কুমিল্লা বোর্ড ২০২২

এইচএসসি · ইসলামের ইতিহাস ২য় পত্র

কুমিল্লা বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব ইমরান চৌধুরী দক্ষিণাঞ্চলের বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য লঞ্চে ত্রাণ সামগ্রী পাঠায়। পথিমধ্যে দুর্বৃত্তরা ত্রাণবাহী লঞ্চ ছিনতাই করে। অভিযোগ পেশ করার পরও দুর্বৃত্তদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার হয় নাই। তিনি স্থানীয় জেলা প্রশাসনের কাছে এর আশু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন। এর যথাযথ জবাব ও ক্ষতিপূরণ লাভে ব্যর্থ হলে তার মনে ক্ষোভের সঞ্চার হয়।
১. গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
তরাইনের প্রথম যুদ্ধ কেন হয়েছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনায় মুসলমানদের কোন অভিযানের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনা কি "নিষ্ফল বিজয়" বলে আখ্যায়িত করা যায়? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দা
সমাধান ও উত্তর
(ক)
গজনি বংশের প্রতিষ্ঠাতা হলেন সবুক্তগীন।
(খ)

ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল।

মুহাম্মদ ঘুরি ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা ও বিজ্ঞ রাজনীতিবিদ। গজনিতে স্বীয় ক্ষমতা সুসংহত করার পর তিনি ভারতে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি সিন্ধু, মূলতান ও পাঞ্জাব অধিকার করার পর ভারতে স্থায়ী কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১৯১ খ্রিষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে অবতীর্ণ হন।

(গ)

উদ্দীপকের ঘটনায় মুসলমানদের প্রাক-সালতানাত যুগের সিন্ধু অভিযানের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে তা বর্ণনা করা হলো :

উমাইয়া খলীফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের (৭০৫-৭১৫ খ্রি.) খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যের নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধুর অভিযানের জন্য উৎসাহ ও প্রেরণা জোগান। তার প্রেরণায় উৎসাহিত হয়ে সেনাপতি মুহাম্মদ বিন কাসিম নেতৃত্বে ৭১২ খ্রিষ্টাব্দে আরবরা ভারতে সিন্ধু অভিযান প্রেরণ করে। উদ্দীপকের ঘটনা এই অভিযানের প্রত্যক্ষ কারণকে ইঙ্গিত করে।

উদ্দীপকে দেখ যায়, ইমরান চৌধুরী দক্ষিণাঞ্চলের বন্যা অসহায় মানুষদের জন্য লঞ্চ করে ত্রান সামগ্রী পাঠান তাদের অসহায় অবস্থায় সহযোগিতা করার জন্য। কিন্তু নদীপথে দূর্বৃত্তরা লঞ্চ ছিনতাই করে।পরে ইমরান চৌধুরী লঞ্চ ছিনতাইকারীদের নামে থানায় মামলা পেশ করেন। কিন্তু তার মামলা করার পরও দূর্বৃত্তদের গ্রেফতার করা হয়নি। তাই তিনি স্থানীয় জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের জন্য দাবি করেন। কিন্তু তার এই দাবি ব্যর্থ হয় ফলে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। আরবদের সিন্ধু অভিযানের ক্ষেত্রেও এমন একটি কারণ নিহিত আছে। জানা যায়, সিংহলের (বর্তমান শ্রীলঙ্কার )রাজা ৮ টি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোন কোন ঐতিহাসিকের মতে, সিংহলে বাণিজ্যরত নিহত আরবদের পরিবার-পরিজনও সে জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হলে সেগুলো জলদস্যুরা লুট করে। হাজ্জাজ রাজা দাহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরন দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের এই আচরণ ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

(ঘ)

সিন্ধু অভিযানকে 'নিষ্ফল বিজয়' বলা যায় না। কারণ মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর আরবদের সিন্ধু ও মুলতানে প্রায় দেড়শ বছরের আধিপত্য বিরাজ করে।

সিন্ধু ও মূলতানের বিজয়ের পথ ধরে মুসলমানদের ভারতে প্রবেশ হয়। সিন্ধু ও মূলতান অভিযানে আরবদের অনেক লাভ হয়েছিল। মুহাম্মদ বিন কাসিমকে অনুসরণ করে সুলতান মাহমুদ ও সুলতান ঘুরি ভারতে তাদের শাসন প্রতিষ্ঠান করেছিল। সিন্ধু অভিযানের মাধ্যমে অনেক সৈন্যরা ভারতের স্থায়ী হয়েছিল। যার ফলে অনেক রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়ন সাধিত হয়েছিল। ঐতিহাসিক ডট তার (রাজস্থানের ইতিহাস) গ্রন্থে আরবদের সিন্দু বিজয়কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন।

সিন্দু ও মুলতান বিজয়ের রাজনৈতিক ফলাফল নিয়ে অনেক মতবাদ ছিল। কিন্তু ধর্মীয় মতবাদ ছিল অনেক তাৎপর্যপূর্ণ। সিন্ধু বিজয়ের মাধ্যমে অনেক পীর-মুরশিদের ভারত মহাদেশে আগমন ঘটেছিল। তারা ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। যার ফলে মৈত্রী, উদারতা ও শান্তির প্রতীক ইসলাম ধর্ম অনেক নির্যাতিত হিন্দু গ্রহন করেছিল।

অবশেষে বলা যায়, সিন্দু ও মুলতানের বিজয়কে 'নিষ্ফল বিজয়' হিসাবে আখ্যায়িত করা যায় না

সুলতান আলম বারবার অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রায় প্রতিবারই তিনি জয়লাভ করে প্রচুর ধন-সম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। তার রাজ্যকে একটি সমৃদ্ধিশালী রাজ্যে পরিণত করাই ছিল এই অভিযানসমূহের মূল উদ্দেশ্য ।
২. ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে ?
আরবদের সিন্ধু বিজয়ের কারণ কী ?
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার' পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
“উক্ত শাসক শুধু সেনানায়কই ছিলেন না, একটি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন”— বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
কুতুবউদ্দিন আইবেক ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ।
(খ)
আরবদের সিন্ধু অভিযানের নানা কারণ ছিল। মূলত সাম্রাজ্য বিস্তারের নেশা, বিদ্রোহীদের আশ্রয়দান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, ইসলাম প্রচারসহ সিন্ধুর দেবল বন্দরে আরব জাহাজ লুণ্ঠিত হওয়ার প্রেক্ষিতে আরবরা সিন্ধু বিজয় করে। মূলত সিন্ধু অভিযানের পরোক্ষ নানা কারণ থাকলেও সিংহলরাজ কর্তৃক উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের প্রতি পাঠানো উপঢৌকন ভর্তি ৮টি জাহাজ সিন্ধুর দেবল বন্দরে লুণ্ঠিত হলে হাজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির তাতে কর্ণপাত না করলে ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে।
(গ)

উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে আমার পঠিত সুলতান মাহমুদের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো :

একটি দেশ,রাজ্য বা অঞ্চল সুসজ্জিত ও সুন্দর করার জন্য দরকার হয় অনেক অর্থের। ইতিহাস সাক্ষী দেয়- এই অর্থ জোগানোর জন্য শাসকেরা অনেক রাজ্যে অভিযান চালান। উদ্দীপকের সুলতান আলম ও আমার পঠিত সুলতান মাহমুদ এরকমই দুজন শাসক।

উদ্দীপকে দেখা যায়, সুলতান আলম নিজ রাজ্যকে সুসজ্জিত ও সমৃদ্ধশালী করার জন্য অনেকবার বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেন। তার পরিচালিত অভিযান গুলো প্রতিবারই জয়লাভ করে এবং অনেক অর্থ সম্পদ সংগ্রহ করেন। প্রাপ্ত অর্থসম্পদ কাজে লাগিয়ে তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করে বিভিন্ন ধরনের উন্নয়ন সাধন করেন।উদ্দীপকের সুলতান আলমের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের মিল রয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযান ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। তিনি তার রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য বহুবার অনেক রাজ্যে অভিযান পরিচালনা করেছেন। তারমধ্যে ঐশ্বর্যে ভরপুর ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছিলেন। তার এই অভিযানের উদ্দেশ্য ছিলো তার রাজ্যকে অর্থসম্পদে সমৃদ্ধ করা। তিনি ভারতবর্ষকে নিজের প্রয়োজনীয় অর্থ ভান্ডার মনে করে ২৭ বছরে ১৭ বার আক্রমণ করেন এবং প্রতিবারই জয়লাভ করেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকের সুলতান আলমের অভিযানের সাথে বিখ্যাত সমরনেতা ও সাহসী বীর গজনীর সুলতান মাহমুদের অভিযানের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উক্ত শাসক তথা সুলতান মাহমুদ কেবল একজন সমরনায়কই ছিলেন না, তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

সুলতান মাহমুদ ক্ষুদ্র গজনি রাজ্যকে বাহুবলে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন। সুলতান মাহমুদই সর্বপ্রথম মুসলিম শাসক যিনি উত্তর পশ্চিম সীমান্ত পথে ভারত অভিযান পরিচালনা করেন। প্রকৃতপক্ষে তার স্বপ্ন ছিল একটি মধ্য এশীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যার জন্য তিনি আমরণ সংগ্রাম করে গিয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের বিজিত রাজ্যগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আনয়ন করলে মধ্য এশিয়ার শক্তিশালী গজনি রাজ্য গঠনের পরিকল্পনা ব্যাহত হবে এ আশঙ্কায় মাহমুদ শুধুমাত্র পাঞ্জাবকেই স্বীয় সাম্রাজ্যভুক্ত করেন। এটা তার রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর বহন করে। তিনি সমসাময়িক বাগদাদের খলিফার সাথে সুসম্পর্ক স্থাপন করে স্বীয় মর্যাদা বৃদ্ধি করেন। এটিও ছিল একজন সফল সাম্রাজ্য প্রতিষ্ঠার কূটনৈতিক কৌশল। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মসলিম শাসন প্রতিষ্ঠার গৌরব অর্জন না করলেও তার প্রদর্শিত পথ অনুসরণ করে পরবর্তীকালে মুহাম্মদ ঘুরী উপমহাদেশে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তার সামরিক বিজয় গ্রিকবীর আলেকজান্ডারে বিজয় গৌরবের সমপর্যায়ভুক্ত। তিনি শাসনব্যবস্থাকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সাম্রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেক প্রদেশে একজন শাসনকর্তা নিয়োগ করেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। প্রতিবেশী বিদ্রোহী সর্দারদের দমন করে তিনি তাদের স্থলে বন্ধুভাবাপন্ন ও তার অনুগত লোকদের নিয়োগদান করেন। এভাবে তিনি তার সাম্রাজ্যকে নিরাপদ ও সুসংহত করেন।

অতএব বলা যায়, সুলতান মাহমুদ শুধু সেনানায়কই ছিলেন না, গজনি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন।

সুলতান নাসির উদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সাম্রাজ্যের অভ্যন্তরীণ সকল সমস্যার সমাধান করেন। তিনি অন্য একটি রাজ্যকে জয় করার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রথম যুদ্ধে তিনি প্রতিপক্ষের নিকট পরাজিত হন। এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি পরবর্তী বছর দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হন। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও তাদেরকে শোচনীয় ভাবে পরাজিত করেন। তিনি বিজয়ের গৌরব অর্জন করেন এবং স্থায়ী রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
৩. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
সিন্ধু বিজয় এর প্রকৃত কারণ কি? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত যুদ্ধ তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
"উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ" বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভারতের গুজরাটের কাথিওয়াডের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত।
(খ)

সিংহলরাজের প্রেরিত আটটি জাহাজ সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা লুট হওয়াই ছিল আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ।

সিংহলরাজার আনুগত্য নিদর্শনস্বরূপ আটটি জাহাজে করে খলিফা ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের কাছে উপঢৌকন প্রেরণ করেন।কিন্তু সেগুলা সিন্ধু দেবল বন্দরে লুট হলে হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এগুলার ক্ষতিপূরন দাবি করেন। রাজা দাহির তা দিতে অস্বীকার জানান।ফলে তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য খলিফার অনুমতি নিয়ে ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন।

(গ)

উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে আমার পঠিত সুলতান ঘুরির তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো :

সুলতান মুহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে একটি স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তার এই উদ্দেশ্য তিনি মুলতান, সিন্ধু ও পাঞ্জাবে সাফল্য অর্জন করেন; তবে গুজরাট অভিযানে পরাজিত হয়েছিলেন। এরপর ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের লক্ষ্যে তিনি দিল্লি ও আজমিরের শাসক পৃথ্বীরাজের মুখোমুখি হন।যা উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে।

সুলতান নাসিরউদ্দিন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর অন্য একটি রাজ্য জয়ের পরিকল্পনা করেন। এর জন্য তিনি যুদ্ধের পরিচালনা করেন। প্রথমবার যুদ্ধে তিনি পরাজিত হন। এই পরাজয়ের গ্লানি মোচনের জন্য তিনি দ্বিতীয়বার যুদ্ধ পরিচালনা করেন এবং জয়লাভ করেন। প্রতিপক্ষের সৈন্য অধিক হওয়া স্বত্তেও তাদের শোচনীয় ভাবে পরাজয় করেন। মুহাম্মদ ঘুরির ক্ষেত্রেও এমনটি লক্ষ্য করা যায়। ১১৮৯ খ্রিস্টাব্দে ভাতিন্দা দখল করে মুহাম্মদ ঘুরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে তাকে মোকাবেলার উদ্দেশ্য পৃথ্বীরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি 'কনফেডারেসি' বা ঐক্যজোট গঠন করেন কনৌজ রাজা জয়চাঁদ ছাড়া প্রায় সকল হিন্দু রাজন্য এতে যোগ দেন।১১৯১ খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্র সম্মিলিত বাহিনী ও মুহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়।যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হন এবং মুহাম্মদ ঘুরি আহত হয়ে পালিয়ে যান। তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মুহাম্মদ ঘুরিকে প্রতিশোধের স্পৃহায় উদ্দীপ্ত করে তোলে। এ অবস্থায় ১১৯২ খ্রিস্টাব্দে ১,২০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবেলায় পৃথ্বীরাজ তিন লক্ষ সৈন্যর এক বিশাল বাহিনী সংগঠিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে প্রায় দেড়শ রাজপুত রাজা পৃথ্বীরাজের পতাকাতলে সমবেত হয়েছিল বলে ঈশ্বরী প্রসাদ উল্লেখ করেছেন। তরাইন প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা হওয়া স্বত্তেও মুহাম্মদ ঘুরির উন্নত রণকৌশলের কাছে সম্মিলিত রাজপুত বাহিনী শোচনীয় ভাবে পরাজিত হন। পালিয়ে যাওয়ার সময় রাজা পৃথ্বীরাজ ধরা পড়েন এবং নিহত হন। যা আমরা উদ্দীপকেও দেখতে পাই।

(ঘ)

"উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ " মন্তব্যটি যথার্থ। নিচে তা বর্ণনা করা হলো :

ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 'এক যুগান্তকারী ঘটনা '।এই বিজয়ের পথ ধরেই মুহাম্মদ ঘুরির ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুনির্দিষ্ট হয়। যা আমরা উদ্দীপকেও দেখতে পাই।

উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধে সুলতান নাসিরউদ্দিনের প্রতিপক্ষ দলের সৈন্য সংখ্যা অধিক হওয়া স্বত্তেও তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় করতে সক্ষম হন। তিনি বিজয়ের গৌরব অর্জন করেন এবং স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। একইভাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 'এক যুগান্তকারী ঘটনা '। ভি.এ.স্মিথের মতে, "১১৯২ খ্রিস্টাব্দে সংগঠিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত সংঘর্ষ হিসাবে গণ্য করা যায়, যা হিন্দুস্থানের ওপর মুসলিম আধিপত্যের চরম সাফল্যের সূচনা "। এ.বি.এম হাবিবুল্লাহ বলেন, " মুইজউদ্দিনের এই বিজয় কোনো বিক্ষিপ্ত ব্যক্তিকেন্দ্রিক বিজয় কিংবা দৈব ঘটনা ছিল না। একদিকে এই বিজয় ছিল একজন দৃঢ়সংকল্প বিজেতার সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত কর্মসূচির বাস্তবায়ন এবং অপরদিকে ছিল পূর্ণ দ্বাদশ শতাব্দী ধরে বিস্তৃত একটি ধারার সফল পরিণতি। " বস্তুত তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে রাজপুতদের রাজনৈতিক শক্তি খর্ব হয় এবং তারা মুসলিমদের প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। ফলে ভারতীয় রাজ্যগুলোর ওপর মুহাম্মদ ঘুরির চূড়ান্ত কর্তৃত্ব সুনিশ্চিত হয় এবং উত্তর ভারতে দিল্লি পর্যন্ত সব শহরের তোরণ তার জন্য উন্মোচিত হয় বিজয়ী মুহাম্মদ ঘুরি অনায়াসে সামানা, সিরসুত, কুহরাম ও হান্সি দখল করেন।আনুগত্য প্রকাশ এবং নিয়মিত কর প্রদানের শর্তে আজমিরের শাসনভার পৃথ্বীরাজের পুত্র গোলার ওপর ন্যস্ত করা হয়।

অবশেষে সবকিছু বিবেচনা করে বলা যায় যে, "উদ্দীপকের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ছিল এক চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ "।

আশরাফ চৌধুরী পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে তিনি অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশীর বিশাল সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন
৪. হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন?
ট্রাঙ্ক রোড সম্পর্কে টীকা লেখ।
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
হুমায়ুন ১৫৩০ সালে ৩০ শে ডিসেম্বর সিংহাসনে বসে।
(খ)
আফগান শাসক শেরশাহের সময় নির্মিত একটি ঐতিহাসিক মহাসড়কের নাম হল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এর অন্য নাম সড়ক-ই আযম। এটি ছিল প্রায় ১৫০০ মাইল দীর্ঘ। এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। সাধারণ পথিককে সূর্যের উত্তাপ থেকে রক্ষার জন্য রাস্তার দুধারে ছায়াপ্রদ ও ফলদ গাছ লাগানো হয়েছিল। এছাড়া দু ক্রোষ অন্তর মুসাফিরখানা ছিল।
(গ)

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির সাথে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো:

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারী মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন। পিতা ওমর শেখ মির্জার আকস্মিক মৃত্যুতে বাবর মাত্র ১১ বছর ৪ মাস বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। সিংহাসনে আরোহন করার পরপরই বাবরের দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন এবং রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে নিজ যোগ্যতায় একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এই ঘটনারই প্রতিফলন লক্ষ্য করা যায়।

উদ্দীপকে আশরাফ চৌধুরী পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি হন।কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রে ঐ রাজ্য তার হাতছাড়া হলে তিনি অভ্যন্তরীন দূর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশী রাজ্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন। একইভাবে বাবর ফারগানার দায়িত্ব পাওয়ার পর চারদিকের শত্রুদের আক্রমণে রাজ্য হারা হন। কিন্তু বাবর দমে যাওয়ার পাত্র নন। পার্শ্ববর্তী রাজ্যে অভ্যন্তরীন গোলযোগের সুযোগ নিয়ে ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। এরপর সমরখন্দ, কান্দুজ, তাসখন্দ হিসার এবং ফারগানা রাজ্য দখল করেন। এছাড়াও সমকালীন ভারতের আর্থ -সামাজিক, রাজনৈতিক ও সামরিক দূর্বলতার সুযোগে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের ভিত্তি স্থাপন করেন। এসব দিক বিবেচনা করে উদ্দীপকের শাসকের সাথে মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।

(ঘ)

সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক।

সম্রাট বাবর মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে আরোহন করেন। তার পিতার আকস্মিক মৃত্যুর কারণেই তাকে সিংহাসনে অধিষ্ঠিত করা হয়। কিন্তু চারদিকের শত্রুদের ও নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে তাকে রাজ্য হারা হতে হয়। অদম্য বাবর ১৫০০ খ্রিস্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিস্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে পুনরায় সেখান থেকে বিতারিত হন।

ফারগনা রাজ্য থেকে বিতারিত হয়ে আশ্রয় ও সহায়সম্বলহীন হলেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ সালে তিনি কাবুল দখল করে 'পাদশাই' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছু দিনের মধ্যেই আফগানিস্তান তার দখলে চলে আসে। এসময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। অভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দূর্বলতা ও আর্থিক গোলযোগের সুযোগ নিয়ে ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর পানিপথে প্রথম যুদ্ধে লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেন। এরপর বাবর অসামান্য কৃতিত্বের মাধ্যমে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন।

অবশেষে বলা যায়, সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষ কৃতিত্বের পরিচায়ক।

কুমিল্লা বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।