সোনার বাংলা কলেজ ২০২৪

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

সোনার বাংলা কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

তিনদিকে সমুদ্রবেষ্টিত সিঙ্গাপুর দ্বীপটি একটি অনুর্বর অঞ্চল। এক সময় শহরে কিছু লোকজন ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো ।
১. সাইমুম অর্থ কী ?
আরবের অধিবাসীদের সম্পর্কে কী জানো ?
উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরব দেশের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের মনস্তাত্ত্বিক দিকটি পর্যালোচনা করো । সেটি কি ভৌগলিক অবস্থার সাথে প্রভাবিত ?
সমাধান ও উত্তর
(ক)
সাইমুম অর্থ মরুর বালু ঝড় ।
(খ)

আরব উপদ্বীপে সর্বপ্রথম যারা বসতি স্থাপন করেছে তারাই আরব অধিবাসী নামে পরিচিত।

আরবে কারা প্রথম বসতি স্থাপন করেছে সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। তবে আরব, গবেষক ও ঐতিহাসিকেরা প্রাচীন আরবদের ৩টি জাতিতে বিভক্ত করেছেন। ১. আরব-ই-বায়দা- এরা আরবের আদিম অধিবাসী। ২. আরব-ই-আরিবাহ — আদিম অধিবাসীদের ধ্বংসপ্রাপ্তির পর এরা বসতি গড়ে তোলে। ৩. আরব-ই-মুস্তারিব— উত্তর আরবের অধিবাসীদের মুস্তারিব বা আরবীয়কৃত আরব বলে। অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসী দুই ভাগে বিভক্ত। যথা— ক. নগরবাসী আরব- এরা আরবের স্থায়ী বাসিন্দা খ. মরুবাসী আরব — এরা বেদুইন বা যাযাবর জীবন যাপন করে। আরবের মোট জনগোষ্ঠীর ৮০ ভাগ বেদুইন জনগোষ্ঠী ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সুস্পষ্ট সাদৃশ্য রয়েছে।

এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব ভূখণ্ডটি পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এ অঞ্চলটির তিন দিকে পানি ও একদিক স্থলবেষ্টিত ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে এটি তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। উদ্দীপকে বর্ণিত অঞ্চলটিতেও এ ধরনের ভৌগোলিক অবস্থা দেখা যায়।

উদ্দীপকে উল্লেখিত সিঙ্গাপুরের তিনদিক সমুদ্রবেষ্টিত এবং এটি একটি অনুর্বর অঞ্চল। আরব উপদ্বীপও তিনদিক দিয়ে সমুদ্রবেষ্টিত। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত । তাছাড়া ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল — এই তিন ভাগে বিভক্ত হলেও এর অধিকাংশ অঞ্চলই মরুময়। আরবের মরু অঞ্চল পশ্চিম এশিয়ার বৃহৎ শুষ্ক বলয়ের অন্তর্ভুক্ত; মধ্য এশিয়ার গোবি মরুভূমির সরাসরি অংশ নয়। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর ও চাষাবাদের অনুপোযোগী। তাই বলা যায়, উদ্দীপকের সিঙ্গাপুর এবং প্রাচীন আরব অঞ্চলের ভৌগোলিক অবস্থান একই সূত্রে গাঁথা। ·

(ঘ)

প্রাক-ইসলামি আরব অধিবাসীদের মনস্তত্ত্ব ছিল সম্পূর্ণভাবে ভৌগোলিক অবস্থার দ্বারা প্রভাবিত।

আরব উপদ্বীপের অধিবাসীদের দেহ, মন চরিত্র, জীবনযাত্রা ও মনস্তত্ত্বের ওপর আরবের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও পরিবেশের যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়। শুষ্ক আবহাওয়া, অনাবৃষ্টি, অনুর্বরতা' প্রভৃতি প্রতিকূল ভৌগোলিক পরিবেশ একদিকে যেমন আরব বেদুইনদের রুক্ষ ও দুঃসাহসিক জাতিতে পরিণত করেছে। অপরদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও পরিশ্রমী হয়েছে। উদ্দীপকের অঞ্চলটির অধিবাসীদের ওপরও ভৌগোলিক অবস্থার এ ধরনের প্রভাব দেখা যায় ।

উদ্দীপকে তিনদিকে সমুদ্র বেষ্টিত অনুর্বর সিঙ্গাপুরের অধিবাসীদের মধ্যে শহরের লোক ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের লোক পশু পালন ও মাছ শিকার ছাড়াও দস্যুবৃত্তি করে জীবন নির্বাহ করে। একইভাবে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক প্রভাবের কারণে এখানকার অধিবাসীদের মধ্যে অনুরূপ প্রভাব লক্ষণীয়। ভৌগোলিকভাবে আরবের তিনদিকে জল ও একদিকে স্থলভাগ। স্থলভাগের অধিকাংশ এলাকা মরুময় ও শুষ্ক। আরবের এমন শুষ্ক ও উষ্ণ আবহাওয়া এখানকার মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে । অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদের দুইভাগে ভাগ করা যায়। শহরবাসী আরব ও মরুবাসী আরব। শহরবাসী আরবরা, সাধারণত চাষাবাদ ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবন নির্বাহ করতো। কিন্তু বেদুইনদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম ছিল পশুপালন। এরা অত্যন্ত সংগ্রামী ও দুর্ধর্ষ জীবনযাপন করত। এদের একটি দল কাফেলা লুটতরাজের মাধ্যমেও জীবিকা নির্বাহ করত। পশুপালন ও খাদ্যের সন্ধানে আরবদের প্রতিনিয়ত একস্থান থেকে অন্যস্থানে যেতে হতো। এর ফলে তারা গোত্রবদ্ধ হয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে আসাবিয়া বা গোত্রপ্রীতি । অপরদিকে ভৌগোলিক পরিবেশের প্রভাবে আরবদের মধ্যে মুক্ত চিন্তার উন্মেষ ঘটে, যা তাদেরকে কাব্যচর্চায় দারুণ অনুপ্রেরণা জুগিয়েছে ।

উপরের আলোচনায় দেখা যায় যে, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া প্রাক-ইসলামি আরব অধিবাসীদের জীবন-জীবিকা ও আচার-আচরণে তথা মনস্তত্ত্বে ব্যাপক প্রভাব ফেলেছিল।

নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মানবসভ্যতার ইতিহাসে অন্যতম প্রাচীন বলে স্বীকৃত। প্রাচীন এই সভ্যতা পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা। সভ্যতার ...শিল্পকলা, কৃষি, লিখন পদ্ধতি, ধর্ম ও শাসনব্যবস্থার কাছে পরবর্তীকালের ইতিহাসে তাদের অবদান বিশ্বস্বীকৃত। তাদের সরকার পদ্ধতি, স্থাপত্য, প্রাচ্য ও প্রতীচ্যের সকল সভ্যতা ঋণী। এ সভ্যতা ২৫০০ বছরেরও অধিককাল স্থায়ী হয়েছিল।
২. পেরত (Per-O) অর্থ কী ?
মিসরের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কী জানো ?
উদ্দীপকে উল্লেখিত সভ্যতার ধর্মীয় বিশ্বাস এবং লিখন পদ্ধতি সম্পর্কে পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা দাও ।
প্রাচীন ও বিশ্বসভ্যতার কোন কোন দিকটি তোমার কাছে বেশি অনুসরণীয় মনে হয়? পাঠ্যবই হতে মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
পের-অ (Per- O) শব্দের অর্থ রাজকীয় বাড়ি ।
(খ)

উত্তর আফ্রিকীয় লিবীয়, এশীয় সেমিটিক ও আফ্রিকান নুবিয়ান রাজাদের সংমিশ্রণে সৃষ্ট মিসরের রাজনৈতিক ইতিহাস একটি আলোকোজ্জ্বল ঘটনা।

মিসরের রাজনৈতিক ইতিহাসকে প্রাক-রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, মধ্য রাজবংশীয় যুগ এবং নতুন রাজবংশীয় বা সাম্রাজ্যের যুগে বিভক্ত করা যায়। প্রাক-রাজবংশীয় যুগে মিসর ছোট ছোট ৪০টি 'নোমে বা নগররাষ্ট্রে বিভক্ত ছিলো। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩১০০ অব্দে 'নামার' নামে একজন বীর যোদ্ধা নিম্ন মিসর ও উচ্চ মিসরকে একত্রিত করেন। প্রাচীন রাজবংশে মিসর ছয়টি ক্ষুদ্র রাজবংশে বিভক্ত ছিল। এর প্রথম রাজা ছিলেন মেনেস । মধ্যরাজবংশীয় যুগের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেরহাপেটরা । তিনি দ্বন্দ্ব-কলহ দূর করে মিসরকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন। মধ্য-রাজবংশীয় মিসরে বৈদেশিক আক্রমণের শিকার হয়। বৈদেশিক আক্রমণকে যুগে প্রতিহত করার জন্য মিসরীয়রা একত্রিত হলে শুরু হয় নতুন রাজবংশ ।

(গ)

প্রাচীন মিসরীয়রা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী ছিল এবং তাদের আবিষ্কৃত চিত্রভিত্তিক লিখন পদ্ধতি 'হায়ারোগ্লিফিক' ছিল বিশ্বসভ্যতার অন্যতম আবিষ্কার।

প্রাচীন মিসরীয়রা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করতো এবং দেবতা মেনে পূজা করত। তারা বিশ্বাস করতো যে, প্রকৃতিকে দেব-দেবীরাই নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। তাদের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা আম রে। মিসরীয়দের জীবন, মৃত্যু ও উর্বরতার দেবতা ছিল ওসিরিস ও তার স্ত্রী আইসিস। একইভাবে মিসরীয়দের সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান ছিল লিখন পদ্ধতির আবিষ্কার । উদ্দীপকে এ দিকটিই ফুটে উঠেছে।

উদ্দীপকে বলা হয়েছে যে, মিসরীয়দের সরকার পদ্ধতি, স্থাপত্য, শিল্পকলা, কৃষি, লিখন পদ্ধতি ও ধর্ম পরবর্তীকালের প্রাচ্য ও প্রতীচ্যের সকল সভ্যতা ঋণী। অনুরূপ চিত্র লক্ষ করা যায় মিসরীয়দের ধর্ম বিশ্বাস ও চিত্রভিত্তিক 'হায়ারোগ্লিফিক' নামক লিখন পদ্ধতির ক্ষেত্রে। প্রাচীন মিসরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদেরকে দেবতার মতোই সম্মান করতো। মিসরীয়রা মনে করতো যে, মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। তাদের মৃত্যুর পর পাপ-পুণ্যের হিসাব হবে এবং পুণ্যবানরা মহাসুখ ভোগ করবে এবং পাপীরা অন্ধকারে নিক্ষিপ্ত হবে। মিসরীয়রা সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন। এ কাজে নেতৃত্ব দেন ফারাও ইখনাটন। তাদের ধর্মে অনেক কুসংস্কার প্রবেশ করে এবং ধর্ম অবক্ষয়ের দিকে ধাবিত হয়। প্রাচীন মিসরীয়রা নগর সভ্যতা গড়ে তোলার সাথে সাথে পবিত্র লিপি তথা চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। যা আজ ঐতিহাসিকদের কাছে এক বিস্ময়ের কারণ। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানাপ্রকার দ্রব্য, প্রকৃতি ও বিষয়ের ছবি আঁকা থাকতো। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্র, পাথরের ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। এ পদ্ধতিতে প্রায় ৭৫০টি চিত্রলিপি ব্যবহার করা হয়েছিল। প্যাপিরাস আবিষ্কৃত হলে লিপিকে কাগজে উৎকীর্ণ করা হয়। সুতরাং বলা যায়, সভ্যতায় মিসরীয়দের অবদান অপরিসীম।

(ঘ)

প্রাচীন মিসরীয় সভ্যতার স্থাপত্য, চিত্রকলা ও দর্শন আমার কাছে অনুসরণীয় মনে হয়।

প্রাচীন মিসরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। প্রাচীন মিসরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড। ফারাওদের মৃত দেহকে মমি করে সংরক্ষণ করা হতো এবং বিশালাকৃতির পিরামিডের কোনো একটি স্থানে সমাহিত করা হতো। মূল্যবান জিনিস সম্বলিত ফারাওদের মৃত দেহ যাতে চুরি না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হতো। পিরামিড ত্রিভূজের আকৃতিতে তৈরি উচু সমাধিসৌধ ।

মিসরীয়দের পিরামিড ছাড়াও তাদের অন্যান্য ভাস্কর্য আমাদেরকে আকর্ষণ করে। বড় বড় পাথর কেটে চমৎকার মূর্তি তারা নির্মাণ করেছিল । স্ফিংকস এর মূর্তি তাদের অন্যতম নিদর্শন। মিসরীয়রা মন্দিরের দেয়ালে মমি ও কফিনের ওপর চিত্র অঙ্কন করতো। এসব চিত্র ফ্রেসকো রীতিতে অঙ্কিত হতো বিধায় অনেক দিন টিকে থাকতো। মিসরীয়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানতো। মিসরীয়দের যে জিনিস বেশি অনুসরণযোগ্য তাহলো তাদের দর্শন ও দৃষ্টিভঙ্গি। প্রাচীন মিসরীয় সমাজ মূলত পুরুষপ্রধান হলেও নারীরা কিছু গুরুত্বপূর্ণ আইনগত ও সম্পত্তির অধিকার ভোগ করতেন। সমাজে পুরুষের ন্যায় নারীর অধিকার বলবৎ ছিল। মিসরীয় সমাজে নারীরা উচ্চ মর্যাদা ভোগ করতো। তাদের বিজ্ঞানচর্চা, চিকিৎসা পদ্ধতি ও সাহিত্য চর্চা আমাকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে ।

পরিশেষে বলা যায়, মানবসভ্যতার বিকাশে মিসরীয়দের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী সকল সভ্যতাই তাদের কাছে ঋণী ।

মিয়ানমারের শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, ঘরবাড়ি ও ফসল পোড়ানোর শিকার হয়ে ৬ লক্ষ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে এই সকল রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে তাদের সহযোগিতা করেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে ।
৩. মদিনার পূর্ব নাম কী ?
মজলিশ-উস-শুরা বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো ।
উদ্দীপকের রোহিঙ্গাদের সাথে মুহাম্মদ (স) সময়কার কোন ঘটনার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উক্ত ঘটনায় মুহাজির ও আনসারদের ভূমিকা মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
(খ)

মজলিশ-উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ।

প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদ এর অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন, যা পরবর্তীতে হযরত আবু বকর (রা)-ও অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিশ-উস-শুরা নামে পরিচিত। এটি মজলিশ-আল-আম ও মজলিশ-আল-খাস— এ দু ভাগে বিভক্ত ছিল।

(গ)

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনা হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে।

মানবতার মুক্তির দূত মহানবি (স) নবুয়ত লাভের পর মক্কাবাসীর কাছে তাওহিদের বাণী প্রচার শুরু করেন। এতে মক্কার পৌত্তলিক কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর অত্যাচার, নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে হযরত আবু বকর (রা)-কে সাথে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায় ।

উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিয়ানমার শাসকগোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার- নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে । বাংলাদেশ সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছে। অনুরূপভাবে মহানবি (স) কুরাইশদের অত্যাচার- নির্যাতনের কারণেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তাঁর ওপর নির্যাতন শুরু করে । তাঁকে পাগল বলে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। এমনকি তারা মহানবি (স)-কে হত্যার পরিকল্পনা করে। ফলে মহানবি (স) আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আর এ হিজরতের মাধ্যমে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। কেননা মদিনাবাসী তাঁকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেয়। এরপর ইসলাম দ্রুতগতিতে প্রসার লাভ করে এবং শেষ পর্যন্ত মহানবি (স) মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই বলা যায়, অত্যাচার-নির্যাতনের প্রেক্ষিতে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এবং সে দেশের সহযোগিতা লাভের দিক দিয়ে উদ্দীপকের রোহিঙ্গাদের ঘটনা ও হিজরতের ঘটনার মধ্যে মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দান মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদানের সাথে তুলনীয়।

জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয় দান করেন তারা আনসার নামে পরিচিত। প্রাথমিক পর্যায়ে ইসলামের প্রচার ও প্রসারে আনসার ও মুহাজিরদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ, তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দানের ঘটনায়ও মুহাজির ও আনসারদের অবদানের চিত্র প্রতিফলিত হয়েছে ।

উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আসা এবং বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তাদের সহযোগিতা প্রদান যথাক্রমে মুহাজির ও আনসারদের ভূমিকার ইঙ্গিত বহন করে। ইসলাম প্রচারের শুরুর দিকে মুহাজির ও আনসারদের অবদান ছিল সবচেয়ে বেশি। মুহাজিররা জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মদিনায় হিজরত করেন । তারা নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়ে ইসলাম ও রাসুল (স)-এর সেবায় নিঃস্বার্থভাবে কাজ করেন। এছাড়া আনসাররা তাদের জানমালসহ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেন। মদিনায় আগত মুহাজিরদের জন্য তারা নিজের অর্থ, সম্পদ ও বাড়ি-ঘর ভাগ করে দেন । তাদের নজিরবিহীন কোরবানি ও সাহায্যে ইসলামের মান-মর্যাদা বৃদ্ধি পায় । ইসলাম ও রাসুল (স)-এর সেবায় তারা যে সততা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানব ইতিহাসে তা বিরল।

উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামের প্রাথমিক পর্যায়ে মুহাজিরদের ত্যাগ-তিতিক্ষা এবং আনসারদের সাহায্য-সহযোগিতা ও নিঃস্বার্থ ভালোবাসা আজকের বিশ্বব্যাপী বিস্তৃত ইসলাম প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল। তাদের অবদান ছাড়া ইসলামের এ পর্যায়ে পৌঁছানো দুঃসাধ্য হতো।

সিলেটে একজন সুফিসাধক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এসে প্রচণ্ড বাধার সম্মুখীন হলেন। এখানে মারামারি নিষিদ্ধ হলেও প্রতিপক্ষের সংলাপের প্রস্তাবে সায় দিলেন । শুরুতে অচলাবস্থা থাকলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। আগামী কয়েক বছরের জন্য উভয় পক্ষে শান্তিচুক্তি সমাধান হয় ।
৪. কত সালে বদরের যুদ্ধ সংঘটিত হয় ?
নাখলার খণ্ডযুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন ?
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে ? ব্যাখ্যা করো ।
তুমি কি এই সমঝোতাকে প্রকাশ্য বিজয় বলে মনে কর ? তোমার মতামত পাঠ্যবইয়ের আলোকে প্রদান করো।
সমাধান ও উত্তর
(ক)
৬২৪ খ্রিষ্টাব্দে বদরের যুদ্ধ সংঘটিত হয়।
(খ)

নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় ।

মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান । কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা' নামক স্থানে আক্রমণ করে । ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।

(গ)

উদ্দীপকটি হযরত মুহাম্মদ (স)-এর জীবনের উল্লেখযোগ্য ঘটনা হুদায়বিয়ার সন্ধিকে ইঙ্গিত করে ।

ইসলাম ও পৃথিবীর ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি এক যুগান্তকারী ঘটনা। মক্কার কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাঁধা প্রদানের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে যখন বিরোধ প্রবল হয়ে ওঠে সেই মুহূর্তে কুরাইশরা মহানবি (স)-এর সাথে সন্ধি করতে সম্মত হয়। এরই ধারাবাহিকতায় হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। উদ্দীপকেও এ বিষয়ের প্রতিফলন লক্ষ করা যায়।

উদ্দীপকে বলা হয়েছে যে, একজন সুফিসাধক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এসে বাধার মুখে পড়েন। সুফিসাধকের প্রতিপক্ষ যুদ্ধের প্রস্তুতি নেয়। শান্তিপ্রিয় সাধক সংলাপের প্রস্তাব দিলে তাদের মধ্যে আগামী কয়েক বছরের জন্য শান্তিচুক্তি হয়। এই সমঝোতা সুফিসাধকের জন্য মহাবিজয় বয়ে আনে । অনুরূপভাবে মদিনায় হিজরতের পর দীর্ঘ ছয় বছর মহানবি (স) ও তার অনুসারীরা মক্কা দর্শন ও হজ পালন করেননি। এজন্য মহানবি (স) তাঁর ১৪০০ জন সাহাবি নিয়ে ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুরাইশরা মহানবি (স)-এর আগমনের সংবাদ পেয়ে 'যতুওয়া' নামক স্থানে প্রতিরোধ গড়ে। ফলে মহানবি (স) মক্কার নয় মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। এ অবস্থায় তিনি ওসমান (রা)-কে শান্তির প্রস্তাব নিয়ে কুরাইশদের শিবিরে পাঠালে তাঁর নিহত হওয়ার গুজব রটায়। ফলে মুসলমানগণ এর প্রতিশোধ নেওয়ার কঠোর শপথ করলে কুরাইশরা ভীত হয়ে মহানবি (স)-এর সাথে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

(ঘ)

হ্যাঁ, আমি এই সমঝোতাকে (হুদায়বিয়ার সন্ধি) 'প্রকাশ্য বিজয়' মনে করি।

হুদায়বিয়ার সন্ধির মাঝে ইসলামের সর্বাত্মক বিজয়সংকেত লুকায়িত ছিল। এ সন্ধি স্বাক্ষর করে মহানবি (স) অসাধারণ প্রজ্ঞা ও কূটনৈতিক দক্ষতার পরিচয় দেন। এ চুক্তি বিশ্বে মুসলমানদের একটি স্থায়ী অবস্থান তৈরি করে। তাই কুরআনে এ চুক্তিকে 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য শ্রেষ্ঠ বিজয়। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র কুরাইশদেরই অনুকূলে সম্পাদিত হয়েছে বলে মনে হয়। কিন্তু দূরদৃষ্টিতে বিচার করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এটি সর্বোতভাবে মুসলিম স্বার্থের অনুকূলে হয়েছিল। এ চুক্তিটি মুসলমানদেরকে একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। মুসলমানরা যে একটি স্বতন্ত্র শক্তি তার বহিঃপ্রকাশ ঘটে। এ চুক্তির মাধ্যমেই কুরাইশরা মহানবি (স)-কে একজন মহান নেতা এবং মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে দশ বছরের যুদ্ধবিরতির শর্ত থাকায় মুসলমানগণ নিশ্চিন্তভাবে বসবাস করার সুযোগ লাভ করে। এ সন্ধির ফলে ইসলাম প্রচার ও প্রসারের পথ দিন দিন প্রশস্ত হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক বিস্তৃতি লাভ করে। ইসলামের শ্রেষ্ঠ বীর ও বিভিন্ন সম্প্রদায়ের লোক ইসলাম গ্রহণ করে। ফলে ইসলামের শক্তি বৃদ্ধি পায়। হুদায়বিয়ার সন্ধির ফলেই মুসলমানরা ব্যাপক রক্তপাত এড়িয়ে মক্কা বিজয় করে। এছাড়াও হুদায়বিয়ার সন্ধি ইসলামের ও মুসলমানদের জন্য আরও গুরুত্বপূর্ণ অনেক সুফল বয়ে আনে ।

উপরের আলোচনা শেষে বলা যায়, হুদায়বিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় ।

সোনার বাংলা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।