উদ্দীপকের, সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের সুলতান নিজামুল হক প্রায় প্রতিবছরই অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। যা সুলতান মাহমুদের কর্মকাণ্ডকে নির্দেশ করে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান, অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিস্টাব্দে। এসব অভিযানে প্রাপ্ত ধনসম্পদ দিয়ে তিনি নিজ রাজ্য গজনিকে সুসজ্জিত করে তোলেন।
অতএব উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।
সুলতান মাহমুদের অভিযানের সুদূরপ্রসারী ফলাফল ছিল। এর মাধ্যমে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গজনি রাজ্য সমৃদ্ধ হয়।
সুলতান মাহমুদের অভিযানের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনাও চিরতরে বিনষ্ট হয়। ভারতে যেন কোনো জোট তৈরি না হয় এ লক্ষ্যে তিনি পৃথকভাবে কালিঞ্জর ও গোয়ালিয়র আক্রমণ করেন। বার বার সামরিক অভিযানের ফলে ভারতে সুলতান মাহমুদের কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস পায়নি। গজনি বংশের পাঞ্জাব অধিকার ছিল ভারতের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠিস্বরূপ। সুলতানের অভিযানের যুগ যুগ ধরে ভারতীয়রা যেসব ধনসম্পদ সঞ্চয় করেছিল, সেগুলো সুলতান মাহমুদ গজনিতে নিয়ে যান। তিনি ভারতের লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে গজনির শহরের শ্রীবৃদ্ধি সাধন করেন। গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করার পিছনে ভারতের ধনসম্পদ ব্যবহৃত হয়। এছাড়া জনকল্যাণেও ভারতীয় সম্পদ ব্যবহৃত হয়।
তাছাড়া সুলতান মাহমুদের সময়ে বহু পির-দরবেশ, ওলি ইসলাম প্রচারকে নিজের ব্রত হিসেবে গ্রহণ করতেন। এজন্য তারা অমুসলিম দেশে গমন করতেন এবং ইসলাম প্রচার করতেন। ভারতে সুলতান মাহমুদের আগমনের সময় সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পির-দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। ফলে ভারতে ইসলামের পরিচিতি এবং মুসলিমের সংখ্যা বৃদ্ধি পায়। উইলসন হেক বলেন, "He was the first to carry the banner of Islam into the heart of India." অর্থাৎ মাহমুদই ভারতবর্ষের অভ্যন্তরে সর্বপ্রথম ইসলামের পতাকা বহন করে নিয়ে যান। তার সামরিক অভিযানের ফলে মুসলমানগণ ভারতীয় তথা হিন্দুদের সংস্পর্শে আসে। ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়ে তুর্কি, পারস্য, আফগান সৈন্যদের সাথে ভারতীয়দের সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। এর ফলে দুটি ধর্মের মধ্যে ভাবের আদান-প্রদান হয় এবং উভয়ের সভ্যতা ও সংস্কৃতির অনেক কিছু আত্তীকৃত হয়। মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ফলে ইন্দো-মুসলিম কৃষ্টি জন্মলাভ করে।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মাহমুদের অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।