যশোর বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

যশোর বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

**ঘটনা-১: **রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে।

ঘটনা-২: জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন।

১. বদর যুদ্ধে কতজন মুসলমান শহিদ হয়েছিলেন?
হুদাইবিয়ার সন্ধিকে 'ফাতহুম মুবিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
রাকিব সাহেবের কথার সাথে মহানবি (সা.)-এর চরিত্রের কোন দিকটি সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের কোন কোন দিকটি অনুপস্থিত? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বদর যুদ্ধে ১৪ জন মুসলমান শহিদ হয়েছিলেন।
(খ)
মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে কুরআন মজিদে উল্লেখ করা হয়েছে।
(গ)

রাকিব সাহেবের কথার সাথে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে।

উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে। যার সাথে মহানবি (সা.)-এর শ্রমিকের মর্যাদা ও মানুষের সাথে সাম্যের দিকটির মিল রয়েছে। দাসদাসী বা অধীনস্থদের সম্পর্কে সতর্ক হতে মহানবি (সা.) নির্দেশ করে বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার অধিকার তোমাদের নেই। তোমরা যা খাবে ও পরবে, তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।” এ থেকে ফুটে ওঠে যে, মালিক ও দাসদাসীদের খাবার-দাবার ও পোশাকের ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। তাই আমাদের সকলের উচিত দাসদাসী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবি (সা.) শ্রমিক ও মজুরদের অধিকার আদায়ের দাবি সম্পর্কেও সচেতন ছিলেন। উপযুক্ত মজুরি তাদের ভাগ্যে জুটত না। সামাজিকভাবে শ্রমিকরা ছিল নিগৃহীত। হুজুর (সা.) শ্রমিকদের সামাজিক মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। তিনি বললেন, "ঘাম শুকাবার আগেই শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।"

অতএব রাকিব সাহেবের কথার মাধ্যমে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে।

(ঘ)

জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের নারীর প্রতি সম্মানবোধ ও মিতব্যয়িতার দিকটি অনুপস্থিত।

উদ্দীপকের ঘটনা-২-এ পরিলক্ষিত হয়, জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন। যা মহানবি (সা.)-এর নারীর প্রতি সম্মান ও মিতব্যয়িতার বিপরীত। মহানবি (সা.) নারীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তৎকালীন পিতৃপ্রধান সমাজে তিনি নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, "স্ত্রীর ওপর স্বামীর যেরূপ অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীরও সেরূপ অধিকার আছে।" (সূরা বাকারা, ২২৮) ইসলাম পূর্ব যুগে কন্যাসন্তান জন্ম দেওয়াকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। তাই মুহাম্মদ (সা.) ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত।" তিনি তাদেরকে পিতা ও স্বামীর সম্পদের উত্তরাধিকার এবং বিবাহে মতামত প্রকাশের স্বাধীনতা দেন। তিনি নারীদের জন্য পর্দা প্রথা চালু করে পরকীয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার দূর করে সমাজে নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাছাড়া মহানবি (সা.) প্রয়োজনের অতিরিক্ত অর্থ অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বিলাসিতা না করে মিতব্যয়ী জীবন যাপনের কথা বলেছেন। কুরআনে বলা হয়েছে, অপব্যয়কারীরা শয়তানের ভাই (সূরা আল-ইসরা, ১৭:২৭)।

১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন 'ম্যাগনাকার্টা' দলিল অনুমোদন করে সিলমোহর দেন। রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য বিদ্রোহী সামন্তদের চাপের মুখে রাজা তাঁদের সঙ্গে সমঝোতায় এসে উক্ত দলিল অনুমোদন করেন। ফলে জনগণের অধিকার বহুলাংশে রক্ষা পায়। রাজা স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ ও সম্পত্তি হস্তগত করার অধিকার থেকে বঞ্চিত হন। জনগণের সাধারণ অধিকার ও মানবাধিকার রক্ষার পথ উন্মুক্ত হয়।
২. তাবুক অভিযান কত সালে প্রেরিত হয়েছিল?
হুনাইনের যুদ্ধের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত কোন সংবিধানের কতটুকু সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যের বৈপরীত্য পর্যালোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
তাবুক অভিযান ৬৩০ সালে প্রেরিত হয়েছিল।
(খ)
হুনাইনের যুদ্ধের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অষ্টম হিজরিতে ৬৩০ খ্রিষ্টাব্দে হুনাইনে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের প্রথমদিকে মুসলমানগণ দারুণ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাসুল (সা.)-এর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে এবং সেনাপতি খালিদের (রা.) অসামান্য বীরত্বের জন্য মুসলিম বাহিনী জয়লাভ করেন। যুদ্ধে প্রায় ৭,০০০ শত্রু সৈন্য মুসলমানদের, নিকট বন্দি এবং বিপুল সংখ্যক গবাদি পশু, প্রচুর পরিমাণ রৌপ্য বা সমরাস্ত্র মুসলমানদের হস্তগত হয়। অপরদিকে মাত্র ৪/৫ জন মুসলিম সেনা শাহাদাতবরণ করেন। এ যুদ্ধের ফলে মুসলমানরা ব্যাপক অর্থনৈতিকভাবে লাভবান হয়।
(গ)

'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত সংবিধান তথা মদিনা সনদের জনগণের সাধারণ অধিকার ও মানবাধিকার রক্ষার পথ উন্মুক্ত হওয়ার বিষয়টির সাদৃশ্য রয়েছে।

মহানবি (সা.) মদিনায় হিজরতের পর ৬২২ খ্রিষ্টাব্দে মদিনার সকল মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের জন্য একটি সনদ প্রণয়ন করেন যার নাম মদিনা সনদ। ৬২২ খ্রিষ্টাব্দে প্রণীত মদিনা সনদ প্রাথমিক ইসলামি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ লিখিত রাজনৈতিক চুক্তি। এ সনদে মদিনায় বসবাসরত সকল ধর্মের মানুষের অধিকার ও মানবাধিকার নিশ্চিত করা হয়। মদিনার সকল মানুষকে নিয়ে একটি সাধারণ জাতি বা উম্মাহ গঠন করা হয়। মদিনা সনদের মাধ্যমে সবাইকে স্বাধীন সত্তার ও সমান নাগরিক অধিকারসমূহের স্বীকৃতি দেওয়া হয়। এটি মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে হিংসা, দ্বেষ ও কলহের অবসান ঘটায়। তাদের রাজনৈতিক লক্ষ্য ছিল একরূপ এবং বিপদে একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামি প্রজাতন্ত্র সংরক্ষণে স্ব-স্ব গোত্র যুদ্ধ ব্যয় বহন করার ব্যবস্থা হযরত মুহাম্মদ (সা.)-এর দূরদর্শিতা ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার পরিচায়ক।

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে মদিনা সনদ এক তুলনাবিহীন রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে দীর্ঘকালব্যাপী পরিচালিত বুয়াসের যুদ্ধের অবসান হয় এবং রক্তের স্থলে ভ্রাতৃত্বের বন্ধনে মদিনাবাসীদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। মদিনা সনদ মুসলমান ও অমুসলমানদের ধর্মে পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা বিধান করে। তারা মানুষ হিসেবে সকল অধিকার লাভ করে এবং তাদের মানবাধিকার রক্ষিত হয়। সকল মানুষ গোত্রীয় আনুগত্যের বদলে মহানবি (সা.)-এর নেতৃত্বে মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। তাই মদিনা সনদের সাথে ম্যাগনাকার্টার জনগণের সাধারণ অধিকারও মানবাধিকার প্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

উদ্দীপকে দেখা যায়, ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন 'ম্যাগনাকার্টা' দলিল অনুমোদন করে সিলমোহর দেন। রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য বিদ্রোহী সামন্তদের চাপের মুখে রাজা তাঁদের সঙ্গে সমঝোতায় এসে উক্ত দলিল অনুমোদন করেন। ফলে জনগণের অধিকার বহুলাংশে রক্ষা পায়। রাজা স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ ও সম্পত্তি হস্তগত করার অধিকার থেকে বঞ্চিত হন। কিন্তু মদিনা সনদ প্রণয়নে এর বিপরীত চিত্র দেখা যায়। এখানে মদিনাবাসী শান্তির দূত হিসেবে মহানবি (সা.)-কে মদিনায় সাদরে গ্রহণ করে। মদিনায় মহানবি (সা.) 'বিপুল সংবর্ধনা লাভ করেন। মদিনাবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ প্রতিষ্ঠার জন্য তিনি স্বপ্রণোদিত হয়ে সংবিধান প্রণয়ন করেন। উদ্দীপকের রাজা বিদ্রোহী সামন্তদের চাপের মুখে দলিলটি অনুমোদন করেন এবং তিনি স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ হস্তগত করার অধিকার হারান। কিন্তু মহানবি (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনাবাসীর ওপর একক কর্তৃত্ব লাভ করেন। তিনি একাধারে বিচার, সামরিক ও শাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন। তাই উদ্দীপকের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যের সাথে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়ন তথা মদিনা সনদ প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যে বৈপরীত্য দৃশ্যমান।

অতএব উদ্দীপকের রাজা জন সামন্তদের চাপের মুখে ম্যাগনাকার্টা অনুমোদন করলেও মহানবি (সা.) স্বেচ্ছায় মদিনা সনদ দেন তাই তাদের উদ্দেশ্যে ভিন্নতা দেখা যায়।

**ঘটনা-১: **বাংলাদেশে অসংখ্য মাজার রয়েছে। এ মাজারগুলোতে ভণ্ড সাধু ও সেবকরা মাজারে শায়িত পিরের আদি ভৌতিক ও অতিলৌকিক ক্ষমতার গুণকীর্তন প্রকাশ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। মূলত এটিই হলো ধর্ম ব্যবসা।

ঘটনা-২: জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়াও দেশের মানুষের সমস্যা, দেশের আর্থিক ও জনকল্যাণমূলক সকল বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৩. খোলাফায়ে রাশেদুনের সময়কাল লেখ।
'রিদ্দা আন্দোলন' কী? ব্যাখ্যা কর।
মাজার কেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের কোন গোষ্ঠীর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনা-২-এর আলোকে 'মজলিস-উশ-শূরার' গঠন ও কার্যপরিধির বৈপরীত্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
খোলাফায়ে রাশেদুনের সময়কাল ৬৩২-৬৬১ খ্রিষ্টাব্দ।
(খ)
'রিদ্দা' আরবি শব্দ, যার অর্থ হলো স্বধর্ম ত্যাগ বা প্রত্যাবর্তন। রাসুলে করিম (সা.)-এর ওফাতের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করেছিল। যা রিদ্দা আন্দোলন নামে পরিচিত। তাছাড়া একমাত্র হিজাজ ছাড়া প্রায় সমগ্র আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্রও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কতিপয় ভন্ডনবির উদ্ভব হয়। এসব ভন্ডনবি ও বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে হযরত আবু বকর (রা.) যে যুদ্ধ ঘোষণা করেন, তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়।
(গ)

মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে, অসংখ্য মাজার রয়েছে। এই মাজারগুলোতে ভণ্ড সাধু ও সেবকরা মাজারে শায়িত পিরের আদি ভৌতিক ও অতিলৌকিক ক্ষমতার গুণকীর্তন প্রকাশ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। মূলত এটিই হলো ধর্ম ব্যবসা। যার সাথে আবু বকর (রা.)-এর সময়ে আবির্ভূত ভণ্ডনবিদের সাদৃশ্য রয়েছে। এ সময়ে নবুয়তকে লাভজনক ব্যবসায় মনে করে মুসায়লামা, আসওয়াদ আনসি, তোলায়হা, সাজাহ নিজেদের নবি হিসেবে দাবি করে।'

আসওয়াদ আনসি ছিল নবুয়তের প্রথম মিথ্যা দাবিদার। সে ৬৩১ খ্রিষ্টাব্দে মহানবি (সা.)-এর জীবদ্দশায় নবুয়ত দাবি করে এবং সমগ্র ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর সে পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরব দখল করে। মুসায়লামা একজন ভন্ডনবি। ভন্ডনবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রভাবশালী এবং ক্ষমতাসম্পন্ন ছিল মুসায়লামা। সে মধ্য আরবের ইয়ামামায় বনু হানিফা গোত্রের লোক ছিল। স্বলিখিত বাণীকে ঐশীবাণী বলে প্রচার করে মুসায়লামা নবুয়ত দাবি করে। হযরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হওয়ার পর তাকে হত্যা করা হয়। উত্তর আরবের তোলায়হা নিজেকে নবি হিসেবে দাবি করে এবং বেদুইনদের নিয়ে যাকাত বিরোধী আন্দোলন গড়ে তোলে। মধ্য আরবের ইয়ারবু সাজাহ নামক এক নাসারা নারীও নিজেকে নবি হিসেবে দাবি করে। এরা সকলে অর্থ লাভের আশায় নিজেদের নবি দাবি করে।

অতএব মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদের গঠন ও কার্যাবলির সাথে মজলিস-উশ-শূরার গঠন ও কার্যপরিধির বৈপরীত্য রয়েছে।

উদ্দীপকের ঘটনা-২-এর জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এছাড়াও দেশের মানুষের সমস্যা, দেশের আর্থিক ও জনকল্যাণমূলক সকল বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে, হযরত উমর (রা.)-এর শাসনামলে কুরআন অনুযায়ী শাসন পরিচালিত হতো। তাই মজলিসে শূরায় আইন প্রণয়ন করা হতো না। তাছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষবিশিষ্ট হলেও মজলিস-উশ-শূরা দুটি ভাগে বিভক্ত ছিল।

'শূরা' আরবি শব্দ। এর আভিধানিক অর্থ 'পরামর্শ'। প্রাক-ইসলামি যুগের দারুন নাদওয়ায় বায়োজ্যেষ্ঠ পরিষদের অনুকরণে রাসুল (সা.) এ পরামর্শ ব্যবস্থা চালু রাখেন। হযরত আবু বকর (রা.)-এর সময়কালেও এ ব্যবস্থা চালু ছিল। হযরত ওমর (রা.) এ ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সবসময় বলতেন, 'পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না'। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিসে-শূরা বা মন্ত্রণাপরিষদ নামে পরিচিত। এটি দুই ভাগে বিভক্ত। যথা- ১. মজলিশ আল-খাস এবং ২. মজলিস আল-আম।

১. মজলিস আল-খাস: মজলিস আল-খাস ছিল উচ্চ পরিষদ। এটিকে Cabinet বলা হয়। এ পরিষদের সদস্য ছিলেন হযরত ওসমান (রা.), হযরত আলী (রা.), তালহা (রা.), যুবায়ের (রা.) আবদুর রহমান বিন আউফ (রা.) প্রমুখ বিশিষ্ট সাহাবি। মদিনা মসজিদে এ মন্ত্রণাপরিষদের সভা অনুষ্ঠিত হতো। মজলিস আল-খাসের পরামর্শ ছাড়া ওমর (রা.) কোনো কাজ সম্পাদন করতেন না। খলিফা মজলিস আল-খাসের পরামর্শক্রমে প্রশাসনে কর্মচারী, প্রাদেশিক শাসনকর্তা, বিচারক নিয়োগ দিতেন। এটি ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি।

**২. মজলিশ আল-আম: **মজলিস আল-আমের সদস্য ছিলেন প্রাদেশিক শাসক, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজির ও আনসাররা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস আল-আমের বৈঠক ডাকা হতো এবং সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতো।

বাংলাদেশের জাতীয় সংসদ আইন প্রণয়ন করলেও উমরের মজলিস-উশ-শূরা মূলত উপদেষ্টা পরিষদের ভূমিকা পালন করত। তাই গঠন প্রক্রিয়া ও কার্যপরিধির সাথে বাংলাদেশের জাতীয় সংসদের বিভিন্ন পার্থক্য রয়েছে।

নিকোপলিশের যুদ্ধ মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ভাগ্য নির্ধারণী যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে সুলতান বায়েজীদ পরাজিত হলে তাকে ইউরোপ থেকে বিতাড়িত হতে হতো। এ যুদ্ধে বিজয়ের ফলে ওসমানীয়দের গোটা ইউরোপ বিজয়ের পথ উন্মুক্ত হয়ে যায়। নিকোপলিশের যুদ্ধের পর বলকান অঞ্চলের ওয়ালেচিয়া, স্টাইরিয়া, হাঙ্গেরি, মোবিয়াসহ অধিকাংশ রাজ্য ওসমানীয় সুলতান বায়েজীদের সামাজ্যের অন্তর্ভুক্ত হয়।
৪. সেতুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
জেরুজালেম জয়ে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল- ব্যাখ্যা কর।
খলিফা উমর (রা.)-এর শাসনামলের কোন যুদ্ধ নিকোপলিশের যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে খলিফা উমর (রা.)-এর পারস্য বিজয়ের ঘটনাবলি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সেতুর যুদ্ধ ৬৩৪ সালে সংঘটিত হয়েছিল।
(খ)
জেরুজালেম জয়ে ভৃত্যের প্রতি মহানুভবতার মাধ্যমে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল। উমর (রা.) সময়ে মুসলমানরা জেরুজালেম দখল করলে তিনি নিজে ভৃত্যসহকারে - সেখানে গমন করেন। তিনি সাধারণভাবে একটি উটে আরোহণ করে এ যাত্রা করেন। তিনি নিজে একবার উটের রশি ধরে টানেন ভৃত্য উটের পিঠে ওঠে আবার ভৃত্য রশি টানে তিনি উটের পিঠে উঠেন। এভাবে পালাক্রমে যখন জেরুজালেম পৌঁছান তখন ভৃত্য উটের পিঠে ছিল। সবাই ভৃত্যকে খলিফা ভেবে সাদরে গ্রহণ করেন। কিন্তু খলিফার আসল পরিচয় জেনে সবাই খলিফার মহত্ত্বে মোহিত হন।
(গ)

খলিফা উমর (রা.)-এর শাসনামলের নিকোপলিশের যুদ্ধের সাথে কাদেসিয়ার যুদ্ধ সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে দেখা যায়, নিকোপলিশের যুদ্ধ মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ভাগ্য নির্ধারণী যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে সুলতান বায়েজীদ পরাজিত হলে তাকে ইউরোপ থেকে বিতাড়িত হতে হতো। এ যুদ্ধে বিজয়ের ফলে ওসমানীয়দের গোটা ইউরোপ বিজয়ের পথ উন্মুক্ত হয়ে যায়। নিকোপলিশের যুদ্ধের পর বলকান অঞ্চলের ওয়ালেচিয়া, স্টাইরিয়া, হাঙ্গেরি, মোবিয়াসহ অধিকাংশ রাজ্য ওসমানীয় সুলতান বায়েজীদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। যা উমর (রা.)-এর পারস্য বিজয়ের সময়ে সংঘটিত কাদেসিয়ার যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।

বুয়ায়েবের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ মহাবীর রুস্তমের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী গঠন করে। খলিফা উমর (রা.) সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রধান সেনাপতি নিযুক্ত করে এক বিশাল বাহিনী 'কাদেসিয়ার প্রান্তরে' প্রেরণ করেন। ৬৩৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিন দিনব্যাপী তুমুল যুদ্ধ হয়। আরবরা প্রথমদিনকে 'বিশৃঙ্খলার দিন বা ইয়াওমুল আরমাস' বলে অভিহিত করেন। দ্বিতীয় দিনটিকে বলা হয় 'সাহায্যের দিন বা ইয়াওমুল আগওয়াহ'। তৃতীয় দিনটিকে বলা হয় দুর্দশার দিন বা 'ইয়াওমুল উম্মাছ'। তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চলায় একে 'লাইলাতুল হারির' বলা হয়। এ যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়। ইসলামের ইতিহাসে কাদেসিয়ার যুদ্ধের গুরুত্ব' বিশেষ তাৎপর্যপূর্ণ। এ যুদ্ধে পারসিক বাহিনীর বীর সেনানি রুস্তম নিহত হলে পারসিকদের মেরুদন্ড ভেঙে যায়। টাইগ্রিস নদীর পশ্চিম দিকসহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে। ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। কাদেসিয়ার যুদ্ধ ছিল একটি মীমাংসাত্মক যুদ্ধ। এ যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে উদ্বুদ্ধ করে।

তাই নিকোপলিশের যুদ্ধের সাথে কাদেসিয়ার যুদ্ধ অধিক সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

খলিফা উমর (রা.) ৬৩৪ সাল থেকে ৬৪১ সাল পর্যন্ত অভিযান পরিচালনা করে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন; সমগ্র ইরানের দখল ও সংহতি তাঁর শাসনামলেই সম্পূর্ণ হয়নি।

পারস্য বিজয়ের প্রথম যুদ্ধ ছিল ব্যাবিলনের যুদ্ধ। প্রথম খলিফা আবু বকর (রা.)-এর খিলাফতকালে ৬৩৪ খ্রিস্টাব্দে ব্যাবিলনের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলমানরা জয়ী হয়। ইতোমধ্যে খলিফা আবু বকর (রা.) মারা যান এবং ওমর (রা.) খিলাফত লাভ করেন। পারস্য সম্রাট ব্যাবিলনে পরাজয়ের সংবাদে সুদক্ষ সেনাপতি রুস্তমের অধীনে এক বিরাট বাহিনীকে হীরা দখলের জন্য পাঠালে মুসান্না ও আবু ওবায়দা নামারক নামক স্থানে পারসিকদের সাথে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে পারসিকরা পরাজিত হয় এবং হীরা মুসলমানদের দখলে থাকে। ব্যাবিলনের নিকটবর্তী একটি অঞ্চলে ফোরাত নদীর তীর সংলগ্ন ৬৩৪ খ্রিষ্টাব্দে ২৬ নভেম্বর সাকীফ গোত্রের আবু উবাইদার নেতৃত্বে মুসলিম বাহিনীর সাথে পারসিক বাহিনীর সেতুর যুদ্ধ হয়। এ যুদ্ধে মুসলিম বাহিনী হেরে যায়। এ যুদ্ধে ছয় হাজার মুসলিম সৈন্য শাহাদতবরণ করেন। সেতুর যুদ্ধে মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনে হযরত উমর (রা.) আরও অধিক সৈন্য প্রেরণ করেন ও যুদ্ধ কৌশল নির্ধারণ করে দেন। ৬৩৫ খ্রিস্টাব্দে মুসান্নার নেতৃত্বে প্রেরিত বাহিনীর সাথে বুয়ায়েব প্রান্তরে সংঘটিত যুদ্ধে পারসিক সেনাপতি মেহরানসহ বহু সৈন্য নিহত হয়। এ যুদ্ধের ফলে মাদাইন পর্যন্ত সমগ্র ভূভাগ মুসলমানদের পতাকাতলে আসে। বুয়ায়েব যুদ্ধের পরে পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসিফোনে রাজনৈতিক পরিবর্তন দেখা দেয়। ক্ষমতায় আসেন ইয়াজদ জারদ। তিনি ছিলেন অল্পবয়সি। তিনি মহাবীর রুস্তমের নেতৃত্বাধীন ১,২০,০০০ সৈন্যের বাহিনী মুসলিম বাহিনীর মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়। হযরত উমর (রা.) ৩০,০০০ সৈন্যের একটি বাহিনী সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাপতিত্বে প্রেরণ করেন। ৬৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কাদেসিয়ার প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয় এবং মুসলিমরা বিজয়ী হয়। কাদেসিয়ার যুদ্ধে পরাজয় বরণ পারস্য সাম্রাজ্যের ভিত্তিতে আঘাত হানে। এ যুদ্ধের ফলাফল গোটা পারস্য সাম্রাজ্য দখলের সূচনা করে।

মাদাইন ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী। বিনা প্রতিরোধে ৬৩৭সালের জুনে এককালের পৃথিবীর বৃহৎশক্তি পারস্য সাম্রাজ্যের রাজধানী মুসলমানদের দখলে আসে। মাদাইন থেকে একশত মাইল দূরে অবস্থিত জালুলার দুর্গ। পারস্য সম্রাট ইয়াজদ জারদ হুলওয়ানে অবস্থিত জালুলার দুর্গ দখল করলে, মুসলিম সেনাপতি হাশিম ও কা'কা ফুলওয়ান দখল করে। ৬৪১ খ্রিস্টাব্দে হামাদানের নিকটবর্তী নিহাওয়ান্দে মুসলিম সৈন্যবাহিনীর সাথে পারসিকদের যুদ্ধে মুসলিম পক্ষ বিজয়ী হয়। বিভিন্ন স্থানে পালিয়ে থেকে ৬৫১ সালে তুর্কিস্তানের এক গ্রামে ধৃত হয়ে পারস্য সম্রাট ইয়াজদ-জারদ নিহত হন। এ যুদ্ধের ফলে পারস্যদের শক্তি নিঃশেষ হয়ে পড়ে এবং মুসলমানদের বিপক্ষে প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে। মুসলমানগণ একে একে ফারস, কিরমান, সিস্তান, খুজিস্তান, মাফরান, খোরাসান ও আজারবাইজান দখল করেন। এভাবে সমগ্র পারস্য মুসলমানরা বিজয় করে।

যশোর বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।