চট্টগ্রাম কলেজ ২০২৪

এইচএসসি · ইসলামের ইতিহাস ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জলদস্যুরা প্রায়ই অটোমান সুলতানদের বাণিজ্য জাহাজ আক্রমণ করত। যার ফলে অটোমান সুলতানগণ অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন। কাজেই ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য বিস্তার এবং জলদস্যুদের উপদ্রব বন্ধ করার জন্য উপকূলবর্তী দ্বীপগুলো দখলসহ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন। ফলে ইউরোপে মুসলিম সভ্যতার বিকাশ ও সামুদ্রিক বাণিজ্যের পথ সুগম হয়।
১. সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী ?
সিন্ধু বিজয়ের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো ।
উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে তোমার পঠিত কোন অভিযানের মিল রয়েছে ? ব্যাখ্যা করো।
সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে আরবরা কীভাবে ভারতীয়দের ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক ক্ষেত্রকে প্রভাবিত করেছিল ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম মুহাম্মদ বিন কাসিম ।
(খ)

আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ ছিল ধন-সম্পদ আহরণ করা।

কৃষিপ্রধান দেশ হলেও ভারতবর্ষ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী। প্রাচীনকাল হতেই আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরব বণিকগণ তখনকার ভারতের ধনসম্পদ সম্পর্কে অবহিত ছিলেন। নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) লাভ করা তাদের পেশা ও নেশায় পরিণত হয়েছিল । আর এ কারণেই বলা হয়ে থাকে আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিল ।

(গ)

উদ্দীপকে বর্ণিত অভিযানের সাথে আমার পাঠ্যবইয়ের আরবদের সিন্ধু অভিযানের মিল রয়েছে।

আরবদের সিন্ধু অভিযান মুসলিম ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আরবগণ ভারতবর্ষের ধনৈশ্বর্য লাভের উদ্দেশ্যে এ অভিযান প্রেরণ করেন। তবে তাদের এ অভিযানের পেছনে প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল সিন্ধুর দেবল বন্দরে ভারতীয় জলদুস্যদের আরব জাহাজ আক্রমণ ও লুণ্ঠন। উদ্দীপকেও এ অভিযানের প্রতিফলন লক্ষ করা যায়।

উদ্দীপকে আমরা দেখতে পাই যে, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জলদস্যুরা প্রায়ই অটোমান সুলতানদের বাণিজ্য জাহাজ আক্রমণ করত। ফলে ভূমধ্যসাগরে অটোমানদের আধিপত্য বিস্তার এবং জলদুস্যদের উপদ্রব বন্ধ করার জন্য তারা উপকূলবর্তী দ্বীপগুলোসহ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন। একইভাবে অষ্টম শতাব্দীর শুরুর দিকে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আরবদের ৮টি জাহাজ লুট হয়। জানা যায় যে, সিংহলের রাজা আটটি উপঢৌকনপূর্ণ জাহাজ উমাইয়া খলিফা আল ওয়ালিদ ও পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্যে প্রেরণ করেন । যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদুস্যরা লুণ্ঠন করে। হাজ্জাজ সিন্ধু রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান প্রেরণ করেন । তিনি দাহিরকে পরাজিত করে সিন্ধু দখল এবং সেখানে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে এ ঘটনারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

(ঘ)

সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে আরবরা ভারতীয়দের ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল ।

উদ্দীপকে লক্ষ করা যায়, অটোমান সুলতানদের বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখলের মাধ্যমে ইউরোপে মুসলিম সভ্যতার বিকাশ ও সামুদ্রিক বাণিজ্যের পথ সুগম হয়। একইভাবে আরবদের সিন্ধু ও মুলতান দখলের ফলে এ অঞ্চলের ধর্ম-সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে মুসলমানদের প্রভাব পড়ে ।

মুসলমানদের সিন্ধু ও মুলতান দখলের মাধ্যমে ভারতবর্ষে বহু আরব বণিক ও ধর্মপ্রচারকদের আগমন ঘটে। অনেক সুফি-দরবেশের উপস্থিতির ফলে এ অঞ্চল শান্তি ও সমৃদ্ধির অভয়ারণ্যে পরিণত হয়। তাদের প্রচারিত ইসলামের শাশ্বত বাণী এবং সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা ও উদারতার নীতি বর্ণপ্রথার কঠিন নিগড়ে নির্যাতিত হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। আবার আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে তাদের বাণিজ্যিক লেনদেন আরও ব্যাপক হয়। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া উপকূলে আরবদের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারিত হয়, যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখে। এ বিজয়ের ফলে এ অঞ্চলের সামাজিক ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে। আরবদের সিন্ধু বিজয়ের ফলে মুসলমানগণ হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং সিন্ধুবাসীর জীবনে অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। তাদের মধ্যে আন্তঃবিবাহের সম্পর্ক গড়ে ওঠে। ফলে আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে ভারতে এক নতুন জাতির উদ্ভব ঘটে । আর এ জাতিই প্রকৃতপক্ষে ইন্দো-সারাসেনীয় সভ্যতা ও কৃষ্টির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করে ।

উপরের আলোচনার আলোকে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের ফলে এ অঞ্চলের ধর্মীয়, বাণিজ্যিক ও সামাজিক ক্ষেত্রে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফলে সার্বিক ক্ষেত্রে মুসলিম রীতিনীতি ও সংস্কৃতির প্রভাব লক্ষ করা যায় ।

সুলতান আলম বারবার অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রায় প্রতিবারই তিনি জয়লাভ করে প্রচুর ধন-সম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। তার রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করাই ছিল এই অভিযানসমূহের মূল উদ্দেশ্য ।
২. ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে ?
আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী ?
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার' পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
“উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন”— বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
কুতুবউদ্দিন আইবেক ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ।
(খ)
আরবদের সিন্ধু অভিযানের নানা কারণ ছিল। মূলত সাম্রাজ্য বিস্তারের নেশা, বিদ্রোহীদের আশ্রয়দান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, ইসলাম প্রচারসহ সিন্ধুর দেবল বন্দরে আরব জাহাজ লুণ্ঠিত হওয়ার প্রেক্ষিতে আরবরা সিন্ধু বিজয় করে। মূলত সিন্ধু অভিযানের পরোক্ষ নানা কারণ থাকলেও সিংহলরাজ কর্তৃক উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের প্রতি পাঠানো উপঢৌকন ভর্তি ৮টি জাহাজ সিন্ধুর দেবল বন্দরে লুণ্ঠিত হলে হাজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির তাতে কর্ণপাত না করলে ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে।
(গ)

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো :

একটি দেশ,রাজ্য বা অঞ্চল সুসজ্জিত ও সুন্দর করার জন্য দরকার হয় অনেক অর্থের। ইতিহাস সাক্ষী দেয়- এই অর্থ জোগানোর জন্য শাসকেরা অনেক রাজ্যে অভিযান চালান। উদ্দীপকের সুলতান আলম ও আমার পঠিত সুলতান মাহমুদ এরকমই দুজন শাসক।

উদ্দীপকে দেখা যায়, সুলতান আলম নিজ রাজ্যকে সুসজ্জিত ও সমৃদ্ধশালী করার জন্য অনেকবার বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেন। তার পরিচালিত অভিযান গুলো প্রতিবারই জয়লাভ করে এবং অনেক অর্থ সম্পদ সংগ্রহ করেন। প্রাপ্ত অর্থসম্পদ কাজে লাগিয়ে তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করে বিভিন্ন ধরনের উন্নয়ন সাধন করেন।উদ্দীপকের সুলতান আলমের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের মিল রয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযান ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য বহুবার অনেক রাজ্যে অভিযান পরিচালনা করেছেন। তারমধ্যে ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছিলেন। তার এই অভিযানের উদ্দেশ্য ছিলো তার রাজ্যকে অর্থসম্পদে সমৃদ্ধ করা। তিনি ভারতবর্ষকে নিজের প্রয়োজনীয় অর্থ ভান্ডার মনে করে ২৭ বছরে ১৭ বার আক্রমণ করেন এবং প্রতিবারই জয়লাভ করেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের সুলতান আলমের অভিযানের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উক্ত শাসক তথা সুলতান মাহমুদ কেবল একজন সমরনায়কই ছিলেন না, তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

সুলতান মাহমুদ ক্ষুদ্র গজনি রাজ্যকে বাহুবলে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। সুলতান মাহমুদই সর্বপ্রথম মুসলিম শাসক যিনি উত্তর পশ্চিম সীমান্ত পথে ভারত অভিযান পরিচালনা করেন। প্রকৃতপক্ষে তার স্বপ্ন ছিল একটি মধ্য এশীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যার জন্য তিনি আমরণ সংগ্রাম করে গিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আনয়ন করলে মধ্য এশিয়ার শক্তিশালী গজনি রাজ্য গঠনের পরিকল্পনা ব্যাহত হবে এ আশঙ্কায় মাহমুদ শুধুমাত্র পাঞ্জাবকেই স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন। এটা তার রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর বহন করে। তিনি সমসাময়িক বাগদাদের খলিফার সাথে সুসম্পর্ক স্থাপন করে স্বীয় মর্যাদা বৃদ্ধি করেন। এটিও ছিল একজন সফল সাম্রাজ্য প্রতিষ্ঠার কূটনৈতিক কৌশল। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মসলিম শাসন প্রতিষ্ঠার গৌরব অর্জন না করলেও তার প্রদর্শিত পথ অনুসরণ করে পরবর্তীকালে মুহাম্মদ ঘুরী উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তার সামরিক বিজয় গ্রিকবীর আলেকজান্ডারে বিজয় গৌরবের সমপর্যায়ভুক্ত। তিনি শাসনব্যবস্থাকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সাম্রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। প্রতিবেশী বিদ্রোহী সর্দারদের দমন করে তিনি তাদের স্থলে বন্ধুভাবাপন্ন ও তার অনুগত লোকদের নিয়োগদান করেন। এভাবে তিনি তার সাম্রাজ্যকে নিরাপদ ও সুসংহত করেন।

অতএব বলা যায়, সুলতান মাহমুদ শুধু সেনানায়কই ছিলেন না, গজনি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন।

ট্রান্স অক্সিয়ানার চাগতাই তুর্কি শাসক তৈমুর লঙ একজন বিশ্ববিখ্যাত সমর কুশলী শাসক ছিলেন। তার রাজ্য বিজয়ের মধ্যে এশিয়া অভিযান ছিল উল্লেখযোগ্য ঘটনা । মধ্য এশিয়ার রাজনৈতিক গোলযোগ তাকে এ অভিযানে আগ্রহী করে তোলে। এ সময় মধ্য এশিয়াতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে এবং তারা পরস্পর কলহে লিপ্ত থাকত। তিনি বিখ্যাত কয়েকটি যুদ্ধ জয়ের মাধ্যমে কাবুল, কান্দাহার ও হিরাত দখল করেন এবং সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করেন ।
৩. মুসলিম বিজয়ের প্রাক্কালে গৌড়ের সেন রাজা কে ছিলেন ?
তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো ।
উদ্দীপকে উল্লিখিত শাসক তৈমুর লঙ-এর এশিয়া অভিযানের কারণের সাথে ভারত আক্রমণকারী কোন শাসকের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
‘উক্ত শাসক ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা' বিশ্লেষণ করো ।
সমাধান ও উত্তর
(ক)
মুসলিম বিজয়ের প্রাক্কালে গৌড়ের সেন রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
(খ)

তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১১৯২ খ্রিষ্টাব্দে সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল একটি চূড়ান্ত মীমাংসাত্মক যুদ্ধ। এ যুদ্ধের ফলে স্থায়ীভাবে ভারতবর্ষে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধে মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি ও তার বাহিনী সুদৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ করে পৃথ্বিরাজ (দিল্লি ও আজমিরের শাসনকর্তা) ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত সফলতা সুনিশ্চিত হয় এবং ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত শাসক তৈমুর লঙ-এর এশিয়া অভিযানের কারণের সাথে ভারত আক্রমণকারী সুলতান মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির মিল রয়েছে।

মুহাম্মদ ঘুরি তৃতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার অভিযানের সময় ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সন্তোষজনক ছিল না। দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অনৈক্য দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। এ বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে মুহাম্মদ ঘুরি ভারতে অভিযান চালান এবং সফল হন, যেমনটি উদ্দীপকের অভিযানের ক্ষেত্রে দেখা যায় ।

উদ্দীপকে দেখা যায়, ট্রান্স অক্সিয়ানার চাগতাই তুর্কি শাসক তৈমুর লঙ এর রাজ্য বিজয়ের মধ্যে এশিয়া অভিযান একটি উল্লেখযোগ্য ঘটনা। মধ্য এশিয়ার রাজনৈতিক গোলযোগ তাকে এ অভিযানে আগ্রহী করে তোলে । এ সময় এশিয়াতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে এবং তারা পরস্পর কলহে লিপ্ত থাকত। মুহাম্মদ ঘুরির আক্রমণের প্রাক্কালেও ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল। তখন সমগ্র ভারতে বেশকিছু ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। এর মধ্যে উত্তর-পশ্চিম ভারতে তিনটি মুসলিম ও বেশ কয়েকটি রাজপুত রাজ্যের উপস্থিতি দেখা যায়। সে সময় ভারতের রাজনৈতিক ক্ষমতায় ছিল আজমির ও সম্ভরে চৌহান, মালবে পরমার, চেঁদিতে কালাচুর, বুন্দেলখণ্ডে চান্দেলা, গুজরাটে চালুক্য, কনৌজে গাহড়বাল, মগধে পাল ও বাংলায় সেন বংশ। মুহাম্মদ ঘুরির আক্রমণকালে পাঞ্জাব গজনি বংশের শাসক খসরু মালিকের শাসনাধীনে ছিল। ইন্দ্রিয়পরায়ণ ও অকর্মণ্য খসরু মালিককে পরাজিত করে মুহাম্মদ ঘুরি পাঞ্জাব জয় করেন। তখন দিল্লি ও আজমির ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য। রাজপুত চৌহান রাজবংশ দিল্লি ও আজমির শাসন করত। ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে চৌহান রাজা পৃথ্বিরাজকে পরাজিত করে মুহাম্মদ ঘুরি ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথকে সুগম করেন । সুতরাং বলা যায় তৈমুর লঙ এর অভিযানের কারণের সাথে মুহাম্মদ ঘুরির অভিযানের মিল রয়েছে ।

(ঘ)

উক্ত শাসক অর্থাৎ মুহাম্মদ ঘুরি ছিলেন ভারতের স্থায়ী মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা— বক্তব্যটি যথার্থ ।

মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসে মুহাম্মদ ঘুরির নাম সর্বাগ্রে। তিনি ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা ও ক্ষমতাবান শাসক। দৃঢ় মনোবল এবং অসীম সাহসের অধিকারী মুহাম্মদ ঘুরি তৃতীয়পর্যায়ে অভিযান চালিয়ে ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ৷

মুহাম্মদ ঘুরি ছিলেন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ এবং অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। তার উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে তিনি সুপরিকল্পিতভাবে ভারতে অভিযান পরিচালনা করেন। একে একে তিনি মুলতান ও পাঞ্জাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন; তবে গুজরাট অভিযানে পরাজিত হয়েছিলেন। এরপর মুহাম্মদ ঘুরি ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান। এ যুদ্ধে তার বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধ স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। তাই ১১৯২ খ্রিষ্টাব্দে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে চৌহান রাজা পৃথ্বিরাজ ও সম্মিলিত রাজপুত বাহিনীকে পরাজিত করে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব অর্জন করেন ।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কুতুবউদ্দিন আইবেক, ইয়ালদুজ ও তুগ্রিলের মতো বিশ্বস্ত সেনাপতিদের সামরিক দক্ষতাকে কাজে লাগিয়ে এবং নিজের সামরিক নৈপুণ্যে মুহাম্মদ ঘুরি ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন ।

ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান পৈতৃকসূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য হাতছাড়া হয়ে যায়। এ অবস্থায় তিনি অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণনীতি ও সমরাস্ত্রের সাহায্যে প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। অতঃপর ঐ রাজ্যের ধ্বংসস্তূপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন ।
৪. ‘হুমায়ুন' শব্দের অর্থ কী ?
মুঘলদের পরিচয় ব্যাখ্যা করো ।
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো ।
সমাধান ও উত্তর
(ক)
‘হুমায়ুন’ শব্দের অর্থ সৌভাগ্যবান।
(খ)

‘মোঙ্গল' শব্দ থেকেই ‘মুঘল' নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন।

উল্লেখ্য যে, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন মায়ের দিক থেকে দুর্ধর্ষ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে চাঘতাই তুর্কি বীর তৈমুর লঙের বংশধর। চেঙ্গিস-তৈমুরের বংশধর জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ভারতে প্রতিষ্ঠিত রাজবংশটি 'মুঘল' নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রিষ্টাব্দে লোদি বংশের ধ্বংসস্তূপের ওপর বাবর এ নতুন রাজবংশের গোড়াপত্তন করেন ।

(গ)

উদ্দীপকের সাথে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায় ।

জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের (আধুনিককালের উজবেকিস্তানে) ফারগানায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মা কুতলুঘ নিগর খানম। মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানায় পিতার সিংহাসন লাভ করেন। তবে আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে তিনি একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এ ঘটনারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান পৈতৃকসূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের শাসনক্ষমতা লাভ করেছিলেন। তবে নিকটাত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। ইরফান মনোবল না হারিয়ে পার্শ্ববর্তী একটি রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ঐ রাজ্য আক্রমণ করেন। রাজ্যটির বিশাল সেনাবাহিনী ইরফানের উন্নত রণনীতি ও সমরাস্ত্রের কাছে সহজে পরাজিত হয়। একইভাবে বাবর যখন ফারগানার দায়িত্ব লাভ করেন তখন রাজ্যটি চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত ছিল।' বহিঃশত্রুর পাশাপাশি আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্য হারা হন। তবে উচ্চাভিলাষী বাবর ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল দখল করতে সক্ষম হন। এ সময় আফগানিস্তানের পার্শ্ববর্তী লোদি বংশের শাসনাধীন ভারতে রাজনৈতিক গোলযোগ দেখা দেয়। এ সুযোগে বাবর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির শাসনক্ষমতা গ্রহণ করেন। এ যুদ্ধে বাবর কামানের কার্যকর ব্যবহার করেন যা ইব্রাহিম লোদির পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এসব দিক বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে আলোচিত যুবক ইরফানের সাথে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায় ।

(ঘ)

পিতৃরাজ্য হারিয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ইরফান এবং মুঘল সম্রাট বাবর দুজনেই বিশেষ কৃতিত্বের অধিকারী।

বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়-স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিস্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন । কিন্তু কিছু দিনের মধ্যেই সমরখন্দ তার হাতছাড়া হয়। ১৪৯৮ খ্রিষ্টাব্দে তিনি নিজ রাজ্য ফারগানা থেকেও বিতাড়িত হন। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন।

ফারগানা থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল দখল করে ‘পাদশাহ' (বাদশাহ) উপাধি গ্রহণ করেন । অল্প সময়ের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এরপর বাবর ভারতবর্ষে অভিযান পরিচালনার দিকে মনোযোগ দেন । এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল । আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইব্রাহিম লোদি বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে রাজ্যের প্রশাসনিক দুর্বলতার সুযোগে বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।

উদ্দীপকের যুবক ইরফান তার পিতার রাজ্য থেকে বিতাড়িত হলেও নিজের প্রচেষ্টায় নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে ভাগ্য বিপর্যয়ের শিকার হয়েও বাবর অসীম সাহসিকতা এবং সুদৃঢ় মনোবল নিয়ে ভারতে শক্তিশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুতরাং নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইরফান এবং বাবর উভয়ই বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন।

চট্টগ্রাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।