সম্পত্তিতে নারীর অধিকার সুনির্দিষ্ট রয়েছে। সে যুগে নারীর কোনো মর্যাদা বা গুরুত্ব ছিল না কিন্তু বর্তমান যুগে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইয়ামে জাহিলিয়া যুগে বিমাতাকে পুত্রের সাথে বিবাহ দেওয়া হতো। আবার কখনো কখনো ভাইবোনের মধ্যেও বিবাহ অনুষ্ঠিত হতো। তৎকালীন যুগে মাতা, স্ত্রী ও কন্যা হিসেবে নারীর কোনো মর্যাদা ছিল না কিন্তু বর্তমান সমাজে মাতা, স্ত্রী ও কন্যা হিসেবে নারী জাতির মর্যাদা সুনির্দিষ্ট রয়েছে। সে সময়ে রাষ্ট্রীয় কোনো কাজে নারীরা অংশগ্রহণ করতে পারত না কিন্তু বর্তমান সমাজে নারীরা রাষ্ট্রীয় যেকোনো পদে অধিষ্ঠিত হতে পারে।
পরিশেষে বলা যায়, আইয়ামে জাহিলিয়া যুগের নারী সমাজ আর বর্তমান যুগের নারী সমাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মহিলা পরিষদের অনুষ্ঠানে জাতিসংঘের মহিলাবিষয়ক সম্পাদক ক্রিস্টিন, মেডোনা অধিকার রক্ষায় নারী আন্দোলনের কার্যকর ভূমিকার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে অনেকগুলো স্ত্রী রাখতে পারত। তারা 'জোর যার মুল্লুক তার' নীতিতে বিশ্বাসী ছিল।
৩. ইয়েমেন শব্দের অর্থ কী?
উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রাক-ইসলামি আরবের নারীদের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
'জোর যার মুল্লুক তার' উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ইয়েমেন' শব্দের অর্থ সুখী।
(খ)
আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছিল আরবের যাযাবরদের ধাত্রীসম আর যাতায়াতের একমাত্র বাহন ও আদান-প্রদানের মাধ্যম। অর্থাৎ আরবে নৌ-চলাচলের উপযোগী কোনো নদনদী না থাকায় ব্যবসায় বাণিজ্যের প্রধান বাহন ছিল উট। তাই উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয়।
(গ)
উদ্দীপকে প্রাক-ইসলামি আরবের অধিকার বঞ্চিত নারীদের করুণ চিত্র ফুটে উঠেছে।
উদ্দীপকটি পাঠে আমরা জানতে পারি, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে অনেকগুলো স্ত্রী রাখতে পারত। ভারতীয় উপমহাদেশের এ সামাজিক চিত্রের সাথে প্রাক-ইসলামি আরবের নারীদের সামাজিক অবস্থানের সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামি তথা জাহিলি যুগে নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীরা ভোগবিলাসের সামগ্রী হিসেবে বিবেচিত হতো এবং তাদেরকে বাজারের পণ্যদ্রব্যের ন্যায় বেচাকেনা করা হতো। এ প্রসঙ্গে ঐতিহাসিক খোদাবক্স বলেন, "যুদ্ধ, নারী এবং মদ- এ তিনটি বস্তু আরবদের মজ্জাগত বিষয় ছিল।” তৎকালে আরবের পুরুষরা নারীদের সাথে গৃহপালিত পশুর মতো আচরণ করত এবং যখন খুশি স্ত্রীকে তালাক দিতে পারত। শুধু তাই নয়, সে সময়ে সবচেয়ে ঘৃণ্য প্রথা ছিল- তারা নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কন্যা সন্তানের জন্মকে তারা অভিশাপ ও লজ্জাজনক মনে করত। এছাড়া কোনো কোনো দুর্বল গোত্র সবল গোত্র কর্তৃক পরাজিত হয়ে লুণ্ঠিত হওয়ার ভয়ে নিজ কন্যাকে ভবিষ্যৎ অপমানের হাত হতে রক্ষার জন্য জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করত না।
অতএব বলা যায়, উদ্দীপকের ভারতীয় উপমহাদেশের নারীদের চিত্রটি প্রাক-ইসলামি আরবের নারীদের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
(ঘ)
প্রশ্নে উল্লিখিত "জোর যার মুলুক তার"- উক্তিটির সাথে আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক অবস্থার মিল রয়েছে।
প্রাক-ইসলামি যুগে আরবদের মধ্যে রাজনৈতিক ঐক্য বলতে কিছুই 'ছিল না। 'রাজনৈতিকভাবে গোটা আরব ছিল শতধাবিভক্ত। অত্যন্ত নৈরাজ্যকর ও বিশৃঙ্খলাপূর্ণ আরব উপদ্বীপে কেন্দ্রীয় শাসন বলতে কিছুই ছিল না। সমগ্র উপদ্বীপে গোত্রভিত্তিক শাসন বিদ্যমান ছিল। গোত্রের বিদ্বেষ তাদের রাজনৈতিক জীবনকে দুর্বিষহ করে তোলে। ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন, "আরবদের ধর্মীয় এবং রাজনৈতিক জীবন সম্পূর্ণরূপে আদিম অবস্থায় ছিল।” তবে নিজ গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল অপরিসীম এবং গোত্রভিত্তিক সমাজব্যবস্থার ফলে গোত্রের প্রধান ছিল সর্বেসর্বা। গোত্রের প্রধানকে 'শেখ' বলা হতো। শেখদের মর্জির ওপর শান্তি-শৃঙ্খলা নির্ভর করত। শেখদের স্বেচ্ছাচারিতার জন্য গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলত। গোত্রের প্রধানের ইচ্ছায় অন্যান্য সদস্যের জীবন পরিচালিত হতো। নীতিবোধ ও সুস্থ জীবনযাত্রা সম্বন্ধে প্রাক-ইসলামি যুগের আরবদের কোনো ধারণা ছিল না। ফলে দেশে কোনো বিধিবদ্ধ আইন না থাকায় 'জোর যার মুলুক তার' বা 'শক্তিই আইন'- এ নীতি সর্বত্র প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত (Blood for Blood), চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত নীতিতে তারা বিশ্বাসী ছিল।
পরিশেষে বলা যায়, আলোচ্য উদ্দীপকে জাতিসংঘের মহিলা বিষয়ক সম্পাদক ক্রিস্টিন মেডোনা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যে মন্তব্য করেন তা আমার পাঠ্যপুস্তকের প্রাক-ইসলামি যুগের রাজনৈতিক অরাজক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ।
রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মঞ্জুরুল কাদের দ্বাদশ ক্লাসে একদিন একজন সংস্কারকের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, 'বাল্যকাল থেকেই তিনি অসহায় দুস্থ আর্তপীড়িত, দরিদ্র ও এতিমদের উপর ধনীদের জুলুম, অত্যাচার ও নিপীড়নের অবসানকল্পে প্রায়ই চিন্তামগ্ন থাকতেন।' এজন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করেন। এটি বিশ্বের ইতিহাসে প্রথম মানবকল্যাণ সংঘ, যা ৫৯০ খ্রিষ্টাব্দে গঠিত হয়ে প্রায় ৫০ বছরকাল স্থায়ী ছিল।
৪. হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক গঠিত সংগঠনটির নাম কী ছিল?
সেবা সংঘ/হিলফুল ফুজুল বলতে কী বোঝ?
উদ্দীপকে বর্ণিত সংঘ গড়ে তোলার উদ্দেশ্য তোমার পঠিত বইয়ের আলোকে বর্ণনা কর।
বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচারের নিরসনকল্পে উক্ত সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
হযরত মুহাম্মদ (স) কর্তৃক গঠিত সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল।
(খ)
হিলফুল ফুজুল বা সেবা সংঘ রাসুল (সা.) কর্তৃক ৫৯০ সালে গঠিত একটি শান্তি সংঘের নাম।
প্রতিবছর জিলহজ মাসে আরবে বিখ্যাত উকাজ মেলা অনুষ্ঠিত হতো।
এ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যা ইতিহাসে 'হরবুল ফুজ্জার' নামে পরিচিত। রাসুল (সা.) বাল্যকালে এ যুদ্ধের তাণ্ডবলীলা প্রত্যক্ষ করেন। এতে তাঁর কচিমন কেঁদে ওঠে। মানবতার এ অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ বন্ধের জন্য কনিষ্ঠ পিতৃব্য জুবাইর ও অন্যান্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তিনি একটি শান্তি কমিটি গঠন করেন।
এ সেবা সংঘ ইসলামের ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে প্রসিদ্ধ।
(গ)

উদ্দীপকে বর্ণিত সংঘের সাথে আমার পাঠ্যবইয়ের হিলফুল ফুজুল গঠনের মিল রয়েছে। মূলত সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অত্যাচার বন্ধের উদ্দেশ্যে এ সংঘ গঠন করা হয়।
প্রতিবছর জিলহজ মাসে আরবে উকাজ মেলা বসত। এ মেলায় ঘোড়দৌড়কে কেন্দ্র করে কুরাইশ ও বনু কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ যুদ্ধ হারবুল ফুজ্জার নামে পরিচিত। মহানবি (সা.) এ যুদ্ধের ভয়াবহতা ও নারী-শিশুদের করুণ পরিণতি প্রত্যক্ষ করে অত্যন্ত ব্যথিত হন। ৫ বছর ধরে চলা এ যুদ্ধের বীভৎসলীলা দেখে কিশোর মুহাম্মদ বিচলিত হন এবং আরববাসীকে এ রকম ভয়াবহতা থেকে রক্ষার পথ খুঁজতে থাকেন। অতঃপর তিনি একটি শান্তিসংঘ গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং ৫৯০ খ্রিস্টাব্দে সমমনা নিঃস্বার্থ কিছু উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তিসংঘ গঠন করেন। এ সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল, ফাজেল, ফাজায়েল ও মুফাজজলের নাম অনুসারে এ সংঘের নাম রাখা হয় হিলফুল ফুজুল। এ শান্তিসংঘ ৫০ বছর স্থায়ী হয়েছিল। হিলফুল ফুজুল গঠনের উদ্দেশ্য ছিল-
১. অসহায়, নিঃস্ব ও দুর্গতদের সেবা প্রদান।
২. যথাসাধ্য চেষ্টা করে অত্যাচারীকে বাধা দান এবং অত্যাচারিতকে সাহায্য করা।

৩. দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা যেন কোনো ব্যক্তি বা গোত্র শান্তিভঙ্গের কারণ না হতে পারে।
৪. বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখা।
৫. কোনো বিদ্রোহীকে মক্কায় আশ্রয় না দেওয়া।
৬. দুর্বল, এতিমদের সাহায্য করা।
৭. বিদেশি বণিকদের মক্কায় বাণিজ্যের সময় নিরাপত্তা প্রদান করা।
অতএব, হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল আর্তমানবতার সেবায় গৃহীত জনকল্যাণকর কার্যাবলি সম্পাদন ও অপরাধের অবসান ঘটানো।

(ঘ)
বর্তমান সমাজের প্রেক্ষাপটে নানারূপ অন্যায়, জুলুম ও অত্যাচারের নিরসনকল্পে উক্ত সংগঠন তথা হিলফুল ফুজুলের গুরুত্ব অপরিসীম।
চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করতে শান্তি-শৃঙ্খলার
লক্ষ্যে বর্তমান সমাজে হিলফুল ফুজুলের মতো শান্তিসংঘ অতীব গুরুত্বপূর্ণ। কেননা এ ধরনের সংগঠনের ফলে সমাজে হানাহানি কমবে, অত্যাচার কমবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। ৫৯০ খ্রিস্টাব্দে রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সংঘের মূল উদ্দেশ্য ছিল- ক. দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, খ. বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, গ. অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, ঘ. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা, ঙ. বিদেশি বণিকদের জান ও মালের নিরাপত্তা বিধান করা এবং চ. সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা। সৈয়দ আমীর আলী বলেন, "এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চার করেছিল এবং প্রথম বর্ষেই এটির হস্তক্ষেপে ভীতি প্রদর্শন বন্ধ, বলশালীর আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং সহায়হীনের প্রতি অন্যায়ের প্রতিকার বিধানে অগ্রগতি সাধিত হয়েছিল।" তাই বর্তমান সমাজে প্রচলিত জুয়া, মাদক, অন্যায়-অত্যাচার চাঁদাবাজি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হিলফুল ফুজুলের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। যুবকরা এগিয়ে এসে এরকম সংঘ গঠন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

রাজশাহী কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।