বরিশাল বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ২য় পত্র

বরিশাল বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রাজিব যে সমাজে বসবাস করত সে সমাজটি নানা জাতিভেদ প্রথা ও শ্রেণি বৈষম্যে বিভক্ত ছিল। সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত-এ চার শ্রেণির মানুষ বসবাস করত। সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ছিল প্রকট। অধিকাংশ লোক নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিতে বসবাস করলেও তাদের তেমন কোনো অধিকার বা সামাজিক মর্যাদা ছিল না। প্রথম দুই শ্রেণিই সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত এবং তাদের হাতেই ছিল মূলত সকল ক্ষমতা।
১. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
ভারতবর্ষকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয় কেন?
উদ্দীপকে বর্ণিত সমাজের সাথে প্রাক মুসলিম ভারতের কোন সমাজের বৈষম্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা যেন প্রাক মুসলিম ভারতবর্ষের আর্থসামাজিক চিত্র- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোর।
(খ)
৩,৪০০ মাইল সমুদ্র সমতট সংবলিত ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। আর্যদের আগমন থেকে শুরু করে আধুনিককালে ইউরোপীয়দের আগমন পর্যন্ত বহু জাতি ভারতে প্রবেশ করেছে। প্রাচীন যুগে আর্য, দ্রাবিড়, পারসিক প্রভৃতি; মধ্যযুগে আরব, তুর্কি, আফগান, মুঘল এবং আধুনিক যুগে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। ফলে ভারতবর্ষ এক মহামানবের সাগরে পরিণত হয়েছে। মূলত এজন্যই ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে আখ্যা দিয়েছেন।
(গ)

উদ্দীপকে বর্ণিত সমাজের সাথে প্রাক-মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের সাদৃশ্য রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, রাজিব যে সমাজে বসবাস করত সে সমাজটি নানা জাতিভেদ প্রথা ও শ্রেণি বৈষম্যে বিভক্ত ছিল। সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য ছিল প্রকট। নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের তেমন কোনো অধিকার বা সামাজিক মর্যাদা ছিল না। প্রথম দুই শ্রেণিই সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত এবং তাদের হাতেই ছিল মূলত সকল ক্ষমতা। যা প্রাক মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের অনুরূপ। আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল। তখন ভারতবর্ষের সমাজব্যবস্থায় বর্ণভেদ প্রথা চালু ছিল। পেশাগত ভিত্তিতে সমাজ ৪টি শ্রেণিতে বিভক্ত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চারটি বর্ণ বিদ্যমান ছিল। ব্রাহ্মণরা পূজা-অর্চনা পরিচালনা ও অধ্যাপনা করত। ক্ষত্রিয়রা পেশায় ছিল সৈনিক। বৈশ্যরা ব্যবসায় বাণিজ্য করত। আর শূদ্ররা কৃষিকাজ, মৎস্য শিকার ও অন্যান্য কাজ করত। সমাজে বৈশ্য ও শূদ্রদের সংখ্যা বেশি হলেও তারা ছিল অবহেলিত ও বঞ্চিত। তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতো। অন্যদিকে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা ছিল সমাজে মর্যাদাবান। ধর্মকর্ম ও শিক্ষাদীক্ষায় তাদের একাধিপত্য ছিল। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা অন্য বর্ণের লোকের সাথে সামাজিক মেলামেশা করত না।

এক বর্ণের সাথে অন্য বর্ণের লোকের বিবাহ হতো না। সমাজে সহমরণ প্রথা চালু ছিল। বর্ণভেদ প্রথা এতই প্রকট ছিল যে, ব্রাহ্মণরা শূদ্রদের অস্পৃশ্য বলে মনে করত। তারা শূদ্রদের ছায়া মাড়াত না। এতে নাকি তারা অপবিত্র হয়ে যেত। এমনকি শূদ্রদের গীতা শোনাও নিষিদ্ধ ছিল।
অতএব, উদ্দীপকে বর্ণিত সমাজের সাথে প্রাক মুসলিম ভারতের হিন্দু সমাজের বৈষম্যের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত সমাজের অবস্থা যেন প্রাক-মুসলিম ভারতবর্ষের আর্থসামাজিক চিত্র- মন্তব্যটি যথার্থ।

মুহাম্মদ বিন কাসিম ও সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতের সামাজিক অবস্থা শোচনীয় ছিল এবং এখানে জাতিভেদ ও বর্ণভেদ প্রথা ছিল প্রকট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার শ্রেণিতে হিন্দু সমাজ বিভক্ত ছিল। এক শ্রেণির সাথে অন্য শ্রেণির ছেলেমেয়ের বিয়েশাদী, সামাজিক লেনদেন কল্পনাই করা যেত না। এসময়ে শূদ্রদের ধর্মীয় বাণী শোনার অধিকার থেকে বঞ্চিত করা হতো। তারা নানা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। সামাজিক বিভেদ জাতীয় চেতনা গঠনের অন্তরায় ছিল। সকল সুযোগ-সুবিধা ব্রাহ্মণরা ভোগ করত। বর্ণভেদজনিত কারণে ব্রাহ্মণরা সাধারণত ধর্ম-কর্ম ও আচার-অনুষ্ঠানে ব্যস্ত থাকত। ক্ষত্রিয়রা যুদ্ধবিগ্রহ, বৈশ্যরা ব্যবসায় বাণিজ্য ও শূদ্ররা কৃষি ও সাধারণ বৃত্তি পেশায় নিয়োজিত ছিল। গবেষক ও অধ্যাপক মুহাম্মদ ইনাম-উল-হক বলেন, "হিন্দুদের মধ্যে শ্রেণিবিভাগ নীতি নিম্নস্তরের লোকদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে।" সমাজে একাধিক বিবাহ প্রথা প্রচলিত থাকলেও বিধবা বিবাহ প্রথার প্রচলন ছিল না। প্রাচীন ভারতে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে সহমরণ বরণ করতে হতো- যা সতীদাহ প্রথা নামে খ্যাত। সতীদাহ বলতে বোঝায় স্বামী মারা গেলে স্ত্রীকে সামাজিক রীতি অনুযায়ী স্বামীর চিতায় পুড়িয়ে মারার রীতি। সমাজে অস্পৃশ্যতাও বজায় ছিল। মৌর্যযুগে ভারতবর্ষে দাসপ্রথা সামাজিক অনুশাসনে পরিণত হয়। নারীদের হাটবাজারে ক্রয়-বিক্রয় করা হতো এবং তাদেরকে প্রাসাদে দাসদাসীরূপে নিয়োগ করা হতো। তবে মৌর্য যুগে ভারতীয় সমাজে নারীদের মর্যাদা ছিল এবং তারা সাহিত্য ও দর্শনে কৃতিত্বের অধিকারী ছিল। হিন্দুধর্ম ও সমাজের ওপর মন্তব্য প্রসঙ্গে ড. ঈশ্বরীপ্রসাদ বলেন, "ধর্ম কুসংস্কারে ভারাক্রান্ত ছিল এবং সমাজ একটি কঠোর বর্ণ নীতির আওতায় আবদ্ধ ছিল। যা বিভিন্ন দলের মধ্যে ঐক্য স্থাপনকে অসম্ভব করে তুলেছিল।" সামন্ততান্ত্রিক অর্থব্যবস্থায় রাজা, ব্রাহ্মণ ও অভিজাতদের তুলনায় নিম্নবর্ণের লোকদের নিদারুণ কষ্টভোগ করতে হতো। কৃষককুল হাড়ভাঙা পরিশ্রম করলেও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো।

পরিশেষে বলা যায়, উদ্দীপকে প্রাক-মুসলিম ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার অনুরূপ চিত্র ফুটে ওঠেছে।

অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করেন। তিনি সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। প্রত্যেক অভিযানে তিনি জয়লাভ করলেও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে বরং বিপুল পরিমাণ ধনসম্পদ নিয়ে নিজ সাম্রাজ্যে ফিরে আসেন। এতে করে একদিকে যেমন তার সাম্রাজ্য নানাভাবে সমৃদ্ধিশালী হয় তেমন অন্যদিকে, সীমান্তবর্তী রাজ্যগুলো তার বশ্যতা স্বীকার করে নেয়।
২. মুহাম্মদ বিন কাসিম কত খ্রিষ্টাব্দে সিন্ধু বিজয় করেন?
আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উদ্দীপকে উল্লিখিত সুলতান সুলেমানের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের মতো তোমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন- উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু বিজয় করেন।
(খ)
সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ হলো- সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানদের আটটি জাহাজ লুণ্ঠন। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। হাজ্জাজ রাজা দাহিরের নিকট এর ক্ষতিপূরণ দাবি করলে রাজা দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। ফলে ক্ষুব্ধ হাজ্জাজ, সিন্ধুতে অভিযান প্রেরণ করেন।
(গ)

উদ্দীপকের উল্লিখিত সুলতান সুলেমানের সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করেন। তিনি সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। প্রত্যেক অভিযানে তিনি জয়লাভ করলেও স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা না করে বরং বিপুল পরিমাণ ধনসম্পদ নিয়ে নিজ সাম্রাজ্যে ফিরে আসেন। উদ্দীপকের সুলতান সুলেমান কর্মকান্ডের সাথে সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিস্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। এতে করে একদিকে যেমন তার সাম্রাজ্য নানাভাবে সমৃদ্ধিশালী হয় তেমন অন্যদিকে, সীমান্তবর্তী রাজ্যগুলো তার বশ্যতা স্বীকার করে নেয়।

অতএব উদ্দীপকের সুলতান সুলেমানের অভিযানের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উক্ত শাসকের মতো আমার পাঠ্যবইয়ের শাসকও একই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন-উক্তিটি যথার্থ। কেননা অটোমান সিংহাসনে আরোহণ করে সুলতান সুলেমান সুসজ্জিত সামরিক বাহিনী গঠন করে সাম্রাজ্যের সমৃদ্ধি ও সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসহ নানা কারণে পার্শ্ববর্তী রাজ্যসমূহে অনেকবার অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদ অর্থনৈতিক কারণ তথা ধন-সম্পদ লাভ ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন উদ্দেশ্যে ভারত অভিযান করেন। তার অভিযানের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকলেও রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যও বিশেষভাবে দায়ী ছিল। সুলতান মাহমুদের ১৭ বার ভারত অভিযানের পিছনে তার উদ্দেশ্য পর্যালোচনা করলে দেখা যায় আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ তাকে ইয়ামিন উদ দৌলা বা রাজ্যের ডানহাত উপাধি দিয়ে ভারত অভিযানের নির্দেশ দেন। ভিনসেন্ট এ স্মিথের মতে, সুলতান মাহমুদের সামরিক অভিযান গভীর ধর্মীয় আবেগ দ্বারা পরিচালিত হয়। তিনি ভারতের মূর্তিপূজকদের বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধ হিসেবে ভারত অভিযানের ব্রত গ্রহণ করেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে তার আজন্ম গুণাবলির সাথে ধর্মীয় প্রবণতার প্রবেশ ঘটে এবং তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করে। তাছাড়া হিন্দু রাজাদের শান্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা, চুক্তির শর্ত লঙ্ঘন, সুলতানের শত্রুদের আশ্রয়দান প্রভৃতি রাজনৈতিক কারণে ভারত অভিযান করে বিজয় লাভের পর শুধু পাঞ্জাবকে রাজ্যভুক্ত করেন। কেননা এ সময় মধ্য এশিয়া ও ভারতব্যাপী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাছাড়া তিনি বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন, রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় প্রচুর অর্থের প্রয়োজনে ভারত অভিযান করেন।

পরিশেষে বলা যায়, সুলতান মাহমুদের ভারত অভিযানের পিছনে শুধু একটি উদ্দেশ্য নয়, একাধিক উদ্দেশ্য ছিল। অর্থনৈতিক উদ্দেশ্য প্রধান হলেও তিনি সীমান্ত নিরাপত্তার নিশ্চিতের জন্য অভিযান করেন।

দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ভারতবর্ষের এক শাসকের সাথে পার্শ্ববর্তী মুসলিম শাসকের যুদ্ধ হলে প্রথমে মুসলিম শাসক পরাজিত হন। দ্বিতীয়বার যুদ্ধ হলে মুসলিম বাহিনীর নিকট ভারতের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে উক্ত মুসলিম শাসক ভারতবর্ষে একটি নতুন ও স্থায়ী মুসলিম রাজত্বের ভিত্তি স্থাপনে গৌরব অর্জন করেন।
৩. 'জওহর ব্রত' কী?
'শাহনামা' কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের যুদ্ধের সাথে তোমার পঠিত কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় উক্ত শাসকের অবদান পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
হিন্দু ধর্মের নারীদের যুদ্ধে শত্রুদের হাতে বন্দি হওয়া থেকে রক্ষা পেতে অগ্নিকুণ্ডে লাফিয়ে আত্মাহুতি দেওয়াকে জওহর ব্রত বলা হয়।
(খ)
শাহনামা কবি ফেরদৌসি রচিত মহাকাব্য। শাহনামা পারস্যের বিখ্যাত মহাকবি আবুল কাসিম ফেরদৌসি রচিত বিখ্যাত মহাকাব্য। সুলতান মাহমুদের অনুরোধে ৩০ বছর ধরে তিনি পারস্যের রাজাদের ইতিহাস নিয়ে ৯ খণ্ডে বিভক্ত ৬০ হাজার শ্লোক সংবলিত এ মহাকাব্য রচনা করেন। যদিও এটি রচনার জন্য কবিকে ৬০ হাজার স্বর্ণমুদ্রার পরিবর্তে ৬০ হাজার রৌপ্যমুদ্রা দিলে তিনি তা গ্রহণ করেননি। এ মহাকাব্যটি ইতিহাসের একটি অমর গ্রন্থ।
(গ)
উদ্দীপকের যুদ্ধের সাথে আমার পঠিত তরাইনের যুদ্ধের মিল রয়েছে। উদ্দীপকে দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ভারতবর্ষের এক শাসকের সাথে পার্শ্ববর্তী মুসলিম শাসকের যুদ্ধ হলে প্রথমে মুসলিম শাসক পরাজিত হন। দ্বিতীয়বার যুদ্ধ হলে মুসলিম বাহিনীর নিকট ভারতের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে উক্ত মুসলিম শাসক ভারতবর্ষে একটি নতুন ও স্থায়ী মুসলিম রাজত্বের ভিত্তি স্থাপনে গৌরব অর্জন করেন। যার সাথে মুহাম্মদ ঘুরীর তরাইনের যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার মিল রয়েছে। মুহাম্মদ ঘুরী ভারত অভিযান করলে ১১৯১ খ্রিষ্টাব্দে থানেশ্বর হতে ১৪ মাইল দূরবর্তী তরাইন নামক স্থানে ঘুরী ও পৃথ্বিরাজের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এতে মুহাম্মদ ঘুরী সম্মিলিত রাজপুত বাহিনীর নিকট শোচনীয়ভাবে পরাজিত ও তীরবদ্ধ হয়ে কোনোরকম প্রাণ নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হলেও মুহাম্মদ ঘুরী ভগ্নোদ্যম হওয়ার মতো ব্যক্তি ছিলেন না। পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং ভারতীয় উপমহাদেশে রাজ্য স্থাপনের দৃঢ় সংকল্প নিয়ে তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন এবং পরের বছর ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যসহ দ্বিতীয়বার তরাইন প্রান্তরে পৃথ্বিরাজের বিরুদ্ধে অগ্রসর হন। ইতিহাস প্রসিদ্ধ তরাইনের যুদ্ধ ক্ষেত্রে উভয় বাহিনীর মধ্যে দ্বিতীয়বার তুমুল সংঘর্ষ সংঘটিত হয়। এ যুদ্ধে পৃথ্বিরাজ এবং তার সহযোগীরা 'শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধক্ষেত্র হতে পলায়নকালে পৃথ্বিরাজ ধৃত হয়ে পরে নিহত হন। অতপর মুহাম্মদ ঘুরী উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন।
(ঘ)

ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় উক্ত শাসক তথা মুহাম্মদ ঘুরীর অবদান অপরিসীম।

মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরী ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয় লাভ করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ঈশ্বরীপ্রসাদ বলেন, "He conquered the country and aimed at permanent settlement." অর্থাৎ মুহম্মদ ঘুরী বিজিত অঞ্চলে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ভি, এ স্মিথের মতে ১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত সংঘর্ষ হিসেবে গণ্য করা যায়। যা হিন্দুস্তানের উপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা করে। স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ঘুরী মিরাট, দিল্লি, আলীগড়সহ বিভিন্ন এলাকা দখল করেন। মুহাম্মদ ঘুরী ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের ওপর অধিকৃত অঞ্চলের শাসনভার অর্পণ করে গজনিতে ফিরে যান। তার সময়ে ঐতিহ্যমণ্ডিত দিল্লিকে ভারতের রাজধানী করা হয়। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরীর মৃত্যুর পর ১২০৬ খ্রিস্টাব্দের ২৪ জুন লাহোরে আনুষ্ঠানিকভাবে ভারতের মুসলিম রাজ্যের সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। যার ফলে দিল্লি সালতানাতের সূচনা ও দাসবংশের গোড়াপত্তন হয়। মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজ চৌহানসহ বেশিরভাগ রাজপুত রাজাকে হত্যা করলে ভারতে মুহাম্মদ ঘুরীকে মোকাবিলা করার মতো অন্য কোনো শক্তি ছিল না। পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবেক ভারতে দাস বা মামলুক বংশের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

অতএব বলা যায়, মুহাম্মদ ঘুরী ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে ইতিহাসে অমরত্ব লাভ করেন।

সুলতান উসমান পিতার সিংহাসনে আরোহণ করে অল্পদিনের মধ্যেই ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্য ছাড়া হন। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী রাজ্যসমূহের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে আক্রমণ করেন। উন্নত সমরাস্ত্রের সাহায্যে তিনি প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। অতঃপর ঐ রাজ্যের ধ্বংসস্তূপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন।
৪. 'হুমায়ুন' শব্দের অর্থ কী?
'দ্বীন-ই-ইলাহি' কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠায় উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
হুমায়ুন অর্থ ভাগ্যবান।
(খ)
দ্বীন-ই-ইলাহি হলো সম্রাট আকবর কর্তৃক গৃহীত একটি ধর্মীয় মতবাদ। সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টাব্দে তার নতুন ধর্মমত দ্বীন-ই-ইলাহির প্রবর্তন করেন। এ ধর্মমতের কলেমা ছিল 'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকবারু খলিফাতুল্লাহ।' দ্বীন-ই-ইলাহির ধর্মমতে দীক্ষিত হতে হলে একজনকে সম্রাটের নামে জীবন, ধর্ম, সম্মান ও সম্পত্তি উৎসর্গ করতে হতো এবং সম্রাটকে সেজদা করতে হতো। এছাড়া তার প্রবর্তিত দ্বীন-ই-ইলাহির সেজদা প্রথা, অগ্নিকে পবিত্র মনে করা, প্রাসাদে রাজপুত স্ত্রীদের পূজার অনুমতি প্রদান ইত্যাদি ইসলাম বিরোধী কার্যকলাপ ধর্মের অঙ্গ হিসেবে বিবেচিত হতো।
(গ)

উদ্দীপকের শাসকের সাথে ভারতবর্ষের শাসক সম্রাট বাবরের মিল রয়েছে।

উদ্দীপকের সুলতান উসমান পিতার সিংহাসনে আরোহণ করে অল্পদিনের মধ্যেই ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্য ছাড়া হন। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী রাজ্যসমূহে আক্রমণ করে তাদের পরাজিত করেন এবং একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন। উদ্দীপকের এ ঘটনা সম্রাট বাবরের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৪৯৪ খ্রিষ্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তিনি তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ভবঘুরের মতো বাবর স্থান থেকে অন্যস্থান ঘুরে বেড়াতে লাগলেন। অতঃপর ১৫০০ খ্রিস্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন। ১৫০২ খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। এ সময় কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল অধিকার করে বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবর এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি ভারত আক্রমণ করে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

অতএব, উদ্দীপকের শাসকের সাথে সম্রাট বাবরের মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকে সম্রাট বাবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও শাসক হিসেবে অপরিসীম কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন।

সম্রাট বাবর কেবল নির্ভীক সৈনিক, দক্ষ সেনাধ্যক্ষ, সুদক্ষ অস্ত্র পরিচালক, প্রশংসনীয় ঘোড়সওয়ারই ছিলেন না, বরং আলেকজান্ডারের মতো দেশ জয়ের নেশায় বিভোর থাকতেন। পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এবং গোগরার যুদ্ধে তার সাফল্য তাকে ভারতীয় সমর ইতিহাসে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। বাবর মাত্র ১১ বছর বয়স থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হন। বাধাবিপত্তি অতিক্রম করে তিনি প্রথমে কাবুলে এবং পরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শুধু প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়নি। তার ভিত্তি সুদৃঢ় করে একে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। বাবরের চার বছরের শাসনামলে যুদ্ধবিগ্রহ কেটে যায়। এ অবস্থায় নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের শাসনব্যবস্থায় কোনো প্রকার পরিবর্তন ও সংস্কার সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি তিনি নিজের নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করেন। প্রাদেশিক শাসনকার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে একজন ওয়ালি, একজন দিওয়ান, শিকদার এবং কোতওয়াল ছিল। তিনি প্রশাসনিক কাজে তুর্কি, আফগান ও হিন্দুদের সমান সুযোগ দিতেন। সমগ্র সাম্রাজ্যে ১৫ মাইল অন্তর তিনি ডাক চৌকির ব্যবস্থা করেন। প্রজারঞ্জক বাবর দিল্লি ও আগ্রায় ২০টি উদ্যান, বহু পাকা নর্দমা, সেতু, অট্টালিকা নির্মাণ করেন।

পরিশেষে বলতে পারি; সম্রাট বাবর শুধুমাত্র একজন বিজেতা হিসেবেই প্রশংসার দাবিদার নন, বরং একজন দক্ষ প্রশাসনিক হিসেবেও তিনি কৃতিত্বের দাবিদার। তাই সার্বিকভাবে বাবরের শাসনকাল কৃতিত্বপূর্ণ একথা নিঃসন্দেহেই বলা যায়।

বরিশাল বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।