বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ইসলামের ইতিহাস ২য় পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আরাকানের বন্দর অতিক্রম করার সময় প্রায়ই বাংলার বণিকেরা জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে বাংলার রাজা বারবার আরাকানের রাজাকে চিঠি প্রদান করলেও তা কোনো কাজে আসেনি। একবার রাজার জন্য পাঠানো উপহার ভর্তি জাহাজ আরাকানের বন্দরে লুট হলো। এতে বাংলার রাজা ক্ষুদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন আরাকানের রাজাকে শায়েস্তা করতে হবে এবং তিনি আরাকানে অভিযান পাঠিয়ে আরাকান জয় করলেন।
১. রাজা দাহির কে ছিলেন।
জওহর ব্রত কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত ঘটনার ফলাফল বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
রাজা দাহির ছিলেন মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা।
(খ)

প্রাচীনকালে হিন্দু নারীরা নিজেদের সম্মান রক্ষার্থে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিত, যেটি ইতিহাসে 'জওহর ব্রত' নামে পরিচিত।

ভারতীয় উপমহাদেশের ইতিহাসে 'জওহর ব্রত' পালন একটি বিশেষ ঘটনা। প্রাচীনকালে হিন্দু নারীরা বিশেষ করে রাজপুত নারীরা নিজেদের আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য এটি পালন করত। আরবদের সিন্ধু বিজয়ের সময় (৭১২ খ্রি.) রাজা দাহিরের স্ত্রী রানীবাঈ অন্তঃপুরের অন্যান্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে জওহর ব্রত' পালন করেছিলেন।

(গ)

উদ্দীপকের সাথে আরবদের সিন্ধু অভিযানের সাদৃশ্য রয়েছে মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় এক যুগান্তকারী ঘটনা। এ ঘটনাকে পরবর্তী যুগের ওপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করেছে। ঐতিহাসিকেরা আরবদের সিন্ধু অভিযানের পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষ দু'ধরনের কারণই ক্রিয়াশীল ছিল বলে মনে করেন। উদ্দীপকে বর্ণিত আক্রমণের মাধ্যমে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, আরাকান বন্দর অতিক্রম করার সময় প্রায়ই বাংলার বণিকেরা জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হয়। এতে বাংলার রাজা বারবার আরাকানের রাজাকে চিঠি প্রদান করলেও তা কোন কাজে আসেনি। একবার রাজার জন্য পাঠানো উপহার ভর্তি জাহাজ আরাকানের বন্দরে লুট হলো। এতে বাংলার রাজা ক্ষুদ্ধ হয়ে আরাকানের রাজাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিলেন এবং আরাকানে অভিযান পাঠিয়ে আরাকান জয় করলেন। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রে এমনটি দেখা যায়। সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুরা মুসলমানদের ৮টি জাহাজ লুট করে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কা) রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার-পরিজনও জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুদ্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও মুলতানে অভিযান প্রেরণ করে তা বিজয় করেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

(ঘ)

উক্ত অভিযান অর্থাৎ সিন্ধু অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। আরবদের সিন্ধু বিজয়ের পথ ধরে পরবর্তী সময়ে মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে। সিন্ধু বিজয়ের পর আরব সৈন্যদের মধ্যে অনেকেই ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। তারা বিজিত অঞ্চলসমূহে রাস্তাঘাট নির্মাণ করে। এছাড়াও ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ফলাফল লক্ষ করা যায়। এজন্য ইতিহাসবিদ টড 'রাজস্থানের ইতিহাস' গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়কে গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন।

সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও এর ধর্মীয় ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এ বিজয়ের ফলে অসংখ্য পির-দরবেশ ভারত উপমহাদেশে ধর্ম প্রচারের জন্য আসেন; যাদের প্রভাবে সাম্য, মৈত্রী, উদারতা ও সহিষ্ণুতার প্রতীক ইসলাম ধর্মে দলে দলে নির্যাতিত সম্প্রদায় যোগদান করতে থাকে। সিন্ধু ও মুলতানে আরব প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার পর আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সিন্ধু বিজয়ের মাধ্যমে আরবরা সর্বপ্রথম হিন্দু সম্প্রদায়ের নিবিড় সংস্পর্শে আসার সুযোগ পায়। ফলে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। আর্য ও সেমেটিক জাতির এ মিলন ভারতবর্ষে নতুন সমাজব্যবস্থার সৃষ্টি করে। আরবদের কল্যাণমুখী শাসন, ধর্মীয় স্বাধীনতা প্রদান, ধর্মীয় উপাসনালয়গুলো সংরক্ষণ প্রভৃতি কাজ উভয়ের মধ্যে আস্থা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে হিন্দু- মুসলমানদের এ সহাবস্থানই পরবর্তী সময়ে ভারতে নতুন সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল।

উপরের আলোচনা থেকে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বিজয় ছিল মুসলমানদের জন্য এক যুগান্তকারী ঘটনা ।

শারজিল শাহ প্রায় প্রতিবছরই পাশের রাজ্যগুলোকে আক্রমণ করে প্রচুর ধনসম্পদ হস্তগত করেন। কিন্তু তিনি অভিযান শেষে নিজ দেশে ফিরে যান প্রতিবারই। লুণ্ঠনকৃত ধনসম্পদ নিজ দেশের উন্নয়ন কাজে ব্যয় করেন। সম্প্রতি তিনি একটি উপাসনালয়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধনসম্পদ লুণ্ঠন করেছে।
২. কাকে জাহানসুজ বলা হয়?
ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত শারজিল শাহের আক্রমণের সাথে ভারতবর্ষের কোন মুসলিম শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত শাসকের ষোড়শ অভিযানের ফলাফল মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
ঘুরি বংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হোসেনকে জাহানসুজ বলা হয়।
(খ)

ভারতবর্ষে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষ বসবাস করায় এটিকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয় ।

আদিবাসীর পাশাপাশি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বহু জাতিগোষ্ঠীর মানুষ ভারতে প্রবেশ করেছে। প্রাচীনকালে আর্য, দ্রাবিড়, পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন এবং মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল প্রভৃতি জাতি এদেশে এসেছে। এছাড়া আধুনিক যুগে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকগোষ্ঠীর আগমনের ফলে ভারতবর্ষ বহু জাতিগোষ্ঠীর মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। এ কারণে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলে অভিহিত করেছেন।

(গ)

উদ্দীপকে উল্লিখিত শারজিল শাহের আক্রমণের সাথে ভারতবর্ষে সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে।

উদ্দীপকের শারজিল শাহ সুলতান মাহমুদের মতোই একজন দিগ্বিজয়ী বীর । তিনিও সুলতান মাহমুদের মতো পাশের রাজ্যগুলো আক্রমণ করে প্রচুর ধনসম্পদ হস্তগত করেন। সুলতান মাহমুদের মতোই লুণ্ঠনকৃত সম্পদ দ্বারা নিজ দেশের উন্নয়ন কাজে ব্যয় করেন। তার একটি উপাসনালয়ে অভিযান পরিচালনা সুলতান মাহমুদের সোমনাথ মন্দির বিজয়ের সাথে তুলনীয়।

ভারতে পরিচালিত সুলতান মাহমুদের অভিযানগুলোর মধ্যে চালুক্য রাজ্যের অন্তর্ভুক্ত কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির আক্রমণ ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। এটি ছিল ভারতবর্ষে তার ষোড়শ অভিযান। ঐতিহাসিক ইবনুল আমির, ইবনে খালদুন, ফিরিশতা, আধুনিক গবেষক W. Haig প্রমুখের মতে, সোমনাথ বিজয় মাহমুদের সাধ্যের বাইরে বলে মন্দিরের পুরোহিতগণ উল্লাস করছিল। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে সুলতান মাহমুদ এক বিরাট ও শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ১০২৬ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি সোমনাথের দ্বারে উপস্থিত হন। গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় হিন্দুরা প্রবল বাধা দান করেও সুলতানের কাছে পরাজিত হন। এভাবে সোমনাথ জয় করে সুলতান মাহমুদ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীরে পরিণত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শারজিল শাহের সাথে সুলতান মাহমুদ সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

সুলতান মাহমুদের ষোড়শ অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।

সোমনাথ মন্দির বিজয় (১০২৬ খ্রি.) ছিল সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অভিযানে সফলতা লাভ সুলতান মাহমুদের অন্যতম কৃতিত্ব। তবে বলার অপেক্ষা রাখে না যে, তার এ অভিযানে ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের ব্যাপক ক্ষতি হয়। তবে এর কিছু ইতিবাচক প্রভাবও বিদ্যমান।

স্থানীয় হিন্দুরা বাধা দিলেও সুলতান মাহমুদ. সোমনাথ মন্দির বিজয় করতে সক্ষম হন। এটি আক্রমণ করে মন্দিরের প্রায় ৩০০ দেব-দেবীর মূর্তি বিচূর্ণ করা হয়। এ মন্দির থেকে সুলতান মাহমুদ দু'কোটি স্বর্ণমুদ্রা এবং ২'শ মণ অলংকার সংগ্রহ করেন। ঐতিহাসিক ড. ঈশ্বরী প্রসাদ বলেন, ‘সোমনাথ বিজয় মাহমুদের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে।' ড. নাজিম বলেন, ‘সোমনাথ অভিযান ইসলামের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক কাৰ্য।' সুলতান মাহমুদ তার এই অভিযান থেকে প্রাপ্ত সম্পদ দিয়ে গজনির উন্নতি ও সমৃদ্ধি করেন। ফলে গজনি ইতিহাসের প্রসিদ্ধ নগরীতে পরিণত হয়। অপরদিকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়।

পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ষোড়শ অভিযান ছিল সফলতার দীপ্ততায় পরিপূর্ণ।

পারস্যের রাজা সিংহাসনে আরোহণ করে বেশ কয়েকবার রাজস্থানে অভিযান পরিচালনা করে ব্যর্থ হন। এ কারণে তিনি রাজস্থান বাদ দিয়ে কনৌজে আক্রমণ চালান। প্রথমবার তিনি কনৌজ জয়ে ব্যর্থ হলেও দ্বিতীয়বার কনৌজের রাজাকে পরাজিত করে সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন
৩. শাহনামা কে রচনা করেন?
রাজা পৃথ্বিরাজের সাথে জয়চন্দ্রের বিরোধের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত পারস্যের রাজার সাথে কোন মুসলিম শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
“উক্ত শাসক ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন”— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
মহাকবি আবুল কাসেম ফেরদৌসি শাহনামা রচনা করেন।
(খ)

রাজা জয়চাদের সাথে পৃথ্বিরাজের দ্বন্দ্বের মূল কারণ হলো জয়চাঁদের মেয়ে সংযুক্তা।

চৌহান বংশের রাজপুত রাজা পৃথ্বিরাজ দিল্লি ও আজমিরের শাসক ছিলেন। আর কনৌজের রাজা ছিলেন জয়চাঁদ। জয়চাঁদের মেয়ের অসাধারণ রূপ-লাবণ্যে মুগ্ধ হয়ে পৃথ্বিরাজ তার প্রেমে পড়েন। আর পৃথ্বিরাজের অসাধারণ বীরত্বের কথা শুনে সংযুক্তাও তাকে ভালোবাসেন। কিন্তু রাজা জয়চাদ তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। তিনি তড়িঘড়ি করে রাজকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেন। এ সভার আগে তিনি বিশাল এক রাজকীয় যজ্ঞের আয়োজন করেন। এ যজ্ঞস্থল থেকে রাজা পৃথ্বিরাজ সংযুক্তাকে নিয়ে যান। এ কারণে রাজা জয়চাদের সাথে পৃথ্বিরাজের যুদ্ধ বাধে।

(গ)

উদ্দীপকের পারস্যের রাজার অভিযানের সাথে মুহাম্মদ ঘুরির তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের মিল রয়েছে।

মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। এ উদ্দেশ্যে তিনি সিন্ধু, মুলতান ও পাঞ্জাব অধিকার করে দিল্লি ও আজমিরের শাসক পৃথ্বিরাজের মুখোমুখি হন। এ পর্যায়ে তিনি যে যুদ্ধ পরিচালনা করেছেন উদ্দীপকের অভিযানের মাধ্যমে তার প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকের পারস্যের রাজা রাজস্থানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন। পরে তিনি কনৌজ আক্রমণ করেও ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয়বার অভিযান পরিচালনা করে তিনি সফল হন। মুহাম্মদ ঘুরির ক্ষেত্রেও এমনটি দেখা যায়। ১১৮৯ খ্রিষ্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজ্যের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবিলার উদ্দেশ্যে পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন । কনৌজ রাজা জয়চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজন্য এতে যোগ দেন। ১১৯১ খ্রিষ্টাব্দে থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী ও মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মুহাম্মদ ঘুরি আহত হয়ে পালিয়ে যান। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। এ অবস্থায় ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবিলায় পৃথ্বিরাজ তিন লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বিরাজের পতাকাতলে সমবেত হয়েছিলেন বলে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ উল্লেখ করেছেন। তরাইন প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। পালিয়ে যাওয়ার সময় রাজা পৃথ্বিরাজ ধরা পড়েন ও পরে নিহত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের অভিযানের সাথে মুহাম্মদ ঘুরির তরাইনের যুদ্ধের মিল রয়েছে।

(ঘ)

ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় মুহাম্মদ ঘুরির অবদান অতুলনীয়।

মুহাম্মদ ঘুরি নিজ দক্ষতায় গজনি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ঘুর সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ, দক্ষ সমরবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। অদম্য সাহস, অসীম ধৈর্য এবং অভিনব ও উন্নত যুদ্ধ কৌশলের সাহায্যে তিনি আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত একটি সুবৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ ঘুরির ভারত অভিযান ও রাজ্যবিস্তার তার পূর্ব পরিকল্পনাপ্রসূত ছিল। কারণ তিনি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই ভারত অভিমুখে অগ্রসর হয়েছিলেন।

ভারতের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ নিয়ে মুহাম্মদ ঘুরি লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালান। সুযোগ্য ক্রীতদাস সেনাপতি কুতুবউদ্দিন আইবেক, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির সহায়তায় তিনি ভারত অভিযানে সফল হন। বস্তুত ঘুরির ভারত অভিযানের পর থেকেই ধারাবাহিকভাবে ভারতে মুসলিম রাজ্য বিজয় এবং রাজত্বকালের সূচনা হয়। তার আগে মুহাম্মদ বিন কাসিম এবং সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করলেও তারা সেখানে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। ঘুরির আক্রমণের ফলেই উত্তর ভারতের এক বিস্তীর্ণ অংশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে বিজিত অঞ্চলের শাসক নিযুক্ত করে তিনি এসব অঞ্চলে মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব সুনিশ্চিত করেন। ঘুরি ভারতে যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন, তা প্রায় ৭০০ বছর স্থায়ী হয়েছিল। তাই ভারত উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় ঘুরির নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে।

সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মুহাম্মদ ঘুরি ভারতীয় হিন্দু রাজাগণকে পরাভূত করে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তাই তাকেই ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়।

এক মুঘল সম্রাট গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন 'জান্নাতাবাদ'। সম্রাট হিসেবে রাষ্ট্র পরিচালনায় তিনি প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে তিনি আফগান নেতা শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন । তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
৪. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
বৈরাম খানের পরিচয় প্রদান করো।
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন মুঘল সম্রাটের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মুঘল-আফগান যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।
(খ)
বৈরাম খান ছিলেন সম্রাট আকবরের সাম্রাজ্যের প্রধান উজির। খান-ই-খানান উপাধি প্রাপ্ত বৈরাম খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদাখশানের অধিবাসী। শিয়া মতাবলম্বী বৈরাম খানের পিতা সাইফ আলী বেগ এবং পিতামহ উভয়েই বাবরের অধীনে চাকরি করতেন। বৈরামখান ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা এবং অভিজ্ঞ শাসক। সম্রাট বাবরের শাসনামলে বৈরাম খান মুঘল সেনাবাহিনীতে যোগদান করেন। মুঘল রাজ পরিবারের প্রতি বৈরাম খানের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। হুমায়ুনের দুর্দিনে বৈরাম খান তার পাশে থেকে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে সহায়তা করেন। এছাড়াও সম্রাট আকবরের অভিভাবক হিসেবে চরম দুর্দিনে তিনি তাকে সর্বোতভাবে সাহায্য করে মুঘল সাম্রাজ্যের একটি শক্তিশালী ভিত রচনা করতে ভূমিকা রাখেন। বৈরাম খান ১৫৬১ খ্রিস্টাব্দে নিহত হন।
(গ)

উদ্দীপকের সাথে ভারতবর্ষের মুঘল সম্রাট হুমায়ুনের মিল রয়েছে। ভারতবর্ষে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ূন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহণের পরপরই শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে তিনি রাজ্যহারা হন। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে।

উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাট গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন জান্নাতাবাদ তিনি রাষ্ট্র পরিচালনায় প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে আফগান নেতা শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এ সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের ঘটনা সাদৃশ্যপূর্ণ । তিনি ১৫৪০ খ্রিষ্টাব্দে সংঘটিত কনৌজের যুদ্ধে আফগান নেতা শেরশাহের কাছে মর্মান্তিকভাবে পরাজিত হন। সিংহাসনচ্যুত হয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় পান। পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার অধিকার করেন। এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। এ সময় শেরশাহের মৃত্যুতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মুঘল সম্রাট হুমায়ূন এর সাদৃশ্য রয়েছে।

(ঘ)

মুঘল আফগান যুদ্ধের ফলাফল ছিল সুদৃঢ়প্রসারী। কেননা এ যুদ্ধের ফলেই মুঘলরা দীর্ঘ ১৫ বছর রাজ্যহারা ছিল।

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন হুমায়ূন। তার নামের অর্থ সৌভাগ্যবান হলেও তার নাম কখনো তার সাথে সুবিচার করেনি। সিংহাসনে আরোহণ করে তিনি আত্মীয়-স্বজন ও ভাইদের বিরোধিতার সম্মুখীন হন। এমনকি প্রয়োজনীয় মুহূর্তে তাদের সাহায্য লাভ করেননি। ফলে হুমায়ুন চৌসা ও কনৌজের যুদ্ধে আফগান দলপতি শেরশাহের নিকট পরাজিত হয়ে রাজ্যহারা হন। যার দরুন মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেদ টেনে শেরশাহ ভারতে শুর আফগান বংশের শাসনের সূত্রপাত করেন। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়।

পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত হয়। ১৫২৬ সালে বাবর আফগান সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট হুমায়ুনের সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সম্রাট হুমায়ুনের সময় আফগানরা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে হুমায়ুন আফগান নেতা শেরশাহের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। কিন্তু ভ্রাতৃবিদ্রোহ, আত্মীয়স্বজনদের শত্রুতা ও ব্যক্তিগত দুর্বলতার কারণে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন। ভারতের ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। বস্তুত ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল- আফগান যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এ যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি হয়। ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । হুমায়ুন সিংহাসনচ্যুত হয়ে ১৫৫৫ খ্রি. পর্যন্ত অসহায় পলাতকদের মতো দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান ।

সার্বিক আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের একটি যতি চিহ্ন এঁকে শেরশাহের নেতৃত্বে আফগানরা সম্রাট হুমায়ুনকে রাজ্যহারা করিয়ে দীর্ঘ ১৫ বছর শাসন করেন তা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।