সিলেট সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

সিলেট সরকারি কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মোহনপুর এলাকার অধিবাসীদের মধ্যে সবসময় হানাহানি, সংঘাত লেগেই থাকে। প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাচিত মেম্বার রয়েছে। নিজ ওয়ার্ডে না হলেও ফসল কাটা, মাছ ধরা, পশুপালন ইত্যাদি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আন্তঃকলহ লেগেই থাকে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা নারীদের। পুরুষরা তাদের অভিশাপ ও বোঝা মনে করে ।
১. ইয়েমেন শব্দের অর্থ কী ?
হানিফ কারা ? ব্যাখ্যা করো
উদ্দীপকের ওয়ার্ড ব্যবস্থার সাথে প্রাচীন আরবের কোন প্রথার মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
‘ইয়েমেন' শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান ।
(খ)

ইসলাম-পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদে বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায় ।

জাহেলি যুগে আরব সমাজে মুষ্টিমেয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবীর পূজা থেকে বিরত থাকত। এদের সংখ্যা ছিল খুব কম। শুধু মূর্তিপূজা নয়, এরা তৎকালীন আরবের অন্যায়-অত্যাচার কুসংস্কার, অনৈতিক জীবনযাপনের ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইবরাহিম (আ)-এর প্রচারিত তাওহিদের অনুসারী ছিল। জাহেলি যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল।

(গ)

উদ্দীপকের ওয়ার্ড ব্যবস্থার সাথে প্রাক-ইসলামি আরবের গোত্র প্রথার মিল রয়েছে।

প্রাক-ইসলামি যুগে আরব উপদ্বীপে গোত্রভিত্তিক শাসনব্যবস্থা প্রচলিত ছিল। কেন্দ্রীয় শাসন অনুপস্থিত থাকায় তৎকালীন আরবের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নৈরাজ্যজনক ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল। উদ্দীপকের ওয়ার্ড ব্যবস্থায়ও অনুরূপ পরিস্থিতি দেখা যায় ।

উদ্দীপকের মোহনপুর এলাকার অধিবাসীদের মধ্যেও সবসময় হানাহানি লেগে থাকে। এখানে ওয়ার্ড ব্যবস্থা বিদ্যমান এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাচিত মেম্বারও রয়েছেন। তাই এখানে নিজ ওয়ার্ডের মধ্যে দ্বন্দ্ব হয় না। কিন্তু ফসল কাটা, মাছ ধরা প্রভৃতি ক্ষুদ্র বিষয় নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আন্তঃকলহ লেগেই থাকে। আরবদের গোত্রীয় ব্যবস্থায়ও প্রত্যেক গোত্রের মধ্য থেকে একজন করে দলপতি নির্বাচন করা হতো। একই গোত্রের লোকদের মধ্যে পারস্পরিক মিল ছিল। গোত্রের সদস্যরা শেখ বা গোত্রপ্রধানের প্রতি আনুগত্য প্রদর্শন করলেও তারা ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিতে রাজি ছিল না। তাই অনেক সময় গোত্রের মধ্যেও অশান্তি বিরাজ করত। এছাড়া ভিন্ন গোত্রের লোকদের মধ্যে পারস্পরিক শত্রুতা লেগেই থাকত। পানির নহর, গবাদি পশু, তৃণভূমি দখল, ঘোড়দৌড়ের মতো সামান্য ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো । তাদের গোত্রপ্রধান থাকলেও কেন্দ্রীয় কোনো শাসন না থাকায় এসব গোত্রকলহ বন্ধ করা অসম্ভব হয়ে পড়েছিল । সুতরাং বলা যায়, উদ্দীপকের ওয়ার্ড ব্যবস্থা প্রাক- ইসলামি আরবের গোত্রপ্রথারই প্রতিরূপ ।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত মোহনপুরের নারীদের অবস্থার মতো প্রাক-ইসলামি আরবের নারীদের অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয়

প্রাক-ইসলামি যুগে আরবের নারীদের সামাজিক মর্যাদা বলে কিছু ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল পুরুষের অধীনে। সাধারণভাবে নারীরা ছিল সব ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং নির্যাতিত। তাই তাদেরকে ইচ্ছামতো ব্যবহার করাই ছিল তৎকালীন ভোগবিলাসী পুরুষের কাজ। এসব কারণে নারীদের অবস্থান অত্যন্ত শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মোহনপুরের নারীরাও পুরুষদের অবজ্ঞা ও অধিকারবঞ্চনার কারণে অনুরূপ অবস্থানে রয়েছে।

উদ্দীপকে বর্ণিত মোহনপুরের নারীদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। উদ্দীপকে বলা হয়েছে, পুরুষরা নারীদের অভিশাপ ও বোঝা মনে করে। তাদেরকে কোনো সামাজিক মর্যাদা দেওয়া হয় না । প্রাক-ইসলামি আরবেও নারীরা ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী। পুরুষেরা একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করত। কিন্তু তাদেরকে বৈবাহিক মর্যাদা দিত না। তখন বিমাতা, সহোদর ভগ্নিকেও বিবাহ করার মতো ঘৃণ্য প্রথা প্রচলিত ছিল। নারীরা পণ্যদ্রব্যের মতো হাটে-বাজারে বিক্রি হতো। অনেক পিতা দারিদ্র্য ও লজ্জার ভয়ে কন্যাসন্তানকে জীবন্ত কবর দিত। কোনো কোনো গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত।

উপরের আলোচনায় স্পষ্ট হয় যে, মোহনপুরের নারী সমাজ এবং প্রাক- ইসলামি যুগের নারীদের অবস্থা ছিল অত্যন্ত মানবেতর ও দুর্বিষহ।

সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। নগরের ঘরবাড়ি, ড্রেনেজ ব্যবস্থার চিহ্ন দেখে অনুমান করা হয় এই সভ্যতার নাগরিকরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ-সমৃদ্ধ পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল।
২. হিলফুল ফুজুল অর্থ কী?
হায়ারোগ্লিফিক কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবন প্রণালির তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'হিলফুল ফুযুল' অর্থ শান্তিসংঘ।
(খ)

মিসরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত।

'হায়ারোগ্লিফিক' একটি গ্রিক শব্দ, যার অর্থ পবিত্র লিপি। 'হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে নানা প্রকার দ্রব্যের ছবি আঁকা থাকত। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে, “ফলক এবং কবরে মৃতের পরিচয়ের ফলক আকারে গায়ে খোদাই করা হতো। পরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে এ প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল । আর এসব চিত্রলিপিই হায়ারোগ্লিফিক নামে পরিচিত।

(গ)

উদ্দীপকের সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার মিল রয়েছে।

প্রকৃতির অপার দান নদ-নদীর বদৌলতে পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান ঘটেছে এবং বিকশিত হয়েছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব সভ্যতা কৃষিভিত্তিক নগর সভ্যতার মাধ্যমে উন্নত নাগরিক জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্দীপকে বর্ণিত সিন্ধু সভ্যতা এবং মিসরীয় সভ্যতা এ রকমই দুটি নদীকেন্দ্রিক সভ্যতার উদাহরণ।

সিন্ধুনদকে কেন্দ্র করে প্রাচীনকালে একটি সভ্যতা গড়ে উঠেছিল যেটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত। আর এটি ছিল কৃষিভিত্তিক নগর সভ্যতা। অনুরূপভাবে মিসরের নীল নদকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হিসেবে মিসরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। মিসরীয়রা নীল নদের পানিকে সেচের জন্য ব্যবহার করে কৃষিতে ব্যাপক অগ্রগতি সাধন করে। মিসরীয় সভ্যতার সূচনাকারীরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন ও পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলে বসতি গড়ে তোলে। কৃষিকে কেন্দ্র করে তারা ধীরে ধীরে সেচ ব্যবস্থায় বাঁধ নির্মাণ কৌশল উদ্ভাবন করে। তাছাড়া বন্যায় নীল নদের উভয় তীর প্লাবিত হয়ে পলি মাটিতে ভরে যেত, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ছিল। এভাবে মিসরীয়রা কৃষির ব্যাপক অগ্রগতির মাধ্যমে একটি কৃষিভিত্তিক নগর সভ্যতা গড়ে তোলে। তাই বলা যায়, নদীকেন্দ্রিক ও কৃষিভিত্তিক সভ্যতা হিসেবে সিন্ধু ও মিসরীয় সভ্যতা পরস্পর সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

উদ্দীপকের জনগোষ্ঠীর সাথে প্রাচীন মিসরীয়দের জীবন প্রণালীর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়।

মিসরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাসমূহের অন্যতম। নীলনদকে কেন্দ্র করে এবং কৃষির ওপর ভিত্তি করে এ সভ্যতা গড়ে উঠেছিল, যেমনটি সিন্ধু সভ্যতার ক্ষেত্রেও দেখা যায়। বিশ্বাসের দিক দিয়ে মিসরীয়রা প্রাকৃতিক শক্তিকে দেবতা বলে পূজা করত। সূর্য ছিল তাদের প্রধান দেবতা। এছাড়া তারা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। কিন্তু সিন্ধু সভ্যতায় মানুষের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে মিসরীয় সভ্যতার বিপরীত চিত্র চোখে পড়ে।

উদ্দীপকে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা প্রাচীন সিন্ধু সভ্যতার কথা বলা হয়েছে। এটি ছিল একটি কৃষিভিত্তিক নগর সভ্যতা। অনুরূপভাবে প্রাচীন মিসরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠেছিল। মিসরীয় সভ্যতার সূচনাকারীরা পানির প্রাপ্যতা, কৃষির উৎপাদন ও পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয় চিন্তা করে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করে। এভাবে তারা একটি কৃষিভিত্তিক সভ্যতার গোড়াপত্তন করে যা সিন্ধু সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে আরও বলা হয়েছে যে, সিন্ধু সভ্যতার লোকেরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। পার্থিব জীবনের সুখ-শান্তি তাদের আরাধ্য ছিল। অপরদিকে প্রাচীন মিসরীয়রা পারলৌকিক জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখত । তারা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আবার আত্মা ফিরে আসে। পৃথিবীতে তারা যে পাপ বা পুণ্য করছে দেবতা ওসিরিসের সামনে এর জবাবদিহি করতে হবে। এ সময় কৃতকর্মের বিচারের মাধ্যমে পুণ্যবানকে সুখময় স্থানে এবং পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সূর্য দেবতা ‘রে’ তীব্র রশ্মি দিয়ে পাপীর দেহ ঝলসে দেবেন। মিসরীয়দের এরূপ ধর্মীয় বিশ্বাস সিন্ধু সভ্যতার লোকদের ধর্মীয় বিশ্বাসের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।

উপরের আলোচনা থেকে বলা যায়, নদীকেন্দ্রিকতা এবং কৃষির দিক দিয়ে সিন্ধু সভ্যতা ও মিসরীয় সভ্যতা পরস্পর সাদৃশ্যপূর্ণ হলেও ধর্মীয় ক্ষেত্রে এ দুই সভ্যতার মানুষের বিশ্বাস পুরোপুরি ভিন্ন।

ভাষা আন্দোলনের সংগ্রামকে ধারণ করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমিতে বইমেলা অনুষ্ঠিত হয়। বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনাসভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
৩. ‘জাজিরাতুল আরব' অর্থ কী ?
উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে প্রাচীন আরবের কোন মেলার মিল রয়েছে ? ব্যাখ্যা করো।
“উক্ত মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলা” – বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
‘জাজিরাতুল আরব' অর্থ আরব উপদ্বীপ ।
(খ)

মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়।

আরবের অধিকাংশ অঞ্চলই মরুময়। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের অন্যতম উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করতো। এ কারণে উটকে মরুভূমির জাহাজ' বলা হয়।

(গ)

উদ্দীপকের সাথে প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উল্লেখযোগ্য বিষয় উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতার মিল পাওয়া যায়।

প্রাক-ইসলামি আরবদের জীবনের বিভিন্ন দিক সমুজ্জ্বল না হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্যের একটি বিশেষ দিক হলো উকাজ মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতা । আরবদের সাংস্কৃতিক জীবনে এ মেলা ছিল বিশেষ তাৎপর্যবহ। উদ্দীপকে এ মেলারই প্রতিফলন লক্ষ করা যায়।

উদ্দীপকে অমর একুশে বইমেলার কথা বলা হয়েছে। এ মেলায় বই প্রকাশনা ও বিক্রয় ছাড়াও আলোচনাসভা, কবিতা পাঠ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাক-ইসলামি আরব সংস্কৃতিতেও এ বিষয়গুলো চোখে পড়ে। তৎকালীন আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল বাগ্মিতা। তাদের ভাষাজ্ঞান ছিল উন্নত। নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সবাই কবিতাচর্চা ও বাগ্মিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে। এ সময় মক্কার কাছাকাছি উকাজের বার্ষিক মেলায় তাদের রচিত কবিতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ প্রতিযোগিতায় নির্বাচিত সাতটি কবিতা পুরস্কৃত করা হতো। এ কবিতাগুলো সোনালি হরফে লিপিবদ্ধ করে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কারণে এ কবিতাগুলোকে সাবায়ে-মুয়াল্লাকাত বা সাতটি ঝুলন্ত কবিতা বলা হতো। সুতরাং বলা যায়, উদ্দীপকটি প্রাক-ইসলামি আরব সংস্কৃতির উকাজ মেলার প্রতিচ্ছবি।

(ঘ)

উক্ত মেলা অর্থাৎ উকাজ মেলা প্রাচীন আরবের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছিল।

উকাজ মেলা ছিল আরব সংস্কৃতির প্রতিচ্ছবি। সেখানে সাহিত্যের বাইরেও অনেক কিছুর উপস্থিতি ছিল, যা আরবের তৎকালীন সংস্কৃতির পরিচয় বহন করত। প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার গুরুত্ব ছিল অপরিসীম। প্রতি বছর হজ মৌসুমে মক্কার উপকণ্ঠে উকাজ নামক স্থানে মেলা বসত। এ মেলা ছিল আরব জীবনের প্রাণের স্পন্দন এবং আনন্দ উল্লাসের তীর্থভূমি।

উদ্দীপকে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এখানে বই ক্রয়-বিক্রয়ের পাশাপাশি উন্মুক্ত মঞ্চে আবৃত্তি, সংগীত, প্রকাশনা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উকাজ মেলারও সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। সুন্দর বাচনশক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা এ কবিতা পাঠের আসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। প্রতিবছর এখানে কবিতা প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ কবিদেরকে পুরস্কৃত করা হতো। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো, যা ‘সাবায়ে মুয়াল্লাকাত' নামে পরিচিত। লেবানিজ-আমেরিকান পণ্ডিত পি. কে. হিট্টি বলেন, 'ইসলাম পূর্ব দিনগুলোতে উকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন বলে গণ্য হতো। এখানে সাহিত্য প্রতিযোগিতা ছাড়াও ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন খেলা যেমন- জুয়া, লাঠি, মল্লযুদ্ধ, বিভিন্ন ধরনের নৃত্য-গীত ইত্যাদি অনুষ্ঠিত হতো। এ মেলায় আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শিত হতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীও ঐ মেলা থেকে আরবরা সংগ্রহ করত। এটি ছিল মোটামুটি আরব সংস্কৃতির সামগ্রিক চিত্র।

পরিশেষে বলা যায়, বাংলা একাডেমির মেলাটির মতো ‘উকাজ মেলা' কেবল সাহিত্যের গণ্ডিতেই আবদ্ধ ছিল না; বরং এর পরিসর ছিল বহুমাত্রিক। তখনকার আরব জীবনের অধিকাংশ বিষয়ই উকাজ মেলাকে কেন্দ্র করে পরিচালিত হতো । অর্থাৎ এ মেলা ছিল সংস্কৃতির এক মহামিলন।

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি প্রতিরোধ করার লক্ষ্যে রসুলপুর এলাকার কয়েকজন যুবক একটি সমিতি গঠন করেন। তাদের এই মহৎ উদ্যোগ সফল হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে।
৪. কত সালে মহানবি (স.) নবুয়তপ্রাপ্ত হন ?
বায়তুল মাল কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
মহানবি (স.) ৬১০ সালে নবুয়তপ্রাপ্ত হন।
(খ)

বায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝায় ।

ইসলামি রাষ্ট্রের সব অর্থ এক স্থানে জমা থাকে। রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনায় এ অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রের বাৎসরিক ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। রাষ্ট্রের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা এ সম্পদের ওপর নির্ভর করে । এ ধরনের রাষ্ট্রীয় কোষাগার ই বায়তুল মাল নামে পরিচিত।

(গ)

উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের হিলফুল ফুজুল সংগঠনকে নির্দেশ করে।

মানবতার মুক্তির দূত মহানবি (স) ছোটবেলা থেকেই সত্যবাদী, কল্যাণকামী এবং শান্তিপ্রিয় ছিলেন। তিনি যেকোনো অন্যায়-অত্যাচার, অকল্যাণকর কর্মকাণ্ডকে ঘৃণা করতেন। আর তাই তৎকালীন আরব সমাজে বিদ্যমান অত্যাচার, অনাচার ও যুদ্ধবিগ্রহ দূর করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অংশ নিয়েছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘে। উদ্দীপকে বর্ণিত সমিতিতেও হিলফুল ফুজুলের প্রতিফলন দেখা যায়।

উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমিতি গঠন করে। এ সমিতিটি রাসুল (স) অংশগ্রহণকৃত হিলফুল ফুজুলকে নির্দেশ করে। কারণ উদ্দীপকের যুবকদের মতো রাসুল (স) তৎকালীন আরব সমাজে বিদ্যমান নানা দুর্নীতি, অরাজকতা, নৈরাজ্য দেখে বিচলিত হয়ে পড়েন। বিশেষ করে মক্কায় অনুষ্ঠিত উকাজ মেলাকে কেন্দ্র করে শুরু হওয়া, ‘হারবুল ফিজার' বা অন্যায় যুদ্ধের (৫৮৪খ্রি.) ভয়াবহতা রাসুল (স)-এর মনে দারুণভাবে রেখাপাত করে। দীর্ঘ পাঁচ বছর স্থায়ী এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটে । এ যুদ্ধের বীভৎসতা দেখে রাসুল (স)-এর মন কেঁদে ওঠে। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মক্কাবাসীকে এরূপ ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষার জন্য মক্কার কয়েকটি গোত্রের প্রতিনিধিদের উদ্যোগে গঠিত হিলফুল ফুজুল নামে শান্তিসংঘে তিনি অংশ নেন। তাই বলা যায়, উদ্দীপকের সমিতিটি রাসুল (স) অংশগ্রহণকৃত হিলফুল ফুজুলের প্রতিচ্ছবি।

(ঘ)

উক্ত সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (স.) অসামান্য ভূমিকা পালন করেন।

মহানবি (স) ছিলেন বিশ্বমানবতার শান্তির দূত। তাই হারবুল ফিজারের ধ্বংসাত্মক ও বীভৎস লীলা দেখে তিনি হিলফুল ফুজুল নামে শান্তিসংঘে অংশ নেন। এই সংঘের মাধ্যমে রাসুল (স) রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে মক্কায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।উদ্দীপকেও এমন ভূমিকার প্রতি নির্দেশ করা হয়েছে ।

উদ্দীপকে বলা হয়েছে, রসুলপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এ উদ্যোগ সফল হয়। রাসুল (স.) হিলফুল ফুজুল শান্তিসংঘের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আর এ কাজে রাসুল (স) অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন। মহানবি (স.) তৎকালীন মক্কায় অন্যায়-অবিচারের প্রতিকার ও নির্যাতিতের অধিকার রক্ষার উদ্দেশ্যে গঠিত হিলফুল ফুজুল বা শান্তিসংঘে অংশগ্রহণ করেন। এই সংঘের মাধ্যমে মহানবি (স) বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠা ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ, নির্যাতিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা, দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য, বিদেশি বণিকের জানমালের নিরাপত্তা বিধান এবং সর্বোপরি সব অন্যায় ও অবিচারের অবসান করতে সক্ষম হন। প্রতিষ্ঠার প্রথম বছরেই এটি আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং অসহায়দের প্রতি অন্যায়ের প্রতিকার করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে।

উপরের আলোচনা থেকে বলা যায়, হিলফুল ফুজুল শান্তিসংঘে অংশগ্রহণের মাধ্যমে মহানবি (স.) রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেন। তাঁর প্রচেষ্টায় তৎকালীন মক্কাবাসী অন্যায়-অনাচার, অরাজকতা ও যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্ত হয়েছিল।

সিলেট সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।